× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১১:০৬ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

শিক্ষার ভবিষ্যৎ: প্রযুক্তি বনাম শ্রেণিকক্ষ

বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জটিল জটিল বিষয় কয়েক সেকেন্ডে সমাধান বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থাকে ভিন্নরূপে উপস্থাপন করছে। ২০১৯ সালের করোনা মহামারির সময় শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন শিক্ষা ছিল জরুরি বিকল্প ব্যবস্থা। বর্তমানে অনলাইন শিক্ষা কেবল বিকল্প ব্যবস্থা নয় বরং আধুনিক শিক্ষাব্যবস্থার স্থায়ী অংশ হয়ে উঠছে। অনলাইন শিক্ষা প্রথাগত শিক্ষাব্যবস্থার ভৌগোলিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। 

স্মার্টফোন, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত না থেকেও ভিডিও ক্লাস, অনলাইন পরীক্ষা, ডিজিটাল লাইব্রেরি ও ভার্চুয়াল আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ভিডিও লেকচার, উন্মুক্ত কোর্স, ভার্চুয়াল ল্যাব আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষণ সহায়ক শেখার ধরনটাই বদলে দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও আজ মোবাইল ফোনের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত বিভিন্ন লার্নিং প্লাটফর্ম প্রতিটি শিক্ষার্থী নিজস্ব শেখার গতি এবং মেধা অনুযায়ী পাঠ্যসূচি নির্ধারণ করতে পারছে- যা পারসোনালাইজড লার্নিং বা ব্যক্তিগত শিক্ষার বিস্তার ঘটাচ্ছে। ভিডিও অ্যানিমেশন, ভার্চুয়াল রিয়েলিটি এবং সিমুলেশনের মাধ্যমে জটিল বৈজ্ঞানিক তত্ত্ব বা মহাকাশের রহস্য এখন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। সময় ও দূরত্বের এই স্বাধীনতা অনলাইন শিক্ষাকে চাকরিজীবী বা বিশেষ চাহিদাসম্পন্ন বা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে পরম আশীর্বাদ। 

প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক চিন্তাভাবনা বিকাশ সহায়ক ভূমিকা পালন করছে। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ফ্রি কোর্স থাকায় কোনো রকম পে ছাড়াই অনেক শিক্ষার্থী সহজেই পাঠ্যবইয়ের সিলেবাস সম্পূর্ণ করতে পারছে। তা ছাড়া প্রজেক্ট, প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক ভূমিকা পালন করছে। উচ্চশিক্ষা গ্রহণের প্রাথমিক গবেষণামূলক কাজ প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থী নিজেই করতে পারছে। স্পোকেন ইংলিশ, আইইএলটিএসের মতো জটিল বিষয়ও অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসেই করতে পারছে। 

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ১৬টি কোর্সে নিবন্ধিত ১০ লাখ ব্যবহারকারীকে দেখা হয়েছে। তাতে কোর্স শেষ করার গড় হার মাত্র ৪ শতাংশ আর নিবন্ধিতদের প্রায় অর্ধেক শিক্ষার্থী একটি মাত্র লেকচার দেখেছেন। আরেকটি গবেষণায় ২৯টি কোর্সে গড় সমাপ্তির হার ছিল ৬.৮ শতাংশ। পরে ২২১টি কোর্স নিয়ে হওয়া বিশ্লেষণে মধ্যমান ১২.৬ শতাংশে উঠেছে, তবু অধিকাংশ শিক্ষার্থী শেষ পর্যন্ত থাকেনি। স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে একজন শিক্ষার্থীর পক্ষে মনোযোগ ধরে রাখা কঠিন। যেখানে এক ক্লিকেই গেম বা ভিডিওর জগতে চলে যাওয়ার সুযোগ থাকে। 

গবেষণায় দেখা গেছে, অনলাইন কোর্সে ঝরে পড়ার হার সরাসরি শ্রেণিকক্ষের তুলনায় অনেক বেশি। শিক্ষার্থীর মানসিক বিকাশ ও সামাজিকীকরণে দীর্ঘ সময়ের স্ক্রিন-নির্ভরতা ক্ষতিকারক করোনা মহামারি-পরবর্তী সময়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এই অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা মেজাজ খিটখিটে বা নিজে নিজে বিস্তর চিন্তা-ভাবনায়ও বিরূপ প্রভাব ফেলছে। তাছাড়া এর সাথে যুক্ত আছে মূল্যায়নে সততার প্রশ্ন। অনলাইন পরীক্ষায় শিক্ষার্থী দেখে দেখে পরীক্ষা দিচ্ছে কি-না যাচাই করা কঠিন, অনলাইন মাধ্যমে একজন শিক্ষার্থী আসলে কতটুকু শিখেছে, তা যাচাই করা আরও জটিল হয়ে পড়ছে। তাই বর্তমান সময়ে অনলাইন শিক্ষা ও প্রচলিত শ্রেণিকক্ষের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি না করে সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।

