সম্পাদকীয়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ এএম
‘ঘোগ’ নামে কোনো প্রাণীর অস্তিত্ব এখন আর পৃথিবীতে নেই। তবে বাঘের মতো চামড়ায় ডোরাকাটা এবং আকৃতিতে প্রায় কৃকুরের কাছাকাছি একটি প্রাণী একসময় ছিল। এদের আবাসস্থল ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে। এদের বলা হতো ‘থাইলাসিয়ান’ বা ‘তাসমানিয়ান টাইগার’। আনুমানিক আড়াই হাজার বছর আগে পৃথিবীতে এদের বিচরণ থাকলেও এখন বিলুপ্ত প্রাণী হিসেবে পরিগণিত। বাঘের বাসস্থানের কাছাকাছি ঘোগ বা থাইলাসিয়ান বাঘ অবস্থান করত। সুযোগ পেলে এরা বাঘের বাচ্চা চুরি করে খেয়ে ফেলত। ‘বাঘের ঘরে ঘোগের বাসা’ প্রবাদটি বাংলা ভাষায় কবে থেকে উৎপত্তি তার সঠিক কোনো তথ্য নেই। তবে শক্তিধর কোনো ব্যক্তির আশপাশে ক্ষতিকর প্রাণী বা ব্যক্তির অবস্থান বোঝানোর জন্য এ প্রবাদটি ব্যবহৃত হয়ে থাকে।
কেবল আমাদের দেশ বা সমাজে নয়, তাবৎ পৃথিবীতে অপরাধীদের কাছে পুলিশ তথা আইন প্রয়োগকারী সংস্থা বাঘ হিসেবেই বিবেচিত। মানুষ বা কোনো নিরীহ প্রাণী যেমন জীবন হারানোর ভয়ে বাঘের মুখে পড়তে চায় না, দূরে থাকে, তেমনি অপরাধীরাও পুলিশকে এড়িয়ে চলে, যাতে ধরা না পড়ে। কিন্তু সেই পুলিশের ডানার নিচে নবজাত পাখির ছানার মতো নিরাপদ আশ্রয়ে যখন সমাজবিরোধীরা তাদের অপরাধকর্ম নির্বিঘ্নে চালানোর সুযোগ পায়, উল্লিখিত প্রবাদটি তখনই যথার্থ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের ঘটনা আমাদের দেশে হরহামেশাই ঘটতে দেখা যায়।
তেমনি একটি খবর বেরিয়েছে গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ দেশের সব সংবাদমাধ্যমে। রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন পুলিশ হাউজিং এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ২৬ নারী ও ৫৮ পুরুষকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, এরা সেখানে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অভিযানকালে ওই বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা ও সেবনের সরঞ্জাম এবং কনডম জব্দ করা হয়েছে। বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। খবরে বলা হয়েছে, ওই বাড়িটির নিচতলার পাঁচটি কক্ষ অনলাইনে ভাড়া দেওয়া হতো ডিজে পার্টিসহ নানারকম অনুষ্ঠানের জন্য। সামাজিক অনুষ্ঠানের নামে গোপনে সেখানে চলত মাদকসেবনসহ অসামাজিক কার্যকলাপ। প্রতিমাসে ১৮ থেকে ২০টি পার্টির আয়োজন হতো। ভাড়া নেওয়া হতো এক লাখ টাকা করে। এর ৭০ শতাংশ পেতেন বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। যদিও জহির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে ইতোমধ্যে তাকে তার কর্মস্থল থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।
অপরাধ দমনে পুলিশ সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান হিসেবেই গণ্য। কেননা, রাষ্ট্রের একেবারে তৃণমূলের এ সংস্থাটি সরাসরি জনগণের জানমাল সুরক্ষা ও অপরাধীদের দমনে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু কতিপয় অর্থলোভী দুর্নীতিপরায়ন সদস্যের কারণে এ প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আজ ভূলুণ্ঠিত। হেন কোনো অপরাধ নেই, যার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্তির অভিযোগ উঠছে না। সবচেয়ে উদ্বেগজনক হলো, এমন অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। ঘুষ খাওয়া, অপরাধীদের প্রশ্রয় দেওয়া পুলিশের বিরুদ্ধে পুরনো অভিযোগ। এখন পুলিশের একশ্রেণির সদস্য নিজেরাই অপরাধকর্মে সম্পৃক্ত। অবৈধ উপায়ে অর্থবিত্তের মালিক হওয়ার উদগ্র বাসনা তাদের এতটাই নৈতিক অধঃপতন ঘটিয়েছে যে, তারা মাদক কারবার, নারী-ব্যবসায়, এমনকি ডাকাতি-ছিনতাই, খুন-ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে লিপ্ত হতে দ্বিধা করছে না। এর আগেও নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে চাকরিচ্যুতিসহ নানা শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সেসব শাস্তি যে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেনি, পুলিশের অভ্যন্তরে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতাই তার বড় প্রমাণ।
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির নিজেকে বাঁচানোর জন্য যতই সাফাই গান না কেন, তার বাড়িতে সংঘটিত ন্যক্কারজনক অপরাধের দায় তিনি এড়াতে পারবেন না। তাকে অবশ্যই দেশের প্রচলিত আইন মোতাবেক শাস্তির আওতায় আনতে হবে। আমরা বলতে চাই, পুলিশ ডিপার্টমেন্টে এমন আরও অনেক ‘ব্ল্যাক ক্যাট’ বা ‘কালো বিড়াল’ আছে। পুলিশের ভাবমর্যাদা রক্ষা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে সেসব কালো বিড়ালকে খুঁজে বের করে এই জনসম্পৃক্ত বাহিনীকে কলুষমুক্ত করতে হবে। একই সঙ্গে রাজধানীতে সাঁড়াশি অভিযানের মাধ্যমে এ ধরনের মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপের আখড়া নির্মূল করে দিতে হবে। সমাজকে অপরাধমুক্ত করতে সরকারের কঠোরতার বিকল্প নেই।