× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: প্রতিফলন ঘটুক পদক্ষেপে

সম্পাদকীয়

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১১:০২ এএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১১:০৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিয়েছেন, সুধী মহলে তা ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত পরশু সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপি সংসদীয় দলের সভায় তিনি বলেছেন, দলের পরিচয়ে চাঁদাবাজি, দখলদারি ও অনিয়মে জড়ালে নেতাকর্মী-এমপি-মন্ত্রী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি এও বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলদারদের স্থান নেই। একই সঙ্গে প্রধানমন্ত্রী কেউই জবাবদিহি বা আইনের ঊর্ধ্বে নন উল্লেখ করে বলেছেন, অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে। তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন।

দেশের বর্তমান প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের যথার্থতা নিয়ে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। কেননা, ক্ষমতাসীন বিএনপির কতিপয় নেতাকর্মী কর্তৃক সংঘটিত অনিয়ম ও বে-আইনি কার্যকলাপ ইতোমধ্যে জনমনে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের চরম দুঃশাসন ও অপশাসনের দুঃসহ ঘটনাবলি এখনও এদেশের মানুষের স্মৃতিতে তরতাজা। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সে সরকারের পতনের ধারাবাহিকতায় এ বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বিএনপি। বিএনপির প্রতি এদেশের গণমানুষের যে আস্থা ও প্রত্যাশা, কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে দলটির নেতাকর্মীদেরই। দেশবাসী বিএনপির এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের প্রতিবিম্ব দেখতে চায় না। তাদের প্রত্যাশা, বিএনপি সরকার দেশে সুশাসন কায়েম করে অতীতের লীগ দুঃশাসনের ভয়াবহ স্মৃতি ভুলিয়ে দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী ও জনপ্রতিনিধির এমনসব কর্মকাণ্ডের খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে, যেগুলো লীগ দুঃশাসনের স্মৃতিকেই স্মরণ করিয়ে দেয়। বলাই বাহুল্য, এসব খবর বিএনপি তথা বর্তমান সরকারের সমর্থক-শুভানুধ্যায়ীদের হতাশ না করে পারে না। 

প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর মনোভাবের জানান দিয়ে আসছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর পর বিএনপির একশ্রেণির নেতাকর্মী চাঁদাবাজি-দখলদারিসহ নানা অপরাধকর্মে মেতে উঠলে তারেক রহমান কঠোরতার সঙ্গে তার লাগাম টেনে ধরেছিলেন। সবারই স্মরণ থাকার কথা, সে সময় নানা অপকর্মে জড়িত প্রায় আট হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল বিএনপি। কারও কারও বিরুদ্ধে নেওয়া হয়েছিল আইনি ব্যবস্থাও। তারপরও কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি একশ্রেণির নেতাকর্মী অপকর্মের পথ থেকে সরে আসেনি। তারাই দেশজুড়ে নানা অপকাণ্ডের মাধ্যমে দল ও সরকারের ভাবমূর্তির বারোটা বাজিয়ে চলেছে। যার প্রতিফলন দেশবাসী দেখতে পেয়েছে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালমান মুক্তাদিরের কার্যালয় ও স্টুডিওতে হামলা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর মধ্য দিয়ে। এর কোনোটি ঘটেছে জমি দখলের দুরভিসন্ধিতে, কোনোটি চাঁদাবাজির উদ্দেশ্যে আর কোনোটি টেন্ডারবাজির লক্ষ্যে। লক্ষণীয় হলো, এসব ঘটনার ব্যাপারে সরকার এতটুকু ছাড় দেয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি রাড্ডা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিএনপিদলীয় নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দলীয় নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দলীয় সংসদ সদস্যদের সম্পর্কে যে কথা বলেছেন, তা অত্যন্ত যুক্তিসঙ্গত। কেননা, জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড জনমনে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির নিয়ামক। বিগত লীগ সরকারের সময়ে তৎকালীন ক্ষমতাসীন দলটির এমপিরা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মে এমনভাবে জড়িয়েছিল যে, জনমনে দলটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিল। বিএনপির কিছু কিছু এমপি সম্পর্কেও তেমন অভিযোগ পাওয়া যাচ্ছে, যার উল্লেখ স্বয়ং প্রধানমন্ত্রী করেছেন। 

দলীয় এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের উদ্দেশে সময়োপযোগী হুঁশিয়ারি উচ্চারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা ও সমর্থন পাবেন সন্দেহ নেই। তবে, আমরা বলতে চাই, শুধু মৌখিক কঠোর বার্তা উচ্চারণই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ পদক্ষেপের মাধ্যমে সে কঠোর বার্তার প্রতিফলন ঘটানো। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উচিত ‘চ্যারিটি বিগিন্স অ্যাট হোম’Ñ প্রবচনটি স্মরণে রেখে পদক্ষেপ নেওয়া। সন্ত্রাস-চাঁদাবাজি মুক্ত করে দেশে সুশাসন কায়েম করতে হলে, তা নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সম্ভবত প্রধানমন্ত্রী সে ইঙ্গিতই দিয়ে থাকবেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা