স্বামী অবিচলানন্দ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৩৬ পিএম
স্বামী অবিচলানন্দ।
মা দুর্গা ধরায় এসেছেন। তাই উৎসবে আলোকময় চারপাশ। দুর্গাপূজা হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এবং সর্বাধিক আনন্দমুখর ধর্মীয় ও সামাজিক উৎসব। শরৎকালের আশ্বিন বা কার্তিক মাসে দেবী দুর্গার মর্ত্যে আগমনকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য ও ঐতিহ্যের কিছু দিক নিচে তুলে ধরা হলো:
১. তিথি ও সময়কাল: সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত ৫ দিন ধরে এই মূল পূজার আনুষ্ঠানিকতা চলে। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীর আবাহনের (পিতৃপক্ষের সমাপ্তি ও দেবী-পক্ষের সূচনা) মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
২. পৌরাণিক পটভূমি: পৌরাণিক কাহিনী অনুযায়ী, স্বর্গের দেবতাদের অত্যাচারী অসুর মহিষাসুরের হাত থেকে রক্ষা করতে দেবী দুর্গার সৃষ্টি হয়। দেবী দুর্গা দশ হাতে দশটি অস্ত্র নিয়ে মহিষাসুরকে বধ করেন। এজন্য তাকে মহিষাসুরমর্দিনীও বলা হয়। এ ছাড়া, ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র লঙ্কাজয় ও রাবণবধের উদ্দেশ্যে শরৎকালে দেবীর অকাল বোধন করেছিলেন।
৩. পূজা ও উৎসবের দিনগুলো:
ষষ্ঠী: দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে পূজামণ্ডপে দেবীর আনুষ্ঠানিক আগমন ঘটে। মহাসপ্তমী : নবপত্রিকা বা কলাবউ প্রবেশের পর দেবীর পূজা শুরু হয়। মহাষ্টমী : এই দিনটি অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। সকালে কুমারী পূজা এবং অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে মহাধূমধামে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। মহানবমী : দেবীর বিশেষ পূজা আরতি ও ভোগ বিতরণের দিন। বিজয়া দশমী : সকালে দর্পণ বিসর্জন, বিকালে সিন্দূর খেলা, মিষ্টিমুখ এবং মণ্ডপ থেকে দেবী প্রতিমা সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
৪. সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব: দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই এ অনুষ্ঠানে যোগদান করে। শারদীয় দুর্গাপূজার ইতিহাস পৌরাণিক ঐতিহ্য এবং সামাজিক বিবর্তনের এক অপূর্ব মেলবন্ধন। শরৎকালে অকালে দেবীর বোধন থেকে শুরু করে আজকের সার্বজনীন রূপের ইতিহাসটি বেশ চমকপ্রদ।
পৌরাণিক প্রেক্ষাপট অকাল বোধন: পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীরামচন্দ্র লঙ্কাজয়ের উদ্দেশ্যে দেবী দুর্গার পূজা করেছিলেন শরৎকালে। যেহেতু দেবীর পূজার আসল সময় বসন্তকাল (বাসন্তীপূজা), তাই শরৎকালের এই পূজাকে অকাল বোধন বলা হয়।
মহিষাসুর বধ: স্বর্গের দেবতাদের অত্যাচারী অসুর মহিষাসুরের হাত থেকে রক্ষা করতে মহাশক্তি দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল। মা দুর্গার হাতে মহিষাসুরের মৃত্যু এবং মর্ত্যে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের বার্তা নিয়ে এই উৎসব উদযাপিত হয়।
ঐতিহাসিক বিকাশ: ১৫শ ও ১৬শ শতাব্দী: বাংলায় দুর্গাপূজার প্রথম লিখিত প্রমাণ মেলে ১৪৮০ সালে রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণের পূজায়। পরবর্তীতে ১৬০৬ সালে নদিয়ার ভবানন্দ মজুমদার বা তাহিরপুরের রাজার হাত ধরে ব্যাপক পরিসরে শারদীয় দুর্গাপূজার সূচনা হয়।
জমিদার আমল: শুরুর দিকে দুর্গাপূজা ছিল মূলত ধনী জমিদার ও রাজ পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ।
সার্বজনীন উৎসবের সূচনা: বারোয়ারি পূজা: ১৭৯০ সালে হুগলির গুপ্তিপাড়ায় ১২ জন বন্ধু চাঁদা তুলে প্রথম বারোয়ারি পূজা ( ১২ জন বন্ধুর পূজা) শুরু করেন, যা পরবর্তীতে ‘সার্বজনীন’ রূপ নেয়।
বর্তমান রূপ: ১৯ শতকের মাঝামাঝি সময়ে পূজা ধনী শ্রেণির গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মেলবন্ধনে পরিণত হয়। আজ এটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং বিশ্বের বৃহত্তম বহিরঙ্গ শিল্পকলা উৎসব হিসেবে সমাদৃত।
শারদোৎসব: শারদোৎসব বলতে মূলত শরৎকালের উৎসব বোঝায়, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গোৎসব। এটি অকাল বোধন হলেও আবহমান কাল ধরে শরৎকালের সুনীল আকাশ, শিউলি ফুলের গন্ধ ও কাশফুলের দোলায় প্রকৃতিকে কেন্দ্র করে এই উৎসব উদযাপিত হয়ে আসছে। শারদোৎসবের প্রেক্ষাপট ও সাহিত্যিক দিকটি মূলত দুটি ভাগে বিভক্ত : প্রাকৃতিক ও সাংস্কৃতিক উৎসব : বর্ষার শেষে নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, নদীর তীরে কাশফুল এবং শিউলির গন্ধমাখা শরৎকালে এই উৎসব পালিত হয়।
দেবী প্রপন্নার্তিহরে প্রসীদ/ প্রসীদ মাতর্জগতোঽখি-লস্য।/ প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং/
ত্মমীশ্বরী দেবি চরাচরস্য।।/ সর্বমঙ্গলমঙ্গল্যে
শিবে সর্বার্থসাধিকে।/ শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোঽস্তু তে।।/ সৃষ্টিস্থিতিবিনা-শানাং শক্তিভূতেচ সনাতনি।/ গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোঽস্তু তে।।
শরণাগত দীনার্তপরিত্রাণ-পরায়ণে।/ সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোঽস্তু তে।।
শারদীয়া দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের, বিশেষত বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে প্রিয় উৎসব। আশ্বিনের শুক্লপক্ষে মা উমা সপরিবারে কৈলাসপতি মহাদেবের ঘর থেকে হিমালয়রাজের পিতৃগৃহে আসেন এবং পঞ্চমী থেকে দশমী ছয় দিন অবস্থান করেন।
একদিকে অন্তর্নিহিত রিপুরূপ অসুর বিনাশহেতু শক্তি আরাধনা এবং অপরদিকে ঘরের মেয়ে গণেশজননী উমাকে কাছে পেয়ে, ধনী-দরিদ্র, ছোট-বড় সকলের আনন্দোৎসবে কাটে বছরের সেরা দিনগুলো।
মায়ের আশীর্বাদে আকাশ করুক পর্যাপ্ত বারিবর্ষণ, প্রান্তর পূর্ণ হোক অফুরন্ত শস্যে, মানুষ হোক মানুষের বন্ধুÑ এই আমাদের প্রার্থনা।
দুর্গা দুর্গতিহারিণী:
দূরিতবারিণী যে-জননী দুর্গমে অভয় প্রদান করেন-তিনিই দেবী দুর্গা, শরণাগতের আর্তিহরা সেই সুকল্যাণীর স্নেহাঙ্কে লালিত হয় সকল সন্তান। অন্তঃপুরের মোহগর্ত ও বহির্লোকের বিঘ্নত্রয় থেকে মুক্তির আশায় তারা দেবীর আরাধনা করে। কুণ্ডলিনী শক্তিকে দুর্গামূর্তিতে জাগরিতা হৃদয় পদ্মে এনে তার পূজা হয়; নিবেদিত হয় মনোলোকের নানা উপাচার। সুবচনী মাতা তখন চতুর্বর্গে পূরণ করেন ভক্তবাঞ্ছা।
জ্যোতির্ময়ী দেবী জটাজূটধারিণী
পূর্ণ শশিনিভাননার শেখরভূষণে শিশুশশীর শোভা। তিনটি স্নেহ নয়নের প্রেমদৃষ্টি ত্রিলোককে আবিষ্ট করেছে। অতসীকুসুমের মতো সমুজ্জ্বল তার তনুবর্ণÑ কেউবা বলেন, বিগলিত কনকধারা যেন। প্রসন্ন বদনা দেবীর সুস্মিত অধর মধ্যে সুচারু দন্তপঙ্ক্তি। সর্বাভরণ-ভূষিতা নবযৌবনশৌভিতা মাতা ভক্ত-মানসে সুপ্রতিষ্ঠিতা। আবার জননী মানসেও ভক্ত পালনের উদ্বেলিত সুধারাশি। তাই তিনি পীনোন্নতপয়োধরা। দশ বাহু যেন দশ-দিশায় উন্মুক্ত পদ্মের পুষ্পিত মৃণাল। সকলের আধারভূতা মা দুর্গা ভূতবর্গকে সকল করকমল দিয়ে আগলে ধরেন মমতায়। তার এই কৃপা-কান্তিতে বিধৃত রয়েছে শুভ সংস্কারের জাগরণ ও পরিপোষণ। সেই কোমলা মাতাই আবার অশুভের শাসনে ধরেন ভয়ংকর রুদ্ররূপ। তখন দক্ষিণ পদে সিংহস্থা হয়ে ত্রিভঙ্গাদেবী বামপদের অঙ্গুষ্ঠমাত্রে দলিত ভীষণ মহিষকে বশীভূত রাখেন। দক্ষিণের পঞ্চবাহু ক্রমান্বয়ে ত্রিশূল, খড়্গ, চক্র, তীক্ষ্ণ-বাণ, শক্তি ইত্যাদি আযুধে ভূষিত। আর বামে তিনি ধারণ করে খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ এবং ঘণ্টা বা পরশু। পদতলে ছিন্নশীর মহিষের সমস্ত আস্ফালন স্তব্ধ হয়েছে। তার শরীর ভেদ করে বেরিয়ে এসেছে খড়্গহস্ত উগ্র এক দানব। দেবীর হস্তধৃত ত্রিশূলে ছিন্ন হয়েছে বক্ষস্থল। নির্গত-প্রায় রক্ত-লোচনে সে- অসুরের বিষম ক্রোধ লকলক করছে। নাগবেষ্টিত ও রুধিরাক্ত দেহের ছিন্নাংশ সর্বত্র পরিদৃশ্যমান। দেবী যে-হাতে পাশ ধরেছেন সেই হাতেই মুষ্টিবদ্ধ মহিষাসুরের বীভৎস কেশজাল। সিংহবাহনের মুখবিবর রুধির লিপ্ত। দেবী এই মূর্তিতে সকল রিপু বিনাশ-কারিণী।
অমরবৃন্দ সসম্ভ্রমে মাতৃ-প্রতিমার স্তুতি গেয়ে চলেছেন। উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডোগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডাবতী, চণ্ড-রূপা ও অতিচণ্ডিকা- মায়ের এই অষ্ট-শক্তি তাকে পরিবেষ্টন করে থাকেন, সেবা করেন। জয়া ও বিজয়া তার পরিচর্যায় সদা নিরতা।
দুর্গতিহারিণী দুর্গা জন্ম-দাত্রী, তিনি ধাত্রী, তিনি সংহারকর্ত্রী বরদাদেবীর অর্চনায় অনর্গল হয় সাধকের সিদ্ধিদ্বার। এই তো শরৎ এসেছে। আশ্বিনের শারদ প্রাতে যে আলোকমঞ্জীর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে অনুরণিত হয়ে উঠেছে, আদৌ কি তা প্রাচীন? যখনি সে গদ্য-সুর প্রাণের মাঝে বেজে ওঠে, বাঙালি তখন হাতড়াতে থাকে ফেলে আসা বাড়িতে আদুরে বারান্দার শৈশব-কোণ আর এক চিলতে আধো-আলো ভোর। উঠোনের আঁধার-আকাশজুড়ে মিটি মিটি হাসে শিউলি-ফুলের কত কত শুকতারা! কুড়োতে গেলে ঘাসের আগায় শিশিরে পা ভিজে আসে। উঠোন পেরিয়ে সামনের দুর্গা-দালানে এই ভোরেও কেউ দুটো ধূপ জ্বেলে গেছে। সে আটপৌরে গন্ধ শিউলির হিমেল সুবাসে মিলেমিশে এখনও কি পথ আকুল করে তুলছে না? চুন-সুরকির দালানের গায়ে গায়ে আড়াইশ বছরের নোনা-ধরা ছাপ যে এখনও স্পষ্ট জেগে! আবহে বেজে চলেছে সেই উদাত্ত গদগদ আবৃত্তি- ‘দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হলো’।
মা আর বড়রা নিঝুম তাকিয়ে শুনছে। আপনার শৈশবে তারা তখন পুজোর রোদে সোনালি হচ্ছে। আহা! মহালয়ার সেই আলতা-গোলা ভোর মানেই মহিষাসুর মর্দিনীর অনুশ্রবণ, ঘরে ফেরার ডাক, বাঙালির বাৎসল্যে ব্রহ্মময়ীর বালিকা-বেশ। আর সেই অতি চেনা মহিষাসুর বধ। যুদ্ধে রোমাঞ্চ কিছু নেই; তবু ফি-বছরই নতুন; আজও। রণচণ্ডী-মূর্তিতেসেজে উঠেও দেবী বড় কোমলা। তিনি অগ্নিবর্ণা ও অগ্নিলোচনা হয়েও বড় স্নিগ্ধা, দেবতা-গণের সম্মিলিত তেজঃপুঞ্জ থেকে দেবী সদ্য সাকারা হয়েছেন। তারপর দেবতারা একে একে অস্ত্রশস্ত্র দিয়ে তাকে সাজিয়ে দিলেন। তার মুকুট গগনচুম্বী, পদভারে পৃথিবী আনতা, নিখিল আনন্দ ঘনীভূত হয়ে যেন তিনি প্রকাশিত হলেন।
চোখ বুজলেই অতীত দালানের সেই দেবী প্রতিমা বাঙালি আজও দেখতে পায়। তাদের স্মৃতি-সজল ভোরে ভাষ্যপাঠের সঙ্গে আজও তা মিলিয়ে দেখে নেয়। নস্টালজিয়া তখন প্রেমবাষ্প হয়ে কন্যাকুমারীকে আগলে ধরে। সমবেত শৈশব দেবতা হয়ে তাঁর আরাধনা গায়।স্মৃতি তাই বড় আদরিণী।
লেখক: রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কলকাতা, ভারত