× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ইটভাটা বন্ধ করা প্রসঙ্গে

ড. বিভূতি ভূষণ মিত্র

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১২:২৩ পিএম

প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়েছে। কমিটি থেকে কেন্দ্রীয় ব্যাংক বরাবর একটি চিঠিও দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে আট হাজার ইটভাটার মধ্যে ৫ হাজার ইটভাটাই অবৈধ। বৈধ ইটভাটার সংখ্যা ২ হাজার ৯০০টি। তিনি বলেন, ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার শতভাগ নিশ্চিত না হওয়ায় দূষণ বন্ধ করা যাচ্ছে না। আমরা জানি, বায়ুদূষণের অন্যতম প্রধান উপাদান বাতাসে পিএম বা অতি ক্ষুদ্র কণার উপস্থিতি। ২০২৩ সালে বাতাসে পিএম বা অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ পাওয়া গেছে প্রতি ঘনমিটারে ২.৫, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ১৬ গুণ বেশি।

ইটভাটায় বায়ুদূষণ রোধে ২০১৭ সালে একটি জাতীয় টেকসই কৌশল প্রণয়ন করা হয়। কিন্তু এতে আমরা পরিবেশ দূষণ রোধ তো করতেই পারছি না বরং এখনও অবৈধভাবে চলছে ইটভাটা। ইটভাটা এখন মফস্বল শহর, গ্রামে-গঞ্জে যত্রতত্র নির্মাণ করা হচ্ছে। শুধু ঢাকা নয় গ্রামেও ইটভাটার কালো ধোঁয়ায় গাছপালা, মানুষসহ পশুপাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জরিমানা করলেও বা বন্ধ ঘোষণা করলেও দেখা যাচ্ছে, আবার ইটভাটা চালু হচ্ছে। প্রকৃতির অন্যতম দুইটি উপাদান মাটি আর গাছপালা দুইই বিনষ্ট করে চলেছে ইটভাটাগুলো। ইট যেমন সভ্যতা নির্মাণের প্রতীক, ঠিক তেমনি ইটের সভ্যতার নিচে চাপা পড়ে আছে গাছের রক্ত আর মাটির দাগ।

ইটভাটার কারণে শুধু বায়ুদূষণই হচ্ছে না। ইট তৈরির জন্য মাটির প্রয়োজন পড়ে। ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে। ফসলি ক্ষেতের মাটির ওপরের অংশেই মূলত সার থাকে। কৃষকরা না বুঝে মুনাফার লোভে মাটি বিক্রয় করে দিচ্ছেন। এতে ফসলি জমির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে হাজারেরও বেশি ইটভাটা রয়েছে যেখানে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়। এতে অসংখ্য কাঠের প্রয়োজন পড়ে, যা গাছ কেটে জ্বালানি তৈরি করা হয়। ইটভাটার জন্য এইভাবে অসংখ্য গাছ কাটার কারণে পরিবেশের ওপর চাপ বেড়ে যাচ্ছে। 

বাংলাদেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০ নভেম্বর ২০১৩ সালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ নামের একটি আইন পাস করা হয়। এটি পরে আদেশ নং ২/২০১৮ দ্বারা সংশোধিত হয়। এই আইনের ৪ ধারায় বলা হয়েছে ইটভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি ইট প্রস্তুত করতে পারবে না। ৪ক ধারায় বলা হয়েছে, ইটভাটা ব্যতীত কোথাও ইট প্রস্তুত করা যাবে না।

আইনে মাটি ব্যবহার সংক্রান্ত কথাও বলা আছে। এতে বলা হয়, কোনো ব্যক্তি ইট তৈরি করবার জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইট তৈরি করতে পারবে না। তবে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মজা পুকুর, খালবিল, দিঘি, নদনদী, হাওর-বাঁওড়, চরাঞ্চল বা পতিত জায়গা থেকে মাটি কেটে তা ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে। এই আইনের ৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। ৮ ধারায় বলা হয়েছে, ছাড়পত্র থাকুক বা না থাকুক আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকায়, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিজমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সীমানার ভিতরে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।  

এই সমস্ত বিধি লঙ্ঘন করলে শাস্তিরও বিধান রাখা হয়েছে। ১৪ ধারায় বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন করলে, পরিচালনা বা চালু রাখলে ১ বছরের কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এ ছাড়া ১৫ ধারা মতে, ইট তৈরি করার জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করলে বা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট তৈরির জন্য মজা পুকুর, খালবিল, দিঘি, নদী, হাওর-বাঁওড়, চরাঞ্চল, পতিত জায়গা থেকে মাটি কাটলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এ ছাড়া ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করলে ৩ বছরের কারাদণ্ড বা ৩ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 

বাংলাদেশে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ইটভাটা যেমন জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান কিলন বা এইচএইচকে, টানেল ফিলন স্থাপন বা রূপান্তরের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট নীতিমালা ও প্রকল্পের অধীনে ঋণ সুবিধা দেওয়া হয়। সাধারণ বড় বা আধুনিক প্রযুক্তির ইটভাটা প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয়ের ৭০ ভাগ পর্যন্ত ঋণ দেওয়া হয়। আর বাকি ৩০ ভাগ উদ্যোক্তাকে নিজস্ব মূলধন হিসেবে বিনিয়োগ করতে হয়। গ্রিন ফাইন্যান্স প্রকল্পের আওতায় একক প্রকল্পে ৩০ কোটি পর্যন্ত বা তার বেশি ঋণ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইন্যান্স পরিবেশবান্ধব জিগজ্যাগ বা আধুনিক প্রযুক্তির ইটভাটা রূপান্তরে শত শত কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তবে সনাতন বা ড্রাম চিমনিযুক্ত অবৈধ ইটভাটায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র, জেলা প্রশাসনের লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকলে কোনো প্রতিষ্ঠান ব্যাংকঋণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে না। এ ছাড়া উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি ও কাঠ পুড়িয়ে ইট বানানোর ভিটায় অর্থায়ন করা দণ্ডনীয়। অতীতে কিছু ক্ষেত্রে ব্যাংকঋণের অপব্যবহার থাকতে পারে। ভুল কাগজপত্রের মাধ্যমে ঋণ নেওয়ার চেষ্টা করা হয়েছে হয়তো। কিন্তু গ্রিন ফাইন্যান্সের আওতায় আর এ ধরনের সুযোগ থাকছে না। এখন ইটভাটায় ঋণ প্রস্তাব করার আগে পরিবেশ ছাড়পত্র, বৈধ জিগজ্যাগ বা আধুনিক প্রযুক্তির রূপান্তর ও অন্যান্য সরকারি লাইসেন্সের বিষয়গুলো পুঙ্খানুপঙ্খ করে দেখা বাধ্যতামূলক করায় পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী পরিবেশবাদীরা। 

লেখক: কলামিস্ট ও পরিবেশ বিষয়ক লেখক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা