× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখলবাজির রকমফের

ড. হেলাল উদ্দিন আহমেদ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৮ এএম

ড. হেলাল উদ্দিন আহমেদ। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

ড. হেলাল উদ্দিন আহমেদ। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

জীবনচক্রের কথা বলতে গেলে শুরুতেই প্রশ্ন ওঠে: ডিম আগে না মুরগি আগে? মুরগি দিয়েই শুরু করা যাক। সভ্য সমাজে বিয়ে করার মাধ্যমেই যুবক-যুবতী পরস্পরের শরীরের ওপর দখলের অধিকার পায়; আর এর মাধ্যমেই জন্ম হয় সন্তানের। শৈশবে ও কৈশোরে শিক্ষালাভের আশায় শিশুরা বিদ্যালয় বা মাদ্রাসায় গমন করে। কিন্তু সেখানে তারা নতুন এক সমস্যার সম্মুখীন হয়। সেটা হলো ঘরে-বাইরে বলাৎকার ও ধর্ষণের ঝুঁকি। এক্ষেত্রে ঘরের ভেতর নিকটাত্মীয়, বাইরে প্রতিবেশী, আর বিদ্যালয় ও মাদ্রাসায় সহপাঠী ও শিক্ষকেরা শিকারির ভূমিকায় অবতীর্ণ হন।

বিদ্যালয় পর্ব শেষ হওয়ার পর আসে কলেজ ও বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ-তরুণীরা বিভিন্ন দলীয় ছাত্র-সংগঠনের কল্যাণে প্রথমবারের মতো পেশিশক্তি ও রাজনৈতিক দখলবাজির সঙ্গে পরিচিত হন। এটা হোস্টেলে সিট-বরাদ্দ থেকে শুরু করে দলীয় কোন্দল, চাঁদাবাজি, মারামারি ও খুনোখুনি পর্যন্ত বিস্তৃত থাকে। অনেককে বাধ্য হয়ে গণরুম বা বাইরের মেসে গিয়ে থাকতে হয়, এবং ‘ভাইয়া ও আপা’দের কথামতো দলীয় অনুষ্ঠান ও মিছিলে যোগ দিতে হয়। আর কথামতো না চললে তো আছে উত্তম-মধ্যমসহ হরেক প্রকার ভোগান্তি ও বিড়ম্বনা। এর বাইরে শিক্ষকদের নম্বর দেয়ার ওপর দখলবাজির কারণে জেন্ডার-নির্বিশেষে সর্বদা তটস্থ হয়ে থাকা ছাড়াও তরুণী শিক্ষার্থীরা পড়েন যৌন হয়রানির ঝুঁকিতে।

কলেজ-বিশ্ববিদ্যালয় পর্ব শেষ হওয়ার পর আসে যুবক-যুবতীদের নিজস্ব সংসার ও কর্মজীবনে প্রবেশের অধ্যায়। এক্ষেত্রে শহর হলে এক রকম আর গ্রামে অন্যরকম; ব্যক্তি খাতের চাকরি হলে একপ্রকার আর সরকারি চাকরি হলে ভিন্ন প্রকার। গ্রামে দেখা যায় ‘ভিলেজ পলিটিক্স’ ও ভূমিদস্যুদের দখলবাজি, আর শহরে দৃশ্যমান হয় চাঁদাবাজদের দৌরাত্ম্য, যা সকল খাতে বিস্তৃত। ব্যক্তি খাতে চাকরি করলে কায়েম থাকে পুঁজিপতিদের দখলদারত্ব। আর সরকারি চাকরি হলে চলে পদের কেদারায় বসে দখলবাজি। শেষোক্ত ক্ষেত্রে কীভাবে নথির মারপ্যাঁচে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করা যায় তার সঙ্গেও পদধারীদের পরিচয় ঘটে। 

জীবনচক্রের শেষ পর্বে আসে ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের সচল বা অচল জীবন। গ্রামাঞ্চল বা ব্যক্তি খাত হলে বৃদ্ধ বয়সেও অনেকে চাকরি ও জীবন-সংগ্রাম চালিয়ে যান। আর সরকারি চাকরি করে থাকলে অবসরের পর বৃদ্ধ-বৃদ্ধাদের অনেকেই হন পেনশনভোগী। কেদারা ও পদের দখলবাজি চলে যাওয়ায় এবার তারা নতুন বাস্তবতার সম্মুখীন হন। বিশেষ করে সম্পত্তি নিয়ে পুত্র-কন্যাদের মধ্যে গৃহবিবাদ দেখা দিলে পরিস্থিতি হয় অত্যন্ত সঙ্গিন। সন্তানদের দখলবাজির কারণে বৃদ্ধ পিতা-মাতাকে এমনকি ঘরছাড়াও হতে হয়।

এমনও শোনা যায়, ঘরছাড়া হয়ে কেউ কেউ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়ে অথবা ফুটপাত বা রেল-স্টেশনের প্লাটফর্ম দখল করে রাতযাপন করেন। আর আধ্যাত্মিক দিক দিয়ে কিছুটা অগ্রসর হতে পারলে মাজার বা আশ্রমেও কারও কারও ঠাঁই মেলে, তবে সেখানেও পাওয়া যায় দখলবাজির সুঘ্রাণ। দেশে গড় আয়ুর সঙ্গে সঙ্গতি রেখে সবশেষে আসে জীবন থেকে চিরবিদায় নেওয়ার পালা। শোনা যায়, শেষ মুহূর্তে কেউ কেউ বেহেশতের হুর-পরীদের ওপর দখলবাজির অধিকার অর্জনের স্বপ্ন দেখেন; আর কেউ কেউ প্রার্থনা করেন, তাদেরকে যেন কুকুর বা বিড়াল রূপে পৃথিবীতে প্রত্যাবর্তন করতে না হয়। এভাবেই দখলবাজির এই জীবনচক্রের অবসান ঘটে।

এবার আসা যাক ভূমি দখলবাজির রাজনৈতিক অর্থনীতি প্রসঙ্গে। বস্তুগত লাভের আশায় মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়। কিন্তু এগুলোর সঙ্গে অনেক সময় দুর্নীতি ও নৈতিকতার প্রশ্নও জড়িত থাকে। উৎপাদন, বণ্টন, ভোগ ও বিনিয়োগসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডই আইনি কাঠামোর আওতায় পরিচালিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের মতো দেশে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। উদাহরণ স্বরূপ এখানে ভূমির বণ্টন ঘটে থাকে জমি হস্তান্তর ও ভূমি দখল উভয় পন্থায়। ক্ষমতাবানদের জোরপূর্বক জমি দখলবাজি পুনর্বণ্টনমূলক ভূমি সংস্কার উদ্যোগের বিরুদ্ধে কাজ করে, যার বিরূপ প্রভাব দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধির মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণির ওপর পড়ে।

ঐতিহাসিকভাবে বাংলাদেশে বহু দশক ধরে ভূমি দখলের প্রক্রিয়া চলমান আছে। লাঠিয়ালদেরকে ব্যবহার করে চর দখলের ঘটনা তো দেশের ইতিহাস-ঐতিহ্যেরই অংশ। তা ছাড়া রাষ্ট্রক্ষমতা প্রয়োগ করে ভূমি অধিগ্রহণ এবং বিত্তশালীদের দ্বারা দরিদ্র কৃষকের বন্ধকী জমি কুক্ষিগত করার প্রবণতাও বেশ প্রাচীন।

বর্তমানে সরকারি ও বেসরকারি খাতের অনেক স্থানীয় ও অস্থানীয় সত্তা ভূমি দখলের সঙ্গে জড়িত। সরকারি দখলবাজদের মধ্যে থাকে সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি। অন্যদিকে, বেসরকারি সত্তাগুলোর মধ্যে আছে স্থানীয় ও বিদেশি কোম্পানি, ব্যক্তি খাতের সংগঠন, এনজিও এবং বিভিন্ন শ্রেণি ও জাতিগত গোষ্ঠীর ক্ষমতাশালীরা। আজকের বাংলাদেশে এই দখল-প্রক্রিয়া সর্বব্যাপী। শক্তিশালী সংগঠন ছাড়াও গ্রামে ও শহরে ক্ষমতাবান প্রতিবেশীরাও দরিদ্র ও সংখ্যালঘুদের জমি দখলে তৎপর থাকে।

গবেষক স্বপন আদনানের মতে (২০১৬), ভূমি দখলকে চারটি শ্রেণিতে বিন্যস্ত করা যায়। এগুলো হলো : (ক) শক্তি প্রয়োগের মাধ্যমে সরাসরি দখল; (খ) শক্তি প্রয়োগ করে পরোক্ষভাবে দখল; (গ) শক্তি প্রয়োগ না করে সরাসরি দখল; এবং (ঘ) শক্তি প্রয়োগ না করে পরোক্ষভাবে দখল। নিরাপত্তার অজুহাতে রাষ্ট্রযন্ত্র কর্তৃক দখল এবং ব্যক্তি খাতের সংগঠন দ্বারা দখল প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত। দ্বিতীয় শ্রেণির দখলবাজরা হলো কৃষিজ ব্যবসা এবং চিংড়ি ও মৎস্য চাষে জড়িত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ; সহিংসতার মাধ্যমে সামাজিকভাবে দুর্বল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার মাধ্যমেও এটা ঘটে। তৃতীয় শ্রেণিতে আছে মালিককে না জানিয়ে অথবা মীমাংসা বা বন্দোবস্তের মাধ্যমে জমি দখল করা, যার মধ্যে অন্তর্ভুক্ত জমির লিজ-গ্রহণ এবং জালিয়াতির মাধ্যমে জমির নিবন্ধন। চতুর্থ শ্রেণির উদ্ভব ঘটে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ হতে, যখন ক্ষতিগ্রস্ত মানুষ বেঁচে থাকার তাগিদে বাড়ি বা জমি বিক্রি করতে বাধ্য হয়।

জমি দখলের প্রক্রিয়া ও কৌশলে প্রায়শই অনৈতিক আচরণ পরিলক্ষিত হয়। বিশেষত জালিয়াতি, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ভূমি দখলের ক্ষেত্রে কথাটা বেশি প্রযোজ্য। তাছাড়া রাষ্ট্রযন্ত্রের ভূমিকায়ও এই অনৈতিকতা দৃশ্যমান হয়। বলা হয় যে ‘জনস্বার্থে’ ভূমি অধিগ্রহণ করা হচ্ছে, কিন্তু সরকারি আচরণের অসঙ্গতি পরিষ্কার হয়ে ওঠে যখন জমিটা ব্যক্তি খাতের মুনাফাকামী পক্ষের কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তার কারণে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রেও কখনও কখনও বিশেষ কোনো নৃগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দেখা যায়, যেটা অনৈতিক এবং সংবিধানে বর্ণিত সমতার মূলনীতির পরিপন্থী। তা ছাড়া নিরাপত্তা বাহিনীর সহায়তায় দলীয় ক্যাডাররা যখন জমি দখল করে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় সঠিক ও বেঠিকের পার্থক্যটা ভুলে যায়। মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়েও ব্যক্তি খাতের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী ও কোম্পানি ভূমি দখল করে থাকে। ক্ষমতার দৌরাত্ম্যের কাছে তখন সাধারণ মানুষ হয়ে পড়ে একদম অসহায়।

মজার ব্যাপার হলো, ভূমি সম্পর্কিত বিবাদে জড়িত সকল পক্ষই তাদের অবস্থানকে সঠিক মনে করে এবং সেই অনুযায়ী আইনি ও বেআইনি পন্থায় তাদের অধিকার প্রতিষ্ঠায় ব্যাপৃত হয়। এ সব কারণে ভূমি-সম্পর্কিত বিরোধ বিশ্লেষণের সময় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ছাড়াও সামাজিক, নৈতিক ও আদর্শিক প্রেক্ষিত বিবেচনা করাটা বাঞ্ছনীয়। এসব বিষয়ে রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগ পরস্পরবিরোধী অবস্থান নিতে পারে। তাছাড়া এই প্রক্রিয়ায় রাষ্ট্র, সমাজ, সম্প্রদায় ও শ্রেণিসমূহের ক্ষমতা কাঠামো নির্ণায়ক ভূমিকা পালন করে। তবে এটা পরিষ্কার- দেশে যে প্রক্রিয়া, পন্থা ও কৌশলে জমি দখল করা হয় তাতে নৈতিকতার সীমা বারবার লঙ্ঘিত হয়। এক্ষেত্রে স্বার্থান্বেষী ব্যক্তি, সম্প্রদায় ও সংগঠন কর্তৃত্বমূলক ভূমিকা পালন করে। আর আইন ও নৈতিকতাকে সমুন্নত রাখার পরিবর্তে সরকারি কর্মচারীরা প্রায়শই অনৈতিকতাকে প্রশ্রয় দেয়।

লেখক: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কোয়ার্টারলি পত্রিকার প্রাক্তন সম্পাদক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা