× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে গোলাগুলি

পাহাড়ে সশস্ত্র তৎপরতা নির্মূল করতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ এএম

সাজেকে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাজেকে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির সাজেক আবারও নিরাপত্তা-উদ্বেগের কেন্দ্রে। গত ২২ অক্টোবর সড়ক অবরোধের কারণে সেখানে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সরিয়ে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। এদিন পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এই ঘটনা পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, এর আগে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল।

সাজেক কেবল একটি পর্যটনকেন্দ্র নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে সড়ক অবরোধ, অস্ত্রের ব্যবহার এবং গোলাগুলির ঘটনা পর্যটকদের নিরাপত্তা বিপন্ন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবরোধে পর্যটক চলাচল বন্ধ হওয়াসহ স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে সমস্যার সৃষ্টি হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। আলোচনা চলাকালে অবরোধকারীরা আকস্মিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গণমাধ্যমকে বলেছেন, সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ করা প্রয়োজন, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘদিন ধরে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা চলমান। তবে নানা সময়ে জেএসএস, ইউপিডিএফ ও কুকি-চিনসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে পাহাড়ে সংঘাত, সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ মানুষের জীবন-জীবিকা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগ রয়েছে, এবারের ঘটনায় সাজেকের বিভিন্ন এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যদের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেএসএস এসব অভিযোগের বিরোধিতা করে পাল্টা অভিযোগ তুলেছে ইউপিডিএফের বিরুদ্ধে। আমরা মনে করি, কারা সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, কারা গোলাগুলিতে জড়িত এবং কারা মানুষকে জিম্মি করছেÑ এসব প্রশ্নের তদন্ত জরুরি। 

আসলে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নতুন কোনো বিষয় নয়। সাম্প্রতিক বছরগুলোতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড পাহাড়ের নিরাপত্তার জন্য উদ্বেগ ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সব সংগঠনের কর্মকাণ্ড, উদ্দেশ্য কিংবা সাংগঠনিক পরিচয় এক নয়। এরা ভিন্ন ভিন্ন এজেন্ডায় নানা স্বার্থ নিয়ে কাজ করে। মনে রাখতে হবে, এই অঞ্চল ঘিরে কেবল অভ্যন্তরীণ রাজনীতিই নয়, ভূরাজনীতিও সম্পৃক্ত। আমরা মনে করি, প্রতিটি ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য, তদন্ত এবং প্রমাণের ভিত্তিতেই দায় নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কোনো গোষ্ঠীকে অস্ত্রের জোরে জনজীবন নিয়ন্ত্রণ করতে না দেওয়া।

এই ক্ষেত্রে সরকারের প্রথম কাজ হওয়া উচিত সাজেক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সশস্ত্র ব্যক্তিদের অবস্থান শনাক্ত, অস্ত্র ও গোলাবারুদের উৎস অনুসন্ধান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তবে অভিযান পরিচালনার সময় নিরীহ বাসিন্দাদের নিরাপত্তা, মানবাধিকার ও চলাচলের স্বাধীনতা সুরক্ষিত রাখাও অপরিহার্য। কঠোরতা মানে নির্বিচার বলপ্রয়োগ নয়, অপরাধীর পরিচয় যেটাই হোক, আইনের আওতায় আনা। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ শোনা, সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীকে কোনো পক্ষের সংঘাতের বলি হতে না দেওয়া।

আমরা মনে করি, পাহাড়ের শান্তি ও পর্যটন শিল্পকে জিম্মি করে কোনো গোষ্ঠীর আধিপত্য বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। সাজেকের এই ঘটনা সরকারের জন্য সতর্কবার্তা। তাই অপরাধীদের বিরুদ্ধে দৃঢ়, নিরপেক্ষ ও আইনসম্মত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই, পাহাড়ে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক আইনের শাসনের মাধ্যমে, সাজেক ফিরে পাক নিরাপত্তা, স্বাভাবিক জীবন ও পর্যটকদের আস্থা। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক, সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হোক এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা