× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদেরও একটি ‘বোম্বে প্ল্যান’ দরকার

মন্‌জুরুল ইসলাম

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১০:২৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের ব্যবসায়ীরা ভালো নেই। প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক সরকারের আমলে দেশের সবাই ভালো থাকবে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ব্যাংক লুট হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে দেশের সব সেক্টর ধ্বংস হয়ে গেছে। মবতন্ত্র কায়েম হয়েছে। সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সব ব্যবসায়ী সেসময় হাত-পা গুটিয়ে বসেছিলেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট হয়েছে। সেসময় সবাই ছিল কিংকর্তব্যবিমূঢ়। এখন একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায়। সরকারের বয়স আট মাস। এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে। কিন্তু সে অর্থে তেমন কোনো ইতিবাচক উন্নতি লক্ষ করা যাচ্ছে না। এ অবস্থায় দেশের সার্বিক উন্নতি, ব্যবসায়ীদের সুরক্ষার জন্য বোম্বের মতো একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা দরকার।

সময়টা ১৯৪৪-৪৫। তখন ভারত স্বাধীন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং ব্রিটিশ শাসনের অবসান যে খুব দূরে নয়Ñ এই রাজনৈতিক বাস্তবতা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল, স্বাধীন ভারত কেমন অর্থনীতি তৈরি করবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার একটি উদ্যোগ ছিল বোম্বে প্ল্যান। ভারতের আটজন শীর্ষ ব্যবসায়ী শিল্পপতি দেশের অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেন। এর লক্ষ্য ছিল সদ্য স্বাধীন একটি দেশকে কীভাবে দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়। তার একটি রূপরেখা দেওয়া হয়। সেই পরিকল্পনাটির সঙ্গে প্রধানত যুক্ত ছিলেন জেডি টাটা, জিডি বিড়লা, পুরুষোত্তমদাস ঠাকুরদাস, আরদেশির দালাল, জন মাথাই, লালা শ্রীরাম, কস্তরভাই লালভাই এবং এডি, শ্রফ। পরিকল্পনা বা প্ল্যানের প্রথম অংশ প্রকাশিত হয় জানুয়ারি ১৯৪৪ সালে, দ্বিতীয় অংশ ১৯৪৫ সালে। ১৯৪০-এর দশকের ভারত ছিল মূলত কৃষিনির্ভর, দরিদ্র এবং শিল্পের দিক থেকে পিছিয়ে থাকা একটি উপনিবেশ।

ভারতের অর্থনীতি অনেকাংশে নির্ভর করত কৃষির ওপর, কাঁচামাল উৎপাদনের ওপর, ব্রিটিশ শিল্পের জন্য কাঁচামাল সরবরাহের ওপর, বিদেশ থেকে শিল্পপণ্য আমদানির ওপর। দেশে আধুনিক ভারী শিল্প, যন্ত্রপাতি উৎপাদন, বিদ্যুৎ, অবকাঠামো ইত্যাদি অত্যন্ত সীমিত ছিল। শিল্পপতিরা বুঝেছিলেন যে, স্বাধীন ভারত যদি শক্তিশালী অর্থনীতি তৈরি করতে চায়, তাহলে শুধু বেসরকারি উদ্যোগ দিয়ে তা সম্ভব হবে না। রাষ্ট্রকে বড় বিনিয়োগ করতে হবেÑ এই ধারণাটিই ছিল বোম্বে প্ল্যানের কেন্দ্রে। এই আটজন তখন ভারতের শীর্ষ শিল্প ও ব্যবসায়ী উদ্যোক্তা। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তারা সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। এটি শুধু শিল্পপতিদের নিজেদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ছিল না। বরং তারা একটি শক্তিশালী রাষ্ট্রীয় পরিকল্পনা ও সরকারকে সহযোগিতা করার জন্য পরিকল্পনাটি করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করে সদ্য স্বাধীন ভারত সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছিল। সেকারণে এই পরিকল্পনাকে ‘বোম্বে প্ল্যান’ বা বোম্বে পরিকল্পনা বলা হয়। বোম্বে প্ল্যানের প্রস্তাবগুলো ছিল রাষ্ট্রের নেতৃত্বে শিল্পায়ন করা বিশেষ করে ভারী শিল্প, অবকাঠামো ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা করা। বড় সরকারি বিনিয়োগ বিশেষ করে বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ, সেচ ইত্যাদি খাতে। কৃষির উন্নয়ন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা। দারিদ্র্য ও বেকারত্ব কমানো। জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ভারতের শিল্পকারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।

বোম্বে প্ল্যানের একটি বড় বৈশিষ্ট্য হলো, এটি করেছেন ভারতের বড় পুঁজিপতিরা। অথচ এর অনেক ধারণা পরবর্তীকালে জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক ধাঁচের পরিকল্পিত অর্থনীতির সঙ্গে মিল ছিল। অর্থাৎ ভারতের শিল্পপতিরাই তখন বলেছিলেন, শুধু বাজারের ওপর ছেড়ে দিলে হবে না, এর জন্য রাষ্ট্রকে বড় ভূমিকা পালন করতে হবে। এ কারণে বোম্বে প্ল্যানকে ভারতের পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনায় রাষ্ট্রীয় শিল্পায়ন এবং পরিকল্পিত অর্থনীতির বুদ্ধিবৃত্তিক পূর্বসূরিদের একটি হিসেবে দেখা হয়। বোম্বে প্ল্যান শুধু ভারতের অর্থনৈতিক ইতিহাসের একটি পুরনো দলিল নয়, এটি একটি অসাধারণ রাজনৈতিক-অর্থনৈতিক ঘটনা। কারণ ভারতের বড় বড় পুঁজিপতিরাই স্বাধীনতার আগেই বলেছিলেন যে, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা নিতে হবে। পরবর্তী ভারতীয় পরিকল্পিত অর্থনীতির সঙ্গে এর একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক যোগসূত্র তৈরি হয়। এই পরিকল্পনাটি ছিল ১৫ বছরের। এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল, মাথাপিছু আয় দ্বিগুণ করা। একই সঙ্গে কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদন ব্যাপক বৃদ্ধি করা।

আট শিল্পপতি ও উদ্যোক্তা অবশ্যই জাতীয় উন্নয়নের কথা ভেবেছিলেন। কিন্তু একই সঙ্গে তাদের নিজেদের শিল্পের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেছেন। তারা বুঝেছিলেন, ভারতের জনগণ দরিদ্র, ছোট বাজার। যদি মানুষের আয় না বাড়ে, তাহলে কাপড় কে কিনবে? গাড়ি কে কিনবে? বাড়ি কে বানাবে? শিল্পপণ্য কে কিনবে? ব্যাংকিং ও বীমা ব্যবসা কীভাবে বাড়বে? অতএব জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানো ছিল শিল্পপতিদের নিজেদের ব্যবসার দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গেও যুক্ত। এ কারণে বোম্বে প্ল্যানকে একই সঙ্গে জাতীয় উন্নয়নের পরিকল্পনা এবং ভারতীয় পুঁজিবাদের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরির পরিকল্পনা হিসেবে দেখা যায়।

বোম্বে প্ল্যান এ সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনাও ছিল। এই পরিকল্পনা শুধু কারখানা তৈরির পরিকল্পনা ছিল না। এর মধ্যে ছিল শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং ন্যূনতম জীবনযাত্রার মান উন্নয়নের চিন্তা। কারণ শিল্পায়নের জন্য শুধু কারখানা যথেষ্ট নয়। দরকার শিক্ষিত শ্রমিক, সুস্থ মানুষ, শক্ত অবকাঠামো, যথাযথ বাজার, উৎপাদন সক্ষমতা। এই কারণে পরিকল্পনাটি অর্থনৈতিক উন্নয়নকে সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত করেছিল। আটজন উদ্যোক্তা এমন একটি মডেল চেয়েছিলেন, যেখানে রাষ্ট্র ভিত্তি তৈরি করবে, বেসরকারি উদ্যোগ সেই ভিত্তির ওপর অর্থনীতি সম্প্রসারণ করবে।

এই চিন্তাটি আজও উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রাসঙ্গিক। বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক স্থবিরাবস্থা চলছে। একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানের সরকার দেশ পরিচালনা করছে। সরকার ও দেশের শিল্পপতি উদ্যোক্তারা অন্তহীন সমস্যা মোকাবিলা করছেন। এ অবস্থা উত্তরণের জন্য বোম্বে প্ল্যানের মতো একটি পরিকল্পিত রোডম্যাপ থাকা এখন জরুরি। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে বোম্বে প্ল্যান থেকে অন্তত পাঁচটি শিক্ষা নেওয়া যেতে পারে।

১. রাষ্ট্রকে সব ব্যবসা করতে হবে না; কিন্তু ব্যবসার ভিত্তি তৈরি করতে হবে। 

২. অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, বন্দর, যোগাযোগ, শিক্ষা ও দক্ষ জনশক্তিতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে এসব খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। 

৩. শুধু জিডিপি বাড়ানো যথেষ্ট নয়, মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।

৪. দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে হবে।

৫. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

স্বাধীনতার তিন বছর আগে ১৯৪৪ সালেই ভারতের শিল্পপতিরা ১৫ বছরের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন। আজকের বাংলাদেশেও যদি ১৫-২০ বছরের একটি বাস্তবসম্মত ‘জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা’ করা যায় বিশেষ করে শিল্প, রপ্তানি, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, বন্দর, জ্বালানি ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাকে একসঙ্গে চিন্তা করা যায়, তাহলে আমরা এগিয়ে যেতে পারব। এর জন্য বোম্বের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পপতিদের একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র ও বেসরকারি খাতের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব থাকতে হবে। তা না হলে কোনো প্ল্যানই কাজ হবে না। থমকে যাবে দেশের উন্নয়নের গতি।

আমাদের দেশে একজন উদ্যোক্তাকে তার প্রতিষ্ঠানটি চালু করতে কয়েক জোড়া জুতা ক্ষয় করতে হয়। সরকারের পক্ষ থেকে যদিও বারবার বলা হয় যে, ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ঘুষ না হলে ফাইল নড়ে না। মন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া গেলে শিল্পে বিদ্যুৎ, গ্যাস পাওয়া যায় না। স্থানীয় মাস্তান বা রাজনৈতিক নেতাদের সালাম না দিয়ে কারখানা চালু রাখা যায় না। রাজনৈতিক পরিচয় না থাকলে ব্যাংক থেকে লোন পাওয়া যায় না। কারখানা চালুর জন্য দক্ষ জনশক্তি পাওয়া যায় না। শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, কিন্তু দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের নানাভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা অতিরিক্ত লোভে ব্যবসায়ী পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। কখনও কখনও সরকারি দলের নেতাকর্মীদের চেয়ে বেশি রাজনৈতিক কর্মীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। কখনও নিরাপত্তাহীনতা, কখনও অসৎ উদ্দেশ্যে ব্যবসায়ীরা রাজনীতির আশ্রয় নেন। এর ফলে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নিতে হলে সরকার ও ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা মিলে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে পারলে এদেশেও টাটা, বিড়লা, লালভাইয়ের মতো ব্যবসায়ী প্রতিষ্ঠিত হবেন। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। কোনো ট্যাগিং নয়, কোনো বিভাজন নয়, সবাই মিলে দেশের স্বার্থে কাজ করতে হবে। তবে এটাও মনে রাখতে হবে, দেশের স্বার্থেই দেশবিরোধী, ব্যাংক লুটেরা, দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের সঙ্গে কোনো আপস নয়। 


লেখক: সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা