আল শাহারিয়া
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:১৪ পিএম
খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের বাবা-দাদাদের কৃষিপদ্ধতি ছিল পুরোপুরি প্রকৃতিবান্ধব এবং আত্মনির্ভরশীল। কৃষকের গোয়ালভরা গরু আর গোলাভরা ধান ছিল। জমিতে প্রয়োগ করা হতো গোবর সার, কচুরিপানা, ছাই আর সবুজ পাতা। কেঁচো আর উপকারী অণুজীব প্রাকৃতিকভাবেই মাটি খুঁড়ে উর্বরতা বাড়াত। পোকামাকড় দমনে ব্যবহৃত হতো নিমপাতা বা ছাইয়ের মিশ্রণ। এক ফসলের ফাঁকে আরেক ফসল বুনে দেওয়া হতো, যাতে মাটির পুষ্টিগুণ বজায় থাকে। পুরো কৃষিব্যবস্থাটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ চক্র। এই প্রক্রিয়ায় বাইরে থেকে কৃষকের টাকা খরচ করে প্রায় কিছুই কিনতে হতো না। কৃষকের জ্ঞানই ছিল তার সবচেয়ে বড় পুঁজি। আধুনিকতার নামে আমরা সেই ঐতিহ্যবাহী জ্ঞানকে পুরনো বলে বাতিল করে দিয়েছি।
একটা সময় কৃষকের সবচেয়ে বড় শক্তি ছিল তার বীজতলা। দেশি বীজের নিজস্ব প্রাণশক্তি ছিল। ফসল ওঠার পর সবচেয়ে পুষ্টিকর অংশটি তুলে রাখা হতো আগামী মৌসুমের জন্য। শত শত বছরের এই ঐতিহ্যবাহী জ্ঞান আর বীজ সংরক্ষণের সংস্কৃতি আজ প্রায় বিলুপ্ত। সেই জায়গায় এখন পুরোদমে দখল নিয়েছে হাইব্রিড বীজ। এসব বীজ থেকে উৎপাদিত ফসল দিয়ে পরের বছর চাষ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। ফলে প্রতি মৌসুমে কৃষককে নতুন করে চড়া দামে বীজ কিনতে হয়। বীজ সংরক্ষণ ছিল কৃষকের আত্মনির্ভরশীলতার মূল চাবিকাঠি। সেই চাবিকাঠি এখন কোম্পানির সিন্ডিকেটের হাতে বন্দি। বীজ এখন একটি নিছক বাজার-নির্ভর পণ্য। আর এই সুযোগে বীজের বাজার পুরোপুরি কুক্ষিগত করেছে গুটিকয়েক বহুজাতিক কোম্পানি।
বর্তমান সময়ের হাইব্রিড বীজ সঙ্গে করে নিয়ে আসে রাসায়নিক সার আর কীটনাশকের বিশাল চাহিদাপত্র। আমাকে তো একজন বলেই ফেলল, সার নিতে কত দেনদরবার করতে হচ্ছে। সারকাণ্ড মারামারি অবধিও গড়িয়েছিল পাশের এলাকায়। এসব বলতে বলতেই তিনি দীর্ঘশ্বাস ছাড়েন। বাবা-দাদাদের আমলের সেই প্রাণবন্ত মাটিকে এখন রাসায়নিকের নেশায় বুঁদ করে ফেলা হয়েছে। মাটির স্বাভাবিক উর্বরতাকে অস্বীকার করে কৃত্রিমভাবে ফলন বাড়ানোর এই প্রক্রিয়ায় মাটির প্রাণরস শুকিয়ে যাচ্ছে। দেশি জাতের ফসলের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল। কিন্তু হাইব্রিড ফসল পোকামাকড়ের কাছে খুব অসহায়। ফলে বাধ্য হয়ে কৃষককে প্রয়োগ করতে হয় দামি আর বিষাক্ত কীটনাশক।
জমিতে একবার রাসায়নিক সার আর বিষ দেওয়া শুরু করলে পরের বছর সারের মাত্রা না বাড়ালে আর কাঙ্ক্ষিত ফলন মেলে না। মাটিকে এই বিষের নিগড়ে বন্দি করে কোম্পানিগুলো ফুলেফেঁপে উঠছে। আর নিঃস্ব হচ্ছেন প্রান্তিক কৃষক।
কৃষকের উৎপাদন খরচ আজ আকাশছোঁয়া। আগে যেখানে বাড়ির গোবর আর গোলাঘরের বীজেই চাষ হতো, এখন সেখানে পরতে পরতে টাকা গুনতে হয়। একদিকে বীজের দাম বাড়ছে, অন্যদিকে সার ও কীটনাশকের দাম কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে। বোরো ধান কাটার মৌসুমে খোলা মাঠে বজ্রপাতের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে কৃষকরা হাড়ভাঙা খাটুনি খাটেন। তখনও তাদের মাথার ওপর ঝোলে ঋণের খড়গ। দিন শেষে ফসল যখন বাজারে ওঠে, তখন কৃষক তার ন্যায্যমূল্য পান না। ফসল উৎপাদনের পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকি নেন কৃষক।
এই পরাধীনতার সংকটকে আরও গভীর করছে জলবায়ু পরিবর্তন। খরা, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা কিংবা নদীর চরাঞ্চলে বালু জমার মতো চরম প্রাকৃতিক দুর্যোগে হাইব্রিড ফসল খুব সহজেই নষ্ট হয়ে যায়। অথচ আমাদের দেশি জাতের ফসলের জলবায়ু সহনশীলতা অনেক বেশি ছিল। বন্যা বা তীব্র খরাতেও টিকে থাকার মতো শত শত দেশি জাত আমাদের ছিল।
কৃষির এই আগ্রাসন থেকে মুক্তির পথ আমাদের একেবারেই অচেনা নয়। কৃষিকে বাঁচাতে হলে কৃষকের হারানো ঐতিহ্যগত জ্ঞানকে ফিরিয়ে আনতে হবে। দেশি বীজের জাত সংরক্ষণে গ্রাম পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক বীজভান্ডার গড়ে তোলা এখন সময়ের দাবি। রাসায়নিক বিষের বদলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রকৃতিবান্ধব কৃষিব্যবস্থা চর্চা করতে হবে। মাটির স্বাভাবিক উর্বরতা ফেরাতে জৈব সারের দিকে মনোযোগ দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কৃষির শেকড়কে বাঁচাতে আমাদের নতুন করে জাগতে হবে।
কৃষকের মুক্তি কেবল ফসলের ভালো দাম পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। জমির ওপর কৃষকের মালিকানা থাকলেই তিনি স্বাধীন নন, যদি না বীজের ওপর তার নিরঙ্কুশ অধিকার থাকে। বহুজাতিক কোম্পানিগুলোর ঠিক করে দেওয়া ছকে কৃষকের খাদ্য সার্বভৌমত্ব কখনোই নিশ্চিত হতে পারে না। কৃষিকে এই বাজার-নির্ভর নব্য উপনিবেশের হাত থেকে মুক্ত করে আত্মনির্ভরশীলতায় ফিরিয়ে আনার এখনই সময়।
লেখক: সভাপতি, রিআর্থ ক্লাব, বেরোবি, রংপুর সদর, রংপুর