× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকীর্ণতার শিকার রবীন্দ্রনাথ

সিয়াম সারোয়ার জামিল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৬ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

রাজধানী ঢাকায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালির প্রলেপ দেওয়ার ঘটনা কেবল একটি দেয়ালচিত্র বিকৃত করার ঘটনা নয়; এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তবুদ্ধির চর্চা এবং অসাম্প্রদায়িক জাতীয় পরিচয়ের সামনে দাঁড় করিয়েছে এক গভীর প্রশ্ন। যে কবির লেখা গান বাংলাদেশের জাতীয় সংগীত, যে কবির সাহিত্য বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছে, তার প্রতিকৃতিকে বিকৃত করে আসলে কী অর্জন করতে চায় একটি গোষ্ঠী? দেশপ্রেমের নামে ইতিহাসকে অস্বীকার করা, নাকি রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সংস্কৃতিকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো?

প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকার একটি চারুকলা প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালো কালি মাখানোর অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই চিত্রকর্মটি নগর সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে আঁকা হয়েছিল। পুলিশের বক্তব্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যারা বাংলাদেশে ভারতীয় প্রভাবের বিরোধিতা করে আসছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া।

ঘটনাটির রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের একটি অংশ আরও দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও টানাপড়েন বেড়েছে। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের মতো একজন বরেণ্য সাহিত্যিককে ভারতীয় প্রভাবের প্রতীক হিসেবে চিহ্নিত করার প্রবণতা উদ্বেগজনক। কারণ এর মধ্য দিয়ে একটি দেশের সঙ্গে রাজনৈতিক বিরোধকে তার ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের বিরুদ্ধে পরিচালিত করার ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ভারতের ভূমিকা কিংবা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সমালোচনা করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্যিক বৈষম্য, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ কিংবা অন্য যেকোনো বিতর্কিত বিষয়ে প্রশ্ন তোলা গণতান্ত্রিক অধিকার। প্রতিবেশী রাষ্ট্রের নীতির বিরোধিতা করাও অসঙ্গত নয়। কিন্তু সেই বিরোধিতার দায় একজন কবির সাহিত্যকর্মের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত হতে পারে না।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতাবাদী চিন্তা বাংলাভাষী মানুষের সাংস্কৃতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিলÑ কিন্তু এসব ঐতিহাসিক তথ্য তাকে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের রাজনৈতিক সম্পত্তিতে পরিণত করে না। তার সাহিত্য ভারতীয় সীমানা ছাড়িয়ে বিশ্বমানবতার অভিজ্ঞতা, স্বাধীনতা, প্রকৃতি, প্রেম, প্রতিবাদ ও আত্মমর্যাদার নানা প্রশ্নকে ধারণ করেছে।

রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। এই গান কেবল একটি সুর বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়; এটি বাংলাদেশের ভূপ্রকৃতি, মানুষের আবেগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার সাংস্কৃতিক প্রকাশ। যে গান বাঙালির জাতীয় পরিচয়ের অংশ, তার স্রষ্টাকে রাজনৈতিক পরিচয়ের সংকীর্ণ মাপকাঠিতে বিচার করা আত্মপরিচয়ের ইতিহাসকেই খণ্ডিত করার শামিল।

জাতীয়তাবাদ কখনও কখনও মানুষের মধ্যে ঐক্য তৈরি করে। কিন্তু জাতীয়তাবাদ যখন ইতিহাসের নির্বাচিত অংশকে গ্রহণ করে এবং অন্য অংশকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তখন তা আত্মবিরোধিতায় আক্রান্ত হয়। বাংলাদেশের জাতীয় পরিচয় গড়ে উঠেছে বাংলা ভাষা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাহিত্য, লোকসংস্কৃতি এবং অসংখ্য মানুষের সংগ্রামের মধ্য দিয়ে। এই পরিচয়কে একটি মাত্র রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে বন্দি করা যায় না।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কেবল ভূখণ্ড অর্জনের ইতিহাস নয়; এটি ভাষা, সংস্কৃতি ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার ইতিহাসও। পাকিস্তানি শাসনামলে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর যে অবজ্ঞা ও দমন-পীড়ন চালানো হয়েছিল, তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামই বাঙালির জাতীয়তাবাদকে শক্তিশালী করেছিল। রবীন্দ্রসংগীতও সেই সাংস্কৃতিক আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে বিশেষ তাৎপর্য বহন করেছে।

পাকিস্তানি শাসনামলে রবীন্দ্রসংগীতকে ঘিরে নিষেধাজ্ঞা ও বাধা সৃষ্টির ইতিহাস স্মরণ করলে বোঝা যায়, সংস্কৃতিকে রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় পরিণত করার পরিণতি কতটা বিপজ্জনক হতে পারে। যে ভূখণ্ডের মানুষ ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে রক্ত দিয়েছে, সেই ভূখণ্ডে কোনো কবির প্রতিকৃতি রাজনৈতিক অসন্তোষের কারণে বিকৃত করা হলে তা গভীর উদ্বেগের বিষয় হয়ে ওঠে।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবিও কিছুদিন আগে রাজনৈতিক বিতর্কে উঠে এসেছে। আর এক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকায় থেকেছে জামায়াতপন্থী গোষ্ঠীগুলোই। জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মুক্তিযুদ্ধে গণহত্যায় অভিযুক্ত গোলাম আযমের ছেলেÑ সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি তিনি এই বিতর্ক উস্কে দেন। সেই একই গোষ্ঠীই রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়েছে। 

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশে রাজনৈতিক মতপার্থক্যের প্রকাশ কি ক্রমশ সাংস্কৃতিক অসহিষ্ণুতার দিকে এগোচ্ছে? কোনো গোষ্ঠী যদি মনে করে, ভারতের সঙ্গে সম্পর্কের বিরোধিতা করতে হলে রবীন্দ্রনাথকে প্রত্যাখ্যান করতে হবে, তাহলে সেই যুক্তি বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ইতিহাসকেও অস্বীকার করে।

রবীন্দ্রনাথ কোনো একক রাজনৈতিক দলের নন, কোনো একক সরকারের নন, এমনকি কোনো একটি রাষ্ট্রের সাংস্কৃতিক সীমানাতেও তাকে আটকে রাখা যায় না। তিনি বাংলা ভাষা ও বিশ্বসাহিত্যের এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার। তার প্রতিকৃতি বিকৃত করার ঘটনাটি তাই আমাদের মনে করিয়ে দেয়Ñ একটি জাতির স্বাধীনতা শুধু তার ভূখণ্ড ও পতাকায় সীমাবদ্ধ নয়; সেই স্বাধীনতার প্রকৃত শক্তি নিহিত থাকে তার চিন্তা, শিল্প, সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতায়।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখিয়ে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা যাবে না। বরং এই ঘটনা আমাদের দেশের কতিপয় ব্যক্তি বা গোষ্ঠির সংকীর্ণতাকেই প্রকটভাবে প্রকাশ করেছে।এ কর্মকাণ্ড তাই ঘৃণ্য ও পরিত্যাজ্য। 

লেখক: সাংবাদিক ও গবেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা