× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটের ন্যক্কারজনক পরিস্থিতি

ভিসি নিয়োগে বিধান অনুসরণ জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১০:০০ এএম

পুলিশ সুপারের মধ্যস্থতায় ৩০ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যায় মুক্তি পান অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

পুলিশ সুপারের মধ্যস্থতায় ৩০ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যায় মুক্তি পান অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

ভাইস চ্যান্সেলরের অপসারণ ও নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটছে, তাকে ন্যক্কারজনক বললেও কম বলা হয়। সরকার কর্তৃক নিযুক্ত একজন ভাইস চ্যান্সেলরকে অজ্ঞাত কারণে অপসারণ এবং শূন্য পদে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হওয়া যে সুস্থ পরিবেশের পরিচায়ক নয় তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, দেশে একটি নির্বাচিত ও দায়িত্বশীল সরকার বহাল থাকতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম দায়িত্ব গ্রহণ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। খবরে বলা হয়েছে, গত সোমবার নবনিযুক্ত ভিসি শরীফুল আলম ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন।

তারপর আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় সে ভবনে তালা লাগিয়ে দিলে ভিসি আটকা পড়েন। শিক্ষার্থীরা তার নিয়োগকে মেনে নেয়নি। তারা পূর্বতন ভিসি আবু সাদত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিল।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ভিসি হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদত মোহাম্মদ সায়েম। পরদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু অজ্ঞাত কারণে মাত্র ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে অধ্যাপক শরীফুল আলমকে ভিসি নিযুক্ত করা হয়। কিন্তু এ নিয়োগ মেনে নেয়নি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা পূর্বতন ভিসি আবু সাদত সায়েমের পুনর্বহালের দাবিতে সর্বাত্মক আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের সে আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও যোগ দেয়। ফলে চুয়েট ক্যাম্পাস অচল হয়ে পড়ে। অন্যদিকে ২১ সেপ্টেম্বর নিয়োগ পেয়ে অধ্যাপক শরীফুল আলম ২৪ সেপ্টেম্বর যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনের কারণে ক্যাম্পাসে যেতে পারছিলেন না। নিয়োগের ২১ দিন পরে গত সোমবার ক্যাম্পাসে প্রবেশ করে তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন।

অবশেষে চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারের মধ্যস্থতায় ৩০ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। আন্দোলনরত শিক্ষার্থীদের বরাত দিয়ে গতকালের সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ‘ভবিষ্যতে আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না’Ñ এ শর্তে অধ্যাপক শরীফুল আলম অবরুদ্ধ অবস্থা থেকে অব্যাহতি পান। শেষ খবর অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। 

উপাচার্য নিয়োগ ও অপসারণকে কেন্দ্র করে চুয়েটে সৃষ্ট পরিস্থিতি সচেতন নাগরিকদের উদ্বিগ্ন না করে পারছে না। কেননা চলমান আন্দোলনের কারণে সেখানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় কথা, একটি বিশ্ববিদ্যালয়ে সরকার কাকে উপাচার্য নিয়োগ করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের মাথাব্যথা থাকার কথা নয়।

তারপরও কেন তারা এ ব্যাপারে নাক গলাচ্ছে? এর মূল কারণ হলো, বিশ্ববিদ্যালয় আইনকে পাশ কাটিয়ে সরকারের ইচ্ছামাফিক ভিসি নিয়োগ ও অপসারণে স্বেচ্ছাচারী আচরণ। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে থাকেন। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিনেট কর্তৃক মনোনীত চারজনের প্যানেল থেকে রাষ্ট্রপতি একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের সুপারিশক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়ে থাকেন।

সমস্যা হলো, বিগত বছরগুলোতে সে বিধান পালিত হয়নি। ক্ষমতাসীন সরকার তাদের পছন্দের ব্যক্তিকে ভিসি পদে বসিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এ সরকারের আমলেও সেভাবেই ভিসি নিয়োগ করা হচ্ছে। অথচ অতীতে এমনটি ঘটেনি। সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ভিসি নিয়োগ করায় তাদের নিয়ে এমন অরাজক অবস্থার সৃষ্টি হয়নি। আইনকে তোয়াক্কা না করে সরকারের পছন্দের ব্যক্তিকে ভিসি বানানোর ফলে শিক্ষার্থীরাও এক্ষেত্রে নিজেদের পছন্দ-অপছন্দ নিয়ে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। 

বলা নিষ্প্রয়োজন, এ ধরনের পরিস্থিতি কারও কাম্য হতে পারে না। আমরা মনে করি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে চুয়েট সংকটের অবসানে সরকারের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। সেই সাথে ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না ঘটে, সেজন্য ভিসি নিয়োগে বিশ্ববিদ্যালয় আইনকে অনুসরণ করা আবশ্যক। কেননা নিজেদের পছন্দ-অপছন্দ নয়, গুরুত্ব দিতে হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশের ওপর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা