বজ্র আঁটুনি ফস্কা গেরো
সম্পাদকীয়
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৩১ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৪৫ পিএম
মা ইলিশ রক্ষায় চলতি মাসের ৮ থেকে ২৯ তারিখ পর্যন্ত পদ্মা-মেঘনাসহ ইলিশ প্রজনন নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, মজুদ কিংবা বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। প্রতিবছর এ সময়ে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়ে থাকে। কারণ বছরের এ সময়ে বঙ্গোপসাগর থেকে মা ইলিশ মিঠাপানিতে ডিম ছাড়ার উদ্দেশ্যে মেঘনা নদীর মোহনা দিয়ে প্রবেশ করে পদ্মা-মেঘনা অববাহিকায় ছড়িয়ে পড়ে। তাই এ সময় ইলিশের প্রজনন ও পরবর্তী মৌসুমে এর উৎপাদনের জন্য অতীব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তবে সরকারের সে নিষেধাজ্ঞা এবার বজ্র আঁটুনি ফস্কা গেরোতে পরিণত হয়েছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল মৎস্যজীবী মেঘনা নদীতে দেদার ইলিশ নিধনে মেতে উঠেছে। এক রকম প্রকাশ্যে তারা এ অপরাধকর্মে লিপ্ত থাকলেও স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। তারা লোকবল কমÑ এ অজুহাত দেখিয়ে কার্যত হাত গুটিয়ে বসে আছে। তবে এর নেপথ্যে রয়েছে আরও গূঢ় কারণ; যা প্রতিদিনের বাংলাদেশ তুলে ধরেছে। বলা হয়েছে, স্থানীয় দুই বিএনপি নেতার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কতিপয় জেলে অবৈধভাবে নির্ভয়ে ইলিশ শিকারে ব্যাপৃত রয়েছেন। বিএনপির ওই দুই নেতা নাকি ঠিক করে দেন, কোন জেলে কোন এলাকায় ইলিশ শিকার করবেন। তাদেরই তত্ত্বাবধানে চলে বেচাকেনাও। ফলে ইলিশ শিকারিরা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।
খবরটি উদ্বেগজনক এ কারণে যে, এর ফলে দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকারের উদ্যাগ ব্যর্থ হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মূল মেঘনা এখন এক রকম উন্মুক্ত। প্রশাসনের অনুপস্থিতির সুযোগে জেলেরা আগের চেয়ে দুই-তিনগুণ বেশি জাল ফেলছেন নদীতে। বরিশালের হিজলা উপজেলার বিএনপির দুই নেতা জেলেদের ইলিশ নিধন ও বেচাকেনার তদারকি করছেন। অনুমান করা কষ্টকর নয়, তাদের রাজনৈতিক প্রভাবের কারণেই স্থানীয় প্রশাসন এবং মৎস্য বিভাগ অকর্মণ্য ও অথর্বের মতো চুপচাপ সময় কাটাচ্ছে। অবশ্য হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসিনুল হক বলেছেন, লোকবল কম থাকায় তারা সামর্থ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে থাকেন। আর মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেছেন, মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের ৬০ কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকায় ইলিশ নিধন বন্ধ করা না গেলে নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনবে না। অন্যদিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুই ‘প্রভাবশালী’ নেতাকে ডেকে নিষেধাজ্ঞার সময়ে যাতে মাছ শিকার না হয়, সে ব্যাপারে সহায়তা চাওয়া হয়েছে। তবে তারা সহায়তা করতে রাজি হয়েছেন কি না, তা জানা যায়নি।
প্রশাসন বা মৎস্য কর্মকর্তাদের বক্তব্যকে কৈফিয়ত হিসেবে গণ্য করার সুযোগ নেই। কেননা, সরকার তাদের নিয়োগ করেছে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য। সেক্ষেত্রে সরকারি দলের স্থানীয় নেতাদের কেউ বাধা সৃষ্টি করলে বা আইন ভঙ্গ করলে তাদেরও আইনের আওতায় আনার বিধান রয়েছে। হিজলা উপজেলা বিএনপির উল্লিখিত দুই নেতা নিশ্চয়ই সরকার বা সরকারপ্রধানের চেয়ে ক্ষমতাশালী নন। যেখানে সরকারপ্রধান স্বয়ং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন, সেখানে ওই চুনোপুঁটি নেতাদের দুঃসাহস কোথা থেকে আসে আইনকে তোয়াক্কা না করার? আমরা মনে করি, ইলিশ সম্পদ রক্ষার লক্ষ্যে মা ইলিশ নিধনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা দরকার।
এটা কারও অজানা নয় যে, আমাদের দেশে ইলিশের প্রাচুর্য আগের মতো নেই। ক্রমাগত এর উৎপাদন হ্রাস পাচ্ছে। মা ইলিশ নিধন এবং নদীর নাব্য সংকটের কারণে স্রোত কমে যাওয়ায় সাগর থেকে আসা ইলিশের গতিপথ পরিবর্তন এর প্রধান কারণ। এ কারণে ইলিশ ভারতের পশ্চিমবঙ্গ ও মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। ইলিশের আগের গতিপথ ঠিক রাখার জন্য নদী ও সাগরের সঙ্গমস্থলে প্রয়োজনীয় খননকাজ চালানো জরুরিÑ এ কথা মৎস্যবিশেষজ্ঞরা বহু দিন থেকেই বলে আসছেন। সেসঙ্গে প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন ও পরবর্তী সময়ে জাটকা নিধন বন্ধ করতে না পারলে এর ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। ইলিশ পরিণত হতে পারে দুষ্প্রাপ্য বা বিলুপ্ত প্রজাতির মাছে। সুতরাং বিষয়টি কোনোভাবেই হেলাফেলার নয়। সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেÑ দেশবাসীর প্রত্যাশা সেটাই।