× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি

সিনথিয়া ইসলাম খুশবু

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১২:২৬ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রার মান উন্নত হলেই একটি দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু জাতীয় আয় বা মাথাপিছু আয়ের বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের আয়, ক্রয়ক্ষমতা, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুযোগ কতটা নিশ্চিত হচ্ছে, তার ওপরও দেশের উন্নয়নের প্রকৃত চিত্র নির্ভর করে। কিন্তু সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফতি ও মুল্যস্ফীতি মানুষের এই স্বাভাবিক জীবনযাত্রার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মানুষের আয় সেই অনুপাতে না বাড়ায় সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে।

মুদ্রাস্ফীতি বলতে সাধারণভাবে এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি বোঝায়, যখন একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার সাধারণ মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পায় এবং একই পরিমাণ অর্থ দিয়ে আগের তুলনায় কম পণ্য ও সেবা কেনা সম্ভব হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে টাকার প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যায়। এর প্রভাব সমাজের সব শ্রেণির মানুষের ওপর পড়লেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের আয়ের বড় একটি অংশ খাদ্য, বাসাভাড়া, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় হয়ে যায়। ফলে বাজারে পণ্যের দাম বাড়লে তাদের হাতে সঞ্চয় বা অন্যান্য খাতে ব্যয় করার মতো অর্থ খুব বেশি অবশিষ্ট থাকে না।

বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের আয়ের প্রধান উৎস চাকরি, শ্রম, ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা বা দৈনিক ও মাসিক মজুরি। তাদের আয় সাধারণত নির্দিষ্ট বা সীমিত। অন্যদিকে বাজারদর অনেক দ্রুত পরিবর্তিত হলেও তাদের বেতন বা মজুরি একই হারে বাড়ে না। ফলে কয়েক বছর আগে যে অর্থ দিয়ে একটি পরিবার স্বাভাবিকভাবে মাসের বাজার করতে পারত, বর্তমানে একই অর্থ দিয়ে সেই পরিমাণ পণ্য কেনা সম্ভব হয় না। একজন চাকরিজীবী বা শ্রমজীবী মানুষের আয় যদি বছরে সামান্য বাড়ে, কিন্তু একই সময়ে চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংস, বাসাভাড়া ও চিকিৎসার খরচ অনেক বেশি বেড়ে যায়, তাহলে বাস্তবে তার জীবনযাত্রার মান উন্নত না হয়ে বরং কমে যায়।

মুদ্রাস্ফীতির চাপ শুধু খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের বাসস্থান ও জীবনযাপনের অন্যান্য ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলে। বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, যাতায়াত ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সেবার খরচ বেড়ে গেলে মধ্যবিত্ত পরিবারগুলোকে নিজেদের জীবনযাত্রার মানের সঙ্গে আপস করতে হয়। মুদ্রাস্ফীতির কারণে শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও পরিবারগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সন্তানের স্কুলের বেতন, বই-খাতা, পোশাক, যাতায়াত ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত খরচ বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। অনেক পরিবার সন্তানের অতিরিক্ত শিক্ষা, কোচিং বা অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের খরচ কমিয়ে দিতে বাধ্য হয়। শ্রমিক-কর্মচারীদের মজুরি যদি পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে না বাড়ে, তা হলে তাদের প্রকৃত আয় কমে যায়। কাগজে-কলমে একজন মানুষের বেতন হয়তো আগের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু সেই বেতন দিয়ে যদি আগের তুলনায় কম পণ্য কিনতে হয়, তা হলে তার প্রকৃত ক্রয়ক্ষমতা আসলে কমে যায়। এ অবস্থায় মানুষকে প্রয়োজন ও চাহিদার মধ্যে পার্থক্য করতে হয়। আগে যে বিষয়গুলোকে প্রয়োজনীয় মনে করা হতো, সেগুলোর কিছু বাদ দিতে হয়। বিনোদন, ভ্রমণ, পোশাক, সামাজিক অনুষ্ঠান কিংবা অন্যান্য অপেক্ষাকৃত কম জরুরি ব্যয় কমিয়ে পরিবারগুলো আয়-ব্যয়ের ভখারসাম্য রক্ষার চেষ্টা করতে বাধ্য হয়। 

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিগত পর্যায়ে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা জরুরি। সম্ভব হলে একমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর না করে অতিরিক্ত আয়ের পথ তৈরি করা, ছোট পরিসরে বৈধ ব্যবসা বা উদ্যোগ গ্রহণ, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যেতে পারে। তবে শুধু ব্যক্তির উদ্যোগ দিয়ে মুদ্রাস্ফীতির মতো বৃহৎ অর্থনৈতিক সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য সরকারের কার্যকর বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট মোকাবিলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের আয় ও মজুরি বৃদ্ধির মতো পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি নিম্ন-আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত ও কার্যকর করা জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া আবশ্যক।

মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় ক্ষতি হলো, এটা মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান সংকুচিত করে ফেলে। বিশেষ করে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত গভীর। কারণ তাদের আয় সীমিত হওয়ায় ব্যয়ের পরিধি বাড়লে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত সুফল তখনই মানুষের কাছে পৌঁছবে, যখন সাধারণ মানুষ স্বচ্ছন্দে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য মৌলিক প্রয়োজন পূরণ করতে পারবে। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ শুধু অর্থনীতির স্বার্থে নয়, মানুষের স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার জন্যও অত্যন্ত জরুরি। সেজন্য একটি স্থিতিশীল ও জনবান্ধব অর্থনীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত মানুষের আয় ও ক্রয়ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করা। 

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা