হাসপাতাল যখন নিজেই পঙ্গু
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর অন্যতম কেন্দ্র। মানুষ সুচিকিৎসার আশায় শরণাপন্ন হয় হাসপাতালের। অনেক আগে দেশের হাসপাতালগুলোতে একই সঙ্গে সব ধরনের রোগের চিকিৎসা হতো। জেনারেল হাসপাতাল নামে পরিচিত সেসব চিকিৎসালয়ে সাধারণ রোগবালাই থেকে শুরু করে দুর্ঘটনায় পড়ে হাত-পা ভাঙাসহ প্রায় সব ধরনের চিকিৎসাই করা হতো। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুসারে গড়ে উঠেছে বিশেষায়িত হাসপাতাল। সেসব বিশেষায়িত হাসপাতালের মধ্যে অর্থোপেডিক হাসপাতাল অন্যতম। সাধারণত দুর্ঘটনার কবলে পড়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা এ হাসপাতালে চিকিৎসার্থে আসে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, যা পঙ্গু হাসপাতাল নামে সমধিক পরিচিত, তেমনি একটি বিশেষায়িত চিকিৎসালয়। হাসপাতালটি দেশবাসীর কাছে দুর্ঘটনাজনিত হাড় ভেঙে অসুস্থ হয়ে পড়া রোগীদের প্রধান ভরসাস্থল হিসেবেই পরিগণিত। সেই হাসপাতাল এখন নিজেই পঙ্গু অবস্থায় উপনীত। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘পঙ্গু হাসপাতাল নিজেই পঙ্গু’ শীর্ষক প্রতিবেদনে হাসপাতালটির বর্তমান দৈন্যদশা ও অব্যবস্থাপনার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে প্রতিদিন প্রায় দেড় হাজারেরও বেশি রোগী শুধু আউট ডোরে চিকিৎসাসেবা নিতে আসে। জায়গার অভাব এবং চিকিৎসক-নার্সের স্বল্পতার কারণে সে চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তব্যরতদের। এর ওপর রয়েছে ‘প্রভাবশালী’দের সুপারিশের চাপ। সে সুপারিশকে মর্যাদা দিতে গিয়ে সাধারণ রোগীদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করতে হয়। এমনকি হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও প্রভাবশালীদের সুপারিশকে অগ্রাধিকার দিতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রভাবশালীদের সুপারিশে জরুরি নয়Ñ এমন অনেক রোগীকেও ভর্তি করতে হয়। ফলে বঞ্চিত হন যাদের প্রকৃত চিকিৎসার প্রয়োজন এমন রোগীরা। প্রতিবেদনে রোগীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সেখানে এক্স-রেসহ নানা সেবা পেতে অতিরিক্ত টাকা দিতে হয়। হাসপাতালটির পরিচালক নিজেও তা জানেন বলে স্বীকার করেছেন। কিছু অসাধু ব্যক্তির সে অপকর্ম তার নজরে এসেছে এবং তারাসহ দালাল চক্রের অপতৎপরতা ঠেকাতে পুলিশ ও আনসারদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তার এ সতর্কবার্তা যে কোনো কাজে আসেনি, প্রতিবেদকের সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনই তার বড় প্রমাণ। প্রতিবেদনের তথ্যানুযায়ী অর্থের অভাবে সেখানে লিম্ব সেন্টার (কৃত্রিম হাত-পা সংযোজন) চালু না হওয়া, বেডের সংখ্যা বৃদ্ধি করতে না পারা, চিকিৎসা যন্ত্রপাতির অভাব, চিকিৎসক ও সেবাদানকারী কর্মচারী নিয়োগ না করতে পারার কারণে পঙ্গু হাসপাতালটি নিজেই পঙ্গুত্ব বরণ করতে চলেছে।
দেশের একটি শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতালের এ করুণ দশা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাই স্মরণ করিয়ে দেয়, যা প্রাসঙ্গিকতার কারণেই আলোচনার দাবি রাখে। সারা দেশে সরকার পরিচালিত মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা, উপজেলায় স্থাপিত হাসপাতালগুলোর নানা অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির খবর মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে সেসবের কোনো প্রতিকার হয় বলে মনে হয় না। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা অন্যতম। রাষ্ট্রের পরিচালক হিসেবে জনগণের সে অধিকার পূর্ণ করার দায়িত্ব সরকারের। কিন্তু এ ক্ষেত্রে সরকারের পারফরম্যান্স হতাশাব্যাঞ্জক। মন্ত্রী এবং কর্মকর্তারা কথা যত বলেন, কাজ হয় তার চেয়ে অনেক কম।
উল্লেখ্য, বর্তমান জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। টাকার অঙ্ক শুনলে যে কারও তা বিশাল বলেই মনে হবে। তবে অবকাঠামো ও বেতন খরচ বাদ দিলে জনগণের চিকিৎসার জন্য কত টাকা অবশিষ্ট থাকে তা হিসাব কষে দেখা দরকার। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণা মতে, বাংলাদেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় প্রায় ১১০ মার্কিন ডলার; যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ব্যয় হার গড়ে ৪০১ মার্কিন ডলার। সুতরাং বিশ্বের উন্নত দেশের কথা বাদই থাক, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের জনসাধারণ চিকিৎসায় কতটা অবহেলিত তা বোধ করি বলার অপেক্ষা রাখে না।
আমরা বলতে চাইÑ স্বাস্থ্য, মানে চিকিৎসা যেহেতু মানুষের অন্যতম মৌলিক অধিকার, তাই এ ক্ষেত্রে সরকারকে বাড়তি নজর দিতে হবে। এ খাতে দায়িত্বপ্রাপ্তরা যাতে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সে বিষয়ে নজরদারি বাড়ানো অতীব জরুরি। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে অধিক বরাদ্দ রাখা এবং দেশের প্রতিটি জেলা সদরে একটি করে অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতাল প্রতিষ্ঠা করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে রাজধানীতে ছুটে আসতে না হয়। সে সঙ্গে নানা অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকারি হাসপাতালগুলো যাতে শুধু কংক্রিটের স্থাপনায় পরিণত না হয়, সরকারকে তা নিশ্চিত করতে হবে।