ইউপি নির্বাচনের রোডম্যাপ
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্থানীয় সরকার নির্বাচন দেশের গণতন্ত্র সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সাম্প্রতিক সময়ে এই নির্বাচন নিয়ে নানা আলোচনা ও চ্যালেঞ্জ সামনে এসেছে। বর্তমান বাস্তবতা, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোই মেয়াদ পার হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো চলছে ভারপ্রাপ্ত ও প্রশাসক দিয়ে। এমন বাস্তবতায়, স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির প্রথম ধাপে জেলা সদরের ইউনিয়নগুলোর নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং শেষের ধাপের ভোট হবে ২৭ মে। সোমবার নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যম স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
স্থানীয় সরকার গণতন্ত্রের প্রাথমিক স্তর আর ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণের সবচেয়ে কাছের নির্বাচিত প্রতিষ্ঠান। তাই গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। কেননা জন্মনিবন্ধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন থেকে শুরু করে স্থানীয় বিরোধ নিষ্পত্তিসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদ। সঙ্গত কারণেই এই নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা করাই কমিশনের সাফল্যের মাপকাঠি নয়, বরং ভোটাররা কতটা নির্ভয়ে ভোট দিতে পারলেন, সেটিই হবে প্রকৃত পরীক্ষা। অতীতে নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম, সহিংসতা, প্রভাব বিস্তার ও ভোটাধিকার হরণের যে প্রাবল্য ছিল, সঙ্গত কারণেই দেশবাসী তার পুনঃপ্রবর্তন চায় না।
একসময় স্থানীয় সরকার নির্বাচন মানেই ছিল উৎসবমুখর পরিবেশ। দলমত-নির্বিশেষে মানুষ আনন্দের সঙ্গে নির্বাচনে অংশ নিতেন, প্রার্থীদের মধ্যে ছিল সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কিন্তু গত ১৭ বছরে দলীয় রাজনীতির প্রভাব, আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং ক্ষমতার দ্বন্দ্বে সেই আনন্দমুখর পরিবেশ অনেক ক্ষেত্রেই সংঘাত-সংঘর্ষে রূপ নিয়েছে। নির্বাচনের মাঠে তৈরি হয়েছে বিভেদ, নষ্ট হয়েছে সামাজিক সম্প্রীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। বিশেষত, ২০১৬ সালের দলীয় প্রতীকে নির্বাচনব্যবস্থা প্রবর্তনের পর স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক ক্ষেত্রে তীব্র রূপ নেয়। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে সংঘর্ষ, প্রাণহানি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে। ২০২১-২২ সালের ইউপি নির্বাচনেও এই চিত্র দৃশ্যমান ছিল। সে সময় কার্যত নির্বাচনের নামে সরকারদলীয় সন্ত্রাসীরা জনপ্রতিনিধির আসনে বসার সুযোগ পেয়েছিল। অথচ স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সূতিকাগার। এখন সময় এসেছে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচন সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ধারায় ফিরিয়ে আনার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এটা একটি ইতিবাচক সিদ্ধান্ত। দলমুক্ত নির্বাচন হলে দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কাও থাকবে না। তবে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। স্থানীয় প্রশাসন যদি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য শক্ত অবস্থান না নেয়, তা হলে সব হিসাব ওলটপালট হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অপরিসীম। তারা যদি স্থানীয় সরকার নির্বাচন ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য করতে আগ্রহী হয়, তা হলে নেতাকর্মী, সমর্থকদের সংযত রাখতে হবে। কোনো পক্ষই যাতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা না করতে পারে, প্রশাসনকে সে ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। শুধু ভোটের দিন নিরাপত্তা দিলেই হবে না, প্রচার শুরুর পর থেকেই সমান সুযোগের পরিবেশ বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
আমরা মনে করি, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেবল নিছক জনপ্রতিনিধি বাছাইয়ের আনুষ্ঠানিকতা নয়। এটি দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রাথমিক স্তর। এটাকে দেশে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিভূমি বলা অসমীচীন নয়। মনে রাখতে হবে, একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের নির্বাচিত একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। আর সেটা নিশ্চিত করতে পারলেই নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ পূর্ণতা পাবে।