দুঃসহ নগরী ঢাকা
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানী ঢাকার নাগরিক জীবনের ভোগান্তির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। জনসংখ্যার দিক থেকে মেগাসিটি হিসেবে স্বীকৃত প্রাচীন এ নগরী এখন সমস্যার শহর হিসেবেই সমধিক পরিচিত। নাগরিক জীবনের প্রাত্যহিক চাহিদার প্রতিটি ক্ষেত্রে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নানা সমস্যা। বাসস্থান, যোগাযোগ, চিকিৎসা ইত্যাদি বিষয়ে এখানে নাগরিকদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় প্রতিকূল পরিস্থিতি।
জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঢাকা মোট জনসংখ্যা এখন সাড়ে ৩ কোটির ওপরে। মেট্রো এলাকার লোকসংখ্যা প্রায় আড়াই কোটি। আর ঢাকার আয়তন উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন এলাকা মিলিয়ে ৩৬০ বর্গকিলোমিটার। পরিসংখ্যান অনুযায়ী, এ নগরীর প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে প্রায় ৩০ হাজার মানুষ। জাতিসংঘের পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হতে পারে।
জাতিসংঘের পূর্বাভাসকে সতর্ক সংকেত হিসেবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ এখনই নেওয়া দরকার। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘চাপে আছে ঢাকা’ শীর্ষক প্রতিবেদনে সে কথাই বলা হয়েছে। প্রতিবেদনে অপরিকল্পিত নগরায়ণকেই রাজধানীর বর্তমান অসহনীয় পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য নগর পরিকল্পনাবিদগণ অনেক দিন ধরেই ঢাকার অপরিকল্পিত অবকঠোমোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তারা এসব সমস্যা সমাধানের উপায় বাতলে দিলেও কর্তৃপক্ষ সে বিষয়ে যথাযথ মনোযোগ দিয়েছেÑ এমন কথা বলা যাবে না। নগরবিদগণ বলে আসছেন, ক্রমবর্ধমান জনসংখ্যাই ঢাকার সব সমস্যার উৎস। কর্মসংস্থানের সুযোগ খুঁজতে, সন্তানদের উন্নত শিক্ষার আশায় মানুষ রাজধানী শহরের দিকে একরকম ধেয়ে আসছে। আর সেসব বাড়তি মানুষের স্থান সংকুলানের জন্য নগরীর পরিধি দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সে পরিধি বাড়ছে সম্পূর্ণ অপরিকল্পিত, এমনকি রাজউক বা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই। ফলে শত চেষ্টা সত্ত্বেও ঢাকা সৌন্দর্যমণ্ডিত একটি স্বচ্ছন্দ নগরী হিসেবে গড়ে উঠতে পারছে না।
উদ্ভূত এ সমস্যা সমাধানকল্পে বিশেষজ্ঞগণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ঢাকার বাইরে উন্নতমানের চিকিৎসালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সচিবালয়কে বর্তমান স্থল থেকে শেরেবাংলা নগরের পূর্বতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার খালি জায়গায় স্থানান্তর করা হবে। তবে বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছে, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে একশ্রেণির আমলা। তারা নিজেদের বসবাস ও যাতায়াতের সুবিধার কথা বলে সচিবালয় স্থানান্তরের বিরোধিতা করে আসছে। প্রসঙ্গটি আমরা এখানে উল্লেখ করলাম এজন্য যে, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে ইতঃপূর্বে বেশ কয়েকবার প্রশাসনিক বিকেন্দ্রীকরণসহ নানা সিদ্ধান্ত নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা সম্ভবপর হয়নি।
প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদনে একটি গবেষণা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শুধু পরিধি বা পরিসর বাড়িয়ে নগরায়ণের সুফল পাওয়া যাবে না। এজন্য পরিকল্পিত বিকেন্দ্রীকরণ ও বিকল্প অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মফস্বলের শহর-বন্দরে উন্নত চিকিৎসা ও শিক্ষাসুবিধা নিশ্চিত করতে হবে। অর্থাৎ ঢাকাকেন্দ্রিক যে আধুনিক নগরায়ণ কার্যক্রম বন্ধ করে নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন দরকার। বড় বড় অট্টালিকা নির্মাণই যে নগর সমস্যার সমাধান নয়, এটা উপলব্ধিতে আনা জরুরি। পর্যাপ্ত সুপরিসর রাস্তাঘাট, যানবাহন এবং স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণকে অগ্রাধিকার দিতে হবে। অপরিকল্পিত অবকাঠামো ও অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকার নাগরিক জীবনের ত্রাহি মধুসূদন অবস্থার অবসানে এর বিকল্প নেই।
গবেষণা সংস্থার তথ্য-উপাত্ত কিংবা গণমাধ্যমের প্রতিবেদনে সমস্যার কথা যতই তুলে ধরা হোক, ততক্ষণ পর্যন্ত সেসবের নিরসন হবে না, যতক্ষণ কর্তৃপক্ষ তা কানে না নেবে। জনসংখ্যার অতিরিক্ত চাপ, অপরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো নির্মাণ এবং অব্যবস্থাপনাজনিত সমস্যা দূরীকরণে তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।