সম্পাদকীয়
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আজ বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন। আজ রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের। হিন্দু শাস্ত্রমতে আজ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তারপর শুরু হবে আগামী বছরের তার আগমন প্রতীক্ষার।
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেই স্বীকৃত। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন ও আচার-অনুষ্ঠান করে থাকে। এটা এদেশের আবহমানকালের ঐতিহ্যও বটে। তারই ধারাবাহিকতায় এবারও মহাধুমধামে সারা দেশে দুর্গাপূজা পালিত হচ্ছে। এ বছর সারা দেশে ছোটবড় মিলিয়ে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হলো। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৫৭৬টি। ২০২৪ সালে ছিল ৩১ হাজার ৪৬১টি। লক্ষণীয় হলো, প্রতিবেশী দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী ও এদেশে তাদের অনুগামীরা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতিত হচ্ছে বলে যে অপপ্রচার চালিয়ে থাকে, প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি তা অসার প্রমাণের জন্য যথেষ্ট। এ বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ নানাবিধ পদক্ষেপ নিয়েছে। ঘোষণা করেছে মোট তিন দিনের ছুটি। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশসহ বিশ্ববাসীর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার থেকে টেনে আলোয় উদ্ভাসিত সত্য, ন্যায় ও শান্তির পথের দিশা দিয়েছেন। দেবী দুর্গা অসুররূপী অপশক্তিকে বধ করে পৃথিবী থেকে সব অশান্তি ও অবিচার দূর করার প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পূজনীয়। এজন্য তিনি ‘দুর্গতনাশিনী’ হিসেবেও অভিহিত। হিন্দুশাস্ত্র মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে (ঘোড়ায়) এবং তিনি ফিরে যাবেন নৌকায়। শাস্ত্র-বিধানে ঘোড়ায় আগমন হলে তাকে ‘ছত্রভঙ্গং তুরঙ্গমে’ বলা হয়। এর প্রভাবে সামাজিক, রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে অস্থিরতা কিংবা যুদ্ধবিগ্রহের আশঙ্কা বোঝায়। আর নৌকায় গমন ‘শস্যবৃদ্ধিস্তথাজলম্’ অর্থাৎ শস্য উৎপাদন বৃদ্ধি ও মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার সংকেত। তবে অতিবৃষ্টি বা বন্যার ঝুঁকিও থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়Ñ এটি উপমহাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রকাশ। দেবী দুর্গা শক্তি, সাহস ও অশুভের বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের প্রতীক। পৌরাণিক কাহিনীতে মহিষাসুরের বিনাশ যেমন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা বহন করে, তেমনি বিজয়া দশমী আমাদের স্মরণ করিয়ে দেয়Ñ অন্ধকার যত গভীরই হোক, আলোর সম্ভাবনা কখনও নিঃশেষ হয় না। যেকোনো অন্যায়, অসত্য, হিংসা ও অমানবিকতার বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিরোধই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। কিন্তু প্রতিমা বিসর্জন মানেই আদর্শ বিসর্জন দেওয়া নয়। বরং এটা নতুন করে শপথ নেওয়ার দিনÑ বিভেদ ভুলে মানুষকে ভালোবাসার, অন্যায়ের প্রতিবাদ করার এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার। মাটির প্রতিমা জলে বিলীন হয়, কিন্তু ধর্মীয় বাণী ও আদর্শ বেঁচে থাকে।
বাংলাদেশের সমাজজীবনে বিজয়া দশমীর তাৎপর্য আরও গভীর। এদেশের ইতিহাস ও ঐতিহ্য বহুত্ববাদী সংস্কৃতির ধারায় সমৃদ্ধ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও মানবিক বন্ধন সবারÑ এই চেতনা আমাদের সামাজিক সম্প্রীতির ভিত্তি। সাম্প্রদায়িক বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা কিংবা মানুষের প্রতি মানুষের অবিশ্বাস কখনোই আমাদের সে সম্প্রীতির বন্ধনে বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যেমন দায়িত্ব, তেমনি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সামাজিক সম্পর্ক ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্রতী হওয়ার।
আজ দুর্গা প্রতিমা বিসর্জনের মুহূর্তে তাই আমাদের প্রত্যাশা, বাংলাদেশ হয়ে উঠুক আরও মানবিক, সহনশীল ও সম্প্রীতিময়। সমাজ থেকে দূর হোক হিংসা, বিদ্বেষ ও বৈষম্য। মানুষের দুঃখে এগিয়ে আসুক মানুষ। প্রমাণিত হোক মানুষ মানুষের জন্য। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।