শামসুল আলম
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৮ এএম
খাবারের মতো দেখতে পোশাক পরিহিত মানুষ। ছবি: সংগৃহীত
মানুষের চরিত্র বোঝা ভারী মুশকিল। তার চেয়েও মুশকিল মানুষকে বোঝা। তবে একটি সহজ পদ্ধতি আছে। মানুষটি কী পোশাক পরে আছেন, একবার লক্ষ করুন। তারপর দেখুন, পোশাকটি তার নিজের আচরণে কতখানি পরিবর্তন এনেছে, আর আপনার আচরণেই বা কতখানি। গবেষণাগারে না গিয়েও মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে কিছু ধারণা হয়ে যাবে। অবশ্য গবেষণাগারে যারা যান, তাদেরও যে সবসময় সঠিক ধারণা হয়, এমন নিশ্চয়তা আছে বলে মনে হয় না।
পোশাকের মাহাত্ম্য সেই আদিকাল থেকেই। আদম-হাওয়া থেকে শুরু করে আধুনিক মানুষ পর্যন্ত পোশাকের প্রয়োজন ফুরোয়নি। বরং সভ্যতা যত এগিয়েছে, কাপড় তথা পেশাকের সঙ্গে মানুষের সম্পর্ক তত গভীর ও জটিল হয়েছে। এককালে কাপড় ছিল লজ্জা নিবারণের উপায়; এখন তা আভিজাত্য, প্রতিপত্তি, পেশা, ব্যক্তিত্ব, এমনকি ব্যাংক ব্যালান্সেরও আংশিক বিবরণ জানান দেয়। কারও জামার দাম শুনলে তার আয় সম্পর্কে ধারণা হয়, আর জামাটি দেখে তার সম্পর্কে যে ধারণা হয়, তা অনেক সময় আয়করের হিসাবের চেয়েও ভুল।
প্রথমে আসা যাক নিজের কথায়। একজন মানুষ সকালে স্যুট-টাই পরে অফিসে গেলেন। গায়ে কেতাদুরস্ত কোট, গলায় টাই, পায়ে চকচকে জুতা। আয়নায় নিজেকে দেখে তার মনে হলো, দেশের অর্থনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে তার কিছু বলার আছে। অফিসে ঢুকেই বললেন, ‘বিষয়টি বিধি মোতাবেক নিষ্পত্তি করা হোক।’ অধস্তন কর্মকর্তা মাথা নেড়ে বেরিয়ে গেলেন। দুপুরে সেই সাহেব বাসায় ফিরে স্যুট-টাই খুলে লুঙ্গি পরে সোফায় শুয়ে পড়লেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘বাজার থেকে মাছ এনেছ?’ সাহেবের উত্তর, ‘আহা, আমাকে একটু বিশ্রাম নিতে দাও তো!’
সকালে যিনি রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত, সন্ধ্যায় তিনি মাছের দায়িত্বেও অনাগ্রহী। মানুষটি বদলেছেন, নাকি পোশাক তাকে বদলেছে? আসলে পোশাকের সঙ্গে একটি মানসিক ভূমিকাও এসে জোটে। স্যুট-টাই মানুষকে অফিসের কথা মনে করায়, ইউনিফর্ম দায়িত্বের কথা মনে করায়, আর ঘরের ঢিলেঢালা পোশাক মনে করায়Ñ আজ অন্তত নিজের পেটের ওপর কোনো সরকারি বিধি জারি করার প্রয়োজন নেই।
পুলিশের পোশাকের কথাই ধরুন। রাস্তায় একজন পুলিশ সদস্য দাঁড়ালে গাড়ির চালক ব্রেক কষেন। পথচারী একটু সরে দাঁড়ান। যার কাগজপত্র ঠিক নেই, তার বুকের ভেতর রাষ্ট্রীয় সংগীত না বাজলেও হৃদস্পন্দন বাড়তে পারে। অথচ ওই পুলিশ সদস্য যখন ছুটির দিনে সাধারণ পোশাকে বাজারে যান, তখন সবজিওয়ালা তার কাছে অন্য ক্রেতাদের মতোই দাম হাঁকেন। ইউনিফর্ম পরে তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আর সাধারণ পোশাকে তিনি পটোলের দরদাম করতে আসা একজন খদ্দের। তবে কোনো কোনো বাজারে এমন সবজিওয়ালা আছেন, যাদের সামনে ইউনিফর্ম পরেও দরদামে জেতা কঠিন।
সেনাবাহিনীর পোশাক, বিচারকের গাউন, চিকিৎসকের অ্যাপ্রন কিংবা ধর্মগুরুদের আলখেল্লাÑ প্রতিটিরই সামাজিক অর্থ আছে। পোশাক দেখেই মানুষ সংশ্লিষ্ট ব্যক্তির পেশা বা দায়িত্বের কথা অনুমান করতে পারে। তবে পোশাক পরিচয় দেয়, যোগ্যতার সনদ দেয় না। গলায় স্টেথোস্কোপ ঝোলালেই কেউ চিকিৎসাবিজ্ঞানের বিশারদ হয়ে যান না; তেমনি কালো কোট পরলেই সব যুক্তি তার পকেটে জমা থাকে না। পোশাকের সঙ্গে কর্তৃত্বের সম্পর্ক আছে, কিন্তু কর্তৃত্বের সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক সব সময় সমানুপাতিক নয়।
এবার দেখা যাক, অন্যরা পোশাক দেখে কীভাবে মানুষকে বিচার করেন। একজন ভদ্রলোক দামি স্যুট, বিদেশি ঘড়ি আর চকচকে জুতা পরে কোনো হোটেলে ঢুকলেন। দরজার কর্মচারী হাসিমুখে দরজা খুলে দিলেন। ব্যবস্থাপক এগিয়ে এলেন। বসার জায়গা পাওয়া গেল অনায়াসে। পরদিন একই ভদ্রলোক সাধারণ পাঞ্জাবি, পুরনো স্যান্ডেল আর কাপড়ের ব্যাগ নিয়ে সেখানে গেলেন। এবার তাকে এমনভাবে দেখা হলো, যেন তিনি ভুল করে হোটেলের বদলে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে এসেছেন।
অথচ মানুষটি তো একই। গতকালের পকেটে যেমন টাকা ছিল, আজও তেমনই আছে; গতকাল তার যে বুদ্ধি ছিল, আজও তা একই মাথায় বহাল। বদলেছে শুধু বাইরের আবরণ, আর সেই আবরণ দেখে অন্যের ব্যবহার। সমাজের এক অদ্ভুত নিয়মÑ মানুষকে সম্মান দেওয়ার আগে অনেকেই তার পোশাকের মূল্য যাচাই করেন। জামার দাম বেশি হলে কথার দামও বেড়ে যায়। জামা সস্তা হলে কথাটি ভালো হলেও শ্রোতার মনোযোগ আকর্ষণে সবসময় সফল হয় না।
শেখ সাদীর পোশাক নিয়ে সেই বহুল প্রচলিত গল্পটি মনে পড়ে। কথিত আছে, সাধারণ পোশাকে এক ভোজসভায় গিয়ে তিনি যথাযথ সমাদর পাননি। পরে দামি পোশাক পরে গেলে তাকে দেওয়া হলো বিশেষ আপ্যায়ন। তখন তিনি খাবার পোশাকের গায়ে মাখিয়ে বলতে লাগলেন, ‘খাও, খাও! তোমারই তো কদর!’ গল্পটির ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এর মধ্যে মানুষের সামাজিক মনস্তত্ত্বের একটি চমৎকার ছবি আছে। আমরা মুখে বলি, মানুষকে তার গুণ দিয়ে বিচার করতে হয়; কাজে দেখাই, গুণের আগে গাউন, যোগ্যতার আগে জুতা, আর চরিত্রের আগে কলারের মাপ।
পোশাকের মর্যাদা অবশ্য কেবল মানুষের বানানো সমাজেই সীমাবদ্ধ নয়। পবিত্র কুরআনের সূরা আল-আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো।’ অর্থাৎ নামাজে দাঁড়ানোর সময়ও পরিচ্ছন্ন ও শোভন পোশাকের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। ভাবুন তো, বিশ্বজগতের মালিকের সামনে উপস্থিত হওয়ার সময় সুন্দর পোশাকের কথা বলা হচ্ছে, আর আমরা তারই সৃষ্টি মানুষের সামনে গিয়ে পোশাকের কারণে কাউকে ছোট করি! এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। সুন্দর পোশাকের প্রতি উৎসাহ আছে, দামি পোশাকের অহংকারের অনুমোদন নেই। পরিচ্ছন্নতা ও শালীনতা এক জিনিস, আর অন্যের চেয়ে বড় দেখানোর প্রতিযোগিতা আরেক জিনিস।
নাটক-যাত্রায় পোশাকের ক্ষমতা আরও স্পষ্ট। একই অভিনেতা মুকুট পরে রাজা, ছেঁড়া কাপড় পরে বন্দি, আর বিশেষ সাজে বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন। দর্শক জানেন, লোকটি আসলে রাজা নন; তবু মুকুট দেখলে মাথা নত করতে ইচ্ছা হয়। বন্দির পোশাক দেখলে করুণা জাগে। বিবেকের পোশাক পরে অভিনেতা সত্য কথা বললে হাততালি পড়ে। বাস্তবেও আমরা এই নাটক দেখি। পার্থক্য শুধু এই যে, মঞ্চের অভিনেতা জানেন তিনি অভিনয় করছেন; বাস্তবের অনেক অভিনেতা নিজের অভিনয়কেই আসল পরিচয় বলে ধরে বসেন।
পোশাকের সঙ্গে মনের সম্পর্ক নিয়ে মনোবিজ্ঞানেও আলোচনা আছে। গবেষক অ্যাডাম গ্যালিনস্কি ও হ্যাঙ্ক চেন ২০১২ সালে Journal of Experimental Social Psychology-তে প্রকাশিত এক গবেষণায় দেখিয়েছিলেন, পোশাকের প্রতীকী অর্থ এবং সেটি পরার অভিজ্ঞতা মানুষের মনোযোগ ও চিন্তায় প্রভাব ফেলতে পারে। তারা এর নাম দিয়েছিলেন enclothed cognition। কথাটির সহজ বাংলা হতে পারে, পোশাকের প্রভাবিত চিন্তা। অর্থাৎ পোশাক কেবল অন্যের চোখে আমাদের বদলায় না; কোনো কোনো ক্ষেত্রে নিজের চোখেও নিজেকে বদলে দেয়। অন্যদিকে দার্শনিক এরভিং গফম্যান মানুষের সামাজিক জীবনকে মঞ্চনাটকের সঙ্গে তুলনা করেছিলেন। তার ভাবনার সারকথা হলো, মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজের একটি পরিচয় অন্যের সামনে তুলে ধরে। পোশাক সেই পরিচয় তৈরির উপকরণ। তবে মঞ্চের বাইরে এসে পোশাক পাল্টালেই সব চরিত্র পাল্টে যায় না। কেউ অফিসে স্যুট পরে গম্ভীর, বাড়িতে লুঙ্গি পরে নিরীহ; আবার কেউ বাড়িতে এমন কর্তৃত্বপরায়ণ যে টেলিভিশন রিমোটের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখেন। তার স্ত্রী হয়তো মনে মনে ভাবেন, সংসারে গণতন্ত্র আছে, তবে নির্বাচন কমিশনটি স্বামীর পকেটে।
শেষ কথা হলো, পোশাক মানুষকে প্রভাবিত করে, মানুষও পোশাককে ব্যবহার করে। পোশাক পরে আমরা কখনও দায়িত্বশীল হই, কখনও আত্মবিশ্বাসী, কখনও আবার নিজের সামর্থ্যের চেয়ে বড় কাউকে অনুকরণ করতে শুরু করি। অন্যরাও আমাদের পোশাক দেখে সম্মান, অবহেলা, বিশ্বাস কিংবা সন্দেহের মাত্রা ঠিক করেন। এই দুইয়ের মাঝখানেই জামাকাপড় বা পোশাকের আসল শক্তি। তবে পোশাকের জোরে দরজা খোলা যায়, চেয়ার পাওয়া যায়, কখনও বিনা কারণে সম্মানও মেলে। কিন্তু মানুষের আসল পরিচয় জানতে হলে দরজার ওপারে একটু সময় কাটাতে হয়। কারণ জামার কলার যত উঁচুই হোক, মানুষ কত উঁচুÑ সেটা মাপার ফিতা দর্জির দোকানে পাওয়া যায় না।
লেখক: সরকারের সাবেক সিনিয়র সচিব