× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার বায়ুদূষণ, আমাদের করণীয়

রাবেয়া আক্তার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১০:৪০ এএম

দূষিত ঢাকা। ছবি: সংগৃহীত

দূষিত ঢাকা। ছবি: সংগৃহীত

মানুষের জীবনধারণের অন্যতম মাধ্যম বায়ু। একটি শহরের বায়ু কতটা নিরাপদ তা নির্ভর করে ওই অঞ্চলের পরিবেশের ওপর। ঢাকার বর্তমান আবহাওয়া লক্ষ করলে দেখা যায়, এই সময়ে প্রকৃতিতে কিছুটা হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যা শীতের আগমনী বার্তার পূর্বাভাস। অথচ এর মধ্যেই ঢাকার আকাশ ছেয়ে গেছে বিষাক্ত ধূসর চাদরে। সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে মনে হয়, তীব্র শীতের মৌসুম এসে গেছে।

কিন্তু এটি প্রাকৃতিক কুয়াশা নয়, বরং ক্ষতিকর ধোঁয়াশা। প্রতিবছর শীতকালে ঢাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করে, কিন্তু এবার শীত আসার আগেই দূষণের এই সাইরেন আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। সাধারণত নভেম্বর বা ডিসেম্বরের দিকে ঢাকার বাতাস ভারী হতে শুরু করে। কিন্তু এবার অক্টোবরেই পরিস্থিতি খারাপ। অধিক জনসংখ্যার চাপ ও মারাত্মক দূষণের ফলে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র ক্ষতিকর কণা ও বিষাক্ত গ্যাস ঘুরে বেড়ায়, যা মানবদেহের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে একাধিক দিন সকালে ঢাকার বাতাসের মান (AQI) ১৫৮ থেকে ১৮১-এর ঘরে ছিল, আর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার মধ্যে ঢাকা ছিল চতুর্থ থেকে নবম স্থানের মধ্যে। আদর্শ মান যেখানে ০-৫০, সেখানে ১৫১-২০০ স্তরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সংবেদনশীল মানুষের জন্য বিশেষ ঝুঁকির, অর্থাৎ বিপদের লাল সংকেত।

বর্ষা বিদায় নেওয়ার পরপরই বাতাসে আর্দ্রতা ও গতিবেগ কমে যাওয়ায় ধুলাবালি ও ক্ষতিকর কণা ওপরের আকাশে উড়ে যেতে পারছে না। ফলে ঢাকার বাতাস আরও ক্ষতিকর হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেগা প্রকল্পগুলোর অনিয়ন্ত্রিত ধুলাবালি, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং ঢাকার চারপাশের ইটভাটাগুলোর প্রস্তুতিও। 

পরিবেশবিজ্ঞানীদের মতে, ঢাকার বাতাসে এখন মানবদেহের জন্য সবচেয়ে বিপজ্জনক উপাদান পিএম ২.৫ (PM2.5) বা অতি ক্ষুদ্র ধূলিকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিরাপদ মাত্রার চেয়ে ১০ গুণেরও বেশি। এই কণাগুলো সরাসরি ফুসফুস ও রক্তনালিতে প্রবেশ করতে পারে। ফলে শীতের আগেই ঘরে ঘরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, কাশি, স্ট্রোক ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এই আগাম সাইরেন আমাদের জানিয়ে দিচ্ছে, বায়ুদূষণ রোধে প্রথাগত ব্যবস্থা ও মৌসুমি উদ্যোগ আর যথেষ্ট নয়।

এই দূষণের মূল্য শুধু কাশি বা শ্বাসকষ্টে সীমাবদ্ধ নয়, তা মানুষের আয়ুতেও ভাগ বসাচ্ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বায়ুমানÑ আয়ু সূচক (AQLI) অনুযায়ী, বায়ুদূষণ বাংলাদেশিদের গড় আয়ু ৫.৫ বছর কমিয়ে দিচ্ছে। এটি দেশের সবচেয়ে মারাত্মক বাহ্যিক স্বাস্থ্যঝুঁকি, যার ক্ষতি ধূমপান বা অপুষ্টির চেয়েও বেশি। ঢাকার একজন বাসিন্দা বাতাসের মান WHO-র নির্দেশিকা অনুযায়ী পেলে গড়ে প্রায় ৬.৯ বছর বেশি বাঁচতে পারতেন। ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে অতি ক্ষুদ্র কণার পরিমাণ বেড়েছে ৬৬ শতাংশের বেশি। অর্থনীতিও এর বাইরে নয়। বিশ্বব্যাংকের হিসাবে ২০১৯ সালে বায়ুদূষণের কারণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি ছিল জিডিপির ৩.৯ থেকে ৪.৪ শতাংশের সমান। সমস্যা এখন শুধু শীতের আগমন কিংবা বৃষ্টিপাত কমে যাওয়া নয়, সমস্যাটা মূলত সারা বছরের। পরিবেশবিদদের মতে, ইটভাটা ও যানবাহনের ধোঁয়ার পাশাপাশি নির্মাণধুলা, যানজট, ই-বর্জ্য প্রক্রিয়াকরণ, ব্যাটারি রিসাইক্লিং ও অনিয়ন্ত্রিত কংক্রিট মিক্সিং প্ল্যান্টের মতো নতুন উৎস যুক্ত হয়েছে। অথচ আইনের অভাব নেই। ২০১৯ সালের ইটভাটা আইনে আবাসিক, কৃষি ও সংবেদনশীল এলাকার কাছে ইটভাটা নিষিদ্ধ, আর ২০২২ সালে পরিবেশ মন্ত্রণালয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাও তৈরি করেছে। কিন্তু আইন থাকলেই বাতাস পরিষ্কার হয় না, প্রয়োজন কঠোর প্রয়োগ। ফলে শীত শুরুর আগেই আজকের এই ধোঁয়াশা আমাদের নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। 

সমাধানের পথও অজানা নয়। বিশেষজ্ঞরা প্রথাগত ইটভাটা পর্যায়ক্রমে বন্ধ করে হাইব্রিড হফম্যান বা টানেল কিলনের মতো পরিচ্ছন্ন প্রযুক্তিতে যাওয়া, পুরনো যানবাহন সরিয়ে ফেলা, বৈদ্যুতিক গণপরিবহন চালু এবং নির্মাণস্থলে কঠোর ধুলা-নিয়ন্ত্রণের কথা বলছেন। এসব কাজ একদিনে হবে না, কিন্তু শুরু না করলে প্রতিটি শীত আগের চেয়ে ভারী হয়ে ফিরবে। এখনই যদি রাস্তাঘাটে নিয়মিত পানি ছিটানো, নির্মাণকাজে বেষ্টনী দেওয়া এবং কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সামনের পুরো শীতকাল ঢাকাবাসীর জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। ঢাকাকে বাঁচাতে এবং নাগরিক জীবন সুরক্ষিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ ও তার যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।


লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা