আহসান হাবিব বরুন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১০:৪৯ এএম
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা হিসেবে ধরে নেওয়া যায়। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অপরাধীদের প্রশ্রয় না দিয়ে কঠোর নজরদারি বজায় রাখবেনÑ এই বার্তা দেশের রাজনৈতিক সংস্কৃতির দিক পরিবর্তনে ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন স্তরে দুর্নীতি ও জঞ্জালের যে স্তূপ জমেছে তা দূর করতে হলে শীর্ষ নেতৃত্বের এমন কঠোর অবস্থানের বিকল্প নেই। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন নারী সংসদ সদস্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনা প্রমাণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল মুখে নয়, কাজের মাধ্যমেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের দেশে দীর্ঘকাল ধরে অপরাধ সংঘটিত হওয়ার পর দুয়েকজন চুনোপুঁটি বা স্থানীয় মাস্তানকে গ্রেপ্তার করে কিংবা দল থেকে সাময়িক বহিষ্কার করে দায়সারা কাজ করার সংস্কৃতি চলে আসছে। কিন্তু এই ছোট অপরাধীদের পেছনে যে শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, তাদের গায়ে হাত না দিলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। রাজনীতি যখন জনসেবার পরিবর্তে আঙুল ফুলে কলাগাছ হওয়ার হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন মাঠপর্যায়ের কর্মীরা চাঁদাবাজিকে নিজেদের ‘অধিকার’ বলে মনে করতে শুরু করে। এই চাঁদাবাজির মাধ্যমে অর্জিত কালোটাকা অবৈধ ক্ষমতার নানা সিঁড়ি বেয়ে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয় এবং ওপরতলা থেকে আসা সবুজ সংকেত মাঠপর্যায়ের অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ঠিক সেই মূল শিকড়ে হাত দিয়েছেন। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার চাঁদাবাজদের নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে তিনি মূলত ক্ষমতার মূল স্রোত থেকে অপরাধের উচ্ছিষ্টভোগীদের উচ্ছেদ করার কাজে হাত দিয়েছেন।
চাঁদাবাজি, দখলদারত্ব, মাদক, সন্ত্রাস ও দুর্নীত- একটি রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থাকে দুর্বল করে দেয়। সাধারণ মানুষ যখন নিজের উপার্জন, ব্যবসা, জমি কিংবা নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়, তখন উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতিও তাদের কাছে অর্থহীন হয়ে পড়ে। একজন ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন কি না, একজন কৃষক তার জমি ও ফসলের ন্যায্য অধিকার ভোগ করতে পারবেন কি না, একজন সাধারণ নাগরিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিরাপদ থাকতে পারবেন কি নাÑ এসব প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয় একটি সরকার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য। এমন বাস্তবতায় চাঁদাবাজি, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান এবং সরকারদলীয় সংসদ সদস্যদের প্রতি তার সুস্পষ্ট নির্দেশনা নিঃসন্দেহে জনমনে স্বস্তি ও প্রত্যাশা জাগানোর মতো একটি বার্তা।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে যে অবস্থান ঘোষণা করেছেন, সেটিকে কেবল একটি দলীয় সতর্কবার্তা হিসেবে দেখলে এর তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করা যাবে না। এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। তবে সেই পরিবর্তন কতটা গভীর হবে, তা নির্ভর করবে ঘোষণার পরবর্তী পদক্ষেপ, অপরাধের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং দলীয় প্রভাবমুক্তভাবে আইন প্রয়োগের ওপর।
একটি কথা অনস্বীকার্য যে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাফল্য শুধু সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার নেতৃত্ব কতটা কার্যকর, তার একটি বড় মাপকাঠি হবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অপরাধ থেকে দূরে রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নিশ্চিত করা। তিনি সংসদ সদস্যদের সতর্ক করেছেনÑ এটি ইতিবাচক পদক্ষেপ। এখন দেখতে হবে, সেই সতর্কবার্তা মাঠপর্যায়ে কতটা কার্যকর হয় এবং অপরাধের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দলীয় নেতারা কী ভূমিকা পালন করেন।
যদিও অতীত ইতিহাস বলে, ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। কারণ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক স্বার্থ, প্রশাসনিক যোগাযোগ এবং ব্যক্তিগত আনুগত্যের মধ্যে কখনও কখনও এমন সম্পর্ক গড়ে ওঠে, যা অপরাধের অভিযোগ তদন্ত ও আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করে তোলে। এ ধরনের পরিস্থিতিতে কেবল মৌখিক নির্দেশনা যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত তদারকি, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা, স্বাধীন তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দৃশ্যমান শাস্তি। এক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ এলাকায় নজর রাখতে বলেছেন। কিন্তু এই নজরদারির অর্থ হওয়া উচিত অপরাধ প্রতিরোধে সহযোগিতা করা, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া এবং নাগরিকদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া।
সরকারের প্রতি মানুষের আস্থা বাড়াতে আরও কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ জানানোর জন্য সহজলভ্য ও নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। অভিযোগকারীর পরিচয় ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ পৌঁছানোর পর তদন্তের অগ্রগতি সম্পর্কে যথাযথ তথ্য পাওয়ার সুযোগ থাকতে হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা প্রত্যাহার, তদন্ত বাধাগ্রস্ত করা কিংবা অপরাধীকে রক্ষা করার চেষ্টা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সরকারের গৃহীত একটি পদক্ষেপ তখনই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ হয়, যখন ব্যক্তিবিশেষের ক্ষেত্রে নেওয়া ব্যবস্থা একটি ধারাবাহিক নীতিতে পরিণত হয় এবং একই ধরনের অভিযোগে অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
এ কথা বলা অত্যুক্তি হবে না যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে ইতিহাসে স্থান করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তিনি যদি নিজের দলের নেতাকর্মীদের কাছে স্পষ্ট করে দিতে পারেন যে, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাস কিংবা দুর্নীতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয়ই সুরক্ষা দেবে না, তাহলে তার ঘোষিত অবস্থান সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দেবে। আর যে শাসক বা সরকারপ্রধান জনগণকে শান্তি ও স্বস্তিতে বাস করার অধিকার নিশ্চিত করতে পারেন, তার ঠাঁই হয় আপামর জনসাধারণের হৃদয়ে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর বড় উদাহরণ। তাই দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের শুধু সতর্ক করলেই চলবে না; তারা যাতে সংযত হয়, সে ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই অবস্থান কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি শক্তিশালী হতে পারে। তবে কোনো সরকার বা নেতার প্রতি আস্থা কেবল প্রশংসা কিংবা প্রত্যাশার ওপর দাঁড়িয়ে থাকে না; তার ভিত্তি গড়ে ওঠে বাস্তব ফলাফলে। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতিফলন যদি বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, জমি-সম্পত্তি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দেখা যায়, তাহলেই এই উদ্যোগের প্রকৃত সাফল্য প্রতিষ্ঠিত হবে।
বস্তুত, বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায়, যেখানে দলীয় পরিচয়ের কারণে কেউ বিশেষ সুবিধা পাবে না, অপরাধ করে কেউ রাজনৈতিক আশ্রয়ে পার পাবে না এবং ন্যায়বিচারের কাউকে কারও দ্বারে ভিখিরির মতো দাঁড়াতে হবে না। তারেক রহমানের ঘোষিত কঠোর অবস্থান সেই প্রত্যাশা পূরণের একটি সম্ভাবনাময় সূচনা বলেই ধরে নেওয়া যায়। এখন প্রয়োজন ঘোষণাকে কার্যকর নীতিতে, ধারাবাহিক পদক্ষেপে এবং দৃশ্যমান জনস্বস্তিতে রূপান্তর করা। চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সাফল্যই হবে রাষ্ট্র, সমাজ ও নাগরিকের সবচেয়ে বড় বিজয়।
তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, প্রশাসনিক দৃঢ়তা এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের এই যাত্রায় যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করি, তবে অচিরেই বাংলাদেশ চাঁদাবাজ-দখলবাজমুক্ত একটি নিরাপদ, মানবিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে বলে আশা করা যায়।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট