নিরঞ্জন রায়
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১১:০২ এএম
নিরঞ্জন রায়।
সেই ১৯৩০ সালের মহামন্দার (গ্রেট ডিপ্রেশন) পর থেকে বিশ্বের অর্থনীতি ও অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়ে আসছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই দীর্ঘ সময়ে বিশ্ব অর্থনীতি ও অর্থব্যবস্থা ক্রমাগত উন্নতি এবং উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে চলেছে। উৎপাদনমুখী অর্থনীতি থেকে ভোক্তানির্ভর অর্থনীতিতে রূপান্তর ঘটেছে এই সময়ে। ভোক্তাদের হাতে পর্যাপ্ত খরচযোগ্য অর্থের সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে কিস্তিতে পণ্য ক্রয় বা হায়ার পারচেজ ব্যবস্থার প্রচলন হয়েছিল, সেটাই পরবর্তীতে ক্রেডিট কার্ড বা ঋণনির্ভর অর্থনীতির জন্ম দিয়েছে, যা এখন পর্যন্ত উন্নত বিশ্বের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশ্ব অর্থনীতিতে এতসব পরিবর্তন সাধিত হয়েছে যথেষ্ট সময় নিয়ে এবং পর্যায়ক্রমে। কিন্তু বিগত পঁচিশ বছরে বিশ্ব অর্থনীতি এবং অর্থব্যবস্থায় যে পরিবর্তন সাধিত হয়েছে, তার সাথে অতীতের কোনো পরিবর্তনের তুলনা করার সুযোগ নেই।

বিগত দুই দশকে অর্থনীতির উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে যেটা সাধারণ মানুষের দৃষ্টিতে সেভাবে আসেনি, কিন্তু অনেকেই পরিবর্তনটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন, সেটি হচ্ছে অর্থনীতির তত্ত্ব, সূত্র বা থিউরি এখন আর অর্থনীতিবিদদের হাতে নেই। এটি চলে গেছে অর্থ ব্যবস্থাপক বা মানি ম্যানেজারদের হাতে। এখন অর্থনীতি নিয়ে অর্থনীতিবিদদের আর অতটা সোচ্চার হতে দেখা যায় না, যতটা হয়ে থাকে মানি ম্যানেজাররা। এ কারণেই এখন বিখ্যাত অর্থনীতিবিদদের সেভাবে না চিনলেও, ওয়ারেন বুফের মতো মানি ম্যানেজারদের কথা সবাই জানে। আর্থিক খাতের প্রডাক্ট বা সেবার ক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে। একসময় হাতেগোনা কিছু প্রডাক্ট ছিল আর্থিক খাতে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংক ডিপোজিট, ব্যাংক ঋণ, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি। এর পরে যোগ হয়েছিল ক্রেডিট কার্ড, মর্টগেজ ঋণ, ব্যক্তিগত লাইন অব ক্রেডিট, স্টুডেন্ট লোন, ভোগ্যপণ্য বা ডিউরেবল কনজিউমার ক্রেডিট।
বিগত দুই দশকে আর্থিক খাতে এত বেশি এবং এত দ্রুত প্রডাক্ট বহুমুখীকরণ হয়েছে, যা কল্পনারও বাইরে। আর্থিক খাতে সাধারণ প্রডাক্ট ছাড়াও, এসেছে অনেক হাইব্রিড প্রডাক্ট। যেমনÑ সাবপ্রাইম মর্টগেজ, ইন্টারেস্ট রেট সোয়াপ, ফরেন কারেন্সি সোয়াপ, হরেক রকমের ডেরিভেটিভ প্রডাক্ট এবং সম্পদ-নির্ভর সিকিউরিটি বা অ্যাসেট ব্যাক সিকিউরিটি। এই পরিবর্তনও হয়েছে কিছুটা ধারাবাহিকতা রক্ষা করে। কিন্তু এর পর যেটা শুরু হয়েছে, তা এক ধরনের উন্মাদনার মতো। চালু হলো ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি, স্ট্যাবলকয়েন, ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এবং আরও অনেক হাইব্রিড এবং ডেরিভেটিভ প্রডাক্ট।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে আর্থিক খাতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। প্রথমে সবকিছু কম্পিউটার প্রযুক্তিনির্ভর করে তোলা হয়েছে। এই ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার আগেই চলে এলো ইন্টারনেটের ব্যবহার এবং সবকিছু নতুন এ প্রযুক্তিনির্ভর করে ফেলা হলো। ফলস্বরূপ অনলাইন ব্যাংকিং জনপ্রিয়তা পেয়ে গেল। অনলাইন ব্যাংকিং ভালোভাবে জায়গা করে নেওয়ার আগেই শুরু হয়ে গেল কাগজবিহীন অফিস এবং ডিজিটাল ব্যাংকিং। এর পাশাপাশি কিছুদিন চলল বিগ ডেটা বিশ্লেষণ এবং ক্লাউড কাউন্টিং। এখন তো সবকিছু এআই-নির্ভর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) হয়ে যেতে শুরু করেছে। এই পরিবর্তনগুলো এত দ্রুত হয়েছে যে, এর সাথে তাল মিলিয়ে চলতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। ব্যাংকগুলো একটি নতুন পদ্ধতি চালু করে তার সাথে ভালো করে অভ্যস্ত হওয়ার আগেই আরেকটি নতুন পদ্ধতি চলে এসেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, প্রযুক্তি কোম্পানি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যেন এক ধরনের অসম প্রতিযোগিতা বিরাজ করছে।
অনলাইন, ডিজিটাল এবং ভার্চুয়াল আর্থিক খাতের পর সবাই ধরে নিয়েছিল, এই ব্যবস্থা হয়তো একটা সময় পর্যন্ত চলবে এবং খুব সহসা নতুন কোনো প্রবর্তন আসবে না। কিন্তু না, পরিবর্তনের ধারা বলা চলে বিরামহীন হয়ে গেছে। ভার্চুয়াল মুদ্রা স্ট্যাবলকয়েন চালু হতে না হতেই ব্যাংকগুলো আগামী বছর থেকে টোকেন-নির্ভর ডিপোজিট চালু করতে চলেছে। ক্রিপ্টোকারেন্সি বা স্ট্যাবলকয়েন বলা চলে জোরপূর্বক আর্থিক খাতে জায়গা করে নিয়েছে। শুরু থেকেই এই ভার্চুয়াল মুদ্রাকে অনুমোদন দেওয়া হয়নি। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এই ক্রিপ্টোকারেন্সি অনুমোদনবিহীন মুদ্রা হিসেবে বেড়ে উঠতে উঠতে এমন বিশাল এক বাজারে পরিণত হয়েছে যে, এখন নিয়ন্ত্রক সংস্থা এক প্রকার বাধ্য হয়েই এই ভার্চুয়াল মুদ্রাকে অনুমোদন দিতে শুরু করেছে। আর এই ভার্চুয়াল মুদ্রার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চালু হতে যাচ্ছে টোকেন-নির্ভর ডিপোজিট। আমেরিকার ব্যাংকগুলো প্রথমে এই ক্রিপ্টোকারেন্সি এবং স্ট্যাবলকয়েন থেকে নিজেদের দূরে রেখেছিল। কিন্তু যখন দেখল যে অনুমোদন পেয়ে যাওয়ায় এসব মুদ্রা তাদের ব্যবসার জন্য হুমকি হয়ে দেখা দিতে শুরু করেছে, তখন তারা এর বিকল্প হিসেবে আগামী বছর থেকে নিজেরাই টোকেন-নির্ভর ডিপোজিট চালু করতে যাচ্ছে। আমেরিকা, কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মোট পঁচিশটির বেশি ব্যাংক একত্র হয়ে এই ভার্চুয়াল ডিপোজিট চালু করবে আগামী বছর থেকে।
টোকেন-নির্ভর ডিপোজিট বাজারে আসার আগেই আমেরিকার এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) টোকেন-নির্ভর স্টক ক্রয়-বিক্রয়ের অনুমোদন দিয়েছে। ভার্চুয়াল মুদ্রা ক্রয়-বিক্রয়ের জন্য যে ব্লকচেইন প্লাটফর্ম ব্যবহৃত হয়, সেখানে এই টোকেন-নির্ভর প্রডাক্টগুলো ক্রয়-বিক্রয় করা হবে। এসইসি আগামী পাঁচ বছরের জন্য দুটো প্লাটফর্মে পরীক্ষামূলকভাবে উদ্ভাবনী বা ইনোভেশন পদ্ধতিতে স্টক ক্রয়-বিক্রয় অনুমোদন দিয়েছে। ধারণা করা যায়, যদি টোকেন-নির্ভর স্টক সফল হয়, তা হলে পর্যায়ক্রমে সকল স্টকের টোকেন চালু করা হবে। অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, টোকেন-নির্ভর স্টক আসলে কী? একটি কোম্পানির শেয়ার কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে ক্রয়-বিক্রয় হওয়ার পর, যদি সেই শেয়ারের একটি টোকেন তৈরি করে সেই টোকেন যখন কোনো ব্লকচেইন প্লাটফর্মে ক্রয়-বিক্রয় করা হবে, তখন তাকে বলা হবে টোকেন-নির্ভর স্টক। মূল শেয়ার এবং টোকেন-নির্ভর শেয়ারের মধ্যকার পার্থক্য হচ্ছে মূল শেয়ার আইনগত মালিকানা নিশ্চিত করে, আর টোকেন-নির্ভর শেয়ার মূল শেয়ারের প্রতিবিম্ব নির্দেশ করে মাত্র। সাধারণ শেয়ার হচ্ছে মালিকানা প্রধান, পক্ষান্তরে টোকেন-নির্ভর স্টক হচ্ছে শেয়ারের বাজার মূল্যনির্ভর। একজন শেয়ার মালিকের যে অধিকার থাকে, যেমনÑ লভ্যাংশ গ্রহণ, ভোট প্রদানÑ এর সব সুযোগই থাকবে টোকেন-নির্ভর স্টকে। সাধারণ শেয়ার তালিকাভুক্ত স্টক এক্সচেঞ্জে নির্ধারিত ট্রেডিং সময়ে ক্রয়-বিক্রয় করা হয়। আর টোকেন-নির্ভর স্টক ব্লকচেইন প্লাটফর্মে দিনরাত চব্বিশ ঘণ্টাই ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে। এক কথায় সাধারণ স্টক এক্সচেঞ্জে সাধারণ শেয়ারের মালিকানা ক্রয়-বিক্রয় হবে। অথচ ব্লকচেইন প্লাটফর্মে টোকেন-নির্ভর স্টকের মাধ্যমে শেয়ারের বাজারমূল্য ক্রয়-বিক্রয় হবে মাত্র। বিষয়টি একেবারেই নতুন এবং সবেমাত্র আমেরিকার আর্থিক খাতে চালু হতে যাচ্ছে। যদিও টোকেন ডিভিডেন্ডের মতো কিছু প্রডাক্ট আগে থেকেই বাজারে চালু আছে। এ কারণেই বিষয়টি বেশ জটিল, যা একটি মাত্র কলাম লেখার মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপরও চেষ্টা করা হলো যতটা সম্ভব সহজভাবে তুলে ধরার। সুযোগ পেলে পরবর্তীতে অন্য কোনো পরিসরে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হবে।
আর্থিক খাতকে টোকেন-নির্ভর করে তোলার প্রচেষ্টা আমেরিকায় বেশ জোরেশোরে এগিয়ে চলছে, তাই আশা করা যায় খুব সহসাই অন্যান্য উন্নত দেশও এই পদ্ধতি শুরু করবে। কেননা বিশ্ব অর্থব্যবস্থায় আমেরিকা আছে নেতৃত্বের স্থানে এবং অন্যান্য দেশের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আমেরিকা যা গ্রহণ বা প্রচলন করে, অন্যান্য দেশ তা অনুসরণ করে। যেমন, টোকেন-নির্ভর ডিপোজিট আমেরিকার কয়েকটি ব্যাংক প্রথমে চালু করার উদ্যোগ নিয়েছিল। কিন্ত কিছুদিনের মধ্যেই কানাডা এবং ইউরোপের অনেক ব্যাংক এই টোকেন-নির্ভর ডিপোজিট প্রচলনের উদ্যোগ নিয়েছে। একই অবস্থা হবে টোকেন-নির্ভর স্টকের ক্ষেত্রেও।
সমস্যা হচ্ছে উন্নয়নশীল দেশ বা এমারজিং মার্কেটের বেলায়। উন্নত বিশ্বের ব্যাংক ও আর্থিক খাত একদিকে যেমন দ্রুতগতিতে এগিয়ে চলেছে, অন্যদিকে উন্নয়নশীল দেশের আর্থিক বাজার একেবারেই এগোতে পারছে না। বলা চলে, তারা আজ থেকে বিশ বছর আগে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। উন্নত বিশ্ব যেখানে কাগজবিহীন ব্যাংকিং নিশ্চিত করে ফেলেছে, সেখানে উন্নয়নশীল অধিকাংশ দেশের ব্যাংকের অফিসের টেবিলে টেবিলে স্তূপাকার কাগজের ফাইল পড়ে থাকে। উন্নত বিশ্বের ব্যাংকিং খাত যেখানে সবকিছু এআই-নির্ভর করে ফেলছে, সেখানে উন্নয়নশীল দেশের ব্যাংকিং খাত এখনও শতভাগ ডিজিটালে রূপান্তরিত হতে পারেনি। এর ফলে বিশ্বের দুই প্রান্তের ব্যাংকিং খাতের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে, যা বিশ্বব্যাপী অনুসৃত ইউনিফর্ম ব্যাংকিং ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে।
ব্যাংকিংকে বলা হতো একই মানসম্পন্ন ইউনিফর্ম ব্যবসা। এর অর্থ হচ্ছে উন্নত এবং অনুন্নত সব দেশের ব্যাংকিং খাত কমবেশি একই ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এখন সেই ধারণার অনেকটা পরিবর্তন হয়েছে। ব্যবধান যতই বাড়ুক না কেন এবং উন্নয়নশীল দেশের ব্যাংকিং উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করুক আর না করুক, উন্নত বিশ্বের আর্থিক খাতের যে পরিবর্তনের ধারা, সেটা আগামীতে বাড়বে ছাড়া কমবে না। যে গতিতে উন্নত বিশ্বের আর্থিক খাত এগিয়ে চলেছে, তাতে মনে হওয়া স্বাভাবিক, বিশ্ব এখন টোকেন-নির্ভর অর্থনীতির পথে।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা