× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনে ঘন ঘন বদলি

সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে

সম্পাদকীয়

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৭ এএম

সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে

রাষ্ট্রকে যদি যন্ত্রচালিত যান হিসেবে কল্পনা করা হয়, তাহলে সরকার এর চালক এবং প্রশাসনকে ইঞ্জিন বলা যেতে পারে। একজন চালক যন্ত্রযানকে সাবলীলভাবে সামনের দিকে তখনই এগিয়ে নিতে পারে, যখন এর ইঞ্জিন থাকে সক্রিয় ও কার্যকর। অন্যথায় যানের গতি শ্লথ হয়ে পড়ে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। একজন চালককে তার যানের ইঞ্জিন যাতে সচল ও সক্রিয় থাকে। সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হয়, যাতে ছোট্ট কোনো যন্ত্রাংশের অভাবে বা ভুলভাবে সংযোজনের কারণে তা দুর্ঘটনায় না পড়ে। বলা নিষ্প্রয়োজন, এ সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। 

জাতি হিসেবে আমাদের একটি বড় দুর্ভাগ্য যে, রাষ্ট্র নামের যানটির পরিচালক হিসেবে এ পর্যন্ত যেসব চালক স্টিয়ারিং হুইল ধরেছেন, তারা নিজেদের ইচ্ছামতো এটিকে চালাতে গিয়ে কখনও এর গতি শ্লথ করেছেন, কখনও আবার দুর্ঘটনায় ফেলে দিয়েছেন। এসব কারণে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জনবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারেনি। ক্ষমতাসীন সরকারগুলোর রাষ্ট্রীয় প্রশাসনকে নিজেদের মনমতো সাজানো ও চালানোর অবিমৃশ্যকারী প্রচেষ্টা জাতীয় অগ্রগতিকে চরমভাবে ব্যাহত করেছে। 

দীর্ঘ সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার দেশের রাষ্ট্রীয় প্রশাসনকে দলীয়করণ করে প্রায় অকার্যকর করে ফেলেছিল। এ সময়ে প্রশাসন ছিল ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের মতো। সাংবিধানিক আইনকানুন কিংবা অন্যান্য বিধিবিধানের তোয়াক্কা না করে, যথেচ্ছাচার চালিয়ে তুঘলকি কারবারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় স্বার্থকে গৌণ গণ্য করে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসনকে সাজিয়ে ও ব্যবহার করে যে অপরিমেয় ক্ষতি লীগ সরকার করে গেছে, তা অপূরণীয়। দেশবাসীর প্রত্যাশা ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানে লীগ সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র জঞ্জালমুক্ত হবে এবং জনকাঙ্ক্ষিত রূপ ফিরে পাবে। কিন্তু দেশবাসীর সে প্রত্যাশা যে এখনও সোনার হরিণ রয়ে গেছে, তা বলাই বাহুল্য। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর ‘প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের আট মাসে শীর্ষ থেকে মাঠপর্যায় পর্যন্ত সরকারি প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন রদবদল প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। একই সঙ্গে তা প্রশাসনের অভ্যন্তরে এক ধরনের অস্থিরতাও তৈরি করছে। আর এর প্রভাব পড়ছে সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে। কোনো একজন কর্মকর্তাকে যখন একটি গুরুত্বপূর্ণ পদে বদলি বা পদায়ন করা হয়, নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নিয়ে সম্যক ধারণা নিতে সময় লাগে। কিন্তু তার আগেই যদি সে কর্মকর্তাকে বদলি করা হয়, তাহলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব নিয়ে সবকিছু আবার নতুনভাবে শুরু করতে হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করে বলেছেন, বদলি প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়া হলেও প্রশাসনিক প্রয়োজন, দক্ষতা ও জনস্বার্থ বিবেচনার পরিবর্তে ঘন ঘন বদলি হলে তা প্রশাসনের ওপর বিরূপ প্রভাব ফেলে; যার ফলে এর গতিশীলতা বাধাগ্রস্ত হয়। যেহেতু প্রশাসনের গতিশীলতা ও রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ড একটি আরেকটির পরিপূরক, তাই এর অনিবার্য প্রতিক্রিয়ায় উন্নয়ন হয় বাধাগ্রস্ত।

প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত আট মাসে প্রশাসনের বিভিন্ন স্তরে দুই হাজারেরও বেশি কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সময়ে বিভাগীয় কমিশনার ছয়জন, জেলা প্রশাসক ৩৬ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ১০৯ জন এবং ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব। এত অল্প সময়ে এই বিপুলসংখ্যক কর্মকর্তার বদলি-পদায়ন প্রশাসনে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। পদায়নকৃত স্থলে স্বাভাবিক স্থায়িত্বের অনিশ্চয়তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিঘ্নের সৃষ্টি করছে। যে কারণে তারা স্ব-স্ব পদে যোগ দিয়েও অনিশ্চয়তার কারণে দায়িত্ব পালনে মনোযোগী হতে পারছেন না। বলা নিষ্প্রয়োজন, উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণ, প্রকল্প অনুমোদন, ছাড়পত্র প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে এসব পদে ঘন ঘন বদলি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করছে সঙ্গত কারণেই। 

প্রশাসনে বদলি-পদায়ন একটি স্বাভাবিক প্রক্রিয়া। নানা কারণে সরকারকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে সে পদক্ষেপ যেন সরকারের স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না করে, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। এজন্য সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। কারণ কাজ করার পরে নয়, আগে ভাবাই উত্তম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা