× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকার সমস্যা সমাধানে করণীয়

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১১:০৭ এএম

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার রাস্তাঘাট ও ফুটপাত হকারদের দখলে চলে যাচ্ছেÑ এ কথা অস্বীকার করার উপায় নেই। নগরবাসীর প্রতিদিনের ভোগান্তির অভিজ্ঞতাই তার প্রমাণ। ফুটপাত দিয়ে হাঁটার জায়গা নেই, সড়কের একাংশ চলে যাচ্ছে দোকানের পসরা ও ক্রেতাদের ভিড়ে, যানবাহনের গতি কমছে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কোথাও কোথাও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, জনদুর্ভোগ বাড়ছে এবং একটি আধুনিক রাজধানীর স্বাভাবিক নগরশৃঙ্খলা ক্রমেই ভেঙে পড়ছে। এই বাস্তবতায় দুই সিটি কর্পোরেশন ফুটপাতে থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। নগরশৃঙ্খলা রক্ষায় উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।

তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যা ঘটেছে, তা কোনভাবেই কাম্য হতে পারে না। ফুটপাত দখল, সড়ক সংকুচিত করে ব্যবসা পরিচালনা এবং যে কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরিÑ এ নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু ফুটপাত দখলমুক্ত করার একটি বৈধ ও প্রয়োজনীয় উদ্যোগ যখন সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নেয়, তখন এই উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া, পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

সম্প্রতি মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কথাই ধরা যাক। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ত এলাকায় ফুটপাত ও সড়কের ওপর হকারদের দখলদারিত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, পথচারী ও যানবাহন উভয়ের চলাচলই কঠিন হয়ে পড়েছে। দোকান, পসরা, ক্রেতা, রিকশা, বাস, ব্যক্তিগত গাড়িÑ সব মিলিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। ফুটপাত পথচারীর, সড়ক যান চলাচলের জন্য। তাই দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে- এটাই বাস্তবতা।

কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে? এখানেই বিষয়টি জটিল। আসলে হকার মানে কেবল ফুটপাতের ওপর বসে থাকা একজন বিক্রেতাই নন। এই পেশার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন-জীবিকা। একজন হকারের পেছনে একটি পরিবার, কয়েকজন নির্ভরশীল মানুষ, পাইকারি ব্যবসায়ী, পরিবহনকর্মী, ক্ষুদ্র উদ্যোক্তাÑ একটি বিস্তৃত অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাঠামো রয়েছে। আসলে হকারি কোনো পছন্দের পেশা নয়; বরং বেকারত্ব, দারিদ্র্য ও সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় টিকে থাকার উপায়। তাই হকার উচ্ছেদÑ কথাটি যত সহজে উচ্চারণ করা যায়, বাস্তবে তা তত সহজ নয়। একদিকে নাগরিকের চলাচলের অধিকার, অন্যদিকে একজন দরিদ্র মানুষের জীবিকার অধিকারÑ দুটিকেই বিবেচনায় নিতে হবে। একটি অধিকার রক্ষা করতে গিয়ে অন্য অধিকারকে সম্পূর্ণ অস্বীকার করলে টেকসই সমাধান হবে না।

বিশ্বের বহু বড় বড় শহরে ফুটপাতভিত্তিক ক্ষুদ্র ব্যবসা আছে। কোথাও নির্দিষ্ট জায়গায়, কোথাও নির্দিষ্ট সময়ে, কোথাও নির্দিষ্ট নকশা ও নিয়ম মেনে তা পরিচালিত হয়। সেসব দেশে হকারদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে নির্দিষ্ট স্থান, সময় ও শর্ত মেনে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়। কোথাও লাইসেন্স, নির্ধারিত ফুটপাত বা বাজার, পরিচয়পত্র এবং স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। এতে একদিকে যেমন পথচারীদের চলাচল ও নগর ব্যবস্থাপনা স্বাভাবিক থাকে, অন্যদিকে নিম্ন-আয়ের মানুষের কর্মসংস্থানও নিশ্চিত হয়।

বাংলাদেশের বাস্তবতায়ও হকারদের এভাবে উচ্ছেদ না করে একটি আধুনিক, মানবিক ও বাস্তবসম্মত হকার নীতিমালা প্রণয়ন জরুরি। নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ, লাইসেন্স প্রদান, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে নগরের সৌন্দর্য ও জনজীবনের স্বাভাবিকতা বজায় রেখেই হকারদের জীবিকা সুরক্ষিত করা সম্ভব।

ঢাকার হকারদের কীভাবে উচ্ছেদ করা যায় তা নয়, কীভাবে তাদের শৃঙ্খলার মধ্যে আনা যায় সেই পথ খুঁজতে হবে।তার জন্য প্রথমে দরকার একটি পূর্ণাঙ্গ হকার নীতি। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত, বাজার, বাসস্ট্যান্ড ও গণ-পরিবহনকেন্দ্রকে আলাদা করে জরিপ করতে হবে। কোথায় হকার বসতে পারবে, কোথায় একেবারেই পারবে না, তা নির্ধারণ করতে হবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ মোড়, বাসস্টপেজ, জরুরি সেবার প্রবেশপথ এবং প্রধান সড়কের ফুটপাত অবশ্যই দখলমুক্ত রাখতে হবে। অন্যদিকে অপেক্ষাকৃত প্রশস্ত ফুটপাত বা নির্দিষ্ট জায়গায় নিয়ন্ত্রিত হকার জোন করা যেতে পারে। সেখানে নির্দিষ্টসংখ্যক হকারের জন্য স্থান নির্দিষ্ট থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট সময় নির্ধারণ করা যেতে পারে। যেমন, অফিস চলাকালীন ব্যস্ত সময়ে কোনো কোনো এলাকায় হকার বসতে পারবে না; আবার অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে সীমিত পরিসরে বসার সুযোগ থাকতে পারে।

এ ক্ষেত্রে ডিজিটাল বা পরিচয়ভিত্তিক নিবন্ধন চালু করা যেতে পারে। প্রকৃত হকার কে, কে কোথায় বসেন, কী বিক্রি করেন তার একটি স্বচ্ছ তালিকা থাকতে হবে। এতে যেমন প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা সুরক্ষা পাবেন, তেমনি রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি ও দখলদারির সুযোগও কমবে। কারণ আরেকটি কঠিন বাস্তবতা আমাদের স্বীকার করতে হবেÑ হকারদের অনেকেই শুধু নিজের সিদ্ধান্তে ফুটপাত দখল করেন না। কোথাও কোথাও এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল, চাঁদাবাজি এবং নানা ধরনের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। আমি মনে করি, শুধু হকার উচ্ছেদ করে সমস্যার সমাধান করা যাবে না। যে ব্যবস্থা হকারদের ফুটপাতে বসতে বাধ্য করে এবং যারা সেই দখল থেকে অর্থনৈতিক সুবিধা নেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মাঝেমধ্যেই দেখা যায়, উচ্ছেদ অভিযান হয়, পসরা সরানো হয়, ফুটপাত কিছুদিন খালি থাকে; তারপর আবার আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ অভিযান আছে, কিন্তু স্থায়ী ব্যবস্থাপনা নেই। এতে হকারও অনিশ্চয়তায় থাকেন, নগরবাসীও সমস্যার সমাধান পান না। প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই। তাই প্রয়োজন ধারাবাহিক ব্যবস্থাপনা। একদিন উচ্ছেদ করে পরদিন নজরদারি বন্ধ করে দিলে কোনো লাভ নেই। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পুলিশ, ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে। কে নিয়ম বাস্তবায়ন করবে, কে তদারক করবে এবং নিয়ম ভাঙলে কী শাস্তি হবে, সবকিছু স্পষ্ট করতে হবে। একই সঙ্গে হকারদের পুনর্বাসনের বিষয়টিও বাস্তবসম্মত হতে হবে। শুধু দূরের কোনো মার্কেটে দোকান বরাদ্দ করলেই সমস্যার সমাধান হবে না। যেখানে ক্রেতা নেই, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী কেন যাবেন? তাই পুনর্বাসনের স্থান নির্ধারণে ক্রেতার চলাচল, গণপরিবহন, ব্যবসার ধরন এবং হকারদের সক্ষমতা বিবেচনা করতে হবে।

এই ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, নির্দিষ্ট স্টল, স্বল্পমূল্যের ভাড়া এবং বাজার ব্যবস্থাপনার সুযোগ দেওয়া যেতে পারে। যারা হকারি ছেড়ে অন্য পেশায় যেতে চান, তাদের জন্য দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থাও প্রয়োজন। তবে এই পুরো প্রক্রিয়ায় একটি বিষয় কোনোভাবেই বিস্মৃত হওয়া উচিত নয়— ঢাকার ফুটপাত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। একজন হকারের জীবিকার অধিকার যেমন আছে, তেমনি একজন পথচারীর নিরাপদে হাঁটার অধিকারও আছে। একজন বাসযাত্রীর সময়মতো গন্তব্যে পৌঁছার অধিকার আছে। একজন রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার অধিকার আছে। নগর ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করা।

রাজনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। হকারদের সংখ্যা অনেক, তাদের সামাজিক যোগাযোগ বিস্তৃত, স্থানীয় রাজনীতির সঙ্গে তাদের সম্পর্কও অনেক ক্ষেত্রে তৈরি হয়। ফলে জনপ্রিয়তার ভয়ে অথবা রাজনৈতিক সুবিধার জন্য সমস্যাটিকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা কোনো দায়িত্বশীল নগরনীতি হতে পারে না। আবার কঠোরতার নামে হাজার হাজার পরিবারকে এক দিনে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়াও দায়িত্বশীলতা নয়।

আমাদের প্রয়োজন কঠোর কিন্তু মানবিক নগরনীতি। তাই প্রথম ধাপে প্রয়োজন জরিপ ও নিবন্ধন। দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত দখলমুক্ত করা। তৃতীয় ধাপে নির্দিষ্ট হকার জোন তৈরি। চতুর্থ ধাপে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান। পঞ্চম ধাপে নিয়মিত তদারকি। আর সর্বশেষে নতুন করে কেউ যেন ফুটপাত দখল করতে না পারেন, সেজন্য স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা।

মিরপুর-১০ হয়তো একটি উদাহরণ। ঢাকার আরও অসংখ্য এলাকায় একই চিত্র দেখা যায়। প্রতিটি জায়গায় স্থানীয় বাস্তবতা অনুযায়ী সমাধান দরকার। সব এলাকায় একই ফর্মুলা চাপিয়ে দিলে কাজ হবে না। ঢাকাকে বাসযোগ্য করতে হলে রাস্তা শুধু গাড়ির জন্য নয়, ফুটপাত শুধু হকারের জন্যও নয়। নগর সবার— পথচারী, যাত্রী, ব্যবসায়ী, হকার, দোকানদার, বাসিন্দা— সবার। তাই সমাধানও হতে হবে সবার অধিকার বিবেচনায় রেখে।

এই কঠিন কাজটি এখনই করতে হবে। ঢাকার ফুটপাতের বিশৃঙ্খলা এখন সহ্যের পর্যায়ে নেই। তবে শৃঙ্খলা প্রতিষ্ঠার নাম যেন মানুষের জীবিকা কেড়ে নেওয়া না হয়। প্রয়োজন উচ্ছেদ নয়— নিয়ন্ত্রণ, পুনর্বিন্যাস, জবাবদিহি এবং মানবিক নগর ব্যবস্থাপনা। সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে নগরের শৃঙ্খলা এবং মানুষের জীবিকা— পরস্পরের প্রতিপক্ষ না হয়ে একই সমাধানের অংশ হতে পারে।

আজ উচ্ছেদ করলাম, কাল আবার দখল হলোÑ এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন স্থায়ী নীতি, নির্দিষ্ট হকার জোন, পরিচয়পত্র, সময়ভিত্তিক ব্যবসার ব্যবস্থা এবং নিয়ম ভাঙলে ধারাবাহিক শাস্তি। সবচেয়ে বড় কথা, উচ্ছেদ যেন শক্তি প্রদর্শনের অভিযানে পরিণত করা না হয়। আগে নোটিস, তারপর আলোচনা, বিকল্প ব্যবস্থা, নির্দিষ্ট সময়সীমাÑ এরপর প্রয়োজন হলে আইন প্রয়োগ। এতে একদিকে পথচারীর অধিকার রক্ষা হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকাও হঠাৎ বিপন্ন হবে না।

লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা