প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩১ এএম
প্রতীকী ছবি
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
একটি দেশের ঐতিহাসিক স্থান ও ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন শিল্প শুধু পর্যটকদের জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বাড়ায় না, বরং এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং মানুষের মৌলিক চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখে। তাই পর্যটন শিল্পের বিকাশে পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশের অনেক পর্যটনকেন্দ্রে এখনও পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে।
বর্তমানে বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের কেউ কেউ ছিনতাই, চুরি, প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি ও দুর্ব্যবহারের মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সাম্প্রতিক সময়ে এক জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনা দেশের পর্যটকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অতিথিপরায়ণতা ও নিরাপত্তাব্যবস্থার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে বিদেশি পর্যটকদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পর্যটন খাতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, পর্যটন শিল্প দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়বে, স্থানীয় ব্যবসার প্রসার ঘটবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। তাই একটি টেকসই, সমৃদ্ধ ও নিরাপদ পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
মির্জা ফারিহা ইয়াসমিন স্নেহা
রাজশাহী কলেজ, রাজশাহী
মবের দাপটে আইনের শাসন
বাংলাদেশের বিভিন্ন স্থানে মব সংস্কৃতির ধারাবাহিকতা এখনও বিরাজমান। আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হয়। কখনও তা চরম পর্যায়ে পৌঁছে। মবের দাপট অতীতের তুলনায় কিছুটা কমলেও পুরোপুরি এই ধারা থামানো যায়নি। কোথাও ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা। বাংলাদেশে মবের দাপট প্রায় সব অঞ্চলে বিদ্যমান। আইনের শাসন উপেক্ষা করে যখন ব্যক্তি অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ও অত্যাচার-নির্যাতন চালায় তখন তা হয়ে ওঠে মব। বিশেষ করে, রাজনৈতিক ক্ষেত্রে একে অন্যের মাঝে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং তর্কবিতর্ক করা হয় তা একসময় সৃষ্টি করে ভয়ানক মব। একে অন্যের মাঝে মারামারি, হানাহানি প্রায় লেগেই থাকে। ফলে আইনের শাসন সেখানে ঠুনকো হয়ে ওঠে।
শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় বরং দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় বিশাল বিশৃঙ্খলা। বিশেষ করে গ্রামাঞ্চলে মব তৈরি হয় খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। প্রতিবেশীর সাথে, আত্মীয়ের সাথে বিবাদ-বিশৃঙ্খলা, ব্যবসায়ী, দোকানি ইত্যাদি যেকোনো কর্মকাণ্ডে তৈরি হয় মব। মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট অর্থাৎ প্রথম ৮ মাসেই মব সংস্কৃতির ছোবলে ১৫৪ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসেই ২৯টি ঘটনায় ২১ জন নিহত হয়। এর মাধ্যমেই বোঝা যায়, মব সহিংসতা কোনো তুচ্ছ ঘটনা নয়, এটি মূলত আইনের শাসনের জন্য এক মারাত্মক হুমকির নাম।
মব সহিংসতার সবচেয়ে ভয়াবহ দিক হলো এখানে প্রশাসনিকভাবে বিচার কার্যক্রম না করে জনগণ নিজের হাতে আইন তুলে নেয়। একটি রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দেওয়া। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বলা যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সাংবিধানিক আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু মব সহিংসতার ক্ষেত্রে এসব আইন উপেক্ষিত হয়।
মব সংস্কৃতি প্রতিরোধে সর্বপ্রথম মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। সুষ্ঠু আইন প্রণয়ন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকলে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে না। কোনো ব্যক্তি অপরাধী হিসেবে অভিযোগ উঠলে তাকে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। একই সঙ্গে কোনো স্থানে যদি কেউ মব সৃষ্টি করে তা হলে তার রাজনৈতিক কিংবা সামাজিক প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা, দ্রুত পদক্ষেপ নেওয়া ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাখি আক্তার
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
রোহিঙ্গা শিশুদের শৈশব
২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সেনা অভিযানের মুখে যারা সীমান্ত পেরিয়েছিল, তাদের সন্তানদের অনেকের জন্ম হয়েছে এই শিবিরেই। সেই শিশুরা বড় হচ্ছে বাঁশের বেড়া আর কাদামাখা পথের মধ্যে। যে দেশ তারা কখনও দেখেনি, সেই দেশের নাগরিকত্ব তাদের নেই। আর যে দেশে তারা আছে, সেখানে তাদের ভবিষ্যৎ কী, তা নিয়েও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার জোটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে অর্ধেকের বেশি শিশু এবং ক্যাম্পে প্রতিবছর গড়ে ৩০ হাজারের বেশি নতুন শিশুর জন্ম হচ্ছে। ইউনিসেফ, ইউএনএইচসিআরসহ মানবিক সংস্থাগুলোর হিসাবে, অন্তত ৬ লাখ ২৪ হাজার শিশুর জরুরি সহায়তা প্রয়োজন। খাদ্য, পানি, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, সবকিছুর জন্যই এই শিশুরা আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। সেই সহায়তার পরিমাণ কমে এলে প্রথম ধাক্কা লাগে তাদের গায়েই।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তীব্র অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিল ৮৩৬ জন, পরের বছর সংখ্যাটি দাঁড়ায় ১ হাজার ৬২ জনে। ২০২৬ সালে বাংলাদেশে রোহিঙ্গা ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীসহ মোট ১৩ লাখ মানুষের কাছে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও শিশু সুরক্ষামূলক জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য তারা ১০৮ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি মানবিক তহবিলের আবেদন জানিয়েছে।
অপুষ্টি শুধু শরীর শীর্ণ করে না। জীবনের প্রথম এক হাজার দিনে পুষ্টির ঘাটতি শিশুর মস্তিষ্কের বিকাশ, শেখার সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতায় দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। তাই আজকের ক্ষুধার মূল্য শিশুটি শোধ করে ভবিষ্যতে, শ্রেণিকক্ষে ও কর্মজীবনে। ঘিঞ্জি বসতি, সীমিত স্যানিটেশন আর নিরাপদ পানির সংকট মিলিয়ে সংক্রামক রোগ এখানে সহজেই ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে, ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ল্যাব-পরীক্ষায় শনাক্ত ৫৮১ জন কলেরা রোগীর প্রায় ৪০ শতাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে প্রায় ৯ লাখ ৭৭ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকার আওতায় আনা হয়।
হাম ও ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৬ সালের জুলাই পর্যন্ত শিবিরগুলোতে ২ হাজার ২৪২ জন হামে আক্রান্ত হয়েছে এবং ১০ জন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। জুলাই মাসেই র্যাপিড টেস্টে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭৫০ জন, যা জুনের প্রায় চারগুণ। ওই সংস্থার ২০২৫-২৬ সালের জনস্বাস্থ্য চাহিদা মূল্যায়নে দেখা গেছে, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত পরিবারের হার ১৯.২ শতাংশ থেকে বেড়ে ৩২.৫ শতাংশ হয়েছে। শিশুদের অসম্পূর্ণ টিকাদানের হার ২৭.৮ শতাংশ, আর গর্ভকালীন সেবা নেওয়া নারীর হার নেমেছে ৩৫ শতাংশে। রয়েছে পাহাড়ের ঝুঁকি। বর্ষায় ঢল, ভূমিধস আর জলাবদ্ধতা শিবিরের জীবনকে বারবার নাড়া দেয়। অন্যদিকে সন্ধ্যার পর ক্যাম্পগুলো বিভিন্ন সশস্ত্র গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় শিশুরা মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে থাকে। সাম্প্রতিক সময়ে মুক্তিপণের জন্য শিশুদের অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৬ সালের অক্টোবরেও ৪ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের মতো নির্মম ঘটনা ঘটেছে।
শৈশবের সংকট কেবল শরীরের নয়। শিক্ষা এখানে বড় অনিশ্চয়তার জায়গা। শিবিরে শিশুদের জন্য লার্নিং সেন্টার আছে, কিন্তু সেগুলো সব শিশুর জন্য যথেষ্ট নয় এবং প্রচলিত অর্থে স্কুলও নয়। ২০২৫ সালে প্ল্যান ইন্টারন্যাশনালসহ ১৪টি সংস্থা যৌথভাবে সতর্ক করেছিল, অর্থসংকটে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু শিক্ষা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে ৫ থেকে ১৭ বছর বয়সী প্রায় ২ লাখ ৩৫ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। এখানকার ক্যাম্পে যে পাঠদান করা হয় তার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা সার্টিফিকেট নেই, যা তাদের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে।
রোহিঙ্গা সংকট এখন এক দশকের কাছাকাছি পৌঁছেছে। ফেরত যাওয়ার নিরাপদ পরিস্থিতি মিয়ানমারে তৈরি হয়নি, আর আন্তর্জাতিক মনোযোগ অন্য সংকটের দিকে সরে যাচ্ছে বলে মানবিক সংস্থাগুলোর আশঙ্কা। এই বাস্তবতায় একটি শিশুর শৈশব কেটে যাচ্ছে হিসাবের খাতায়, অর্থ বরাদ্দের সময়সীমা আর কর্মসূচির মেয়াদের মধ্যে। অপুষ্টি আর রোগের চিকিৎসা, স্কুলের সুযোগ আর নিরাপদ আশ্রয়ের জন্য দাতব্য নয়, নিয়মিত ও পূর্বানুমেয় অর্থায়ন; তা না হলে এই শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়া কঠিন।
মোহাম্মদ সুমন
বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধি
তৃতীয় বিশ্বের একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ বাংলাদেশের অন্যতম আলোচ্য বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। দেশ আজ কালোবাজারি, ঘুষখোর, দুর্নীতিবাজ লোকজনের কারসাজিতে সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধির মহোৎসব চলছে, যা দেখার কেউ নেই। কারসাজি বা সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে থাকে। বিষয়টি বহুল আলোচিত। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ জোরালো পদক্ষেপ নেবেÑ এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা লক্ষ করা যায় না। ফলে ভোক্তাকে বাড়তি দামেই পণ্য ক্রয় করতে হয়। বেঁচে থাকার জন্য আমাদের অপরিহার্য প্রয়োজন হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবনকে করে তুলছে অচল ও আড়ষ্ট। বিশেষ করে, নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য লাগামহীন এ মূল্যবৃদ্ধি অভিশাপ ছাড়া আর কিছু নয়। প্রতিবছর রমজান শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই কারসাজি করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যা এখন থেকেই শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়ে থাকে, তা দৃশ্যমান নয়। মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তার জন্য দেওয়া ছাড় ক্রেতার কাছে পৌঁছে না। এতে ভোক্তাদের দুর্ভোগ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, তদারকি সংস্থার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আঁতাত রয়েছে।
সাম্প্রতিক সময়ে বহু মানুষের আয় কমেছে, তারপরও বাজারে শাকসবজি থেকে শুরু করে কোনো পণ্যের দাম কমতে দেখা যায় না। এ পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, তদারকি জোরদার না করার কারণে বাজারে কোনো পণ্যের দাম কমছে না। বিপুলসংখ্যক মানুষ যখন প্রয়োজনের তুলনায় অর্ধেক পণ্য নিয়ে বাজার থেকে ঘরে ফিরছেন, তখন ‘পণ্যের দাম কমেছে’Ñ এমন মন্তব্য ভোক্তার সঙ্গে বিদ্রুপের শামিল।
উচ্চমূল্যের কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন প্রয়োজনীয় প্রোটিন প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তখন মাছ, মুরগি বা পোল্ট্রি, ডিম ইত্যাদি খাত নিয়ে চলছে বড় ধরনের কারসাজি। এ বিষয়ে কর্তৃপক্ষ যদি জোরালো ভূমিকা না নেয়, তা হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে হাজারো তরুণ উদ্যোক্তা পথে বসতে বাধ্য হবেন। ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা লক্ষ করা গেছে। এটাও ছিল অসাধু ব্যবসায়ীদের কারসাজির ফল। অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে নিত্যপণ্যের বাজার অস্থির করে তুললে মানুষ পরিবারের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে সময়মতো পদক্ষেপ নিতে হবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
গেন্ডারিয়া, ঢাকা
সংকুচিত রাজপথ, বন্দি পদচিহ্ন
ইটের ভিড়ে হারিয়ে যাওয়া নীল আকাশের পানে চেয়ে অচেনা বা চেনা এক শহরের রাজপথে আজ কেবলই এক তীব্র হাঁসফাঁস সুর বাজে। কোলাহলময় এ নগরে স্বাধীনভাবে দুটো পা ফেলে হেঁটে যাওয়ার অধিকারটুকু হঠাৎ করেই যেন পিচঢালা রাস্তার কঠিন সীমানায় বন্দি হয়ে পড়ে। পথচারীদের ক্লান্ত চোখের কোণে জমতে থাকে নিত্যদিনের না-বলা বিরক্তি ও নীরব কষ্টের কত হিসাব। জীবনের প্রয়োজনে কিংবা দৈনন্দিন কর্মব্যস্ততায় প্রতিদিন এই শহরের, বিশেষ করে পুরান ঢাকার লক্ষ্মীবাজার কিংবা আশপাশের বুড়ো গলিগুলোতে পা রেখেই থমকে যেতে হয় নির্মম বাস্তবতার মুখে। যেখানে ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে পথ চলা যেন এক অবাস্তব স্বপ্ন, আর হকারদের দখলদারত্বে রাস্তা অর্ধেক হয়ে যাওয়া এক নিত্যসংগ্রাম।
নবাগত কিংবা পুরনোÑ সব বাসিন্দার এই অসহায়ত্বকে পুঁজি করে চারদিকে যেন জমে উঠেছে রাজপথ দখলের নির্দয় উৎসব। যে ফুটপাত ছিল পথচারীর নিরাপদ আশ্রয়, তা আজ পরিণত হয়েছে অস্থায়ী বাজারের পসরা মেলানোর খোলা মঞ্চে। হাঁটার জায়গা না পেয়ে বাধ্য হয়ে মূল রাস্তায় নামতে হয় সাধারণ মানুষকে, আর অমনি পেছন থেকে ধেয়ে আসে যানবাহনের হর্ন।
বাস্তবতা হলো, অভিযান যতবারই হোক, সমস্যার স্থায়ী সমাধান না হলে ফুটপাত আবারও দখল হয়ে যায়। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ পার্কিং, ভাসমান দোকান, রাস্তার ওপর মালামাল ওঠানো-নামানো এবং ফুটপাত দখলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও উচ্ছেদের পর আবারও দখল ফিরে আসার অভিযোগ রয়েছে। শত প্রতিকূলতা, ক্লান্তি আর দীর্ঘশ্বাসের মাঝেও নগরবাসীর বুকে আগলে রাখা এক চিলতে আশা কিন্তু মরে যায় না। তারা বিশ্বাস করতে চায়Ñ সব বিশৃঙ্খলা কাটিয়ে একদিন হয়তো এই ইট-পাথরের শহরের রাজপথও প্রাণ ফিরে পাবে, আর পথচারী ফিরে পাবে তার অবাধে হেঁটে চলার অধিকার ও মানবিক এক নতুন ভোর।
নিশাত স্নেহা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফরিদাবাদ-গেণ্ডারিয়ায় ডেঙ্গুর উৎপাত
পুরনো ঢাকার ফরিদাবাদ-গেণ্ডারিয়া, জুরাইনসহ এলাকার বিভিন্ন এলাকাতে যে হারে মশার উপদ্রব বেড়েই চলছে, তাতে ডেঙ্গু এখন ম্যালেরিয়া আকারে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। সেই করোনার থেকে ডেঙ্গু আরও ব্যাপক আকার ধারণ করতে চলছে, যা দেখার কেউ নেই। মশা দমনে ঢাকার দুই মেয়রের হুংকার এখন কোনো কাজে আসছে না। মশার যন্ত্রণায় ছেলে-মেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না তারপর মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। নিয়মিত কার্যকর ওষুধ না ছিটানো বা মশা দমনে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের নজরদারি বা তদারকি না থাকার কারণে মশা এখন আরও শক্তিশালী ও ভয়ংকর ডেঙ্গু প্রকৃতির আকার দেখা দিয়েছে।
নোংরা ও আবর্জনার স্তূপের কারণে পুরনো ঢাকায় দিন দিন যে হারে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ছে তাতে আশঙ্কা হচ্ছে অচিরেই ম্যালেরিয়া এবার পুরনো ঢাকার ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। পূর্বে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হতো বর্তমানে এ ধরনের কোনো পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাতে না থাকায় নগরবাসী উদ্বিগ্ন। ফলে ডেঙ্গু মশার বংশবৃদ্ধির সুযোগ রয়েছে অবধারিত। ডেঙ্গু মশার জন্মরোধের ব্যবস্থা মশার উপদ্রব নিবারণের মাধ্যমে সর্বোত্তম করণীয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিলম্ব না করেই মশক বিরোধী অভিযান চলমান রাখবেন এবং সে অভিযান যাতে সত্যিকারভাবে ফলদায়ক হয় তাও নিশ্চিত করবেন। নোংরা পুরান ঢাকাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো একান্ত দরকার, গৃহবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। ডেঙ্গু নিয়ে সচেতনতার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা
এমপিওভুক্ত হলেও
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও মৌলিক অবকাঠামোগত সংকটে ভুগছে। এর একটি দৃষ্টান্ত মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরীনগর এস এস মাধ্যমিক বিদ্যালয়।
২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ইতোমধ্যে এমপিওভুক্ত হলেও অত্যন্ত দুঃখজনক যে, প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও এখানে কোনো বহুতল ভবন নির্মাণ হয়নি। শিক্ষার্থীরা এখনও টিনের ঘরে বসে পাঠ গ্রহণ করছে, যা আধুনিক শিক্ষা পরিবেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান। গ্রীষ্মকালে টিনের ঘর অসহনীয় গরমে পরিণত হয়, আর বর্ষাকালে বৃষ্টির শব্দ ও পানি চুইয়ে পড়ার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এমন পরিবেশে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে তাদের শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়।
একটি বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কেন্দ্র। সেখানে যদি ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব থাকে, তা হলে তা দেশের সামগ্রিক উন্নয়নকেও প্রশ্নবিদ্ধ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে কেরীনগর এস এস মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। অতএব মহম্মদপুর উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি দ্রুত এই বিদ্যালয়ের জন্য একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।
মোহাম্মদ হাফিজ
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকা কলেজ)
নদী জীবন এবং সভ্যতা
নদীর অথৈ গভীরতা, ঢেউয়ের কলরব মানসিক প্রশান্তির অনুষঙ্গ। নদীর পানি, সেই পানিতে বেড়ে ওঠা মাছ বেঁচে থাকার মৌলিক রসদ জোগায়। নদীর পাড়ের মানুষের জীবনও কত বৈচিত্র্যে ঘেরা। জেলে-জেলেনি, কৃষক-কৃষানি, মাঝি কিংবা সম্ভ্রান্ত গৃহস্থ পরিবার, বাংলার সব প্রান্তিক মানুষের মূলই তো নদী। জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, তখন তার সঙ্গী হয় নৌকার মাঝি। আবার, নদীর বয়ে আনা পলিতে উর্বর হয়ে ওঠে তীরবর্তী ভূমি। সেই ভূমি কৃষককে দেয় ফসল। সেই সূত্রে নদী হয়ে ওঠে গ্রামীণ জীবনের মূল চালিকাশক্তি। তবে, নদীকে শুধু গ্রামীণ জীবনের ধারক বললে কথা অসম্পূর্ণ থেকে যায়। বিশ্বের যে বিশাল বিশাল নগরকেন্দ্রগুলো গড়ে উঠেছে, সবই আসলে নদীর হাত ধরেই। নদীর পাড়ের জেলে, কৃষক কিংবা মাঝিশ্রেণির ভেতর থেকেই বণিক সমাজের উৎপত্তি।
মাত্র কয়েক শতাব্দী আগেও পৃথিবীতে মানুষের মূল সম্পদ ছিল ফসল কিংবা খাদ্য এবং খাদ্য উৎপাদনের সক্ষমতা। ফসলের সফলতা অনেকাংশেই নির্ভর করে সেখানকার ভূমির ওপর। সে ক্ষেত্রে নদীমাতৃক বাংলার ভূমি এ অঞ্চলকে দিয়েছে সীমাহীন সম্পদের প্রাচুর্য। এর ধার ঘেঁষেই বিকশিত হয়েছে এখানকার শিল্প-সংস্কৃতিও। বাংলার ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারিসহ আরও নানান ধারার এত সমৃদ্ধ লোকজ গানের আর্বিভাব ঘটেছে নদীকেন্দ্রিক জীবন ও জীবিকার মধ্য থেকেই।
আর তাই বাংলার মানুষের জীবন ও জীবিকার কথা উঠলে বারবার নদীর কাছেই ফিরে যেতে হয়। কিছু শতাব্দী পূর্বেও বাংলা যে পুরো বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল তা হয়তো বর্তমান সময়ে অতটা আঁচ করা যায় না কিংবা বিশ্বাস করা যায় না। তথাপি, পৃথিবীর ইতিহাস পড়লে বিশ্বাস করতেই হয়, যার ফলে দেখা যায় প্রায় প্রতিটি সময় বিশ্বের প্রভাবশালী শাসকগণ বাংলার প্রতি আকৃষ্ট হয়েছেন, বাংলাকে জয় করতে চেয়েছেন। আর এই ধারাটি কিন্তু এখনও রয়ে গেছে।
যে নদী আমাদের সারা পৃথিবীর কাছে সমাদৃত করল, সেই নদীর কতটা সমাদর আমরা করতে পেরেছি? নদীর পাড়ে গড়ে ওঠা নগরের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নদীগুলো। যে জীবন নদী দিয়েছে, সে জীবন গ্রহণ করে অকৃতজ্ঞের মতো অবহেলায়, অবলীলায় নদী ধ্বংসের খেলায় মত্ত হয়ে উঠেছি আমরা। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার প্রতিশোধ প্রকৃতি নিজস্ব ভঙ্গিতেই নিতে জানে। অপরিকল্পিত নগরায়ণ, নদী ভরাট, পানিদূষণ, নদীর পানি শাসনÑ এসবই অবলীলায় করে যাচ্ছি। কিন্তু কতদিন সইবে নদী এই অনাচার?
আফরিন আলম অথৈ
শিক্ষার্থী, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
দ্রব্যমূল্য: বিপর্যস্ত সাধারণ মানুষ
হেঁশেল বলতে রান্নাঘর নয়, একটি পরিবারের অন্নসংস্থানের কেন্দ্র বোঝায়। চাল, ডাল, তেল, লবণ, সবজি, মাছ-মাংসের দাম বাড়লে প্রথম ধাক্কা লাগে হেঁশেলেই। নির্দিষ্ট আয়ের মানুষের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেবল অর্থনৈতিক ঘাটতি নয়, প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। বাজারের ব্যাগ হাতে ঘরে ফেরা মানুষের মুখে আজ হতাশার ছাপ স্পষ্ট। যে টাকায় একসময় সপ্তাহের বাজার হতো, আজ তা দিয়ে দু-তিন দিনের বাজার করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে বোঝায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়া, যার সঙ্গে মানুষের আয়ের হিসাব মেলে না।
চাল, আটা, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আলু, ডিম ও মাছ-মাংসের মতো পণ্যের দাম বাড়লে সমাজের সর্বস্তরের মানুষ প্রভাবিত হয়। তবে যাদের আয় সীমিত, তাদের জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কৃত্রিমভাবে সৃষ্ট দুর্যোগ। কারণ তাদের আয়ের সিংহভাগই খাদ্যের পেছনে ব্যয় হয়। ফলে দামের সামান্য বৃদ্ধিও তাদের পুরো সংসারের মাসিক হিসাব এলোমেলো হয়ে যায়। আয় যেখানে প্রায় একই থাকে, খরচ সেখানে বাড়তেই থাকে। ফলে গৃহিণীকে প্রতিনিয়ত বাজেট কাটছাঁট করতে হয়। পাতের মাছ-মাংস অর্থাৎ আমিষের পরিমাণ কমে যায়, ডিম, দুধ, ফল প্রায় বিলাসিতা হয়ে ওঠে।
খাবারের পেছনে বেশি খরচ হওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা ও সঞ্চয়ের টাকা কমে যায়। অনেক সময় অসুস্থ হলেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা যায় না। ঋণের বোঝা বাড়ে, কেউ কেউ দোকানে বাকিতে সংসার চালাতে বাধ্য হয়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের পাশাপাশি দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র চাকরিজীবীরা সবচেয়ে বিপদে পড়েন। মধ্যবিত্তরা না পারেন লাইনে দাঁড়িয়ে কম মূল্যে টিসিবির পণ্য কিনতে, না পারেন কারও কাছে ধার নিতে এই নীরব কান্না ও দীর্ঘশ্বাস এখন ঘরে ঘরে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ৭.৭১ শতাংশে উঠেছিল, নভেম্বরে যা ছিল ৭.৩৬ শতাংশ। ২০২৬ সালের জুনে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৬০ শতাংশ, যা একবছরে বেড়েছে প্রায় ১.২ শতাংশ। এমনকি টিসিবির ট্রাকেও চাল, তেল ও চিনির দাম বাড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে একাধিক কারণ দায়ী। প্রথমত, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও সিন্ডিকেটের তৈরি কৃত্রিম সংকট। কিছু অসাধু মজুদদার পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আমদানি-নির্ভরতা। ভোজ্য তেল, চিনি, ডালসহ অনেক পণ্যের জন্য আমাদের দেশ অন্য দেশের ওপর নির্ভরশীল। ফলে ডলারের বিনিময় মূল্য ও আন্তর্জাতিক বাজারের ওঠানামা সরাসরি দেশের বাজারে প্রভাব ফেলে। তৃতীয়ত, জ্বালানির দাম ও পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বাড়ে। চতুর্থত, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন কমে যায়। পঞ্চমত, মধ্যস্বত্বভোগীদের আধিক্য, যার ফলে কৃষক ন্যায্য দাম পায় না। অথচ ভোক্তাকে বেশি দামে কিনতে হয়।
দ্রব্যমূল্যের দাম রাতারাতি বেড়ে গেলেও পুনরায় স্বস্তির মূল্যে নিয়ে আসা সময়সাপেক্ষ ব্যাপার। তবে নিন্মোক্ত ব্যবস্থাগ্রহণের মাধ্যমে নিত্য পণ্যসামগ্রীর মূল্য সাধারণ মানুষের নাগালে রাখা সম্ভব। প্রথমত, কঠোর বাজার মনিটরিং ও সিন্ডিকেট দমন। প্রশাসনকে নিয়মিত এবং সঠিকভাবে বাজার তদারকি করতে হবে। অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জরিমানা এবং কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মধ্যস্বত্বভোগী নয় বরং কৃষক ও ভোক্তার সরাসরি সংযোগ নিশ্চিত করা। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থাগ্রহণ। তৃতীয়ত, পরিবহন চাঁদাবাজি বন্ধ করা। মহাসড়ক ও পাইকারি বাজারে, পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি কঠোরভাবে দমন করতে হবে। চতুর্থত, টিসিবির আওতা ও সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি করা। নিম্ন ও মধ্যবিত্তের জন্য টিসিবির মাধ্যমে চাল, ডাল, তেল ও পেঁয়াজ সাশ্রয়ী মূল্যে বিক্রির পরিমাণ এবং কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে।
মানুষের আয় ও নিত্যপণ্যের দামের ভারসাম্য না থাকলে কোনো উন্নয়নই সাধারণ মানুষের কাছে অর্থবহ হয় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা কেবল অর্থনৈতিক নয়, নৈতিক ও মানবিক দায়িত্বও বটে। সরকার, ব্যবসায়ী ও ভোক্তা, সবার সম্মিলিত দায়িত্বশীলতা ও সদিচ্ছাই পারে হেঁশেলের এই সংকট কমিয়ে প্রতিটি পরিবারে স্বস্তির নিশ্চিত করতে। আর খাদ্যের সরবরাহ নিশ্চিত না করতে পারলে দেশে পারিবারিক বিপর্যয় এর সাথে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে। তাই দেশকে উন্নত, সমৃদ্ধ ও বিশ্বের সাথে একযোগে এগিয়ে চলা নিশ্চিত করতে খাবারের সরবরাহ সবচেয়ে আগে নিশ্চিত করতে হবে। যখন দেশের প্রতিটি পরিবারের হেঁশেলে নিশ্চিন্তে হাঁড়ি চড়বে, তখনই একটি দেশ উন্নত দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি পাবে।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী, ইডেন কলেজ, ঢাকা
কৃষকরা কেন পরাধীন
খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের বাবা-দাদাদের কৃষিপদ্ধতি ছিল পুরোপুরি প্রকৃতিবান্ধব এবং আত্মনির্ভরশীল। কৃষকের গোয়ালভরা গরু আর গোলাভরা ধান ছিল। জমিতে প্রয়োগ করা হতো গোবর সার, কচুরিপানা, ছাই আর সবুজ পাতা। কেঁচো আর উপকারী অণুজীব প্রাকৃতিকভাবেই মাটি খুঁড়ে উর্বরতা বাড়াত। পোকামাকড় দমনে ব্যবহৃত হতো নিমপাতা বা ছাইয়ের মিশ্রণ। এক ফসলের ফাঁকে আরেক ফসল বুনে দেওয়া হতো, যাতে মাটির পুষ্টিগুণ বজায় থাকে। পুরো কৃষিব্যবস্থাটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ চক্র। এই প্রক্রিয়ায় বাইরে থেকে কৃষকের টাকা খরচ করে প্রায় কিছুই কিনতে হতো না। কৃষকের জ্ঞানই ছিল তার সবচেয়ে বড় পুঁজি। আধুনিকতার নামে আমরা সেই ঐতিহ্যবাহী জ্ঞানকে পুরনো বলে বাতিল করে দিয়েছি।
একটা সময় কৃষকের সবচেয়ে বড় শক্তি ছিল তার বীজতলা। দেশি বীজের নিজস্ব প্রাণশক্তি ছিল। ফসল ওঠার পর সবচেয়ে পুষ্টিকর অংশটি তুলে রাখা হতো আগামী মৌসুমের জন্য। শত শত বছরের এই ঐতিহ্যবাহী জ্ঞান আর বীজ সংরক্ষণের সংস্কৃতি আজ প্রায় বিলুপ্ত। সেই জায়গায় এখন পুরোদমে দখল নিয়েছে হাইব্রিড বীজ। এসব বীজ থেকে উৎপাদিত ফসল দিয়ে পরের বছর চাষ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। ফলে প্রতি মৌসুমে কৃষককে নতুন করে চড়া দামে বীজ কিনতে হয়। বীজ সংরক্ষণ ছিল কৃষকের আত্মনির্ভরশীলতার মূল চাবিকাঠি। সেই চাবিকাঠি এখন কোম্পানির সিন্ডিকেটের হাতে বন্দি। বীজ এখন একটি নিছক বাজার-নির্ভর পণ্য। আর এই সুযোগে বীজের বাজার পুরোপুরি কুক্ষিগত করেছে গুটিকয়েক বহুজাতিক কোম্পানি।
বর্তমান সময়ের হাইব্রিড বীজ সঙ্গে করে নিয়ে আসে রাসায়নিক সার আর কীটনাশকের বিশাল চাহিদাপত্র। আমাকে তো একজন বলেই ফেলল, সার নিতে কত দেনদরবার করতে হচ্ছে। সারকাণ্ড মারামারি অবধিও গড়িয়েছিল পাশের এলাকায়। এসব বলতে বলতেই তিনি দীর্ঘশ্বাস ছাড়েন। বাবা-দাদাদের আমলের সেই প্রাণবন্ত মাটিকে এখন রাসায়নিকের নেশায় বুঁদ করে ফেলা হয়েছে। মাটির স্বাভাবিক উর্বরতাকে অস্বীকার করে কৃত্রিমভাবে ফলন বাড়ানোর এই প্রক্রিয়ায় মাটির প্রাণরস শুকিয়ে যাচ্ছে। দেশি জাতের ফসলের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল। কিন্তু হাইব্রিড ফসল পোকামাকড়ের কাছে খুব অসহায়। ফলে বাধ্য হয়ে কৃষককে প্রয়োগ করতে হয় দামি আর বিষাক্ত কীটনাশক।
জমিতে একবার রাসায়নিক সার আর বিষ দেওয়া শুরু করলে পরের বছর সারের মাত্রা না বাড়ালে আর কাঙ্ক্ষিত ফলন মেলে না। মাটিকে এই বিষের নিগড়ে বন্দি করে কোম্পানিগুলো ফুলেফেঁপে উঠছে। আর নিঃস্ব হচ্ছেন প্রান্তিক কৃষক।
কৃষকের উৎপাদন খরচ আজ আকাশছোঁয়া। আগে যেখানে বাড়ির গোবর আর গোলাঘরের বীজেই চাষ হতো, এখন সেখানে পরতে পরতে টাকা গুনতে হয়। একদিকে বীজের দাম বাড়ছে, অন্যদিকে সার ও কীটনাশকের দাম কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে। বোরো ধান কাটার মৌসুমে খোলা মাঠে বজ্রপাতের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে কৃষকরা হাড়ভাঙা খাটুনি খাটেন। তখনও তাদের মাথার ওপর ঝোলে ঋণের খড়গ। দিন শেষে ফসল যখন বাজারে ওঠে, তখন কৃষক তার ন্যায্যমূল্য পান না। ফসল উৎপাদনের পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকি নেন কৃষক।
এই পরাধীনতার সংকটকে আরও গভীর করছে জলবায়ু পরিবর্তন। খরা, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা কিংবা নদীর চরাঞ্চলে বালু জমার মতো চরম প্রাকৃতিক দুর্যোগে হাইব্রিড ফসল খুব সহজেই নষ্ট হয়ে যায়। অথচ আমাদের দেশি জাতের ফসলের জলবায়ু সহনশীলতা অনেক বেশি ছিল। বন্যা বা তীব্র খরাতেও টিকে থাকার মতো শত শত দেশি জাত আমাদের ছিল।
কৃষির এই আগ্রাসন থেকে মুক্তির পথ আমাদের একেবারেই অচেনা নয়। কৃষিকে বাঁচাতে হলে কৃষকের হারানো ঐতিহ্যগত জ্ঞানকে ফিরিয়ে আনতে হবে। দেশি বীজের জাত সংরক্ষণে গ্রাম পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক বীজভান্ডার গড়ে তোলা এখন সময়ের দাবি। রাসায়নিক বিষের বদলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রকৃতিবান্ধব কৃষিব্যবস্থা চর্চা করতে হবে। মাটির স্বাভাবিক উর্বরতা ফেরাতে জৈব সারের দিকে মনোযোগ দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কৃষির শেকড়কে বাঁচাতে আমাদের নতুন করে জাগতে হবে।
কৃষকের মুক্তি কেবল ফসলের ভালো দাম পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। জমির ওপর কৃষকের মালিকানা থাকলেই তিনি স্বাধীন নন, যদি না বীজের ওপর তার নিরঙ্কুশ অধিকার থাকে। বহুজাতিক কোম্পানিগুলোর ঠিক করে দেওয়া ছকে কৃষকের খাদ্য সার্বভৌমত্ব কখনোই নিশ্চিত হতে পারে না। কৃষিকে এই বাজার-নির্ভর নব্য উপনিবেশের হাত থেকে মুক্ত করে আত্মনির্ভরশীলতায় ফিরিয়ে আনার এখনই সময়।
আল শাহারিয়া
সভাপতি, রিআর্থ ক্লাব, বেরোবি, রংপুর সদর, রংপুর
বিশ্বসেরাদের ভিড়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। QS World University Rankings 2026-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৫৪তম এবং বুয়েট ৭৬১-৭৭০তম অবস্থানে রয়েছে। র্যাঙ্কিং কোনো বিশ্ববিদ্যালয়ের মানের একমাত্র মাপকাঠি নয়। তবে আন্তর্জাতিক একাডেমিক সুনাম, গবেষণা ও বৈশ্বিক সংযোগের একটি ধারণা দেয়। তাই এসব অবস্থানকে কেবল সংখ্যার প্রতিযোগিতা হিসেবে না দেখে বিশ্বমানের জ্ঞান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর একটি নির্দেশক হিসেবে দেখা জরুরি। এই সক্ষমতার অন্যতম ভিত্তি গবেষণা অর্থায়ন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন ব্যয় জিডিপির প্রায় ০.৩০-০.৩৫ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসি ১২ হাজার ৩০০ কোটি টাকার বেশি বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রীয় বরাদ্দ ২৩৮ কোটি টাকা, যার ২২৬ কোটি টাকা গবেষণার জন্য। গবেষণা বরাদ্দ বাড়ানোর উদ্যোগ ইতিবাচক। তবে বিশ্বমানের গবেষণা কোনো স্বল্পমেয়াদি প্রকল্পের ফল নয়। ধারাবাহিক অর্থায়ন, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ গবেষক এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়েই তৈরি হয় বড় সাফল্যের ভিত্তি। বাংলাদেশের জন্য সম্ভাবনার বড় জায়গা হতে পারে নিজস্ব বাস্তবতা।
জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, বন্যা, কৃষি, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, পোশাকশিল্প ও প্রযুক্তির মতো বিষয়গুলো দেশের সমস্যা হলেও এগুলোর অনেকগুলোর বৈশ্বিক গুরুত্ব রয়েছে। বিশ্বমানের গবেষণার জন্য অন্য দেশের বিষয় অনুকরণ করার প্রয়োজন নেই; বাংলাদেশের বাস্তব সমস্যার গভীরে গিয়ে নতুন জ্ঞান তৈরি করাও আন্তর্জাতিক গবেষণায় বড় অবদান রাখতে পারে। স্থানীয় বাস্তবতা থেকে এমন জ্ঞান সৃষ্টি করা, যার প্রভাব সীমানা ছাড়িয়ে যায়Ñ বিশ্বজ্ঞানচর্চায় বাংলাদেশের বড় অবদানের পথ সেখানেই। বিশ্ববিদ্যালয়ের শক্তি শুধু ভবনের সংখ্যা বা শিক্ষার্থীর পরিমাণে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় সেখানে কতটা স্বাধীনভাবে প্রশ্ন করা যায়, কতটা নতুন ধারণা পরীক্ষা করা যায় এবং ব্যর্থতা থেকে কতটা শেখার সুযোগ থাকে তার ওপর। গবেষণার ফল প্রকাশ, আন্তর্জাতিক জার্নালে কাজ উপস্থাপন, পেটেন্ট তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণার সুযোগও একইভাবে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যেন কেবল পরীক্ষার ফলের জন্য নয়, নতুন জ্ঞান তৈরির আকাঙ্ক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনÑ এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষকতার পাশাপাশি গবেষণাকে মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিলে তরুণ মেধার আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে গবেষণার মান, নৈতিকতা ও তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। এভাবে গবেষণার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করলে বিশ্ববিদ্যালয়ও হয়ে উঠবে জ্ঞানভিত্তিক জাতীয় উন্নয়নের আরও একটি শক্তিশালী কেন্দ্র।এর সঙ্গে জরুরি মেধা ধরে রাখার পরিবেশ। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক।
ফলে শুধু মেধা তৈরি নয়, সেই মেধাকে দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা-ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখাও উচ্চশিক্ষানীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। প্রথমত, গবেষণায় বহু বছর মেয়াদি ও প্রতিযোগিতামূলক অর্থায়ন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক ডেটাবেস ও যৌথ গবেষণা অবকাঠামো গড়ে তুলতে হবে। তৃতীয়ত, তরুণ শিক্ষক ও গবেষকদের জন্য গবেষণা অনুদান, ফেলোশিপ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। চতুর্থত, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্বে গবেষণার ফলকে প্রযুক্তি, উদ্ভাবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োগের সুযোগ তৈরি করতে হবে। পঞ্চমত, বিদেশে থাকা বাংলাদেশি গবেষকদের সঙ্গে দীর্ঘমেয়াদি যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। নোবেলের মঞ্চে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়া অবশ্যই জাতীয় গৌরবের বিষয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা আছে, সম্ভাবনাও আছে; এখন প্রয়োজন সেই মেধাকে বিকশিত করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান ও দীর্ঘমেয়াদি গবেষণা-পরিবেশ। জ্ঞানকে ব্যয়ের খাত নয়, ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসেবে দেখতে পারলে বিশ্বজ্ঞান সৃষ্টির মানচিত্রে বাংলাদেশের অবস্থানও বদলাতে পারে। নোবেলের মাস তাই শুধু অন্যদের সাফল্যে মুগ্ধ হওয়ার সময় নয়; এটি নিজেদের বিশ্ববিদ্যালয়, নিজেদের মেধা এবং নিজেদের ভবিষ্যৎকে বিশ্বমানের করে তোলার অঙ্গীকারের সময়।
অর্পা খন্দকার
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ
ম্যানহোল নীরব মারণফাঁদ
শহর মানেই ব্যস্ততা, কোলাহল। চারদিকে মানুষের ছুটে চলা, সাথে যানবাহনের অবিরাম যাতায়াত। মানুষ প্রতিদিন ছুটে চলেছে নিজ প্রয়োজনে ও নিজ গন্তব্যে। কর্মজীবী মানুষ ছুটে চলেছে কর্মস্থলে, শিক্ষার্থীরা যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে। ব্যস্ত শহরগুলোতে সড়ক ও যাতায়াত মাধ্যমগুলো মানুষের দৈনন্দিন চলাফেরায় একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষের দৈনন্দিন এই চলার পথেই লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণঘাতী বিপদ, যা সামান্য অসতর্কতায় কেড়ে নিতে পারে মানুষের জীবন। এই বিপদগুলোর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খোলা ও ঢাকনাবিহীন ম্যানহোল।
ম্যানহোল মূলত বড় বড় শহরগুলোর রাস্তা বা ফুটপাতের নিচে তৈরি করা একটি প্রবেশপথ যার মাধ্যমে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ও বিভিন্ন ইউটিলিটি লাইন পরিদর্শন করা হয়। সেই সাথে পরিষ্কার ও মেরামতের কাজও করা হয়। বিশ্বের প্রায় সব আধুনিক শহরগুলোতে ম্যানহোলের ব্যবহার লক্ষ করা যায়। পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এর প্রয়োজনীয়তা অপরিসীম। তবে, এর সঠিক রক্ষণাবেক্ষণ করা না হলে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ম্যানহোলের ঝুঁকি পর্যবেক্ষণ করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের ম্যানহোলের ঝুঁকি ও এ সংক্রান্ত মৃত্যুর তথ্য বিশ্লেষণ করলে প্রথমেই চোখে পড়ে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের মতো জনবহুল শহরগুলো।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা ও প্রাণহানির পরিসংখ্যান বিশ্লেষণ করলে ম্যানহোলের ঝুঁকির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে। চলতি ২০২৬ সালেও বাংলাদেশের বিভিন্ন স্থানে খোলা ম্যানহোল ও অরক্ষিত নালায় পড়ে প্রাণহানির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে, গত ২১ জুন ২০২৬ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভারী বৃষ্টির পর পানিতে তলিয়ে থাকা একটি অরক্ষিত ড্রেনে পড়ে এক নারীর মৃত্যু হয়। অন্যদিকে, ২৫ আগস্ট ২০২৬, রাজধানীর মিরপুর-১০ এ সেনপাড়া এলাকায় ম্যানহোলের কাজ করার সময় গাড়ি চাপায় ওয়াসার কর্মীর মৃত্যু হয়। আবার, চলতি বছরের আগস্টে টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ধানমন্ডি, মিরপুর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। এতে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে অরক্ষিত ম্যানহোলগুলোর অবস্থান বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। আবার, বিগত বছরগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত পাঁচ বছরে ম্যানহোল সংক্রান্ত মৃতের সংখ্যা ২৯ জন।
এই প্রাণহানির পেছনে রয়েছে অব্যবস্থাপনা ও অবহেলা। এরকম পরিস্থিতি সৃষ্টির পেছনে একটি নয়, রয়েছে অনেকগুলো কারণ। যেমনÑ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলা, নিয়মিত পরিদর্শন না করা এবং অরক্ষিত ম্যানহোলে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকা। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সমস্যাটি আরও বড় আকার ধারণ করতে পারে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। তাই এখনই প্রয়োজন এ সমস্যার সমাধান করা। কার্যকর পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রথমত, কোনো ম্যানহোলের ঢাকনা ভেঙে গেলে বা চুরি হয়ে গেলে বিপদসংকেত বা ব্যারিকেড স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, ম্যানহোলে মূলত লোহার ঢাকনা ব্যবহার করা হয়, যা ভাঙ্গারি হিসেবে বিক্রি করা হয়। নেশাগ্রস্ত ব্যক্তিরা বা চোরচক্র তাদের প্রয়োজনে ঢাকনাগুলো চুরি করে বিক্রি করে দেয়। ফলে ম্যানহোলগুলো অরক্ষিত অবস্থায় থাকে। তাই ম্যানহোলের ঢাকনাগুলো স্ক্র্যাপ ভ্যালু বা ভাঙ্গারি মূল্যহীন যেমন, হিংড ডাকটাইল আয়রন, লকিং সিস্টেম যুক্ত আরসিসি বা ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক ব্যবহার করতে হবে। তৃতীয়ত, স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করতে হবে যেন ম্যানহোলের ঢাকনা সরে গেলে বা চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষে বার্তা প্রেরণ করতে পারে।
চতুর্থত, বর্ষা মৌসুমের আগে ‘ম্যানহোলের অডিট’ নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে, যাতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। পঞ্চমত, ম্যানহোলগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নর পাশাপাশি সেগুলোর আশপাশের অবস্থা নিয়মিত পরিদর্শন করতে হবে। ষষ্ঠত, আইন ও প্রশাসনিক তদারকি আরও জোরদার করতে হবে। সপ্তমত, জনগণদের সতর্ক থাকতে হবে। কোথাও কোনো অরক্ষিত ম্যানহোল দেখলে তা এড়িয়ে না গিয়ে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে। অরক্ষিত এসব ম্যানহোলের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। তাই শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সেই সাথে সামাজিক গণমাধ্যমগুলোর মাধ্যমে প্রচারণা চালাতে হবে। একটি উন্নয়নশীল দেশ বলতে শুধুমাত্র উঁচু উঁচু ভবন, প্রশস্ত সড়ক বা আধুনিক অবকাঠামো নয়, বরং দেশের নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য। একটি দেশ তখনই উন্নতির দিকে ধাবিত হয় যখন সেই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। উপরিউক্ত পদক্ষেপগুলো দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছি। অরক্ষিত ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করে গড়ে উঠুক একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য নগরী।
আফিয়া মোবাশসিরা ঐশী
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ
প্র্যাকটিশনার নাকি নন-প্র্যাকটিশনার?
এমবিবিএস পাস করেছেন কিন্তু চেম্বারে বসেন না কিংবা রোগী দেখেন নাÑ তিনিও চিকিৎসক। বার কাউন্সিলের সনদ পেয়েছেন কিন্তু আদালতে সওয়াল-জবাব করতে যান নাÑ তিনিও অ্যাডভোকেট। কৃষিতে উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তি কোনো সংস্থায় চাকরি না করলেও তিনি কৃষিবিদ; আর প্রকৌশলবিদ্যার যেকোনো বিভাগের ডিগ্রি থাকুক না কেন, পেশাগত কাজে নিয়োজিত না থাকলেও তিনি ইঞ্জিনিয়ার।
একইভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস, চার্টার্ড সেক্রেটারিজ এবং ভ্যাট কনসালট্যান্টরা নিঃসন্দেহে প্রশংসনীয় পেশাজীবী ও করপোরেট বিশেষজ্ঞ। আবার যারা জাতীয় রাজস্ব বোর্ড থেকে সনদপ্রাপ্ত কর আইনজীবী, প্র্যাকটিস না করলেও সামাজিকভাবে তাদেরকে ‘আয়কর আইনজীবী’ বলা হয়। প্রতিটি অর্জিত ডিগ্রি বা পেশাগত সনদই একেকটি আইনি ও প্রাতিষ্ঠানিক উপাধি। এই উপাধি অর্জনকারী প্রত্যেককেই আমরা সামাজিক ও পেশাগত মর্যাদার জায়গা থেকে সম্মান করি এবং নিজ নিজ উপাধি অনুযায়ী সম্বোধন করি। তবে এখান থেকেই একটি মৌলিক ও প্রাসঙ্গিক প্রশ্ন ওঠেÑ ডিগ্রি বা উপাধি অর্জন করা সত্ত্বেও যারা অর্জিত পেশায় সরাসরি কাজ বা চর্চা করেন না, তারা কি ‘প্র্যাকটিশনার’ নাকি ‘নন-প্র্যাকটিশনার’? পেশাজীবী তালিকা বা নিবন্ধনে উপাধির বলে নাম লিপিবদ্ধ থাকা সত্ত্বেও বাস্তবে পেশায় সক্রিয় না থাকা ব্যক্তিদের আসল পরিচয় কী?
আমরা ‘উপাধি অর্জনকারী’ এবং ‘পেশাগত অনুশীলনকারীর’ মধ্যে স্পষ্ট পার্থক্য উপলব্ধি করতে পারি। যারা সংশ্লিষ্ট পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা বা প্রতিষ্ঠান যেমনÑ বার কাউন্সিল, এনবিআর, বিএমডিসি, আইসিএবি ইত্যাদি থেকে প্র্যাকটিশনার হিসেবে সনদ বা সার্টিফিকেট নিয়ে স্বাধীনভাবে চেম্বার বা ফার্মের মাধ্যমে সরাসরি মক্কেল বা রোগীদের পেশাগত সেবা প্রদান করেন এবং বিনিময়ে ফি গ্রহণ করেন তারা প্র্যাকটিশনার।আর যাদের অর্জিত সনদ ও প্রাতিষ্ঠানিক সদস্যপদ বহাল রয়েছে, কিন্তু তারা সরাসরি স্বাধীন প্র্যাকটিসে যুক্ত নন, মূলত তারা কোনো প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরিজীবী অথবা পেশাগতভাবে নিষ্ক্রিয় সদস্য তাদেরকে কিÑ নন-প্র্যাকটিশনার বলা যায়?
একজন মানুষ একাধিক কাজ করতে পারে। তাই বলে সব মানুষ একাধিক কাজ করতে সক্ষম হবেÑ বিষয়টি এমন নয়। যেমন, ট্যাক্স ফিল্ডে ভালো কাজ করতে পারে এমন কোনো আইনজীবী নিজেকে সিভিল কেস প্র্যাকটিস থেকে বিরত রাখতেই পারে। অনুরূপভাবে সিভিল ও ক্রিমিনাল কেসের ভালো প্র্যাকটিশনার নিজেকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস থেকে বিরত রাখতে পারেন। সুতরাং একজন মানুষ একটি সেক্টরে পারদর্শী হলেই যে অন্যসব সেক্টরে পারদর্শী হবেÑ এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই।
সুতরাং, অর্জিত ডিগ্রি বা সনদ একজন ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক উপাধি ও সামাজিক মর্যাদা এনে দেয় কিন্তু ক্ষেত্রবিশেষে সক্রিয় অনুশীলনই নির্ধারণ করে তার ‘প্র্যাকটিশনার’ পরিচয়। উপাধি হলো একজন পেশাজীবীর অর্জিত সম্মান, আর প্র্যাকটিস বা অনুশীলন হলো তার প্রত্যক্ষ পেশাগত সেবা।
পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী ও কার্যনির্বাহী সদস্য - জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, নীলফামারী
পথশিশুদের আপনজন হই
শিশুরা হলো নিষ্পাপ। ফুলের মতো শুভ্রতা ছড়ায়। তাদের মায়াবী মুখ সবার মনে ভালোবাসার জন্ম দেয়। পরিবারের একটি শিশু জন্ম নিলে আনন্দের বন্যা বয়ে যায়। কেউ নাম রাখতে ব্যস্ত। কেউ আদর করতে ব্যস্ত। আবার অনেক বাবা-মা তাদের শিশুর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখেন। শিশু কোন স্কুলে পড়বে, কি পোশাক পরিধান করবেÑ এসব নিয়ে সারাক্ষণ ভাবতে থাকেন পিতামাতা ও শিশুর পরিবার। অন্তত ১০-১২ বছর পর্যন্ত শিশুদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননি সচেতন বাবা মায়েরা। কিন্তু সোনা মুখে নিয়ে সব শিশু জন্মায় না। কেউ এই পৃথিবীতে আসে চরম অসহায় হয়ে। যাদের দেখে রাখার কেউ নেই। তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে ভাববার জন্য পরিবারও নেই। রাষ্ট্র ও সমাজ তো তাদের দিকে ফিরেও তাকায় না। তারা হলো ‘পথশিশু’।
পথশিশুদের বেশিরভাগ দেখা যায় শহুরে রাস্তায়। রেললাইন কিংবা বস্তি এলাকায়। কখনো দেখা যায়, ফুটপাতে শুয়ে থাকতে। আবার বৃষ্টির সময় ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। দেশের পথশিশুরা শিশুশ্রম করেই তাদের আহার জোগাড় করে। পথশিশুদের অনেকের বাবা কিংবা মা নেই। আবার থাকলেও নেই কোনো হদিস। বেওয়ারিশ অনেক শিশুকেই পথে ঘুরতে দেখা যায়। কিছু পথশিশুর পরিবার থাকলেও খুবই দরিদ্র। ঠিকমতো একবেলা খেতে পায় না তারা। শিশুর মুখে তুলে দিবেনই-বা কি করে?
‘দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে। এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২’ প্রতিবেদনে বলা হয়েছে, পথশিশুর প্রতি ১০ জনের আটজনই পথচারীদের দ্বারা নির্যাতন বা হয়রানির শিকার হয়। এই ৩৪ লাখ পথশিশু, তাদের খাবারের কোনো নিশ্চয়তা আছে? তাদের শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে? বাস্তবতা হলো, তাদের দু’বেলা দু’মুঠো অন্নের নিশ্চয়তা যেখানে নেই, সেখানে শিক্ষা তো বিলাসিতা। কোথাও কোথাও তাদের জীবনেরও নিরাপত্তা নেই! রাষ্ট্র ও সমাজ এখনও কেন পথশিশুদের নিয়ে নিশ্চুপ!
ইউনিসেফের সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই শিশুদের প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন (৩০ শতাংশের বেশি) জীবনের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ঘুমানোর জন্য বিছানা এবং নিরাপত্তা ও স্বস্তির জন্য দরজা বন্ধ করে রাখা যায়, এমন একটি বাসা তাদের নেই। তারা খোলা আকাশের নিচে রাত কাটায়। শিশুদের কাউকে কাউকে মাটিতে শুধু একটি পাটের ব্যাগ, শক্ত কাগজ, প্লাস্টিকের টুকরো কিংবা একটি পাতলা কম্বল নিয়ে ঘুমাতে হয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রায় ৭ শতাংশ শিশু সম্পূর্ণ একা ঘুমায় এবং ১৭ শতাংশ কয়েকজন মিলে ঘুমানোর মাধ্যমে সুরক্ষা ও স্বস্তি খোঁজে। শিশুদের ক্ষেত্রে সহিংসতার প্রতি তিনটি ঘটনার একটি (৩০ দশমিক ৪ শতাংশ) রাতে তাদের ঘুমের সময় ঘটে। এসব ঘটনার মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি যৌন নিপীড়ন অন্তর্ভুক্ত। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে অনেক পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। ৩৪ লাখ শিশুর মধ্যে কতজনকে স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলো নিরাপত্তা দিতে পারে? ধরলাম ৫ লাখ! বাকিদের কী হবে?
বর্তমানে ২০২৬ সালে পথশিশুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ। দরিদ্রতাই হলো পথশিশুদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। রাষ্ট্র এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।এমন অবহেলায় পথশিশুদের ছেড়ে দেওয়া যাবে না। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে ‘ফুল’ দের রক্ষা করার জন্য। তাদের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে। পথশিশুরা যেনো কোনোভাবেই নিজেদের একা না মনে করে। আমরা তাদের দেখতে পেলেই যেন কাছে টেনে নিই। মাঝেমধ্যে তাদের জন্য সামাজিকভাবে কিছু করাও আমাদের দায়িত্ব। আসুন আমরা আজ থেকে পথশিশুদের আপনজন হওয়ার চেষ্টা করি। সরকারের কাছে অনুরোধ জানাই পথশিশুদের দিকে আপনারা তাকান। অন্যান্য শিশুর মতো তাদেরও মৌলিক অধিকার নিশ্চিত করুন।
আবদুল কাদের জীবন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়