ফিরোজ আলম মিলন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:০৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের শহর, উপশহর ও গ্রামীণ জনপদের সড়ক যোগাযোগব্যবস্থায় ব্যাটরি চালিত অটোরিকশা এখন একটি পরিচিত যানবাহন। স্বল্প দূরত্বে দ্রুত যাতায়াত, তুলনামূলক কম ভাড়া এবং সহজলভ্যতার কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ এ যানবাহনটির ওপর নির্ভর হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন যাতায়াতে এর ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অটোরিকশাকে ঘিরে রয়েছে নানা ধরনের সমস্যা। এসব সমস্যার মধ্যে দুর্ঘটনার ঝুঁকি, অনিয়ন্ত্রিত চলাচল, প্রশিক্ষণহীন চালক, যানবাহনের ত্রুটি, অতিরিক্ত যাত্রী বহন, সড়কে বিশৃঙ্খলা উল্লেখযোগ্য।
অটোরিকশার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নিয়ে আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ একজন চালক প্রতিদিন দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন। যানজট, ধুলাবালি, ধোঁয়া, অতিরিক্ত শব্দ, প্রচণ্ড তাপ, বৃষ্টিপাত এবং বায়ুদূষণের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। ফলে দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্র, চোখ, কান, ত্বক, মেরুদণ্ড ও পেশির বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। একই সঙ্গে মানসিক চাপ ও শারীরিক ক্লান্তিও চালকের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। সিন্থেটিক ড্রাগ আসক্ত হলে তো আর কথাই নেই। একজন ক্লান্ত বা অসুস্থ চালকের হাতে যখন যাত্রীদের নিরাপত্তা নির্ভর করে, তখন বিষয়টি কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা থাকে না, তা জননিরাপত্তার সঙ্গেও যুক্ত হয়ে যায়। অটোরিকশার চালকদের একটি বড় অংশ দীর্ঘ সময় একটানা গাড়ি চালায়। আয় বাড়ানোর জন্য অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় সড়কে থাকে। পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘ সময় গাড়ি চালালে ক্লান্তি ও তন্দ্রা তৈরি হয়।
অটোরিকশা চালকদের আরেকটি বড় স্বাস্থ্যঝুঁকি হলো বায়ুদূষণ। রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য ব্যস্ত নগর ও মহাসড়কে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, রাস্তার ধূলিকণা ও শিল্পকারখানার দূষিত বায়ুর মধ্যে তাদের দীর্ঘ সময় থাকতে হয়। ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা বা পার্টিকুলেট ম্যাটার শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুস ও হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন দূষিত পরিবেশে কাজ করলে শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জি, অ্যাজমা বা অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়ে। যাত্রীদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে, যদিও চালকের ক্ষেত্রে এক্সপোজারের সময় অনেক বেশি।শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণও অটোরিকশা চালকদের জন্য একটি বড় সমস্যা। নগর সড়কে হর্ন, বাস, ট্রাক, মোটরসাইকেল, অন্যান্য যানবাহনের শব্দ এবং মানুষের কোলাহল চালকদের প্রতিনিয়ত সহ্য করতে হয়। দীর্ঘসময় অতিরিক্ত শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিরক্তি, মানসিক চাপ, মাথাব্যথা এবং মনোযোগের ঘাটতিও তৈরি হয়। একজন চালক যদি দীর্ঘসময় শব্দদূষণের মধ্যে থেকে মানসিকভাবে অস্থির থাকে,তা তার ড্রাইভিং আচরণেও প্রভাব ফেলে।অটোরিকশার আরেকটি সমস্যা হলো চালকের বসার অবস্থান ও কর্মপরিবেশ।
অটোরিকশার যান্ত্রিক নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে ব্রেক, টায়ার, লাইট, স্টিয়ারিং, হর্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ত্রুটি দেখা দেয়। একটি ত্রুটিপূর্ণ যানবাহন চালকের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দুর্ঘটনার কারণ হয়। তাই শুধু চালকের লাইসেন্স আছে কি না তা দেখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; যানবাহনটি সড়কে চলাচলের জন্য উপযুক্ত কিনা, এমন বিপজ্জনক বাহন সড়কে চলতে পারে কিনা সেটিও নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। অতিরিক্ত যাত্রী বহনও অটোরিকশার একটি পরিচিত সমস্যা। নির্ধারিত ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করলে যাত্রীর স্বাচ্ছন্দ্য যেমন কমে, তেমনি ভারসাম্য ও নিয়ন্ত্রণেও সমস্যা হয়। অনেক ক্ষেত্রে যাত্রীদের শরীরের অংশ বাইরে চলে আসে, যা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাতের কারণ হয়। যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হয়ে এই ত্রুটিপূর্ণ বাহন ব্যবহার করা উচিত। কম ভাড়ায় বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায় অতিরিক্ত যাত্রী বহনকারী অটোরিকশায় ওঠা কোনোভাবেই নিরাপদ সিদ্ধান্ত নয়। আমাদের দেশে অটোরিকশা চালকদের প্রশিক্ষণের বিষয়টিও নতুন করে গুরুত্বের সঙ্গে দেখা দরকার। যেহেতু এটি একটি যান্ত্রিক বাহন শুধু গাড়ি চালানো শেখানো যথেষ্ট নয়। একজন চালককে ট্রাফিক আইন, সড়ক চিহ্ন, লেন শৃঙ্খলা, গতি ব্যবস্থাপনা, নিরাপদ ওভারটেকিং, পথচারীর অধিকার, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দুর্ঘটনা-পরবর্তী প্রাথমিক সহায়তা সম্পর্কে প্রশিক্ষিত করা জরুরি ছিল।
এখানে অটোরিকশার মালিকদেরও দায়িত্ব রয়েছে। যানবাহন নিয়মিত সার্ভিসিং করায় না, ত্রুটিপূর্ণ গাড়ি সড়কে নামানো, চালকের কর্মঘণ্টা ও বিশ্রামের বিষয়টি বিবেচনা করা হয় না এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করে বললেই চলে। তাই সড়কে বিশৃঙ্খলা এবং প্রাণহানির মতো ঘটনায় মালিকদের দায়িত্বের অংশ হওয়া উচিত। দেশে জরুরি ভিত্তিতে যানবাহনের ফিটনেস, রুটপারমিট, চালকের লাইসেন্স ও প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারক করতে হবে।
মনে রাখতে হবে, একজন অটোরিকশা চালক শুধু একটি যানবাহন চালায় না, তার হাতে প্রতিদিন বহু মানুষের জীবন ও নিরাপত্তা ন্যস্ত থাকে। তাই তার স্বাস্থ্য, দক্ষতা, মানসিক স্থিতি এবং কর্মপরিবেশ সরাসরি জননিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অটোরিকশার সমস্যা সমাধান মানে শুধু যানজট কমানো বা সড়কে শৃঙ্খলা আনা নয়; এর সঙ্গে জড়িত মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা করাও। সরকার, স্থানীয় প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, যানবাহনের মালিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হলে অটোরিকশাকে যথাযথ বাহন হিসেবে স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট