মো. মোয়াজ্জেম হোসেন বাদল। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশে ওঠার আশঙ্কা, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে আসার পূর্বাভাস, শ্রমবাজারে অনিশ্চয়তা এবং বিনিয়োগে স্থবিরতা সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে। সম্প্রতি এমন বাস্তব চিত্রই উঠে এসেছে প্রতিদিনের বাংলাদেশসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে। গণমাধ্যমে বিশ্বব্যাংকের সম্ভাব্য ১০ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার সাময়িক স্বস্তির কথা বলা হলেও সংকট থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত, বাস্তবভিত্তিক ও জনবান্ধব অর্থনৈতিক পরিকল্পনা।
এ কথা সত্য যে, দেশের অর্থনীতি এখন এমন এক সময় পার করছে- যখন একাধিক অর্থনৈতিক ঝুঁকি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সংকটকে আরও জটিল করে তুলছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে, অন্যদিকে প্রবৃদ্ধির গতি কমে বিনিয়োগ ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়চ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক শ্রমবাজারের অনিশ্চয়তা, প্রবাসী আয়ের ওপর সম্ভাব্য চাপ এবং জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধির ঝুঁকি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস পরিস্থিতির গভীরতা নতুন করে সামনে এনেছে। আইএমএফ বলছে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে পৌঁছাতে পারে এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.২ শতাংশে। গত এপ্রিল মাসে প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৪.৩ শতাংশ। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে মূল্যায়নে বড় পরিবর্তন এসেছে। স্বীকার করছি, পূর্বাভাস মানেই অনিবার্য ভবিষ্যৎ নয়। সঠিক নীতি, কার্যকর বাস্তবায়ন এবং অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতি অর্থনীতির গতিপথ পরিবর্তন করতে পারে।
অর্থনীতির পরিসংখ্যানে মূল্যস্ফীতি একটি সংখ্যা। পারিবারিক বাজেটে এটি প্রতিদিনের সংকট। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ওষুধ, বাসাভাড়া, পরিবহন ও শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের হাতে সঞ্চয়ের সুযোগ ক্রমেই সংকুচিত হয়। দীর্ঘ ধরে উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকলে মানুষের ক্রয়ক্ষমতার ওপর তার সম্মিলিত প্রভাব গভীর হয়। বিশেষ করে যাদের আয় নিয়মিত বাড়ে না, তাদের প্রকৃত আয় কমে যায়। ফলে একই বেতনে আগের তুলনায় কম পণ্য ও সেবা কিনতে হয়। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের বাংলাদেশ উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির গতি দুর্বল হয়েছে এবং দারিদ্র্য বেড়েছে। প্রতিবেদনে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৪ শতাংশ ধরা হয়েছে- যা আইএমএফের পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি।
এদিকে প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে আসার পূর্বাভাসকে কেবল জাতীয় আয়ের হিসাব হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে জড়িয়ে আছে নতুন কর্মসংস্থান, ব্যবসা সম্প্রসারণ, মানুষের আয় এবং সরকারের রাজস্ব সংগ্রহের সক্ষমতা। দেশের অর্থনীতিতে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। তাদের জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি না হলে বেকারত্ব, অনানুষ্ঠানিক কর্মসংস্থান এবং কম মজুরিতে কাজ করার প্রবণতা বাড়তে পারে। এর সামাজিক প্রভাবও কম নয়। দীর্ঘদিন কাজ না পাওয়া তরুণদের মধ্যে হতাশা বাড়ে, পরিবারের ওপর আর্থিক চাপ তৈরি হয় এবং দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার ব্যাহত হয়। তাই কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করার বিকল্প নেই।
বিশ্বব্যাংকের মূল্যায়নে আর্থিক খাতের দুর্বলতা, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং জ্বালানি খাতের সমস্যা বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পথে বড় বাধা হিসেবে উঠে এসেছে। সংস্থাটির মতে, ব্যাংক খাত সংস্কার, রাজস্ব আহরণ বাড়ানো এবং জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, দ্রুত ব্যবসায়িক অনুমোদন, রপ্তানি বহুমুখীকরণ এবং শ্রমঘন শিল্পে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি প্রবাসী আয়। এই আয় দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ায়, পরিবারের ভোগব্যয় মেটায় এবং গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখে। কিন্তু আন্তর্জাতিক শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব শুধু বিদেশে কর্মরত বাংলাদেশিদের ওপর পড়ে না; দেশের সামগ্রিক অর্থনীতিও ঝুঁকিতে পড়ে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, কয়েকটি দেশে বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ এবং শ্রমবাজারে দক্ষতার চাহিদা পরিবর্তনের কারণে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিয়ে উদ্বেগ রয়েছে। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা বাংলাদেশের শ্রম অভিবাসনকে সীমিত করেছে। একই সঙ্গে সৌদি আরবের মতো কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকি বাড়াচ্ছে। ঝুঁকি মোকাবিলায় শ্রমবাজার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিতে হবে। পূর্ব এশিয়া, ইউরোপ এবং অন্যান্য সম্ভাবনাময় অঞ্চলের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা, পেশাগত সনদ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে বাংলাদেশি কর্মীরা তুলনামূলক ভালো বেতনের কাজের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, নিয়োগ ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা জরুরি। যারা ঋণ করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন, তাদের জন্য প্রতিটি ব্যর্থ নিয়োগপ্রক্রিয়া বড় আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে।
অর্থনৈতিক চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ। তবে ১৩ অক্টোবর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। অর্থাৎ প্রস্তাবিত অর্থকে অনুমোদিত বা হাতে পাওয়া ঋণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এই অর্থায়ন পাওয়া গেলে জ্বালানি ভর্তুকি, গুরুত্বপূর্ণ আমদানি এবং বৃহত্তর অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকার কিছুটা আর্থিক সুবিধা পেতে পারে। বৈদেশিক মুদ্রার ওপর চাপ সামলানো এবং জরুরি সরকারি ব্যয় নির্বাহেও তা সহায়ক হতে পারে। কিন্তু ঋণ কোনো স্থায়ী আয় নয়। এটি ভবিষ্যতে সুদসহ পরিশোধ করতে হবে। তাই অর্থের পরিমাণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ঋণের শর্ত, ব্যবহার এবং অর্থনৈতিক সুফল।
যে ঋণ উৎপাদনশীল বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত দক্ষতা ও কর্মসংস্থান বাড়ায়, তা দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। বিপরীতে, ঋণের অর্থ যদি অনুৎপাদনশীল ব্যয় মেটাতে গিয়ে শেষ হয়ে যায়, অথচ রাজস্ব আয় ও উৎপাদন সক্ষমতা না বাড়ে, তাহলে ভবিষ্যতের ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। এ কারণে ঋণের অর্থ ব্যবহারে প্রকল্পভিত্তিক অগ্রাধিকার, স্বচ্ছতা, স্বাধীন নিরীক্ষা এবং ফলাফল মূল্যায়ন নিশ্চিত করা দরকার। কোন খাতে কত অর্থ ব্যয় হচ্ছে, কী সুফল পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে ঋণ পরিশোধ করা হবেÑ এসব বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি।
আমি মনে করি, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোনো একক সিদ্ধান্ত যথেষ্ট হবে না। প্রয়োজন এমন একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং সামাজিক সুরক্ষা একই সঙ্গে গুরুত্ব পাবে। এই ক্ষেত্রে রাজস্ব আহরণ বাড়াতে হবে। করের আওতা বাড়ানো, কর ফাঁকি কমানো এবং অপ্রয়োজনীয় করছাড় পর্যালোচনার মাধ্যমে সরকারের নিজস্ব অর্থায়নের সক্ষমতা বাড়ানো জরুরি। তবে রাজস্ব সংস্কারের বোঝা যেন প্রধানত নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে।
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। খেলাপি ঋণ, অনিয়ম এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার কারণে ব্যাংকের অর্থ উৎপাদনশীল খাতে যথাযথভাবে প্রবাহিত না হলে বিনিয়োগ পুনরুদ্ধার কঠিন হবে। ঋণ বিতরণে স্বচ্ছতা, কার্যকর তদারকি এবং অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। আমদানিনির্ভরতার ঝুঁকি কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির দক্ষ ব্যবহার বাড়ানো দরকার। ভর্তুকি একেবারে তুলে দেওয়ার পরিবর্তে অগ্রাধিকারভিত্তিক ও লক্ষ্যনির্দিষ্ট সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে অপচয় কমে এবং দরিদ্র পরিবার সুরক্ষা পায়।
অর্থনীতির বর্তমান সংকটের পেছনে অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ও আন্তর্জাতিক পরিস্থিতিÑ দুই ধরনের কারণই কাজ করছে। জ্বালানির আন্তর্জাতিক বাজার, ভূরাজনৈতিক অস্থিরতা এবং শ্রমবাজারের পরিবর্তনের মতো বিষয় সরকারের একক নিয়ন্ত্রণে নেই। কিন্তু এসব ঝুঁকির মুখে দেশের অর্থনীতিকে কতটা প্রস্তুত রাখা যায়, তার বড় অংশ নির্ভর করে অভ্যন্তরীণ নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর। তাই সব দায় আন্তর্জাতিক পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া বাস্তবসম্মত নয়।
আইএমএফের এই পূর্বাভাস বাংলাদেশের জন্য সতর্কবার্তা। ভরসা বিশ্বব্যাংকের সম্ভাব্য ঋণ সহায়তা একটি সুযোগ হতে পারে। কিন্তু সেটি নিজে থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করবে না। পুনরুদ্ধারের জন্য দরকার উৎপাদনশীল বিনিয়োগ, মানসম্মত কর্মসংস্থান, কার্যকর রাজস্বব্যবস্থা, ব্যাংক খাতে সুশাসন এবং দরিদ্র মানুষের জন্য নির্ভরযোগ্য সামাজিক সুরক্ষা। সবচেয়ে বড় কথা, অর্থনৈতিক সংকটের মূল্য যেন তাদের দিতে না হয়, যাদের হাতে সংকট মোকাবিলার সবচেয়ে কম সামর্থ্য রয়েছে। অর্থাৎ নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসী কর্মীদের সুরক্ষাকে অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। এটা সত্য দেশের সামনে এখন চ্যালেঞ্জ বড়। কিন্তু উত্তরণের পথ একেবারে বন্ধ নয়। তবে সমস্যাকে আড়াল না করে স্বীকার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে তথ্যের ভিত্তিতে এবং প্রতিটি নীতির ফলাফল পরিমাপ করতে হবে। সংকটের সময় শুধু অর্থের জোগান বাড়ানো নয়, অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করাই হওয়া হোক সরকারের প্রধান লক্ষ্য।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা