নিরঞ্জন রায়। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
সম্প্রতি কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী, রণদ্বীপ সরাইয়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছেন। কানাডার প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের আগ্রহের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, যিনি একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের একজন কর্ণধার, আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং পরিচয় করিয়ে দিয়েছেন একজন কানাডাপ্রবাসী বাংলাদেশির সাথে। যিনি নিজেও এখন বাংলাদেশে অবস্থান করছেন। আমার সাথে যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কানাডার সাথে কীভাবে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো যায়, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া। কানাডার সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্ভাবনা আছে, সেটি অন্যান্য দেশের মতো সরলরেখায় দেখার মতো নয়।
কানাডার প্রতিমন্ত্রী, রণদ্বীপ সরাইয়ের সাম্প্রতিক সফর যে বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা অন্তত কানাডার সাম্প্রতিক বাণিজ্যিক কৌশল দেখলেই বোঝা যায়। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দীর্ঘ শাসনামলে কানাডা বিশ্বের এমারজিং মার্কেট থেকে প্রায় গুটিয়ে নিয়ে পুরোটাই আমেরিকা-নির্ভর করে তুলেছিল, যার খেসারত দিতে হচ্ছে কানাডাকে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈরী সিদ্ধান্তের কারণে আমেরিকার সাথে কানাডার বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য বহুমুখী করার উদ্যোগ নিয়েছেন এবং এমারজিং মার্কেটের সাথে কানাডার বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী কার্নি ভারত, চীনসহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন এবং কিছু বাণিজ্যিক সমঝোতাও হয়েছে। কিছুদিন আগেই কানাডার পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময়ের জন্য ভারত সফর করে এসেছেন। এরই ধারাবাহিকতায় কানাডার প্রতিমন্ত্রী, রণদ্বীপ সরাই বাংলাদেশ সফর করে থাকতে পারেন।
বলার অপেক্ষা রাখে না যে, পরিবর্তিত বাণিজ্যিক ব্যবস্থায় এই সফরের মধ্য দিয়ে কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সুযোগ কীভাবে কাজে লাগানো যায়।
প্রধানমন্ত্রীর সাথে কানাডার প্রতিমন্ত্রীর বৈঠকের সময় এই জ্বালানি খাতে কানাডার সহযোগিতার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কানাডার জ্বালানির যে ধরন এবং যেভাবে রপ্তানি হয়, তাতে বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে কানাডা কতটা কাজে আসবে, তা আমরা বুঝে উঠতে পারছি না। কানাডা থেকে জ্বালানি আমদানি মূল্যসাশ্রয়ী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অবশ্য যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন, তারা বিষয়টি সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন। আমার জানা মতে, বুয়েটের অনেক প্রাক্তন ছাত্র কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের মধ্যে অনেকে আবার জ্বালানি বিশেষজ্ঞ। তাই সরকার চাইলে তারা এ ব্যাপারে সহযোগিতা করতে পারবে বলে আমাদের বিশ্বাস।
আগেই উল্লেখ করেছি, কানাডায় বাংলাদেশের বাণিজ্যিক সুযোগ বেশ সীমিত। তারপরও যতটুকু সুযোগ বা স্কোপ আছে, সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলেও একেবারে খারাপ হবে না। কানাডা থেকে বাংলাদেশ যে সকল পণ্য আমদানি করতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, ভুট্টা এবং মুসুরের ডাল। এসব পণ্য আগে থেকেই বাংলাদেশে রপ্তানি হয়ে আসছে। চট্টগ্রামের কয়েকজন ধনাঢ্য ব্যবসায়ী বিশাল পরিমাণে আমদানি করে এবং তারাই দেশব্যাপী বাজারজাত করে থাকে। ফলে এই পণ্যগুলো এক ধরনের আমদানি মনোপলি বা সিন্ডিকেটের মতো হয়ে গেছে। এসব পণ্য কানাডা থেকে যে প্রতিষ্ঠান রপ্তানি করে, সেখানেও আছে কিছুটা আমলাতান্ত্রিক জটিলতা। ফলে দেশে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এসব পণ্যের আমদানি ব্যাপকভিত্তিক বা বিস্তৃত হতে পারছে না। প্রতিমন্ত্রীর সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে যদি আমলাতান্ত্রিক জটিলতা সহজ করে এসব পণ্যের আমদানি অবারিত করা যায়, তা হলে দেশ লাভবান হতে পারে, বিশেষ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে ভলো কাজে আসতে পারে।
অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে কানাডার কাঠ এবং পাল্প আমদানির একটা সুযোগ আছে। তবে এই সুযোগ ভলো কাজে আসবে তখনই, যখন আমদানি করা কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে যদি আমেরিকা-কানাডায় রপ্তানি করা সম্ভব হয়। কেননা কানাডা থেকে আমদানি করা কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে কানাডা-আমেরিকায় রপ্তানি করার ক্ষেত্রে অনুমোদন বা সার্টিফিকেট পেতে অনেক সুবিধা হয়। ঠিক এভাবেই চীন, তাইওয়ান এবং ভিয়েতনামের ফার্নিচার ব্যবসায়ীরা কানাডা থেকে কাঠ আমদানি করে সেই কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে কানাডা-আমেরিকায় একচেটিয়া রপ্তানি করছে।
ক্যানোলা ব্র্যান্ডের ভোজ্য তেল আমদানির একটা ভালো সম্ভাবনা আছে। কেননা কানাডা পর্যাপ্ত ক্যানোলা তেল উৎপাদন করে এবং বিভিন্ন দেশে রপ্তানিও করে থাকে। এমনকি লাতিন আমেরিকার অনেক দেশে কানাডার ক্যানোলা ব্র্যান্ডের ভোজ্য তেল রপ্তানি হয়। যেকোনো ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য ভালো না হলেও এই ভোজ্য তেল আমাদের খাদ্যে এক অপরিহার্য উপাদান, যা সম্পূর্ণরূপে এড়ানোর কোনো ব্যবস্থা নেই। আবার বিভিন্ন প্রকার ভোজ্য তেলের মধ্যে এই ক্যানোলা তেল একটু ভালো হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে বাংলাদেশে ক্যানোলা ব্র্যান্ডের ভোজ্য তেলের ভালো চাহিদা থাকার কথা।
কানাডায় প্রসেসিং বা প্রক্রিয়াজাত করার খরচ মাত্রাতিরিক্ত, কেননা ন্যূনতম মজুরি, রেন্ট এবং অন্যান্য খরচ অনেক বেশি। তা ছাড়া এখানে খুচরা বিক্রেতা বা রিটেইলারের লাভ বা মার্জিনও অনেক বেশি। ফলে যে চার লিটার ক্যানোলা তেলের প্যাকেট এখানকার খুচরা বাজারে সাত ডলারে বিক্রি হয়, তার উৎপাদন খরচ দুই ডলারের কম ছাড়া বেশি হবে না। তাই কানাডা থেকে বাল্ক কোয়ানটিটি বা ক্রুড ক্যানোলা তেল আমদানি করে বাংলাদেশে প্রক্রিয়াজাত এবং প্যাকেজিং করে দেশের অভ্যন্তরে বাজারজাত করার উদ্যোগ লাভজনক হতে পারে। এমনকি সুযোগমতো আশপাশের দেশেও রপ্তানি করা যেতে পারে। এই উদ্যোগ নিতে হলে দেশে একটি রিফাইনিং প্লান্ট স্থাপন করতে হবে।
এর বাইরে বিভিন্ন সবজি, ফলমূল, ড্রাই বেকারি আইটেম, বিভিন্ন ধরনের মসলা রপ্তানির ভালো সুযোগ কানাডায় আছে। সবজি ও ফলমূলের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও খুব সহজে রপ্তানি সম্ভব হবে না। কেননা এজন্য যথাযথ গুদামজাত, বিশেষ করে ইরেডিয়েশন পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দেশের কিছু কোম্পানির উৎপাদিত ড্রাই বেকারি আইটেম এবং মসলাসহ অনেক পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ের হলেও সেভাবে রপ্তানি কানাডাতে হয় না। খুবই সীমিত পরিসরে কিছু পণ্য বাংলাদেশি কমিউনিটির জন্য কানাডায় আসে, কিন্তু মূলধারার বাজারে অনুপস্থিত। একটি কোম্পানি অবশ্য এখানকার মূলধারার রিটেইল স্টোরে কিছু পণ্য সরবরাহ করছে, তবে পরিমাণে খুবই সামান্য।
পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের গ্রোসারি ব্যাগের ব্যাপক চাহিদা আছে। এই বাজার ধরতে পারলে বাংলাদেশে বছরে কয়েক বিলিয়ন ডলার রপ্তানি করতে পারবে। তবে এ ক্ষেত্রে মূল্য সাশ্রয়ী গ্রোসারি ব্যাগ তৈরি এবং বাজারজাতকরণের এক বিশেষ পদ্ধতি আছে, যেটি ছাড়া এই বাজার ধরার কোনোরকম সুযোগ নেই। একইভাবে কানাডায় প্যাকেজিং বাক্স রপ্তানির এক অপার সুযোগ আছে এবং এর বাজারও বিশাল। এখানকার ব্যবহারকারী কোম্পানিগুলো এই প্যাকেজিং বক্সের জন্য শুধু ভিয়েতনাম ও তাইওয়ানের ওপর নির্ভর করে আসছে, যেটা তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। এ কারণে তারা সব সময়ই বিকল্প বাজারের সন্ধানে থাকে। সে ক্ষেত্রে বাংলাদেশ হতে পারে তাদের ভালো বিকল্প বাজার। কিন্তু এই বাজার ধরতে হলে সাশ্রয়ী মূল্য এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রয়োজন আছে।
যথাযথ পদক্ষেপ নিতে পারলে শুধু কানাডা কেন, বিশ্বের অনেক দেশেই প্রচুর রপ্তানির সুযোগ আছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। একদিকে যেমন ব্যাংকিং খাতকে ঠিক করতে হবে, যাতে আমাদের দেশের ব্যাংকের ইস্যু করা এলসি অন্যান্য দেশের, বিশেষ করে উন্নত দেশের ব্যাংকগুলো গ্রহণ করে। অন্যদিকে তেমনি রপ্তানি পদ্ধতি আধুনিকায়ন করতে হবে। সেই গতানুগতিক ধারার এলসি-নির্ভর আমদানি-রপ্তানির পাশাপাশি আধুনিক পদ্ধতির সাপ্লাই চেইন ব্যবস্থার মাধ্যমে আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। প্রচলন করতে হবে বিক্রয় অথবা ফেরত পদ্ধতির রপ্তানি ব্যবস্থা। কাজে লাগাতে হবে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, যাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতা আছে। এসব বিষয় কীভাবে হতে পারে, তা বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে যে মাত্রার আলোচনা প্রয়োজন, তার সুযোগ এখানে নেই।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা