সাজেক পর্যটন এলাকায় সাম্প্রতিক সশস্ত্র সহিংসতা এবং প্রায় ৩ হাজার পর্যটকের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা পাহাড়ের সামগ্রিক নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থার চরম ভঙ্গুর রূপকে নতুন করে সামনে এনেছে। ছবি: সংগৃহীত
সাজেক পর্যটন এলাকায় সাম্প্রতিক সশস্ত্র সহিংসতা এবং প্রায় ৩ হাজার পর্যটকের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা পাহাড়ের সামগ্রিক নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থার চরম ভঙ্গুর রূপকে নতুন করে সামনে এনেছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মুখে পর্যটকবাহী গাড়িবহর আটকে পড়া, ব্যারিকেড সরাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং পরবর্তী সময়ে সশস্ত্র গোষ্ঠীর থেমে থেমে গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে— পাহাড়ে অস্থিরতা কতটা বিপজ্জনক মোড় নিচ্ছে। পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। বাইরের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ শান্তি কতটা নড়বড়ে এ ঘটনায় তা আরও একবার প্রকটভাবে উন্মোচিত হলো।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তির প্রায় তিন দশক অতিক্রান্ত হলেও পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি থামেনি; বরং রূপ বদলে এর ব্যাপ্তি আরও সংঘাতময় হয়েছে। শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষকে কেন্দ্র করে শুরু হওয়া মতভেদ আজ বহুধাবিভক্ত আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর রক্তাক্ত আধিপত্য বিস্তারের লড়াইয়ে পর্যবসিত হয়েছে। পিসিজেএসএস (সন্তু লারমা পক্ষ) ও ইউপিডিএফের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পাশাপাশি সাম্প্রতিককালে বান্দরবানের রুমা ও থানচি অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) ব্যাংক ডাকাতি, অপহরণ ও প্রকাশ্য বিচ্ছিন্নতাবাদী তৎপরতা প্রমাণ করে, পাহাড়ে চরমপন্থার নেটওয়ার্ক কতটা শেকড় গেড়েছে। শান্তিচুক্তির মূল লক্ষ্য ছিল পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। কিন্তু নির্মম বাস্তবতা হলো কাঙ্ক্ষিত শান্তির দেখা মেলে নি। চুক্তি-পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত হ্রাস পেলেও আঞ্চলিক উপদলগুলোর মধ্যকার আত্মঘাতী কোন্দলেই প্রাণ হারিয়েছেন শত শত পাহাড়ি নিরীহ মানুষ।
এই দীর্ঘস্থায়ী সশস্ত্র রাজনীতির টিকে থাকার মূল জ্বালানি হিসেবে কাজ করছে এক বিশাল ‘ট্যাক্স ইকোনমি’ বা চাঁদাবাজির সিন্ডিকেট। জাতীয় দৈনিকগুলোর অনুসন্ধানী প্রতিবেদন ও নিরাপত্তা বিশ্লেষকদের তথ্যানুযায়ী তিন পার্বত্য জেলায় কাঠ-বাঁশ পরিবহন, চাঁদের গাড়ি, উন্নয়নমূলক ঠিকাদারি কাজ থেকে শুরু করে সাধারণ জুমচাষির মৌসুমি কৃষিপণ্য বিক্রি পর্যন্ত প্রতিটি খাত থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার অবৈধ চাঁদা আদায় করে। রাষ্ট্র যেখানে অনগ্রসর পাহাড়ি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষায় কর মওকুফসহ নানা উন্নয়নমূলক প্রণোদনা দিচ্ছে, সেখানে সশস্ত্র দলগুলোর এই জোরপূর্বক চাঁদাবাজি পাহাড়ের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। শুধু তা-ই নয়, এই অর্থের বড় অংশই ব্যয় হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র সংগ্রহ ও ক্যাডার লালন-পালনের কাজে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে বান্দরবানে কেএনএফের আস্তানায় অর্থের বিনিময়ে সমতলের উগ্রবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের সামরিক প্রশিক্ষণের যে তথ্য আইনশৃঙ্খলা বাহিনী উদঘাটন করেছে, তা স্পষ্ট করে দেয় যে পাহাড়ের সশস্ত্র তৎপরতা আর নিছক স্থানীয় দাবির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি জাতীয় সার্বভৌমত্বের জন্য এক বিপজ্জনক হুমকিতে রূপ নিয়েছে।
পার্বত্য চট্টগ্রামকে আজ আর কেবল একটি অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এটি এখন জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে রূপ নিয়েছে। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে জান্তাবিরোধী দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিদ্রোহী ‘আরাকান আর্মি’র একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আমাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত সুরক্ষাকে সরাসরি ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বান্দরবান ও কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাত সীমান্তবাসীর জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে। দুর্গম ভৌগোলিক সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তপাড়ের ক্ষুদ্রাস্ত্র ও আধুনিক সামরিক সরঞ্জামের চোরাচালান এবং মরণঘাতী মাদক (ইয়াবা ও আইস) বাণিজ্যের শক্তিশালী নেটওয়ার্ক।
এই চরম অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থান্বেষী অপশক্তি। বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ, গভীর সমুদ্রের প্রবেশাধিকার এবং মালাক্কা প্রণালীর বিকল্প বাণিজ্যপথের প্রভাব বিস্তারে বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে যে তীব্র ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা চলছে, সেখানে পার্বত্য অঞ্চল ও সংলগ্ন মিয়ানমার সীমানাকে একটি স্থায়ী ‘বাফার জোন’ বা সংঘাতপূর্ণ করিডোর হিসেবে জিইয়ে রাখার প্রচ্ছন্ন প্রয়াস লক্ষ করা যায়। বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে ব্যতিব্যস্ত রেখে কৌশলগত সুবিধা আদায়ের এই খেলায় সীমান্তপাড়ের কিছু চক্র পাহাড়ের অভ্যন্তরীণ বিরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
পাহাড়ের সমীকরণে সবচেয়ে বড় বাস্তবমুখী ও মনস্তাত্ত্বিক বিতর্কটি আবর্তিত হচ্ছে সামরিক নজরদারি ও বেসামরিকীকরণের টানাপড়েনকে ঘিরে। সম্প্রতি স্থানীয় এক পাহাড়ি নেতার বক্তব্যে মাঠপর্যায়ের এক বাস্তব চিত্র উঠে এসেছে— হাটে পাহাড়ি নাগরিকেরা পাঁচ কেজির বেশি চাল বা শুকনো খাবার কিনলেও চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। একজন স্বাধীন দেশের নাগরিকের দৃষ্টিকোণ থেকে প্রাত্যহিক খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে এমন নজরদারি নিঃসন্দেহে আত্মমর্যাদায় আঘাত এবং এক ধরনের মানসিক অস্বস্তির কারণ। কিন্তু মুদ্রার অপর পিঠে রয়েছে নিরাপত্তার এক কঠিন ও নির্মম বাধ্যবাধকতা। দুর্গম অরণ্যে আত্মগোপনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর রসদ আসে মূলত এই স্থানীয় হাটবাজারগুলো থেকেই। বাড়তি খাদ্যদ্রব্য বা ওষুধ কোনো বিচ্ছিন্নতাবাদী বা সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানার রসদ হচ্ছে না—আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর কোনো শতভাগ নিশ্চয়তা থাকে না। ফলে রসদ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার কৌশলগত চাপে সাধারণ নিরীহ মানুষকেও এই তল্লাশির অস্বস্তি পোহাতে হয়।
শান্তিচুক্তির দীর্ঘমেয়াদি অঙ্গীকার অনুযায়ী সেনা উপস্থিতি কমানো এবং বেসামরিক প্রশাসনকে পূর্ণ কর্তৃত্ব দেওয়া নিঃসন্দেহে যৌক্তিক ও কাঙ্ক্ষিত লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর অলঙ্ঘনীয় পূর্বশর্ত হলো পাহাড় থেকে সশস্ত্র সন্ত্রাসীদের সমূলে উৎপাটন। স্বয়ংক্রিয় ভারী অস্ত্রের মহড়া, পর্যটক জিম্মি করা, কিংবা ব্যাংক ডাকাতির মতো ঘটনার অবসান না ঘটিয়ে হুট করে সেনা প্রত্যাহার করা হলে যে চরম ‘নিরাপত্তা শূন্যতা’ তৈরি হবে, তা অস্বীকারের উপায় নেই। এ ধরনের পদক্ষেপ পার্বত্যাঞ্চলকে অরক্ষিত করবে এবং দুষ্কৃতকারীদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে সহায়তা করবে। সুতরাং বাংলাদেশের অখন্ড অংশ হিসেবে পার্বত্যাঞ্চলে সেনা নজরদারি সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ নেই। প্রয়োজনে সেখানে একটি স্বয়ংসম্পূর্ণ সেনানিবাস স্থাপন করা যেতে পারে।
পাহাড়ের এই অস্থিরতার প্রত্যক্ষ ও প্রথম শিকার সেখানকার প্রান্তিক মানুষ। সাজেকসহ পার্বত্য অঞ্চলের অর্থনীতি এখন আর কেবল সনাতন জুমচাষের ওপর নির্ভরশীল নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে শত শত কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি (জিপ), ট্যুর গাইড এবং পাহাড়িদের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কৃষিপণ্যের বাজার। প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটক আসা বন্ধ হয়ে গেলে পাহাড়ি চালক, কটেজ মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজির চাকা মুহূর্তেই স্থবির হয়ে পড়ে। জীবিকা হারিয়ে স্থানীয় জনগোষ্ঠী যখন চরম অর্থসংকটে পড়বে, তখন প্রান্তিক তরুণদের অপরাধ ও অস্ত্রধারী দলগুলো বিপথে টেনে নিতে সক্রিয় হয়ে উঠবে। তাই পাহাড়ের অর্থনীতি ও পাহাড়ি জনগোষ্ঠির রুটিরুজি বাঁচাতে স্থিতিশীলতার কোনো বিকল্প নেই।
পাহাড়কে অশান্ত করার এই ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ পাতা ফাঁদ নস্যাৎ করতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সুদৃঢ় জাতীয় সংহতি। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সরকারকে এখন একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক রোডম্যাপ নিয়ে এগোতে হবে। এর প্রাথমিক ও অপরিহার্য শর্ত হলো— পাহাড়ে দলমত ও আঞ্চলিক পক্ষ নির্বিশেষে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজির সিন্ডিকেট বন্ধে দৃশ্যমান ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা। পর্যটক কিংবা সাধারণ মানুষকে মানবঢাল বানিয়ে জিম্মি করার যে অশুভ সংস্কৃতি গড়ে উঠেছে, রাষ্ট্রের সার্বভৌম স্বার্থেই তা কঠোর হাতে দমন করতে হবে।
সাজেক আমাদের দেশের এক অনন্য নৈসর্গিক অহংকার। মেঘের কোলে বারুদের গন্ধ আর সাধারণ মানুষের বন্দিদশা কোনো সভ্য রাষ্ট্রে দীর্ঘদিন চলতে পারে না। অপশক্তির প্ররোচনা এড়িয়ে পাহাড়ে আইনের শাসন, জাতীয় সার্বভৌমত্ব এবং পাহাড়ি-বাঙালি সব মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কাযক্রম গ্রহণ অত্যন্ত জরুরি।
লেখক: সাংবাদিক