× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঊর্ধ্বমুখে পথ চলিও না’

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:৩৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমাদের আনুষ্ঠানিক শিক্ষার শুরু হয়েছিল সীতানাথ বসাক রচিত ‘আদর্শলিপি ও বর্ণ পরিচয়’ নামের একটি বইয়ের মাধ্যমে। বইটির বিশেষত্ব ছিল, বর্ণ পরিচয়ের ক্ষেত্রে প্রতিটি অক্ষরের বিপরীতে একটি বাক্য ছিল, যা উপদেশমূলক। বইটিতে ‘ঊ’ অক্ষরের বিপরীত লেখা ছিল, ‘ঊর্ধ্বমুখে পথ চলিও না’। অর্থাৎ পথ চলার সময় উপরের দিকে তাকিয়ে হাঁটলে হোঁচট খেয়ে গাড্ডায় নিপতিত হওয়ার আশঙ্কা থাকে। পথ চলার ক্ষেত্রে মুরব্বিরাও আমাদের এ উপদেশটি দিতেন। নির্বিঘ্নে পথ চলতে দেখেশুনে হাঁটার গুরুত্ব অপরিসীম। পথ সে কাঁচাপাকা সড়ক হোক কিংবা জীবন চলার পথ হোক, তা যে কুসুমাস্তীর্ণ নয়, তা বলার অপেক্ষা রাখে না। গন্তব্যে পৌঁছতে হলে তাই অব্যাহত পথচলার কোনো বিকল্প নেই। আর সেজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন জরুরি।

ব্যক্তির পথচলা আর একটি সরকারের পথচলা যদিও এক নয়, তবে উভয় ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বনের গুরুত্ব অপরিসীম। সতর্ক হয়ে পথ চললে ব্যক্তি যেমন হোঁচট খায় না, পায়ে কাঁটা ফুটে না, তেমনি একটি সরকার যদি দেখেশুনে পথ চলে তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা তাদের বাধাগ্রস্ত করতে পারে না। তবে নির্মম সত্যি হলো, আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা পথ চলতে সবসময় সতর্কতা অবলম্বন করে না। যে কারণে নানা ধরনের সমস্যা-সংকট তাদের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নিরেট সত্যি হলো, ক্ষমতাসীনরা অজ্ঞাত কারণেই কালা ও অন্ধ হয়ে যায়। যেজন্য তারা বুঝতে পারেনা, যে পথে তারা হাঁটছে সেটা সঠিক, না বেঠিক। এমনকি কেউ সঠিক পথে হাঁটার পরামর্শ দিলেও শ্রবণশক্তির ঘাটতির কারণে সে পরামর্শ তাদের কর্ণকুহরে প্রবেশ করে না।

প্রশ্ন উঠতে পারে, একটি সরকার কেন শ্রবণশক্তি হারাবে বা দৃষ্টিস্বল্পতায় ভুগবে? এর জবাব এক কথায় দেওয়া সম্ভব নয়। একটি সরকারের দৃষ্টিহীনতা ও শ্রবণশক্তির স্বল্পতায় আক্রান্ত হওয়ার নানাবিধ কারণ রয়েছে। রাষ্ট্রক্ষমতার চেয়ারের একটি বৈশিষ্ট্য হলো, এটাতে উপবেশন করার পর একজন মানুষ নিজের চেতনা বা ভালোমন্দ বোঝার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে। সবাই যে এ রোগে আক্রান্ত হয় তা নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায়। রাষ্ট্রক্ষমতার একটি জাদুকরি ক্ষমতা রয়েছে। তা স্বার্থান্বেষী মানুষদের তার দিকে আকর্ষণ করে। যিনি সে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন, তিনি পরিণত হন সেসব স্বার্থ অনুসন্ধানীদের পূজনীয় দেবতায়। তারা তাকে এমনভাবে ঘিরে ধরে, সে প্রাচীর ভেদ করে বাস্তব অবস্থা দর্শন করা ক্ষমতাবানের পক্ষে সম্ভব হয় না। এসব স্বার্থান্বেষী মোসাহেব হিসেবেই পরিগণিত। তারা তাদের চাটুকারিতা দিয়ে ক্ষমতাবানকে এমন মোহাবিষ্ট করে রাখে যে, তিনি ভালোমন্দ বা সত্যমিথ্যা বাছবিচারবোধ হারিয়ে ফেলেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বা আত্মশক্তিও হ্রাস পেতে থাকে। একসময় তা এতটাই ঘাটতিতে পড়ে যে, ক্ষমতাবান পরিণত হন মোসাহেব-চাটুকারদের হাতের পুতুলে। তারা যেভাবে বলে, কর্তা তখন সেভাবেই কর্ম করেন। একই সঙ্গে যদি সে কর্তার মনে এ প্রতীতি জন্মে যে, দেশের তাবত মানুষ জ্ঞানবুদ্ধি বা বোধশক্তিহীন জড়োপদার্থ, তখন তিনি নিজেকে ভাবতে থাকেন রাজাধিরাজ। আর তখনই সে ক্ষমতাবানের চলার পথ নিম্নগামী হতে থাকে। 

এর প্রচুর উদাহরণ আমাদের দেশে আছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। ২০২৪ সালের জুলাই আন্দোলনে যে কর্তৃত্ববাদী সরকারটির পতন হলো, সে সরকারটির প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং পরিণতির দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে শেখ হাসিনার ছিল এক গৌরবময় উত্তরাধিকার। পিতার সম্মান ও মর্যাদা এবং তার শাসনামলের ভুলত্রুটির কথা মাথায় রেখে শেখ হাসিনার উচিত ছিল বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা। কিন্তু তিনি তা পারেন নি। পক্ষান্তরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম উত্তরাধিকারী বেগম খালেদা জিয়া এক্ষেত্রে ছিলেন সার্থক। ছোটখাটো ভুলত্রুটি বাদ দিলে বেগম জিয়ার শাসনামলে এমন কোনো ঘটনা ঘটেনি বা তার সরকারের আচরণে এটা প্রতীয়মান হয়নি, তিনি বা তার সরকার গণতন্ত্রের প্রতিপক্ষ। বরং দলীয় স্বার্থ উপেক্ষা করে জনগণ তথা গণতন্ত্রের স্বার্থ বিবেচনায় এমনসব পদক্ষেপ বাস্তবায়ন করেছেন, যা তাকে অনন্য মযাদায় অধিষ্ঠিত করেছে। 

এটা তো ঐতিহাসিকভাবে স্বীকৃত যে, বেগম খালেদা জিয়া জনপ্রিয়তা ও জনসর্থনের শিখরে পৌঁছে ছিলেন। আশির দশকের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দান তাকে দেশবাসীর কাছে তুলনাহীন রাজনীতিবিদে পরিণত করেছিল। জনপ্রিয়তায় সে সময় খালেদা জিয়া ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। একানব্বই সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। দেশে তখন রাষ্ট্রপতিশাসিত সরকার পদ্ধতি বহাল ছিল। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতো। কিন্তু এরশাদবিরোধী আন্দোলনের একপর্যায়ে তিন জোটের রূপরেখায় সিদ্ধান্ত ছিল, যে দলই সরকার গঠন করুক, সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি পদ্ধতির পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা পুনঃস্থাপিত করা হবে। আন্দোলনকালের তিন জোটের সে সিদ্ধান্ত বাস্তবায়নের তেমন কোনো বাধ্যবাধকতা বিএনপি বা বেগম জিয়ার ওপর ছিল না। ইচ্ছে করলে তিনি তা নাকচ করে রাষ্ট্রপতি পদ্ধতির সরকারব্যবস্থা চালু রাখতে পারতেন। কিন্তু রাজনৈতিক কমিটমেন্টের প্রতি দৃঢ়তার কারণে খালেদা জিয়া সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতিতে পুনঃপ্রত্যাবর্তনের পক্ষেই অবস্থান নেন। বিএনপি নেতৃত্বের একটি অংশ ও দলটির শুভানুধ্যায়ীদের কেউ কেউ বেগম জিয়াকে পরামর্শ দিয়েছিলেন ওপথে না যেতে। তারা যুক্তি দিয়েছিলেন, জনপ্রিয়তার যে উচ্চতায় খালেদা জিয়া তখন অবস্থান করছিলেন, তাতে রাষ্ট্রপতি নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কারও পক্ষে পেরে ওঠা সম্ভব ছিল না। কিন্তু সে পরামর্শ কানে তোলেননি খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিশ্রুতিকে সর্বোচ্চে স্থান দিয়ে নিজের দলের মেনিফেস্টোর বিপরীতে গিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিস্থাপন করেছিলেন। 

দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দেওয়ার যে দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করে গেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তা বিরল। মূলত তার এ নৈতিক বৈশিষ্ট্যই তাকে ইতিহাসে অনন্য স্থানে পৌঁছে দিয়েছে। জাতীয় যেকোনো ইস্যুতে তিনি দলের চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন জনমতের প্রতি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এর জ্বলন্ত উদাহরণ। প্রথমদিকে বিরোধী দলের এ দাবির প্রতি বিএনপি নেতিবাচক অবস্থানই নিয়েছিল। যে কারণে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়ে যে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান অনিবার্য হয়ে পড়ে। তবে সে নির্বাচনের ফলাফলকে পুঁজি করে রাষ্ট্রক্ষমতায় জেঁকে বসার কোনো ইচ্ছে জাগেনি খালেদা জিয়ার। তাই সে নবগঠিত সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে পরদিনই মন্ত্রিসভা ভেঙে দিয়েছিলেন। জনমতের প্রতি শ্রদ্ধা এবং অধিকতর অরাজকতা যাতে জনজীবন তথা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করে, সে ভাবনা থেকেই তিনি এ যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়েছিলেন। 

কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখি বিপরীত চিত্র। তিনি তার দল ও ব্যক্তিস্বার্থে রাষ্ট্রীয় তথা জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিতে কসুর করেননি। একটি মাত্র উদাহরণই এক্ষেত্রে যথেষ্ট। যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞের আন্দোলন করেছিলেন, শুধু দলীয় স্বার্থে সে তত্ত্বাবধায়ক সরকারের গলায় ছুরি চালাতে কুণ্ঠাবোধ করেননি। বিতর্কিত বিচারপতি খায়রুল হকের ততোধিক বিতর্কিত একটি রায়ের একাংশকে পুঁজি করে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে উচ্ছেদ করেছিলেন। এসব বিষয় নতুন করে বলার দরকার পড়ে না। তবে শেখ হাসিনার গর্হিত সে পদক্ষেপের পেছনে যে মনস্তত্ত্ব কাজ করেছে, তা অবশ্যই আলোচনার দাবি রাখে। মূলত রাষ্ট্রক্ষমতাকে চিরস্থায়ী রূপ দিতে তার উদগ্রতা তাকে সে আত্মঘাতী পথে হাঁটতে ইন্ধন জুগিয়েছে। আত্মঘাতী বললাম এজন্য যে, তার ওই সিদ্ধান্তই তাকে ও তার দলকে শোচনীয় পরিণতির দিকে টেনে নিয়ে গেছে। যেটা ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট। 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি সবার জন্যই শিক্ষণীয়। রাজনৈতিক পরিভাষায় ‘দেয়ালের লেখা পড়ুন’ বলে যে আপ্তবাক্যটি আছে, তা এক্ষেত্রে অনুধাবনযোগ্য। বাস্তবে দেয়ালে কিছু লেখা থাকে না। এটা বলা হয়, দেশবাসী তথা জনগণের মনোভাব বা ইচ্ছা-অনিচ্ছার প্রতি সম্মান জানানোকে বোঝাতে। এক্ষেত্রে পুরোই ব্যর্থ হয়েছিলেন শেখ হাসিনা। এ ব্যর্থতা ভিন্ন কোনো কারণে ঘটেনি। উন্নাসিকতাই এর মূল কারণ। ক্ষমতামদে মত্ত শেখ হাসিনা এতটাই অপরিণামদর্শী আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে, ক্ষমতার চেয়ারের ঠিক নিচেই যে পতনের কৃষ্ণ গহ্বরের অবস্থান, তিনি সেটা বিস্মৃত হয়েছিলেন। ক্ষমতা তথা রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের মাধ্যমে বিরোধী দলকে ম্রিয়মাণ করে তিনি নিজেকে রাজাধিরাজ ভাবতে শুরু করেছিলেন। তিনি বিস্তৃত হয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের কথাÑ ‘চিরদিন কাহারো সমান নাহি যায়/ আজ যে আছে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।’ আর নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করার আত্মবিনাশী ভাবনাই শেখ হাসিনাকে ঊর্ধ্বমুখ পথ চলতে প্ররোচিত করেছে। তিনি এটা ভাবনার মধ্যে রাখেননি, আপাতদৃষ্টে মসৃণ ও নিষ্কণ্টক মনে হলেও সে পথে থাকতে পারে গর্ত; যাতে হোঁচট খেয়ে পপাৎ ধরণীতল হওয়া সময়ের ব্যাপার মাত্র। 

এখানেই আমাদের দেশের সমসাময়িক দুই নেত্রীর আচরণ ও দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য। একজন পথ চলতেন মাটির দিকে তাকিয়ে অর্থাৎ দেশ ও জনগণকে প্রাধান্য দিয়ে। আরেকজন পথ চলেছেন জনগণকে অবজ্ঞা করে দৃষ্টিকে আকাশের দিকে নিবদ্ধ রেখে। যিনি মাটির দিকে তাকিয়ে পথ চলেছেন, তিনি স্থান পেয়েছেন জনগণের হৃদয়ে। আর আকাশের দিকে চেয়ে হাঁটা নেত্রীকে আকাশপথেই বিদায় নিতে হয়েছে দেশ ও রাজনীতি থেকে। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ শাসকদের জন্য এ এক চরম দৃষ্টান্ত। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা