× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুর

এম মতিউর রহমান মামুন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১২:৩২ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য কিংবা ম্যুরাল পৃথিবীর বহু দেশেই আছে। একমাত্র পাকিস্তানে নেই। কারণ পাকিস্তান ১৯৬৭ সালে রবীন্দ্রনাথের কবিতা-গানসহ সমস্ত সৃষ্টিকর্ম আইন করে নিষিদ্ধ করেছিল। আজ অনেক বছর পরে বাংলাদেশে পাকিস্তানপ্রেমীরা বিভিন্ন প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য ছডিয়ে রবীন্দ্রনাথের গায়ে সাম্প্রদায়িকতার কালি লেপন করে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে।

আমাদের জানার বিষয় রাশিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, লন্ডন, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, আর্জেন্টিনা, চীন, মেক্সিকো, চিলি, কলম্ব, পেরু, ইকুয়েডর, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইসরায়েল, লেবানন, মিসর, বেলজিয়াম, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ভারতসহ বিভিন্ন রাষ্ট্রে রবীন্দ্রনাথের ভাস্কর্য রয়েছে। এটা তাদের বিশুদ্ধ সংস্কৃতির চর্চার অংশ এবং বিশ্বকবির প্রতি সম্মান। এমনকি অনেক রাষ্ট্রের ডাকটিকিটে রবীন্দ্রনাথের ছবিও রয়েছে। তারা ভুল করে রবীন্দ্রনাথের ভাস্কর্য করে রাখেনি।

আমরা যদি হাজার বছর রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করি তাহলে রবীন্দ্রনাথের কিছু কি আসবে-যাবে? রবং স্মরণ না করলে আমাদের ক্ষতি হবে। কারণ তিনি বিশ্বনন্দিত।

আর বিশ্বনন্দিত হওয়ার অন্তরালে যে বিষয়গুলো কাজ করেছে তার প্রধান দিকটা ছিল তার অসাম্প্রদায়িকতা। কবিগুরু তার রাজনৈতিক উপন্যাস ‘গোরা’তে বলেছেন, 

‘দেখুন পরেশ বাবু, কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিলুম যে, আজ প্রাতঃকালে আমি যেন নূতন জীবন লাভ করি। আজ আমি এমন শুচি হয়ে উঠেছি যে, চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না। 

পরেশ বাবু, আজ প্রাতঃকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের ওপরে ভূমিষ্ঠ হয়েছিÑ মাতৃক্রোড় যে কাকে বলে এতদিন পরে তা আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি।’ (গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর)। উপন্যাসের শেষাংশে বলছেন, ‘আমি হিন্দু নই। আজ আমি মুক্ত পরেশ বাবু। আমি যে পতিত হব, ব্রত হব, সে ভয় আর আমার নেই, আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে শুচিতা বাঁচিয়ে চলতে হবে না’ (গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর)। ‘পরেশ বাবু আপনি আজ আমাকে সেই দেবতার মন্ত্রে দীক্ষা দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, ব্রাহ্ম সকলেরই। যার মন্দিরের দ্বার কোন জাতির কাছে, কোন ব্যক্তির কাছে কোন দিন অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুর দেবতা নয়, গোটা ভারতবর্ষের দেবতা।’

 (গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর)। কবি এ বিষয়ে আরও বলেছেন, আমার ধর্ম কী, তা সে আজও আমি সম্পূর্ণ এবং সুস্পষ্ট করে জানি, এমন কথা আমি বলতে পারিনে অনুশাসন আকারে তত্ত্ব আকারে কোন পুঁথিতে লেখা ধর্ম সে তা নয় (রবীন্দ্রনাথের ধর্ম, মোফাজ্জল হায়দার চৌধুরী)। আসলে কবি কোন ধর্ম ও সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিলেন না তা কবি জসীমউদদীনের আলোচনা থেকে একটু অনুমান করা যায়। ‘আমি তখন এমএ পড়তে কলিকাতা এমসিএ হোস্টেলে ছিলাম। সেই সময়ে আমি প্রায়ই কবির সঙ্গে দেখা করতে যেতাম; আমাকে দেখলেই কবি সাম্প্রদায়িক ব্যাপার নিয়ে আলোচনা করতেন।’ তিনি বলতেন ‘কেন যে মানুষ একের অপরাধের জন্য অপরকে মারে! ও দেশের মুসলমানেরা হিন্দুদের মারল, তাই এ দেশের হিন্দুরা মুসলমানদের মেরে তার প্রতিবাদ করবে, এই বর্বর মনোবৃত্তির হাত থেকে দেশ কীভাবে উদ্ধার পাবে বলতে পার? দেখ, কী সামান্য ব্যাপার নিয়ে কলহ হয়। গরু কোরবানি নিয়ে, মসজিদের সামনে বাজনা নিয়ে। একটা পশুকে রক্ষা করতে কত মানুষকে মানুষ হত্যা করছে’ (রবীন্দ্রস্মৃতি, জসীমউদদীন)। 

সকল মানুষের জন্য রবীন্দ্রনাথ ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ‘তোমরা কেউবা পূর্বাচলের যাত্রী সূর্যোদয়ের দিকেই তোমাদের মুখ, সেই দিকে যিনি তোমাদের অভ্যুদয়ের পথে আহ্বান করছেন তাকে তোমরা পূর্বমুখ করেই প্রণাম করো। আমরা পশ্চিম অস্তাচলের দিকে জোড়হাত করে উপাসনা করি, সেই দিক থেকে আমাদের আহ্বান আসছে, সেই আহ্বান ও সুন্দর গুরুগম্ভীর এবং শান্তিময় আনন্দরসে পরিপূর্ণ। কাউকে পরিত্যাগ করে থাকতে পারে না।’ (বর্ষশেষ, রবীন্দ্রনাথ ঠাকুর) বিধায় তিনি অসাম্প্রদায়িক। আর কবিগুরু আমাদের শিক্ষাবিরোধী ছিলেন এমন ধারণা মোটেও সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক আগে ‘১৯০৫ সালে পতিসরে এমই স্কুল স্থাপন করে গ্রামাঞ্চলের শিক্ষার প্রসার ঘটিয়েছেন। বিদ্যালয় স্থাপন করাই শেষ নয় বরং হাতে-কলমে শিক্ষায় প্রবৃত্ত হন,’ (রবি জীবনী, প্রশান্ত কুমার পাল, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ৩১২)। পাশাপাশি তার কালীগ্রাম পরগনার গ্রামে গ্রামে অবৈতনিক পাঠশালা চালু করেন। (১৯০৫) কৃষি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করে গরিব প্রজাদের সহজ শর্তে ঋণ দিয়েছিলেন তা বিরল ঘটনা। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় কবিগুরুর গ্রামাঞ্চলের মানুষের প্রাথমিক শিক্ষার কাজ হাতে নিয়েছিলেন।

লেখক: রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা