কাজী জিয়া উদ্দিন। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রের কূটনৈতিক সক্ষমতার প্রকৃত পরীক্ষা শুধু আন্তর্জাতিক সম্পর্কের সৌহার্দ্য, চুক্তি স্বাক্ষর কিংবা উচ্চপর্যায়ের বৈঠকে সীমাবদ্ধ নয়। বিদেশের মাটিতে বিপন্ন একজন নাগরিকের পাশে রাষ্ট্র কত দ্রুত, কার্যকরভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে দাঁড়াতে পারে, তার মধ্যেও কূটনীতির সাফল্য প্রতিফলিত হয়। সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা তাই বাংলাদেশের কনস্যুলার সেবা, প্রবাসীকল্যাণ ব্যবস্থা এবং কূটনৈতিক তৎপরতার কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার অবকাশ তৈরি করেছে।
সৌদি কর্তৃপক্ষ ১৪ অক্টোবর ২০২৬ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে প্রকাশিত তথ্যে জানা যায়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনকে অবহিত করা হয়নি বলে জানানো হয়েছে। ঘটনার পর সৌদি সরকারের কাছে বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট পরিস্থিতির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে : ওই দুই নাগরিক আটক হওয়ার পর থেকে বিচার ও চূড়ান্ত রায়ের পর্যায় পর্যন্ত বাংলাদেশের মিশন কী ধরনের তথ্য পেয়েছিল? তাদের আইনি সহায়তা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সম্ভাব্য আপিল বা ক্ষমার আবেদনের সুযোগ কাজে লাগাতে কী উদ্যোগ নেওয়া হয়েছিল? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান ছাড়া ঘটনার পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয়।
১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশনস বিদেশে আটক নাগরিকদের কনস্যুলার যোগাযোগ ও সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো দিয়েছে। এর ৫ ও ৩৬ অনুচ্ছেদে কনস্যুলার দায়িত্ব এবং আটক ব্যক্তির সঙ্গে যোগাযোগের অধিকার নির্ধারিত হয়েছে। ৩৭ অনুচ্ছেদে বিদেশি নাগরিকের মৃত্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট কনস্যুলার কর্তৃপক্ষকে অবহিত করার বিধানও রয়েছে। তবে এসব বিধানের প্রয়োগ ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দায় নির্ধারণ করতে হলে প্রযোজ্য আইন, সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা জরুরি।
বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার; বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে কাজ করেন এবং তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সম্পর্কের মর্যাদা রক্ষার পাশাপাশি প্রবাসী নাগরিকদের জীবন, অধিকার ও নিরাপত্তা সুরক্ষাও বাংলাদেশের কূটনীতির অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ নীরবতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে তথ্য চাওয়া, আইনি প্রক্রিয়া সম্পর্কে অবহিত থাকা এবং নাগরিকের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।
এ দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। বিদেশে কোনো বাংলাদেশি গুরুতর ফৌজদারি মামলায় আটক হলে শুরু থেকেই তার পরিচয়, মামলার অবস্থা, আইনজীবীর প্রাপ্যতা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের তথ্য সংরক্ষণ করা প্রয়োজন। এজন্য একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলা যেতে পারে, যেখানে সংশ্লিষ্ট দূতাবাস, মন্ত্রণালয় এবং অনুমোদিত কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী তথ্য হালনাগাদ করতে পারবেন। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেই এ ব্যবস্থা পরিচালনা করতে হবে।
গুরুতর অপরাধে অভিযুক্ত বাংলাদেশিদের ক্ষেত্রে দ্রুত কনস্যুলার যোগাযোগ, উপযুক্ত আইনজীবীর সন্ধান, বিচারপ্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ এবং পরিবারের সঙ্গে নির্ভরযোগ্য যোগাযোগের ব্যবস্থা থাকা দরকার। মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত পরিণতি হতে পারেÑ এমন মামলায় নিয়মিত পর্যবেক্ষণ ও উচ্চপর্যায়ের সমন্বয় বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বিদেশি আদালতের বিচারিক সিদ্ধান্তে বাংলাদেশের সরকার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আইনসম্মত কনস্যুলার সহায়তা, তথ্য সংগ্রহ এবং প্রযোজ্য ক্ষেত্রে ক্ষমা বা দণ্ড লাঘবের আবেদন সম্পর্কে সহযোগিতার সুযোগ যেন অবহেলায় নষ্ট না হয়, তা নিশ্চিত করা সম্ভব।
এই দায়িত্ব শুধু গুরুতর ফৌজদারি মামলায় সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার প্রশ্নকে আরও জরুরি করে তুলেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত নাগরিকদের জন্য নিয়মিত নিরাপত্তা সতর্কতা, জরুরি যোগাযোগব্যবস্থা, নিরাপদ আশ্রয়ের নির্দেশনা এবং প্রয়োজনে দ্রুত প্রত্যাবাসনের প্রস্তুতি থাকা প্রয়োজন। সংকট দেখা দেওয়ার পর তৎপর হওয়ার পরিবর্তে আগাম ঝুঁকি মূল্যায়ন ও প্রস্তুতিনির্ভর কূটনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই হবে বিচক্ষণতার পরিচয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চাকরির প্রলোভনে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগও গভীর উদ্বেগের বিষয়। এসব অভিযোগের প্রতিটি নিরপেক্ষভাবে তদন্ত করা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রতারণা ও মানব পাচারে জড়িত চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। বিদেশে কর্মসংস্থানের নামে কেউ যেন প্রতারণার শিকার হয়ে জীবন সংকটে না পড়েন, সেজন্য নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, ঝুঁকি সম্পর্কে আগাম তথ্য এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।
একই সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কাজের পরিধি আরও বিস্তৃত। প্রবাসীদের অধিকার ও কল্যাণ রক্ষার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়া, প্রতারণা প্রতিরোধে সহায়তা, রপ্তানি বাজার সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং প্রবাসী পেশাজীবীদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব ক্ষেত্রে সফলতা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ জনবল, পেশাগত সততা, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং ফলাফলভিত্তিক জবাবদিহি। দূতাবাসের কার্যকারিতা মূল্যায়নে আনুষ্ঠানিক বৈঠক বা আয়োজনের সংখ্যা নয়, নাগরিকের সমস্যা সমাধানে বাস্তব অবদানও বিবেচনায় নিতে হবে।
রোমান দার্শনিক সিসেরোর নীতিবাক্য জনগণের কল্যাণই হোক সর্বোচ্চ আইন-রাষ্ট্র পরিচালনার জন্য আজও তাৎপর্যপূর্ণ। প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের পাঠানো অর্থ যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখে, তেমনি তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের নৈতিক এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি কেবল একটি কূটনৈতিক যোগাযোগের ঘাটতি ছিল কি না, সেই প্রশ্নে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কী ঘটেছিল, সংশ্লিষ্ট মিশন কখন কী তথ্য পেয়েছিল, কী সহায়তা দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কী পরিবর্তন প্রয়োজনÑ এসব বিষয়ে তথ্যভিত্তিক পর্যালোচনা দরকার। পর্যালোচনার ফল ও সুপারিশ যথাযথভাবে জনসমক্ষে তুলে ধরলে প্রাতিষ্ঠানিক জবাবদিহি বাড়বে এবং ভবিষ্যতের জন্য কার্যকর শিক্ষা পাওয়া যাবে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা রক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মর্যাদার সবচেয়ে মানবিক ও বিশ্বাসযোগ্য প্রকাশ ঘটে তখনই, যখন বিদেশে বিপন্ন একজন সাধারণ নাগরিক জানেন, বিপদের মুহূর্তে তার রাষ্ট্র পাশে দাঁড়াবে। বাংলাদেশের কূটনীতিকে সেই আস্থার জায়গায় পৌঁছাতে হলে প্রবাসী নাগরিকের সুরক্ষাকে ঘোষণার বিষয় না রেখে বাস্তব নীতি, কার্যকর প্রতিষ্ঠান এবং পরিমাপযোগ্য দায়িত্বের কেন্দ্রে স্থাপন করতে হবে।
লেখক: কলামিস্ট ও সাবেক ডিআইজি