× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকস্মিক পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণ

সব দায়িত্ব প্রধানমন্ত্রীর একার নয়

সম্পাদকীয়

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১১:২৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গত শনিবার আকস্মিকভাবে রাজধানীর ১৩টি সরকারি-বেসরকারি অফিসে ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালগুলো হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।

পরিদর্শনকালে তিনি হাসপাতালগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা-আবর্জনায় পরিপূর্ণ টয়লেট, রোগীদের বিছানাপত্র ও অন্যান্য অব্যবস্থাপনায় চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি শিশু হাসপাতাল পরিদর্শকালে এক চিকিৎসককে অফিস কক্ষে বসে ধূমপান করতে দেখেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সেই চিকিৎসককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়। দেশের চিকিৎসা ব্যবস্থাপনার অবস্থা সরেজমিন পরিদর্শন ও অব্যবস্থা দূরীকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশবাসীর কাছে সমাদৃত হয়েছে। এটা শুধু জনমনে প্রধানমন্ত্রীর ইতিবাচক ভাবমূর্তিতে নতুন পালক যুক্ত করেনি, একই সঙ্গে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় নিমজ্জিত বাংলাদেশ রাষ্ট্রকে টেনে তোলার প্রয়াস হিসেবেও বিবেচিত হয়েছে। সেই সঙ্গে এ প্রশ্নও উঠেছিল, প্রধানমন্ত্রীর এ আকস্মিক অভিযানের বাস্তব কোনো ফল দেশবাসী দেখতে পাবে কিনা।

জনমনে উত্থিত এ প্রশ্নের কিছুটা উত্তর মিলেছে গতকাল প্রতিদিনের বাংলাদেশের এসংক্রান্ত ফলোআপ খবরে। তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর উল্লিখিত তিন হাসপাতালের চিত্র কিছুটা পাল্টেছে। হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে জোরদার করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে মেঝে ও শৌচাগার। কোথাও আবার দেয়ালে রঙ করে সৌন্দর্য বাড়ানোরও চেষ্টা করা হয়েছে। অনুমান করা যায়, হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করতে প্রধানমন্ত্রী যে সাত দিনের সময় দিয়েছেন, এর মধ্যেই তা সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রীর এই ‘সাডেন ভিজিট’ জনমনে সঙ্গত কারণেই যুগপৎ চাঞ্চল্য ও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। চাঞ্চল্য সৃষ্টি করেছে এ জন্য যে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বড় বড় কর্মকাণ্ড পরিচালনার পরেও ছুটির দিনটিকে কাজে লাগিয়েছেন। দুঃশাসনে বিধ্বস্ত বাংলাদেশের সাবলীল গতি ফিরিয়ে আনতে হলে যে সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে, আকস্মিক এই পরিদর্শন দ্বারা প্রধানমন্ত্রী তা বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি এ প্রশ্নও উঠেছে, দেশের প্রধানমন্ত্রী এভাবে ভিজিট করে সব সমস্যার সমাধান করতে পারবেন কি না। তবে সরকারপ্রধানের এই আকস্মিক পরিদর্শন এটা স্পষ্ট করে দিয়েছে যে সবকিছু ঠিকমতো চলছে না। অস্বীকার করার জো নেই, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সরকারি প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে জঞ্জালের পাহাড় তৈরি করেছে। সে জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীকে যদি এসব বিষয়ে নজর দিতে হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা কী করেন? হাসপাতাল হোক বা অন্য যেকোনো প্রতিষ্ঠান, সবখানে এক বা একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় একটি হাসপাতালের শৌচাগারের যে চিত্র টেলিভিশনগুলো দেখিয়েছে, তা ভাগাড়ের চেয়ে কদাকার। খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন, ওই কর্মকর্তা সে শৌচাগারটি ব্যবহার করবেন কি না। কর্মকর্তা কী জবাব দিয়েছেন তা যদিও খবরে আসেনি, তবে এটা অনুমান করা যায়, তিনি ‘লা জবাব’ হয়েছিলেন।

আমরা বলতে চাই, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি সঠিকভাবে স্ব-স্ব দায়িত্ব পালন করেন, তাহলে কোথাও কোনো অব্যবস্থাপনা থাকার কথা নয়। তবে নির্মম সত্যি হলো, বেশিরভাগ সরকারি কর্মকর্তা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। শীতাতপ নিয়ন্ত্রিত অফিস রুমে বসে দিন পার করে মাইনে গুনতেই তারা অভ্যস্ত। তাদের কাছে চাকরি মানে মাস গেলে বেতন পাওয়া। কাজ করতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু তিনটি হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সে ধারণাকে নিশ্চয়ই ভেঙে দিয়েছে। এখন থেকে চাকরিতে থেকে রাষ্ট্রীয় তহবিলের বেতন নিতে হলে অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। অন্যথায় ওইসব অকর্মণ্য কর্মকর্তাকে পত্রপাঠ বিদায়ের ব্যবস্থা করতে হবে।

অনিয়ম-অব্যবস্থাপনা রোধে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন নিঃসন্দেহে। তবে এটা প্রাত্যহিক প্র্যাকটিসে পরিণত করা যাবে না। বরং সরকার বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সব রকম অনিয়ম-অব্যবস্থাপনার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলায় জনসাধারণের জন্য একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে; যেগুলোর ব্যবস্থাপনা ন্যস্ত থাকে দুদকের ওপর। এসব বাক্সে জনসাধারণ সরকারি দপ্তর বা কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের বিষয়ে অভিযোগ জানাবে। 

আকস্মিক পরিদর্শন ও পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান যে শুভ সূচনা করেছেন, আমরা তাকে স্বাগত জানাই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা