× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আমরা কি সত্যি অসহায়

মন্‌জুরুল ইসলাম

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৮:৫১ এএম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আমরা কি সত্যি অসহায়

ঘটনাটি সত্যি দুঃখজনক। সৌদি আরবে বাংলাদেশের দুজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একজনের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও আরেকজনের নাম সুইটি (সিঁথি) আক্তার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পরিবার, দূতাবাস ও রাষ্ট্র জানতে পারল। সরকারের পক্ষ থেকে সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। কূটনৈতিক রীতি অনুযায়ী ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত সপ্তাহখানেক সময় এ নিয়ে অনেক কথা হচ্ছে।

অনেক কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বড় ধরনের তথ্যের ঘাটতি ছিল। কেন তথ্যের ঘাটতি ছিল, কেন আমরা আমাদের দুজন মানুষকে বাঁচাতে পারিনি, যাদেরকে আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি তাদের তথ্যে কেন ঘাটতি হবেÑ এসব প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক। সেই সঙ্গে আরও প্রাসঙ্গিক হলো প্রতিবছর যেসব নারী শ্রমিক নির্যাতিত হয়ে অথবা নির্যাতনের কারণে কফিনবন্দি হয়ে দেশে ফেরেন তাদের ন্যায্য বিচার আমরা দাবি করি না কেন। কেন আমরা আমাদের মানুষ হত্যার বিচার মুসলিম মোড়লদের কাছ থেকে পাই না। আমরা কি অসহায়, নাকি আমরা দুর্বল, নাকি নিজেদের মানুষকে বাঁচাতে আমরা অক্ষম। এদিকে এখন পর্যন্ত অভাগাদের লাশ ফেরত আসেনি। 

গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে একজনের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও আরেকজনের নাম সুইটি (সিঁথি) আক্তার হিসেবে উল্লেখ করা হয়। পরদিন জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে কূটনৈতিক পত্র পাঠায়। দুই বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। ১৮ অক্টোবর দেওয়া চিঠির তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে আটক ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের পাওয়া বন্দিদের তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুলকে আটক করা হয়।

পরদিন ব্যভিচারের অভিযোগে আটক করা হয় সুইটিকে। পরে নজরুলকে জেদ্দা সংশোধনাগারে এবং সুইটিকে জেদ্দা মহিলা কারাগারে পাঠানো হয়। তারা দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। জেদ্দা কনস্যুলেটের আওতাধীন সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারে বিভিন্ন ধরনের চারিত্রিক মামলায় ৩০৬ বাংলাদেশি আটক আছেন বলে তালিকায় জানানো হয়। এর মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত হয়েছে। তাদের সর্বনিম্ন ১ মাস এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, সাইবার বা তথ্যপ্রযুক্তি আইনের অপরাধে মক্কায় অপর ৩টি পৃথক মামলায় সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড বা তা কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট জেনারেলকে কিছুই জানায়নি।

এখন পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত দুজনের লাশ দেশে আসেনি। মামলার রায়ের কপি পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। তবে এ ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে। সেটি হলো আমাদের দূতাবাস কি শুধু আনুষ্ঠানিকতার জন্য? দূতাবাসের দায়িত্ব শুধু কি পাসপোর্ট দেওয়া বা প্রবাসীর মৃত্যুর পর কাগজপত্র সম্পন্ন করা? বিদেশে বাংলাদেশের নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করাও তার অন্যতম দায়িত্ব। একটি ঘটনায় আমাদের দুজনের প্রাণ গেল, আমরা কিছুই করতে পারলাম না। সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর প্রয়োজনও বোধ করেনি। দুদেশের মধ্যে সম্পর্ক যে খুব বেশি তিক্ত তাও নয়। তারপরেও দুটি মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সৌদি আরব আমাদেরকে জানায়নি। অন্যদিকে আমাদের দূতাবাসে কর্মরত আমাদের সাহেবগণ কতটুকু দায়িত্ব পালন করেন সেটাও এ ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে।

সৌদি আরব হলো আমাদের শ্রম রপ্তানির সবচেয়ে বড় বাজার। এই বাজারে পুরুষ শ্রমের পাশাপাশি নারী শ্রমও আমরা বিক্রি করি। পুরুষ শ্রমিকরা সৌদি আরবের বাজারে অনেকে ভালো আছেন, আবার অনেকে মানবেতর জীবনযাপন করেন। অন্যদিকে নারী শ্রমিকরা প্রায় সবাই গৃহস্থালি কাজে নিয়োজিত থাকেন। এসব শ্রমিকের কফিলরা নারী শ্রমিকদের ওপর নানাভাবে অমানুষিক নির্যাতন, শ্লীলতাহানিসহ সকল ধরনের অন্যায় করে বলে অভিযোগ রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বিভিন্ন দেশে গেছেন ৩ লাখ ৪৭ হাজার ৪৯৩ নারী কর্মী। একই সময়ে দেশে এসেছে ৪১২ নারীর মরদেহ।

এর মধ্যে আত্মহত্যার শিকার হয়েছেন ৮৪ অভিবাসী নারী। উদ্বেগজনক বিষয় হলো, এসব আত্মহত্যার ৭৬ শতাংশ ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশে ২০২৩ সালে ফেরত আসে ১০১ নারী শ্রমিকের মরদেহ, যেখানে আত্মহত্যা করে মারা যান ২০ জন। এর মধ্যে সৌদি আরবে ১৩, সংযুক্ত আরব আমিরাতে তিন এবং জর্ডান, ওমান, মালয়েশিয়া ও মৌরিতানিয়ায় একজন করে আত্মহননের পথ বেছে নেন। ২০২৪ সালে দেশে ফেরত আসে ৯৫ নারী শ্রমিকের মরদেহ। এর মধ্যে আত্মহত্যা করে মারা যান ১৫ জন। আত্মহত্যাকারীদের মধ্যে ১২ জন সৌদি আরবে, দুজন জর্ডানে ও একজন কাতারে ছিলেন। চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত দেশে মরদেহ এসেছে ৫৮ নারী শ্রমিকের। এর মধ্যে ছয়জন আত্মহত্যা করেছেন। তারা সবাই সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়েছিলেন।

এই চিত্র দেশের সাধারণ মানুষকে ভাবায়। যেসব নারী শ্রমিক জীবনকে সুন্দর করতে, জীবনমান উন্নত করতে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যান তারা ফেরেন কফিনবন্দি হয়ে। আমাদের যেকোনো শ্রমিক বিদেশে আত্মহত্যা করেন তিনি তো খুব সুখে থাকলে আত্মহত্যা করার কথা নয়। নির্যাতন সহ্য করতে না পেরে যারা আত্মহত্যা করেন তারা তো জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পান। কিন্তু যেসব নারী শ্লীলতাহানির বোঝা হিসেবে পিতৃপরিচয়হীন সন্তান নিয়ে দেশে ফিরে আসেন তাদের যন্ত্রণা সারা জীবনের। পিতামাতার বাড়িতে ঠাঁই হয় না। কোথাও মাথা গোঁজার জায়গা না পেয়ে ব্র্যাক বা এ-সংক্রান্ত এনজিও প্রতিষ্ঠানে আশ্রয় গ্রহণ করেন। প্রশ্ন হচ্ছে, যে অভিযোগের কারণে আমাদের নজরুল ও সুইটির সৌদির আইনে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, একই আইনের আওতায় আমরা তাদেরকে অভিযুক্ত করতে পারি না কেন?

সৌদি আরব গোটা মুসলিম বিশ্বের কাছে পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমির মানুষদেরকে আমরা পবিত্র জ্ঞান করি। অন্য দেশের নাগরিকদের প্রতি তাদের আইন, তাদের বিচারব্যবস্থা খুবই কঠিন। কিন্তু একই অপরাধ, ক্ষেত্রবিশেষে অপরাধের মাত্রা আরও জঘন্য হওয়ার পরও আমরা তাদেরকে সেই আইনের আওতায় আনতে পারি না। এর মূল কারণ হলো, আমরা নিজেদের মিসকিন মনে করি। আমরা শ্রমিক আর তারা মনিবÑ এমন ধারণা পোষণ করি। তাদের ব্যভিচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অথবা তাদের অভিযুক্ত করলে আমাদের শ্রমবাজার নষ্ট হয়ে যাবেÑ এমন হীন ভাবনায় অস্থির থাকি। অথচ একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলে আমাদের মানমর্যাদা যে আরও বাড়বে তা ভাবতেই পারি না। যেহেতু তারা আমাদেরকে মিসকিন মনে করে, আমরাও নিজেদেরকে মিসকিন ভেবেই ধন্য হয়ে যাই। 

বর্তমান এআই যুগে বিদেশে আমাদের দূতাবাসগুলোর চিন্তা-চেতনাও পরিবর্তন করতে হবে। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং লাখ লাখ পরিবারের জীবিকার সঙ্গে জড়িত। কিন্তু প্রবাসীদের একটি বড় অংশ বিদেশে গিয়ে ভাষা, আইন, কর্মপরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে পারেন না। কোনো আইনি জটিলতা দেখা দিলে তারা প্রায়ই অসহায় হয়ে পড়েন। অনেকের অভিযোগ, দূতাবাসে যোগাযোগ করা কঠিন, অভিযোগের প্রতিকার পেতে সময় লাগে, কিংবা জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় না। এসব অভিযোগের সবগুলো যে সর্বক্ষেত্রে সত্য, তা বলা যাবে না।

কিন্তু অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দূতাবাসভিত্তিক সেবার বাস্তব চিত্র যাচাই করা প্রয়োজন। কোন দূতাবাস বছরে কতজন আটক বা কারাবন্দি বাংলাদেশিকে কনস্যুলার সহায়তা দিয়েছে? কতটি মামলায় আইনগত সহায়তা পেতে উদ্যোগ নিয়েছে? কতজন প্রবাসীর বকেয়া বেতন আদায়ে ভূমিকা রেখেছে? কতটি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ বা বীমার অর্থ আদায়ে সহায়তা করেছে? কতটি ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাগরিকের সমস্যা সমাধান করেছে? এসব প্রশ্নের উত্তর নিয়মিতভাবে প্রকাশ করা হলে দূতাবাসগুলোর কাজের মান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। কেবল কতটি পাসপোর্ট নবায়ন হলো বা কতটি সরকারি বৈঠক অনুষ্ঠিত হলো, তা দিয়ে একটি দূতাবাসের কার্যকারিতা বিচার করা যায় না। বিচার করতে হবে নাগরিকের বাস্তব সমস্যা সমাধানে তার অবদান দিয়ে।

বাংলাদেশের দূতাবাসগুলোর কাজের মূল্যায়নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জরুরি আইনি সহায়তার জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকা উচিত। বিদেশে কোনো বাংলাদেশি গ্রেপ্তার হলে বা গুরুতর অভিযোগে অভিযুক্ত হলে দ্রুত তথ্য সংগ্রহ, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে।

দ্বিতীয়ত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি সমন্বিত পর্যবেক্ষণ-ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। কোন দেশে কতজন বাংলাদেশি কারাগারে রয়েছেন, তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ, বিচার কোন পর্যায়ে এবং কোথায় কূটনৈতিক সহায়তা প্রয়োজনÑ এসব তথ্য আইনসম্মতভাবে সংরক্ষণ ও পর্যালোচনা করা যেতে পারে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে।

তৃতীয়ত, বাংলাদেশকে বিদেশে দণ্ডিত নাগরিকদের স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা করতে হবে। যেসব দেশের সঙ্গে এ ধরনের চুক্তি বা সমঝোতা বাস্তবসম্মত, তাদের সঙ্গে আলোচনা শুরু করা যেতে পারে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য স্থানীয় আইন, শ্রম অধিকার এবং জরুরি কনস্যুলার সেবা সম্পর্কে সহজ ভাষায় নির্দেশিকা প্রকাশ করা প্রয়োজন।

চতুর্থত, দূতাবাসের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের অভিযোগ গ্রহণ, নিষ্পত্তির সময়সীমা, জরুরি যোগাযোগ নম্বর এবং সেবার মান যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে। কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে তার মূল্যায়নেও বিষয়টি বিবেচিত হওয়া উচিত।

লেখক: সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা