আশরাফুল আযম খান
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:৫৩ এএম
গ্রাফিক্স: সংগৃহীত
জেন জি শিক্ষার্থীদের পড়াতে হলে ভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োজন। কী পরিবর্তন হয়েছে তা জানা জরুরি। আপনি কি কখনও আপনার শিক্ষার্থীদের দেখে ভেবেছেনÑ ‘ওরা আগের শিক্ষার্থীদের চেয়ে আলাদা কেন?’ মাঝে মাঝে মনে হয়, ‘আমি যখন শিক্ষার্থী ছিলাম, তখন তো এমন ছিলাম না!’ আপনি ঠিকই ভাবছেন। পৃথিবী বদলেছে। আর আমাদের শিক্ষার্থীরাও বদলেছে। এখনকার শিক্ষার্থীরা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে, যেখানে রয়েছে সামাজিক মাধ্যম, তাৎক্ষণিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ছোট ছোট ভিডিও এবং সারাক্ষণ সংযুক্ত থাকার সুবিধা। তারা ভিন্নভাবে শেখে, ভিন্নভাবে যোগাযোগ করে এবং কখনও কখনও শিক্ষকদের প্রতিও ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। তবে একটি বিষয় বদলায়নিÑ তাদের এখনও শিক্ষক প্রয়োজন।
প্রশ্ন হলো, কী পরিবর্তন হয়েছে এবং আমাদের কীভাবে সাড়া দেওয়া উচিত? চলুন, জেন জি শিক্ষার্থীদের সম্পর্কে শিক্ষকদের জানা উচিতÑ এমন ৭টি বিষয় দেখি।
১. তারা চায় শেখাটা আকর্ষণীয় হোক। জেন জি শিক্ষার্থীরা প্রতিদিন আকর্ষণীয় কনটেন্টের মধ্যে থাকে। তারা ভিডিও, অ্যানিমেশন, ছবি এবং ইন্টার্যাকটিভ প্লাটফর্মে অভ্যস্ত। এর অর্থ এই নয় যে প্রতিটি পাঠে প্রযুক্তি ব্যবহার করতেই হবে। প্রযুক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো কৌতূহল তৈরি করা। কোনো ধারণা শুধু ব্যাখ্যা করার পরিবর্তে আপনি একটি প্রশ্ন করতে পারেন, ছোট একটি গল্প বলতে পারেন কিংবা এমন কোনো উদাহরণ দিতে পারেন, যার সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের বাস্তব জীবনকে মিলিয়ে নিতে পারে।
২. তারা জানতে চাÑ ‘কেন? এই কেন’র উত্তর একটি শব্দে বা বক্যে দেওয়া সম্ভব নয়। ‘কেন’র মধ্যে লুকিয়ে থাকে যেকোনো বিষয়ে ওদের অদম্য কৌতূহল। যেমনÑ আজকের শিক্ষার্থীরা প্রায়ই প্রশ্ন করেÑ ‘আমাদের এটা কেন শিখতে হবে?’ এটি অসম্মান নয়। তারা শেখার বিষয়টির সঙ্গে বাস্তব জীবনের যোগসূত্র তৈরি করতে চায়।
যেমনÑ আপনি যখন গণিত, বিজ্ঞান, ভাষা কিংবা সমাজবিজ্ঞান পড়াবেন, তখন বোঝানÑ বাস্তব জীবনে এর ব্যবহার কোথায়। শ্রেণিকক্ষের বাইরের জগতের সঙ্গে পাঠের সম্পর্ক যত বেশি দেখানো যাবে, শিক্ষার্থীরা তত বেশি আগ্রহী হবে।
৩. তারা এমন শিক্ষক চায়, যিনি তাদের কথা শুনবেন। জেন জি শিক্ষার্থীরা তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোকÑ এটা চায়। তারা ধারণা প্রকাশ করতে পারে, ভিন্ন মতামত দিতে পারে অথবা কঠিন প্রশ্ন করতে পারে। তখন সঙ্গে সঙ্গে ‘তর্ক করো না’ বলার পরিবর্তে বলা যেতে পারেÑ ‘তুমি কেন এমনটা মনে করো?’ আপনার শ্রেণিকক্ষ এমন একটি জায়গা হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে সম্মানের সঙ্গে মতপ্রকাশ করতে পারে। এমন একটি শ্রেণিকক্ষ, যেখানে তারা শুধু উত্তর মুখস্থ করবে নাÑ চিন্তা করতেও শিখবে।
৪. দীর্ঘ বক্তৃতার চেয়ে তারা পারস্পরিক আলোচনা পছন্দ করে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনতে পারে, সঙ্গে সঙ্গে আলোচনায় অংশগ্রহণও করতে চায়। প্রশ্ন করুন। আলোচনা করুন। ছোট ছোট দলীয় কাজ দিন। কোনো একটি ধারণা তাদের সহপাঠীদের কাছে ব্যাখ্যা করতে দিন। শিক্ষার্থীরা যখন পাঠের অংশ হয়ে যায়, তখন তারা শুধু শ্রোতা থাকে নাÑ সক্রিয় শিক্ষার্থী হয়ে ওঠে।
৫. তারা দ্রুত ও অর্থবহ ফিডব্যাক চায়। আজকের শিক্ষার্থীরা দ্রুত প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাওয়ার অভ্যাসে অভ্যস্ত। তাই শুধু পরীক্ষার শেষে নম্বর দেওয়ার পরিবর্তে, তারা কোথায় ভালো করেছে এবং কোথায় উন্নতি করতে পারেÑ সে বিষয়ে দ্রুত ও নির্দিষ্ট মতামত দেওয়া গুরুত্বপূর্ণ।
৬. তাদের শৃঙ্খলার পাশাপাশি বোঝাপড়াও প্রয়োজন। হ্যাঁ, শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। কিন্তু চিৎকার করাই শৃঙ্খলা তৈরির একমাত্র উপায় নয়। জেন জি শিক্ষার্থীরা সাধারণত তখনই নিয়ম ভালোভাবে মেনে চলে, যখন তারা নিয়মের কারণটি বুঝতে পারে। শিক্ষক হিসেবে আপনাকে দৃঢ় থাকতে হবে, কিন্তু একই সঙ্গে সম্মানজনকও হতে হবে। স্পষ্ট প্রত্যাশা নির্ধারণ করুন এবং সেগুলো ব্যাখ্যা করুন। ভুল করলে শিক্ষার্থীকে অপমান না করেও তার আচরণ সংশোধন করা সম্ভব। সত্য হলো, শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত শৃঙ্খলা পারস্পরিক সম্মানের মাধ্যমে আরও শক্তিশালী হয়।
৭. তাদের এখনও এমন একজন শিক্ষক প্রয়োজন, যিনি তাদের যত্ন নেবেন। প্রযুক্তি বদলেছে। শেখার উপকরণ বদলেছে। শিক্ষার্থীদের অভ্যাসও বদলেছে। কিন্তু একটি বিষয় বদলায়নিÑ মানুষের সঙ্গে মানুষের সংযোগের প্রয়োজন। পর্দার আড়ালে থাকা জেন জি শিক্ষার্থীরাও এমন একজন তরুণ মানুষ, যার প্রয়োজন উৎসাহ, স্বীকৃতি, দিকনির্দেশনা এবং এমন একজন মানুষ, যিনি তাকে বিশ্বাস করেন।
আপনাকে জেন জি-এর মতো হয়ে যেতে হবে না। আপনাকে শুধু এমন একজন শিক্ষক হতে হবে, যিনি এই প্রজন্মকে বোঝেন। জেন জি শিক্ষার্থীদের পড়ানো মানে আপনি যা এতদিন করে এসেছেন সবকিছু বাদ দিয়ে নতুন কিছু শুরু করা নয়। বরং এর অর্থ হলোÑ কী পরিবর্তন হয়েছে তা বোঝা এবং সেই অনুযায়ী মানিয়ে নেওয়া। তবে শিক্ষাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক দিকগুলোকে হারিয়ে না ফেলা। আপনি প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কিন্তু মানবিক সংযোগ হারাবেন না। কারণ প্রযুক্তি শিক্ষাকে সহজ করতে পারে। কিন্তু একজন ভালো শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ বদলে দিতে পারেন।
লেখক: অধ্যক্ষ, লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা