× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরিপক্বতার অনিবার্য পরিণতি

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:২৪ এএম

অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

গত সপ্তাহের কলাম ‘ঊর্ধ্ব মুখে পথ চলিও না’ পাঠান্তে ফোন করেছিলেন কয়েকজন পাঠক। তাদের মধ্যে অন্যতম একজন আমার অগ্রজপ্রতিম আবদুল আউয়াল। তিনি জিজ্ঞেস করলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিত্ব হারানো ঊর্ধ্ব মুখে পথ চলার ফল কি-না। দ্বিতীয়ত, তিনি জানতে চাইলেন, ইশরাকের এই ভাগ্য বিপর্যয়কে আমি কীভাবে দেখছি। তাকে বললাম, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দেইÑ এটা হলো ‘অপরিপক্বতার অনিবার্য পরিণতি’।

আর প্রথম প্রশ্নের উত্তরে বলবÑ নীতিবাক্য বলুন আর প্রবাদ-প্রবচন, সবই সৃষ্টি হয়েছে মনুষ্য সমাজে সংঘটিত নানা ঘটনা-দুর্ঘটনা থেকে; যেগুলোর অনুঘটক মানুষই। সে হিসেবে ইশরাক হোসেন অত্যন্ত অল্প বয়সে রাজনীতির এতটাই উঁচুতে উঠে গিয়েছিলেন যে, মাটির দিকে তাকানোর ফুরসত পাননি। ফলে যা ঘটার তা-ই ঘটেছে। পথের মাঝখানে থাকা গর্ত, যেটা তার নজরে পড়েনি, তাতে উষ্টা খেয়ে ভূতলে শায়িত হলেন। 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের ভিডিও প্রকাশের পরপরই আমি পরিচিত মহলে মন্তব্য করেছিলাম, ছেলেটির ভাগ্য বিপর্যয় নিশ্চিত। সন্ধ্যায় যখন সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ল, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন, তখন মুহূর্তে তা দেশ-বিদেশে ভাইরাল হয়ে পড়ে। তারপর যখন ইশরাক সে খবরকে ‘গুজব’ অভিহিত করে তাতে কান না দেওয়ার আহ্বান জানালেন, তখন একটু থমকে গিয়েছিলাম। মনে সংশয় জেগেছিল, বুর্জোয়া রাজনীতির অন্দর মহলের নানা সমীকরণে অনেক সময় পরিস্থিতির মোড় ঘুরে যায়। তেমনি ইশরাক হয়তো প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে এ যাত্রায় পার পেয়ে গেলেন। কিন্তু পরে যখন দেখা গেল তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে ১৯ অক্টোবর দুপুর দুটার পরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেন, তখন আর সংশয় রইল না। 

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক পদত্যাগ করেছেন ঠিক, তবে তার রেশ এখনও রয়ে গেছে। থাকবেও সম্ভবত অনেক দিন। কারণ, একটি রাজনৈতিক ঘটনা অনেক কিছুর ইঙ্গিত বহন করে। ইশরাকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে কারও কারও দ্বিমত থাকতে পারে। এটা স্বাভাবিক। একটি বিষয়ে সবাই একমত হবেন, এমন কোনো কথা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সব সিদ্ধান্তকেই সঠিক বলে বাহবা জানালে গণতন্ত্রের মৌলিকত্ব উপেক্ষিত থেকে যাবে। কেননা, গণতন্ত্র হলো নানা মতের সম্মিলনে সৃষ্ট আবহ।

তবে ইশরাকের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সিদ্ধান্ত যে শতভাগ সঠিক ও সময়োপযোগী সে বিষয়ে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। আপাতদৃষ্টে মনে হতে পারে, প্রধানমন্ত্রী তার সরকারের ভাবমূর্তি রক্ষার জন্যই ইশরাককে ‘এস্কেপ গোট’ বা ‘বলির পাঁঠা’ বানালেন। বস্তুত তা নয়। তিনি এটা করেছেন আমার মতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার প্রতিশ্রুতির কথা স্মরণে রেখে। কেননা, সশস্ত্র অবস্থায় সঙ্গীদের নিয়ে কথিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে ইশরাক হোসেন আইন হাতে তুলে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন- যা একটি সরকারের জন্য চরম বিব্রতকর। তাছাড়া প্রকাশ্যে গুলি করার স্টাইলে পিস্তল তাক করে ইশরাক তার অপরিপক্বতার প্রমাণ রেখেছেন। সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে তার তো জানা থাকার কথা, আগ্নেয়াস্ত্র লাইসেন্সকৃত হলেও তা জনসমক্ষে প্রদর্শন নিষিদ্ধ। 

দেশের বলবৎ অস্ত্র আইন-১৯৭৮-এ বলা হয়েছে, সরকারের যথাযথ অনুমোদন সাপেক্ষে একজন নাগরিক তার আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র, পিস্তল, বিভলবার, বন্দুক, শটগান, ২.২ বোরের রাইফেল ইত্যাদি সংরক্ষণ ও বহন করতে পারবেন। তবে কোনো অভিযান পরিচালনা, প্রভাব বিস্তার বা বল প্রয়োগের উদ্দেশ্যে সে অস্ত্র ব্যবহার করা যাবে না। আত্মরক্ষার প্রয়োজনের বাইরে অস্ত্র প্রদর্শন করে কাউকে ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া বা প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

একই আইনে আরও বলা হয়েছে, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা বা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে অস্ত্র আইনের ১৮ ধারা মোতাবেক লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারবে সরকার। তাছাড়া অস্ত্র আইন ভঙ্গ করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের সশ্রম কারাদণ্ডেরও বিধান রয়েছে। একজন সিনিয়র রাজনৈতিক কর্মী এবং একই সঙ্গে জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের এসব বিষয় অজানার কথা নয়। তাছাড়া কর্তৃপক্ষের কাছ থেকে তিনি যখন পিস্তলটির লাইসেন্স নিয়েছেন, তার শর্তাবলিও নিশ্চয়ই জেনে এবং তাতে সম্মত হয়েই তা গ্রহণ করেছেন। তা হলে ওইদিন কেন তিনি সেসব শর্তের কথা বেমালুম ভুলে অমন একটি অপরিণামদর্শী কাজে প্রবৃত্ত হয়েছিলেন? 

কেউ কেউ বলছেন, ইশরাক প্রধানমন্ত্রীর কাছে নিজেকে ‘হিরো’ প্রমাণের উদ্দেশ্যে স্বয়ং মাদক নির্মূলের অভিযানে নেতৃত্ব দিতে গিয়েছিলেন। কিন্তু তার অপরিপক্ব মস্তিষ্কের ততোধিক অপরিপক্ব ওই সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দিয়ে তাকে ‘জিরো’ বানিয়ে দিল। আরেকটি কথা বিবেচনা করে দেখা দরকার। মাদকের আখড়ায় হানা দেওয়ার আগে ইশরাক নিজের নিরাপত্তার কথাও কি ভেবেছিলেন? যেভাবে পিস্তল উঁচিয়ে তিনি ‘আমি এমপি ইশরাক’ বা ‘আমি ইশরাক’ বলে চিৎকার করছিলেন, তাতে তাকে কোনো রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি বলে মনে হয়নি।

এভাবে পিস্তল উঁচিয়ে হাঁকডাক ছেড়ে নিজেদের জাহির করে গুন্ডা-মস্তানরা, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি নন। এমপি বা মন্ত্রীর পক্ষে তো তা মোটেই শোভনীয় নয়। তা ছাড়া যেভাবে গুটিকয় কর্মী নিয়ে ইশরাক মাদকের আস্তানায় হামলা করেছিলেন, তাতে তার যেকোনো বিপদ হতে পারত। আজকাল দুর্বৃত্তদের কাছে নানা ধরনের মারণাস্ত্র থাকে। যদি মাদক কারবারিরা দূর থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করে ইশরাককে টার্গেট করত, তা হলে যে ঘটনা ঘটতে পারত, ভাবলে গা শিউরে ওঠে।

কেউ কেউ সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, ইশরাক বোধ করি কলকাতার বাংলা সিনেমা ‘ফাটা কেষ্ট-এমএলএ’র মিঠুন চক্রবর্তী কিংবা মুম্বাই হিন্দি সিনেমা ‘নায়ক’-এর অনিল কাপুরের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সশরীরে মাদক নির্মূল অভিযানে নেমেছিলেন। কিন্তু রুপালি পর্দায় ঢিসু ঢিসু ঘুসি মেরে ভিলেনকে ধরাশায়ী করা যত সহজ, বাস্তবে দুর্বৃত্তদের সঙ্গে মোকাবিলা ততটাই কঠিন।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইনিভাবে যেটা করার অধিকার রাখেন, একজন সাধারণ মানুষ, তিনি এমপি-মন্ত্রী হলেও তা করতে পারেন না। কেননা, এ ক্ষেত্রে আইনের শেকলে সবার হাত বাঁধা। সে কথা বিবেচনায় না এনে এ ধরনের কল্পনাবিলাসী অ্যাডভেঞ্চারে মেতে ওঠা যে অর্বাচীনতার পরিচায়ক, তা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। এলাকার এমপি ও সরকারের প্রতিমন্ত্রী হিসেবে মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনার জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিচ থেকে ওপর পর্যন্ত সব পর্যায়ে নির্দেশ দানের ক্ষমতা ইশরাকের ছিল। তা সত্ত্বেও তিনি কেন পুলিশ, এসআরবি কিংবা অন্য কোনো বাহিনীকে সাথে না নিয়ে কয়েকজন কর্মী-ক্যাডার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, বোধগম্য নয়। 

অবশ্য ইশরাক হোসেনের বালসুলভ আচরণের এটাই প্রথম দৃষ্টান্ত নয়। অনেকেরই মনে থাকার কথা, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ সরকারি বাহিনী পন্ড করে দেওয়ার পর ওইদিনই সন্ধ্যায় ইশরাক হোসেন জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী নামের এক ব্যক্তিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এনে সংবাদ সম্মেলন করিয়েছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করেছিলেন চারিত্রিকসহ নানা অপকাণ্ডে বিতর্কিত এবং দেশের সব ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষিত অবসরপ্রাপ্ত জেনারেল হাসান সারওয়ার্দী।

সেদিন বিএনপি কার্যালয়ে হাসান সারওয়ার্দীর উপস্থিতি দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছিল। কেননা, সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বহু অপকর্মের খলনায়ক এই জেনারেল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোরঞ্জন ও মানভঞ্জনের জন্য নৈতিক-অনৈতিক এমন কোনো কাজ নেই যা করেননি। স্বার্থগত দ্বন্দ্বে শেখ হাসিনার সঙ্গে বিরোধ বাধলে তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন বিএনপির কাঁধে সওয়ার হতে। কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। অবশেষে সে সুযোগ তাকে এনে দিয়েছিলেন ইশরাক হোসেন। বিএনপি কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের তথাকথিত উপদেষ্টা মিয়া আরেফীর সংবাদ সম্মেলন যে লীগ সরকারের একটি চক্রান্ত ছিল রাজনীতির মারপ্যাঁচ সম্বন্ধে অনভিজ্ঞ ইশরাকের বোধে তা আসেনি। সবচেয়ে অবাক কাণ্ড ছিল, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব (বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব) রিজভী আহমদের সেখানে উপস্থিত থাকা। 

উল্লেখ্য, ওইদিনই ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল, জাহিদুল ইসলাম আরেফী নামে জো বাইডেনের কোনো উপদেষ্টা নেই। ওই ঘটনা ছিল বিএনপির জন্য বিব্রতকর। তারপরও সংকটময় পরিস্থিতির কারণে ইশরাককে সেজন্য জবাবদিহি করতে হয়নি। তবে প্রশ্ন উঠেছিল, এমন অনভিজ্ঞ ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কীভাবে তা নির্বাহ করবেন? বোধ করি সে প্রশ্নের জবাব এখন সবাই পেয়ে গেছেন। 

রাজনীতিতে হঠকারিতার কোনো স্থান নেই। ইতিহাসে অনেক নজির রয়েছে, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে সম্মানের আসনে অধিষ্ঠিত হওয়ার পর সামান্য একটি ভুলের কারণে জীবনের সমস্ত অর্জন বিসর্জিত হয়েছে। কেউ অপসারিত হয়েছেন, কেউ সরকারপ্রধানের নির্দেশে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। তাদের বেশিরভাগই আর পূর্বের অবস্থান ফিরে পাননি। রাজনৈতিক জীবনের শুরুতেই ইশরাক হোসেন যে হোঁচট খেলেন, তা তিনি কতটা সামলে উঠতে পারবেন, সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার উপায় নেই। কেননা, গুঞ্জন রয়েছে, দল ও সরকারের মধ্যে তার বিরোধী একটি বলয় বেশ সক্রিয়। সে বলয় ভেদ করে তিনি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আস্থার জায়গা পুনরুদ্ধার করতে পারবেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই।

তবে ভরসা একটাইÑ এটা বিএনপি। এখানে অনেক কিছুই ঘটে, যা কল্পনাও করা যায় না। বোধ করি সেজন্যই দলটির মরহুম নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ‘বিএনপিতে কয়েকবার বহিষ্কার আর আবিষ্কার না হলে নেতা হওয়া যায় না।’ দেখা যাক, ইশরাকের বেলায় কী ঘটে!


লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা