× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমস্যা জর্জরিত বিআরটিএ

খোলনলচে পাল্টানো দরকার

সম্পাদকীয়

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের লাইসেন্স প্রদান এবং সড়ক নিরাপত্তা জোরদারের দায়িত্বে রয়েছে তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সরকারের গুরুত্বপূর্ণ এই সংস্থাটি এখন অবকাঠামোগত দুর্বলতা, জনবল সংকট, অব্যবস্থাপনা, অপচয়, দুর্নীতির অভিযোগসহ নানা সমস্যায় জর্জরিত। অধিকাংশ জেলায় নিজস্ব স্থায়ী কার্যালয়, প্রশিক্ষণকেন্দ্র ও মাঠ না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক বা একাধিক কক্ষে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা কীভাবে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেÑ  সেই প্রশ্নটি সামনে এসেছে।

গতকাল প্রতিদিনের বাংলাদেশে ‘সংকটে জর্জরিত বিআরটিএ’ শীর্ষক প্রতিবেদনে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিআরটিএর ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, প্রতিষ্ঠানটি গত ৫ অর্থবছরে ১৮ থেকে ১৯ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে। তারপরও এমন উদাসীনতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণপরিবহন, ব্যক্তিগত বাহনসহ বিভিন্ন যানবাহনের যেসব চালকের জেলা পর্যায়ের এসব দপ্তর থেকে লাইসেন্স ইস্যু করা হয়েছে, তাদের বাধ্যতামূলক ‘ড্রাইভিং টেস্ট’ শতভাগ ত্রুটিমুক্ত ছিল না।

ত্রুটিপূর্ণভাবে লাইসেন্স পরীক্ষীয় উত্তীর্ণ হয়ে আসা এমন চালকরা কার্যত নিরাপদ সড়কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চলতি বছর এপ্রিল মাসে অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান বিআরটিএর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। তিনি রুটিন কাজের বাইরে বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারেননি। এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, অস্থায়ী আমলাদের শীর্ষপদে নিয়োগ দেওয়া এই প্রতিষ্ঠানের সমস্যাগুলোর অন্যতম কারণ। অভিযোগ রয়েছে, অস্থায়ী কর্মকর্তারা টেকসই কোনো পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হন না। সংকটের কথা স্বীকার করেছেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, মাস্টার রোল ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগসহ এসব সংকট দ্রুত দূর করার চেষ্টা করা হচ্ছে।

আমরা মনে করি, বিআরটিএর সীমাবদ্ধতা নিছক দাপ্তরিক সমস্যা নয়, এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টি। তাই ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল, অদক্ষ চালকের হাতে গাড়ির নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যবস্থাপনায় অনিয়মের ঝুঁকি থেকেই যায়। সমস্যার গভীরে রয়েছে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবহেলা ও পরিকল্পনাগত দুর্বলতা। একটি প্রতিষ্ঠানের দায়িত্ব ও কার্যক্রম বাড়লেও তার জনবল, অবকাঠামো এবং কারিগরি সক্ষমতা সমানতালে না বাড়লে সেবার মান ধরে রাখা কঠিন। অন্যদিকে প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাব দুর্নীতির ঝুঁকি বাড়ায়। এসব সমস্যা নিরসনে বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত প্রাতিষ্ঠানিক সংস্কার।

এ ক্ষেত্রে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। উন্নয়ন প্রকল্পের সাফল্য শুধু বরাদ্দ বা অবকাঠামো নির্মাণের সংখ্যায় পরিমাপ করা যায় নাÑ প্রকৃত সাফল্য নির্ভর করে প্রকল্পের প্রয়োজনীয়তা, বাস্তবায়নের মান এবং জনসেবায় তার সুফল কতটা নিশ্চিত হলো তার ওপর। তাই বিআরটিএর চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর ব্যয়, উদ্দেশ্য, অগ্রগতি এবং কার্যকারিতা পর্যালোচনা করা জরুরি। এসবের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

আমরা মনে করি, বিআরটিএকে কার্যকর ও সক্ষম একটি সংস্থায় পরিণত করতে হলে এর খোলনলচে পাল্টাতে হবে। এ ক্ষেত্রে সরকারকে এর জনবল, অবকাঠামো ও কারিগরি সক্ষমতার পূর্ণাঙ্গ মূল্যায়ন করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ জন্য পর্যায়ক্রমে প্রতিটি জেলায় নিজস্ব কার্যালয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা এবং যানবাহন পরীক্ষার উপযুক্ত মাঠের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শূন্য পদ পূরণ, দক্ষ জনবল নিয়োগ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নিয়মিত স্বাধীন নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সেবার মান ও কার্যক্রমের অগ্রগতি পরিমাপের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণকে বিবেচনায় রাখতে হবে। 

বিআরটিএকে শুধু লাইসেন্স প্রদান বা যানবাহন নিবন্ধনের দপ্তর হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটিকে সক্ষম, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা সময়ের দাবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা