মৃত্যু নয় হত্যা
সম্পাদকীয়
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর মর্মান্তিক ও হৃদয়বিদারক। আনন্দের মুহূর্ত যেন নিমিষেই পরিণত হলো মাতমে। স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলতে কিংবা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজতে মানুষ ছুটে যায় পর্যটনকেন্দ্রে। কিন্তু সেই আনন্দভ্রমণ যদি শেষ পর্যন্ত মৃত্যুযাত্রায় পরিণত হয়, তার চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে! নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি, স্বপ্নভঙ্গের বেদনা এবং বেঁচে যাওয়া মানুষের আতঙ্ক বিবেককে গভীরভাবে নাড়া দেয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
মর্মান্তিক এ দুর্ঘটনা আবারও একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছেÑ আমাদের পর্যটনকেন্দ্রগুলো কতটা নিরাপদ? মানুষ যে রিসোর্টে নিশ্চিন্তে রাত কাটাতে যায়, সেখানে আগুন লাগলে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা আছে কি? অগ্নিনির্বাপণ সরঞ্জাম সচল থাকে কি? জরুরি বহির্গমনপথ খোলা থাকে কি? প্রশিক্ষিত কর্মী ও প্রয়োজনীয় সতর্কতাব্যবস্থা রয়েছে কি? সেই বাস্তবতায় উখিয়ার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদঘাটন জরুরি। একই সঙ্গে রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা, ভবনের নির্মাণকাঠামো, বৈদ্যুতিক সংযোগ এবং জরুরি উদ্ধারব্যবস্থায় কোনো অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।
সাম্প্রতিক সময়ে পর্যটনশিল্পের বিকাশে বাংলাদেশে নতুন নতুন দৃষ্টিনন্দন হোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র গড়ে উঠছে। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় এই সত্য সামনে এলো যে অবকাঠামোর চাকচিক্য নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। সুন্দর কক্ষ, আকর্ষণীয় পরিবেশ কিংবা আধুনিক সাজসজ্জার আড়ালে যদি নিরাপত্তার ঘাটতি থাকে, তাহলে এসব স্থাপনা যেকোনো সময় মৃত্যুফাঁদে পরিণত হতে পারে।
এ কথা সত্য, বাংলাদেশে পর্যটনশিল্পের বিকাশে রিসোর্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সব রিসোর্ট প্রয়োজনীয় আইন ও বিধিমালা মেনে পরিচালিত হচ্ছে না। বৈধ রিসোর্ট পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা, কর প্রদান এবং পর্যটকদের সেবার মান বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করে। অন্যদিকে অনুমোদনহীনভাবে পরিচালিত রিসোর্ট, পাহাড়-জলাশয় দখল, বনভূমি ধ্বংস কিংবা পরিবেশবিধি লঙ্ঘন করে গড়ে তোলা হয়। জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় রিসোর্ট, রেস্টুরেন্ট, কটেজসহ পর্যটন-সংশ্লিষ্ট হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে যাচাই-বাছাই করে আড়াই শ প্রতিষ্ঠানের বৈধতা পায়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে স্ব-স্ব সংস্থার পক্ষে নোটিস দিয়ে সতর্ক করা হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে এসব প্রতিষ্ঠান। এর মধ্যে ভয়াবহ আগুনে প্রাণহানি ঘটে যাওয়া ‘টুপটুপ’ রিসোর্টটিও রয়েছে। ওই প্রতিষ্ঠানটিরও ছিল না সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন।
আমরা মনে করি, একটি রিসোর্টে আগুন লাগার কারণ অনুসন্ধানই যথেষ্ট নয়। প্রয়োজন ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার নিশ্চয়তা বিধান। ঘটনার তদন্ত হবে, তবে সে তদন্ত যেন কেবল দুর্ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ না থাকে। তদন্ত রিপোর্ট প্রকাশ এবং পর্যটকদের নিরাপত্তায় সংশ্লিষ্ট সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের করণীয় সম্বন্ধেও সুপারিশ থাকতে হবে। প্রতিটি রিসোর্টে অগ্নিনির্বাপণব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। যেসব রিসোর্ট বা রেস্টুরেন্টের বৈধ লাইসেন্স নেই, সেগুলোকে অবিলম্বে বন্ধ করে দিতে হবে। সে সঙ্গে রিসোর্ট গড়ে তোলার একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
মুনাফার চেয়ে মানুষের জীবনের মূল্য বেশিÑ এই বোধ থেকেই রিসোর্ট-রেস্টুরেন্ট মালিকদের বিনিয়োগ করতে হবে। পর্যটকদেরও রিসোর্টে প্রবেশের আগে জরুরি বহির্গমনপথ, অগ্নিনির্বাপক যন্ত্রের অবস্থান ও নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে জেনে নেওয়া উচিত। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ পথে বেরিয়ে আসতে হবে। আমরা বলতে চাই, দুর্ঘটনার পর তৎপরতা নয়, দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
উখিয়ার ইনানীতে অগ্নিকাণ্ডে যে প্রাণগুলো ঝরে গেল, কোনো ক্ষতিপূরণই তাদের ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই শোক যদি আমাদের দায়িত্বশীল করে তোলে, যদি নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব হবে। মানুষ শ্রান্তি-বিনোদনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। বেড়ানো শেষে তারা যেন অক্ষত দেহে ঘরে ফিরে আসতে পারে, রাষ্ট্রকে সে নিশ্চয়তা বিধান করতে হবে।