× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাশা ক্ষুধামুক্ত বিশ্ব

লাবনী আক্তার শিমলা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:০৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটিÑ কবি সুকান্ত ভট্টাচার্যের এই লাইন যেন চিরন্তন, নিরন্তর ও ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে ভূখণ্ডের প্রতিটি স্থানে। অথচ আমাদের যাদের অন্তত দু-তিন বেলা খাবারের নিশ্চয়তা আছে, থাকার জায়গা আছে, তাদের যেন একটিবার সেই অনাহারি মানুষগুলোর চোখের দিকে তাকানোর মানসিকতা পর্যন্ত নেই, সময় সেখানে বিলাসিতা। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল আরও কত দেশ তাদের নিজেদের প্রতিষ্ঠিত করেছে উন্নয়নশীল দেশ হিসেবে। অথচ দেশের তৃণমূল জনগোষ্ঠী এখনও খাদ্যের অভাবের চক্রেই আবর্তিত। উন্নয়নের আড়ালে দারিদ্র্যের রূপ একটি দেশের একই মুদ্রার এপিঠ-ওপিঠে, যেখানে ব্যবধান স্পষ্ট।

 একটি দেশের অভ্যন্তরেই যখন এত পার্থক্য মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও আয়-রোজগারে, সেখানে বাইরের দেশ বিশেষত ফিলিস্তিন, উগান্ডায় মানুষের হাড়গোড় যেন অভাবের চিরায়ত সাক্ষী। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং সহযোগী সংস্থাগুলোর The State of Food Security and Nutrition in the World 2025 প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালে বিশ্বে আনুমানিক ৬৭ কোটি ৩০ লাখ মানুষ ক্ষুধার মুখোমুখি ছিল। বাংলাদেশের বাস্তবতা কিছুটা সে রকম। বিশ্বব্যাংকের বাংলাদেশ পোভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট ২০২৫-এর প্রতিবেদন জানায়, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে জাতীয় দারিদ্র্যসীমা অনুযায়ী, বাংলাদেশের দারিদ্র্যের হার ৩৭ দশমিক ১ শতাংশ থেকে নেমে এসেছে ১৮ দশমিক ৭ শতাংশে। সংখ্যার নিম্নগামিতা সত্ত্বেও আশানুরূপ ফলাফল এখনও আমরা পাইনি। আবার FAO-এর GIEWS দেশভিত্তিক প্রতিবেদনে উদ্ধৃত সর্বশেষ IPC বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে। মে-আগস্ট ২০২৬ সময়ে এই সংখ্যা ছিল যেখানে প্রায় ১ কোটি ৫৩ লাখ।

আইপিসির প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, উগান্ডার কারামোজা অঞ্চলে আগস্ট-অক্টোবর ২০২৬ সময়ে ৬ লাখ ৭৩ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। খাদ্য নিরাপত্তাহীনতায় দীর্ঘ মেয়াদে অপুষ্টির শিকার হচ্ছে নারী, শিশু। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানবসম্পদ, ভবিষ্যৎ প্রজন্ম ও একটি টেকসই উন্নয়ন। ইউনিসেফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অপুষ্টির কারণে বাংলাদেশের ২৪ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশুর খর্বাকৃতি, ১১.৮ শতাংশ শিশুর ক্ষীণকায়তা দেখা দিয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়; ব্যক্তি, প্রতিবেশী শক্তিশালী দেশÑ সবারই আলাদা ভূমিকা রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রথম ধাপ ব্যক্তিগত সচেতনতা।

প্রথমত, প্রয়োজন অনুযায়ী খাবার কেনা ও পরিবেশন করা, নিরাপদ অবশিষ্ট খাবার সংরক্ষণ করা, অর্থাৎ অপচয় রোধ করা। দ্বিতীয়ত, সামর্থ্য অনুযায়ী খাদ্যসহায়তা, কমিউনিটি কিচেন বা নির্ভরযোগ্য ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া। তৃতীয়ত, খাদ্যের উৎস, উৎপাদকের ন্যায্য মূল্য এবং অপচয় কমানোর বিষয়ে সচেতন থাকা।

তবে ব্যক্তির দায়িত্বের সীমা রয়েছে। আয় না থাকলে কিংবা বাজারে খাবারের দাম নাগালের বাইরে চলে গেলে শুধু সচেতনতা দিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব রাষ্ট্রের, কারণ খাদ্যের উৎপাদন, বাজার তদারকি, সামাজিক সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলার নীতিগত ক্ষমতা রাষ্ট্রের হাতে।

এ জন্য প্রথমেই প্রয়োজন কৃষকের জন্য মানসম্মত বীজ, সেচ, কৃষিঋণ, জলবায়ু-সহনশীল প্রযুক্তি এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এরপর বাজারে প্রতিযোগিতা বজায় রাখা, মজুদ ও সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কারসাজি বা অবৈধ মজুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও দরকারি। সেই সঙ্গে খাদ্যপণ্যের মূল্য যেন নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেটি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তা ছাড়া দরিদ্র পরিবার, শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য লক্ষ্যভিত্তিক খাদ্যসহায়তা, নগদ সহায়তা ও পুষ্টি কর্মসূচি চালু রাখাও আজকের সময়ের দাবি। একই সঙ্গে, শুধু পদক্ষেপ গ্রহণ করলেই হবে না, সঙ্গে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং অন্যান্য সংস্থারও নির্দিষ্ট ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ, FAO-এর কিছু গুরুত্বপূর্ণ কাজ কৃষি উৎপাদন, খাদ্যব্যবস্থা, বাজার ও খাদ্যনিরাপত্তার তথ্য এবং নীতিগত সহায়তা করা। WFP-এর করণীয় জরুরি খাদ্যসহায়তা, পুষ্টি কর্মসূচি ও সংকটকালে খাদ্য সরবরাহ করা। আবার IFAD-এর করণীয় ক্ষুদ্র কৃষক, গ্রামীণ জীবিকা ও কৃষিতে বিনিয়োগ করা ইত্যাদি।

খাদ্য মানুষের মৌলিক চাহিদা ও অধিকার। তাই ক্ষুধার্ত চেহারাগুলোর দিকে শুধু করুণ দৃষ্টিপাত করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা, প্রতিযোগিতার বিশ্বে স্বার্থপরতাকে অত্যধিক গুরুত্ব না দিয়ে মানবিক হওয়া, অর্থ বিনিয়োগ করা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গীকার হওয়া উচিত। আজ থেকে আমাদের স্লোগান হোক, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানবসভ্যতাকে এগিয়ে নিই। আমাদের প্রত্যশা হোক ক্ষুধামুক্ত বিশ্ব।

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা