দুর্গোৎসবের শান্তিপূর্ণ উদযাপন
সম্পাদকীয়
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১১:১০ এএম
শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। ছয় দিনের উৎসবমুখর আয়োজন, পূজামণ্ডপে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক সহযোগিতায় আবারও প্রতিফলিত হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার অনন্য রূপ। কোনো বিশৃঙ্খলা কিংবা উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে দুর্গোৎসবের সমাপ্তি নিঃসন্দেহে স্বস্তিদায়ক। আমরা মনে করি, এ স্বস্তি শুধু একটি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর তাৎপর্য বহু মতবাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও মানবিক মূল্যবোধে নিহিত।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য সাম্প্রদায়িক সম্প্রীতি। আবহমানকাল ধরে এ ভূখণ্ডের মানুষ ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের মধ্য দিয়ে সামাজিক জীবন গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা কিংবা বড়দিনÑ প্রতিটি ধর্মীয় উৎসবই এ দেশের সামষ্টিক জীবনের অংশ। ধর্ম যার যার, উৎসব সবারÑ এটি কেবল প্রচলিত একটি বাক্যই নয়, এটি সমাজজীবনের গভীরে প্রোথিত এক মানবিক দর্শনও। এবারের দুর্গোৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা সেই চেতনাকেই নতুন করে সামনে এনেছে।
এ কথা সত্য যে হিন্দু সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা আমাদের রাজনীতিতে নতুন নয়। অতীতের সরকারগুলোর সময় দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ হয়েছে। একে অন্যের ওপর দায় চাপিয়েছে, কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। ওই ঘটনাগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও অবিশ্বাস তৈরি করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা গেছে। তারা প্রকাশ্যেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোও তাদের বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে এবার রাষ্ট্রীয় উদ্যোগ, স্বয়ং প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের আন্তরিকতা উৎসবের আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছে। রাষ্ট্রের এসব উদ্যোগ যেন ভয়ের ছায়া সরিয়ে করে দিয়েছে।
তবে উৎসবের শান্তিপূর্ণ সমাপ্তিকে আত্মতুষ্টির উপলক্ষ হিসেবে নয়, এটি হওয়া উচিত সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার প্রেরণা। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, উপাসনালয়ের সুরক্ষা এবং প্রত্যেক নাগরিকের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। মনে রাখা দরকার, সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু উৎসবকেন্দ্রিক সৌহার্দ্য প্রদর্শনের বিষয় নয়। প্রাত্যহিক জীবনে নাগরিক অধিকার নিশ্চিত করা, ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য রোধ করা, অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যেকোনো বিদ্বেষমূলক তৎপরতার বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়ানোর মধ্য দিয়েই তার প্রমাণ দিতে হয়।
অনেক সময় দেখা যায়, সামাজিক মাধ্যমে গুজব, উস্কানিমূলক বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে। তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা বা উস্কানিকে কেন্দ্র করে যেন বৃহত্তর সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়Ñ সবাইকে সচেতন থাকা জরুরি। আমরা বলতে চাই, বাংলাদেশের পরিচয় কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের একচ্ছত্র পরিচয়ে সীমাবদ্ধ নয়। এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষের; সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নাগরিকের। সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা, সমতা ও বৈষম্যহীনতার আদর্শকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই এই পরিচয় অর্থবহ হয়ে উঠবে।
সম্প্রীতির বাংলাদেশই আমাদের শক্তি। এবারের দুর্গোৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি আমাদের যে কারণে আশাবাদী করে। তবে সম্প্রীতির প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন প্রত্যেক নাগরিক নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। উৎসবের এই সৌহার্দ্য যেন সারা বছরের সামাজিক আচরণে প্রতিফলিত হয়। বিভাজন নয়Ñ ঐক্য, বিদ্বেষ নয়Ñ মানবিকতা, বৈষম্য নয়Ñ সমান অধিকার, এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ কেবল একটি প্রত্যাশা নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সেই ভিত্তি অটুট রাখার দায়িত্ব আমাদের সবার।