পাঠ্যবিষয়ের ধরন অনুযায়ী সরাসরি পাঠদান ও অনলাইন শিক্ষার সমন্বয়ে মিশ্র শিক্ষাব্যবস্থা চালুকরণ নিশ্চিত করতে হবে। তাত্ত্বিক পাঠের জন্য ডিজিটাল উপকরণ ব্যবহার করা হলেও ব্যবহারিক শিক্ষা, দলগত আলোচনা ও মূল্যবোধ বিকাশে শ্রেণিকক্ষকে গুরুত্ব দিতে হবে। অভিভাবকদেরও শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের সময় ও পড়াশোনার পরিবেশের প্রতি নজর রাখতে হবে। ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি ও শ্রেণিকক্ষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে। সবার জন্য সমান সুযোগ, মানসম্মত পাঠদান এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের সমন্বয় ঘটলেই অনলাইন শিক্ষার সম্ভাবনা বাস্তবে রূপ নেবে। প্রযুক্তি শ্রেণিকক্ষকে আরও আধুনিক, কার্যকর ও আকর্ষণীয় করার মাধ্যম। প্রযুক্তি শিক্ষার পরিসর বাড়াতে পারে, তবে শিক্ষকের মানবিক নির্দেশনা, সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া এবং শ্রেণিকক্ষের সামগ্রিক অভিজ্ঞতার পূর্ণ বিকল্প হতে পারে না। প্রযুক্তি ও শ্রেণিকক্ষ এই দুই প্রক্রিয়ার সমন্বয় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য উন্নত বিশ্বের সাথে সমান গতিতে এগিয়ে যাওয়ার মতো কার্যকর ও মানবিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ সম্ভব।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা


কোয়ান্টাম ক্রাইম: প্রযুক্তির আড়ালে নীরব ফাঁদ

প্রযুক্তির অপরাধ সব সময় দরজা ভেঙে ঘরে ঢোকে না; কখনও ঢোকে পরিচিত কণ্ঠে, বিশ্বাসযোগ্য বার্তায়, এমনকি নিজের অজান্তে দেওয়া সম্মতির মধ্য দিয়েও। অপরাধী সামনে নেই, অস্ত্র নেই, দৃশ্যমান হুমকিও নেই তবু মুহূর্তে বিপন্ন হতে পারে ব্যক্তিগত তথ্য, আর্থিক নিরাপত্তা ও নাগরিকের পরিচয়। ডিজিটাল দুনিয়ায় অপরাধের এই বদলে যাওয়া চরিত্রই নতুন করে ভাবাচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞদের। ‘কোয়ান্টাম ক্রাইম’ বলতে যদি কোয়ান্টাম প্রযুক্তির অপব্যবহার বোঝানো হয়, তবে এটি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা-উদ্বেগ। আর যদি শব্দটি প্রযুক্তি-নির্ভর অপরাধের বিস্তৃত অর্থে ব্যবহৃত হয়, তবে সেই ফাঁদের কিছু রূপ ইতোমধ্যে আমাদের পরিচিত। এই দুই বাস্তবতাকে গুলিয়ে না ফেলেই বুঝতে হবে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধ প্রতিরোধের প্রস্তুতি কতটা এগিয়েছে।

কোয়ান্টাম কম্পিউটিংয়ের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। ভবিষ্যতে যথেষ্ট শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার বর্তমানে ব্যবহৃত কিছু ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতির নিরাপত্তাকে চ্যালেঞ্জ করতে পারে। বিশেষ করে, কিছু পাবলিক-কী এনক্রিপশন পদ্ধতি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, বর্তমানের সব এনক্রিপশন ভেঙে ফেলা সম্ভব, কিংবা কোয়ান্টাম কম্পিউটার ইতোমধ্যে সাধারণ মানুষের ব্যাংক হিসাব উন্মুক্ত করে দিচ্ছে। সম্ভাব্য ঝুঁকি আর বর্তমান সক্ষমতার পার্থক্য স্পষ্ট রাখা জরুরি। তবে প্রস্তুতি পিছিয়ে দেওয়ার সুযোগও নেই। কোনো অপরাধী আজ এনক্রিপ্ট করা সংবেদনশীল তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে তা পাঠোদ্ধারের চেষ্টা করতে পারে এমন ঝুঁকি দীর্ঘমেয়াদি তথ্যনিরাপত্তা পরিকল্পনায় বিবেচিত হচ্ছে। 

বাংলাদেশে ডিজিটাল আর্থিক লেনদেন, অনলাইন কেনাকাটা, মোবাইল আর্থিক সেবা ও সরকারি ডিজিটাল কার্যক্রম নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এসব সেবা মানুষের সময় ও শ্রম বাঁচায়। কিন্তু ব্যক্তিগত তথ্য, পরিচয় ও অর্থের নিরাপত্তা নিশ্চিত না হলে সুবিধার সঙ্গে ঝুঁকিও বাড়ে। কোনো নাগরিক প্রতারণার শিকার হলে তার জন্য সবচেয়ে জরুরি হলো দ্রুত অভিযোগ জানানোর সুযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তাৎক্ষণিক পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিষ্কার ধারণা। অথচ অভিযোগ গ্রহণ, তথ্য যাচাই, অর্থ লেনদেনের সূত্র শনাক্ত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিটি ধাপ কার্যকর না হলে প্রতিকার কঠিন হয়ে পড়ে। এখানে দায় শুধু ভুক্তভোগীর অসতর্কতার নয়। এই ক্ষেত্রে প্রয়োজন নিয়মিত সাইবার নিরাপত্তা নিরীক্ষা, তথ্য ফাঁসের ঘটনা দ্রুত শনাক্ত ও জানানোর কার্যকর ব্যবস্থা, অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহি। 

প্রথম দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের তথ্য ও আর্থিক নিরাপত্তা রক্ষায় কার্যকর নীতি, সক্ষম তদন্তব্যবস্থা এবং বাস্তবায়নযোগ্য আইন নিশ্চিত করা। দ্বিতীয় দায়িত্ব সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করা, ঝুঁকি কমানো এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া। তৃতীয় দায়িত্ব নাগরিকের সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, গোপন যাচাইকরণ কোড কাউকে না দেওয়া, শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার এবং পরিচিত ব্যক্তির জরুরি অর্থের অনুরোধ অন্য মাধ্যমে যাচাই করা। তবে এই দায়িত্বগুলো সমান হলেও দায় এক নয়। নাগরিকের একটি ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে যদি কোনো অপরাধ ঘটে, তার অর্থ এই নয় যে নিরাপত্তা ব্যবস্থা তৈরির প্রাতিষ্ঠানিক দায়িত্বও নাগরিকের ওপর বর্তাবে। 

প্রযুক্তি-নির্ভর অপরাধ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুরক্ষাই হতে হবে প্রথম প্রতিরক্ষা। ভবিষ্যতের জন্য কোয়ান্টাম-পরবর্তী ক্রিপ্টোগ্রাফির উপযোগিতা মূল্যায়ন, গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থার ঝুঁকি নিরূপণ এবং আন্তর্জাতিক নিরাপত্তামান অনুসারে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ভয় ছড়ানো নয়, দরকার গবেষণাভিত্তিক পরিকল্পনা। প্রযুক্তির নামে অতিরঞ্জিত দাবি যেমন বিভ্রান্তিকর, তেমনি সম্ভাব্য ঝুঁকিকে অবহেলা করাও দায়িত্বহীনতা।

আসলে প্রযুক্তির অগ্রগতি তখনই মানুষের মুক্তি, যখন তার নিরাপত্তাও অগ্রগতির সঙ্গে তাল মেলায়। অন্যথায় ডিজিটাল সুবিধার আড়ালে তৈরি হবে এমন এক নীরব ফাঁদ, যেখানে ক্ষতি দৃশ্যমান হবে, কিন্তু দায়ী ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। সেই ফাঁদ ভাঙার প্রথম শর্ত প্রযুক্তির ভয় নয়Ñ প্রযুক্তির ওপর দায়িত্বশীল নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং জবাবদিহি।

মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ


মোবাইল স্ক্রিন এবং শিশুদের মস্তিষ্ক

‎বর্তমান সময়কে বলা হয় আধুনিক প্রযুক্তির যুগ। প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। মানুষের জীবনযাত্রা হয়েছে সহজ ও গতিময়। তবে প্রযুক্তির এই অগ্রগতির আড়ালে রয়েছে কিছু উদ্বেগজনক দিক। এর মধ্যে অন্যতম হলো শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও স্ক্রিনের প্রতি অতিরিক্ত আসক্তির প্রবণতা। বিনোদনের ছোট্ট পর্দাটি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের শৈশবের মূল্যবান সময়, সৃজনশীলতা ও স্বাভাবিক বিকাশের আনন্দ। 

‎একসময় শিশুদের শৈশব কাটত খেলার মাঠে, বন্ধুদের সঙ্গে গল্প করে কিংবা বইয়ের পাতায় চোখ রেখে। এখন সেই জায়গা দখল করছে স্মার্টফোনের রঙিন পর্দা। কার্টুন, গেম, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আকর্ষণে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে ডুবে থাকছে তারা। অনেক ক্ষেত্রে শিশুকে শান্ত রাখতে কিংবা খাওয়ানোর সময় অভিভাবকেরাই তার হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন। এভাবেই অজান্তে তৈরি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা।

‎দীর্ঘ সময় স্ক্রিনে কাটানোর ফলে শিশুদের মনোযোগ, ঘুম ও শারীরিক কার্যক্রম ব্যাহত হতে পারে। বয়স অনুযায়ী ভাষা শেখা, চিন্তাশক্তির বিকাশ এবং অন্যদের সঙ্গে সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ছোট শিশুদের জন্য বাস্তব অভিজ্ঞতা, খেলাধুলা ও মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ভার্চুয়াল জগতের মোহে তারা অনেক সময় বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

‎এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি। শিশুদের হাতে অবাধে মোবাইল তুলে না দিয়ে বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণ করতে হবে। পাশাপাশি গল্পের বই পড়া, খেলাধুলা, ছবি আঁকা ও পারিবারিক সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে। অভিভাবকদেরও নিজেদের স্ক্রিন ব্যবহারে সংযমী হওয়া প্রয়োজন।

‎প্রযুক্তি আমাদের প্রয়োজন, কিন্তু প্রযুক্তির প্রতি অন্ধ নির্ভরতা নয়। শিশুদের হাতে মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে, সাময়িক বিনোদনের বিনিময়ে আমরা তাদের শৈশবের কতটা কেড়ে নিচ্ছি। শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করতে স্ক্রিনের মোহ নয়, প্রয়োজন বাস্তব জীবনের আনন্দ, স্নেহ ও সৃজনশীলতার পরিবেশ।

‎ছামিউল চৌধুরী
‎শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


ঢাকায় বায়ুদূষণের সাইরেন

মানুষের জীবনধারণের অন্যতম মাধ্যম বায়ু। একটি শহরের বায়ু কতটা নিরাপদ তা নির্ভর করে ওই অঞ্চলের পরিবেশের ওপর। ঢাকার বর্তমান আবহাওয়া লক্ষ করলে দেখা যায়, এই সময়ে প্রকৃতিতে কিছুটা হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যা শীতের আগমনী বার্তার পূর্বাভাস। অথচ এর মধ্যেই ঢাকার আকাশ ছেয়ে গেছে বিষাক্ত ধূসর চাদরে। সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে মনে হয়, তীব্র শীতের মৌসুম এসে গেছে। কিন্তু এটি প্রাকৃতিক কুয়াশা নয়, বরং ক্ষতিকর ধোঁয়াশা। প্রতিবছর শীতকালে ঢাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করে, কিন্তু এবার শীত আসার আগেই দূষণের এই সাইরেন আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। সাধারণত নভেম্বর বা ডিসেম্বরের দিকে ঢাকার বাতাস ভারী হতে শুরু করে। কিন্তু এবার অক্টোবরেই পরিস্থিতি খারাপ। অধিক জনসংখ্যার চাপ ও মারাত্মক দূষণের ফলে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র ক্ষতিকর কণা ও বিষাক্ত গ্যাস ঘুরে বেড়ায়, যা মানবদেহের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে একাধিক দিন সকালে ঢাকার বাতাসের মান (AQI) ১৫৮ থেকে ১৮১-এর ঘরে ছিল, আর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার মধ্যে ঢাকা ছিল চতুর্থ থেকে নবম স্থানের মধ্যে। আদর্শ মান যেখানে ০-৫০, সেখানে ১৫১-২০০ স্তরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সংবেদনশীল মানুষের জন্য বিশেষ ঝুঁকির, অর্থাৎ বিপদের লাল সংকেত। বর্ষা বিদায় নেওয়ার পরপরই বাতাসে আর্দ্রতা ও গতিবেগ কমে যাওয়ায় ধুলাবালি ও ক্ষতিকর কণা ওপরের আকাশে উড়ে যেতে পারছে না। ফলে ঢাকার বাতাস আরও ক্ষতিকর হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেগা প্রকল্পগুলোর অনিয়ন্ত্রিত ধুলাবালি, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং ঢাকার চারপাশের ইটভাটাগুলোর প্রস্তুতিও। 

পরিবেশবিজ্ঞানীদের মতে, ঢাকার বাতাসে এখন মানবদেহের জন্য সবচেয়ে বিপজ্জনক উপাদান পিএম ২.৫ (PM2.5) বা অতি ক্ষুদ্র ধূলিকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিরাপদ মাত্রার চেয়ে ১০ গুণেরও বেশি। এই কণাগুলো সরাসরি ফুসফুস ও রক্তনালিতে প্রবেশ করতে পারে। ফলে শীতের আগেই ঘরে ঘরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, কাশি, স্ট্রোক ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এই আগাম সাইরেন আমাদের জানিয়ে দিচ্ছে, বায়ুদূষণ রোধে প্রথাগত ব্যবস্থা ও মৌসুমি উদ্যোগ আর যথেষ্ট নয়। এই দূষণের মূল্য শুধু কাশি বা শ্বাসকষ্টে সীমাবদ্ধ নয়, তা মানুষের আয়ুতেও ভাগ বসাচ্ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বায়ুমানÑ আয়ু সূচক (AQLI) অনুযায়ী, বায়ুদূষণ বাংলাদেশিদের গড় আয়ু ৫.৫ বছর কমিয়ে দিচ্ছে। এটি দেশের সবচেয়ে মারাত্মক বাহ্যিক স্বাস্থ্যঝুঁকি, যার ক্ষতি ধূমপান বা অপুষ্টির চেয়েও বেশি। ঢাকার একজন বাসিন্দা বাতাসের মান WHO-র নির্দেশিকা অনুযায়ী পেলে গড়ে প্রায় ৬.৯ বছর বেশি বাঁচতে পারতেন। ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে অতি ক্ষুদ্র কণার পরিমাণ বেড়েছে ৬৬ শতাংশের বেশি। অর্থনীতিও এর বাইরে নয়। বিশ্বব্যাংকের হিসাবে ২০১৯ সালে বায়ুদূষণের কারণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি ছিল জিডিপির ৩.৯ থেকে ৪.৪ শতাংশের সমান। 

সমস্যা এখন শুধু শীতের আগমন কিংবা বৃষ্টিপাত কমে যাওয়া নয়, সমস্যাটা মূলত সারা বছরের। পরিবেশবিদদের মতে, ইটভাটা ও যানবাহনের ধোঁয়ার পাশাপাশি নির্মাণধুলা, যানজট, ই-বর্জ্য প্রক্রিয়াকরণ, ব্যাটারি রিসাইক্লিং ও অনিয়ন্ত্রিত কংক্রিট মিক্সিং প্ল্যান্টের মতো নতুন উৎস যুক্ত হয়েছে। অথচ আইনের অভাব নেই। ২০১৯ সালের ইটভাটা আইনে আবাসিক, কৃষি ও সংবেদনশীল এলাকার কাছে ইটভাটা নিষিদ্ধ, আর ২০২২ সালে পরিবেশ মন্ত্রণালয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাও তৈরি করেছে। কিন্তু আইন থাকলেই বাতাস পরিষ্কার হয় না, প্রয়োজন কঠোর প্রয়োগ। ফলে শীত শুরুর আগেই আজকের এই ধোঁয়াশা আমাদের নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। 

সমাধানের পথও অজানা নয়। বিশেষজ্ঞরা প্রথাগত ইটভাটা পর্যায়ক্রমে বন্ধ করে হাইব্রিড হফম্যান বা টানেল কিলনের মতো পরিচ্ছন্ন প্রযুক্তিতে যাওয়া, পুরনো যানবাহন সরিয়ে ফেলা, বৈদ্যুতিক গণপরিবহন চালু এবং নির্মাণস্থলে কঠোর ধুলা-নিয়ন্ত্রণের কথা বলছেন। এসব কাজ একদিনে হবে না, কিন্তু শুরু না করলে প্রতিটি শীত আগের চেয়ে ভারী হয়ে ফিরবে। এখনই যদি রাস্তাঘাটে নিয়মিত পানি ছিটানো, নির্মাণকাজে বেষ্টনী দেওয়া এবং কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সামনের পুরো শীতকাল ঢাকাবাসীর জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। ঢাকাকে বাঁচাতে এবং নাগরিক জীবন সুরক্ষিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ ও তার যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

রাবেয়া আক্তার
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা