× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকঋণের চাহিদা হ্রাস

বিনিয়োগে আস্থা ফেরাতেই হবে

সম্পাদকীয়

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১০:২২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

যেকোনো দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ সাধারণত বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি। সে বাস্তবতায় মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তার চাপে আমাদের দেশের বেসরকারি খাতে ব্যাংকঋণের চাহিদা ক্রমেই সংকুচিত হচ্ছে। ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণ অব্যাহত রাখলেও সামগ্রিক ঋণস্থিতিতে প্রত্যাশিত প্রবৃদ্ধি নেই। ফলে এই খাতের ঋণপ্রবাহের দুর্বলতা প্রবৃদ্ধির হারেও দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে ৪ দশমিক ৪৭ শতাংশে। আগস্টে তা কিছুটা বেড়ে ৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। গত বছর একই সময়ে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ। এক বছরের ব্যবধানে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। এ প্রবণতা নিছক ব্যাংকিং খাতের কোনো পরিসংখ্যানগত হিসাব নয়Ñ এটি বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ক প্রশ্নও। ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগে সতর্ক থাকায় ঋণের চাহিদা কমেছে। আর পণ্য ও সেবার অভ্যন্তরীণ চাহিদা দুর্বল থাকায় ব্যবসায়ীরা উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ঝুঁকি নিতে চাচ্ছেন না।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংকঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩০ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৬ সালের আগস্ট শেষে তা দাঁড়ায় ১৮ লাখ ৩০ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ আট মাসে ঋণের স্থিতি কমেছে প্রায় ২০০ কোটি টাকা। এই সময়ে নতুন ঋণ বিতরণ হলেও তার বিপরীতে পরিশোধ ও অন্যান্য সমন্বয়ের কারণে মোট স্থিতিতে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। এ ব্যাপারে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, টানা কয়েক বছর ধরে অর্থনীতি নানা সমস্যার মধ্য দিয়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনিশ্চিত পরিস্থিতির মুখে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে পরিচালন ব্যয় বেড়েছে। একই সঙ্গে পণ্যের চাহিদা নিয়ে অনিশ্চয়তা থাকায় নতুন প্রকল্প গ্রহণে আগ্রহ কমেছে। তার মতে, এ ধরনের সংকট অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে পরিস্থিতির বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। 

অর্থনীতির সাধারণত সূত্রÑ বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়লে নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি আমদানি ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হয়। বিপরীতে ঋণের চাহিদা কমে যাওয়া উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে অনাগ্রহের প্রমাণ। এ প্রবণতার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তাদের অনাগ্রহের পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। বিশেষ করে, দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। ফলে পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা শিল্পকারখানার উৎপাদন ব্যাহত করছে এবং উৎপাদনে বিঘ্ন ঘটাচ্ছে। এর সঙ্গে ঋণের উচ্চ ব্যয়, নীতিগত অনিশ্চয়তা ও ব্যবসায়িক সীমাবদ্ধতা যুক্ত হলে নতুন প্রকল্পের বিষয়ে উদ্যোক্তাদের সতর্ক হওয়াটাই স্বাভাবিক।

আমরা মনে করি, বিনিয়োগে দীর্ঘস্থায়ী স্থবিরতা অর্থনীতির জন্য বহুমাত্রিক ঝুঁকি তৈরি করতে পারে। উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণ ব্যাহত হলে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ব্যাহত হতে পারে। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকলে তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে পড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঋণের সুদহার ও প্রাপ্যতার ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন, যাতে উৎপাদনশীল বিনিয়োগ উৎসাহিত হয়। ব্যাংকগুলোকে ঋণ বিতরণে সতর্কতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে হবে। 

একইভাবে ব্যবসা পরিচালনায় নীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নীতি ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য থাকা অপরিহার্য। স্মরণ রাখা দরকার, ব্যাংকে ঋণ দেওয়ার মতো অর্থ থাকলেই বিনিয়োগ বাড়ে না, বিনিয়োগের অনুকূল পরিবেশ ও ভবিষ্যৎ সম্পর্কে আস্থাও থাকতে হয়। বেসরকারি খাতে ঋণস্থিতি হ্রাসের প্রবণতাকে তাই আগাম সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা উচিত। আমরা মনে করি, সময়োপযোগী নীতি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিনিয়োগের গতি ফিরিয়ে আনতে না পারলে এর প্রভাব উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে আরও গভীর হতে পারে। তাই বিনিয়োগে স্থবিরতা কাটাতে এখনই আস্থা ফেরানো জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা