যুদ্ধপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ফ্রন্ট খুলেছেন। তবে কোনো দেশ বা মহাদেশের দিকে এবার কামান তাক করেননি তিনি। তার এবারের যুদ্ধের টার্গেট ‘মশা’। বিশ্বাস হচ্ছে না কথাটি, তাই না? না হওয়ারই কথা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রাধিপতি সবকিছু রেখে কেন সৃষ্টি জগতের অত্যন্ত ক্ষুদ্র একটি পতঙ্গের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, এ কৌতূহল সৃষ্টি হওয়া স্বাভাবিক।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে গত ৫ অক্টোবর দেশের বিভিন্ন পত্রিকায় খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। কোনো কোনো পত্রিকা খবরটির শিরোনাম করেছে, ‘মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ট্রাম্পের।’ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে রাজধানী ওয়াশিংটন ডিসিতে মশার সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছেন, বিদেশি ও আগ্রাসী প্রজাতির মশা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় দ্রুত বাড়ছে। কিছু এলাকায় এসব মশা স্থানীয় প্রজাতিকেও ছাড়িয়ে গেছে। এ অবস্থায় মশার মাধ্যমে ছড়ানো রোগ প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে গবেষণা বাড়াতে হবে। ওই রাষ্ট্রীয় ফরমানে নির্দিষ্ট কিছু আগ্রাসী প্রজাতির মশার সংখ্যা ৬০ দিনের মধ্যে ৯০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
খবরটি অভিনব সন্দেহ নেই। কেননা, যখন সারা বিশ্ব ট্রাম্পের যুদ্ধ উন্মাদনায় সর্বক্ষণ থরহরিকম্প অবস্থায় দিন গুজরান করছে, সেসময়ে মশার মতো একটি অতিক্ষুদ্র পতঙ্গের বিরুদ্ধে যুদ্ধবাজখ্যাত ট্রাম্পের বজ্রনির্ঘোষ পুলক সৃষ্টি না করে পারে না। লক্ষণীয় হলো, ট্রাম্পের আদেশনামায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ‘বিদেশি ও আগ্রাসী’ মশককুলকে নির্মূলের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এক্ষেত্রে ওই মশককুল নয়া ইতিহাস গড়ল বলা যায়। কেননা, বিশ্ব ইতিহাসের পাতায় নজর দিলে এটা প্রতীয়মান হয় যে, এ যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বহুদেশে আগ্রাসী অভিযান চালালেও তারা কোনো দেশের আগ্রাসনের শিকার হয়নি। নিজেদের ভূমিকে অক্ষত রেখে অন্যদের ভূখণ্ডকে ক্ষতবিক্ষত করার যে নীতি মার্কিন যুক্তরাষ্ট্র অবলম্বন করে আসছে, তাতে তারা যে সফল, এটা না বললেও চলে। দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রিই যাদের মূল লক্ষ্য, তাদের জন্য এটা একটা মোক্ষম কৌশলও বটে। এক্ষেত্রে নীতিনৈতিকতা, মানবিকতা এবং আন্তর্জাতিক রীতিনীতি সবই অতীব তুচ্ছ বিষয়। বিশ্ব অশান্তির মূল নারদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিনদেশি আগ্রাসন থেকে মুক্ত থাকার যেসব ভূ-রাজনৈতিক কারণ রয়েছে, সেসব এখানে উল্লেখ বাহুল্য মনে হতে পারে।
কিন্তু মশা এবার সে ঐতিহ্যের সাদা পর্দায় কালির ছোপ লাগিয়ে দিল। প্রেসিডেন্ট ট্রাম্প যদি শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন, বলার কিছু ছিল না। কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েছেন ‘বিদেশি ও আগ্রাসী’ মশার বিরুদ্ধে। অনুমেয়, ওইসব মশা যেভাবেই হোক, সব বাধা ডিঙিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ ও আস্তানা গেড়েছে। কীভাবে ওরা মার্কিন মুলুকে অনুপ্রবেশ করেছে, তা বিস্ময়কর ব্যাপার। কেননা, ওদের পাতলা ডানায় ভর করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া মোটেও সম্ভবপর নয়। তাহলে কীভাবে ওরা ঢুকে পড়ল সেখানে? সম্ভবত নিয়মিত যাতায়াত করা কোনো উড়োজাহাজে লুকিয়ে জেএফকে বিমানবন্দরে পৌঁছেছে ওরা। তারপর আর পায় কে! যেহেতু মশাদের ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন আইন নেই, কাস্টমস চেকিং নেই, তাই বিমানবন্দর পেরিয়ে সেদেশের নালা-নর্দমা কিংবা পুকুর-ডোবায় আশ্রয় নেওয়া কঠিন কোনো কাজ নয়। আর সেখানে নিরাপদে ও নিরুপদ্রবে ওরা বংশবিস্তার করে এখন বিশাল মশকগোষ্ঠীতে পরিণত হয়ে খোদ রাষ্ট্রপ্রধানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু কি তাই? সেই বিশাল মশককুলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, বিশ্বরাজনীতি ও যুদ্ধবিগ্রহের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত থাকার পরও বর্তমান দুনিয়া-জাহানের একচ্ছত্রাধিপতি জনাবে-আলা ডোনাল্ড ট্রাম্প রীতিমতো যুদ্ধের ডাক দিতে বাধ্য হয়েছেন। এখানে অবশ্য বিশ্ববাসীর জন্য একটি স্বস্তির বিষয় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছে করলে তার রাজ্যে ‘সন্ত্রাসী বা জঙ্গি মশা’ প্রেরণের অভিযোগে যেকোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিতে পারতেন। নিদেনপক্ষে বাণিজ্য অবরোধ তো দিতেই পারতেন। কিন্তু এমন সুযোগ হাতে থাকতে কেন তিনি সেদিকে গেলেন না, বোধগম্য হচ্ছে না। তবে কি যুদ্ধ তাকে ক্লান্তি এনে দিয়েছে? তাই মনে মনে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু’ গাইতে গাইতে সে পথে আর হাঁটতে চাননি। অবশ্য দুষ্টলোকেরা বলা-কওয়া করছে, এ যাবৎ বহু যুদ্ধ বাধালেও যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধেই জয়লাভ করতে পারেনি। তাই অসাফল্যের তালিকা দীর্ঘ না করার বিবেচনা থেকে হয়তো তার এ মানসিক পরিবর্তন। তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথা। তাদের মতে, যুদ্ধের ব্যাপারে ট্রাম্পকে অন্তত বিশ্বাস করা যায় না। যেকোনো ছুতোনাতায় তিনি বাজিয়ে দিতে পারেন দামামা। সম্ভবত হাতের কাছে তেমন সুযোগ না পাওয়ায় নিজ দেশের সন্ত্রাসী মশককুলের বিরুদ্ধেই কামান দাগার ঘোষণা দিয়েছেন।
তা ট্রাম্প সাহেব তার দেশে মশা মারুন বা মাছির বংশ নির্বংশ করুন, তাতে আমাদের তেমন ক্ষতিবৃদ্ধি নেই। আমরা বরং নিজেদের দিকে একটু দৃকপাত করি। মশার যন্ত্রণায় আমাদের ত্রাহি মধুসূদন অবস্থার কথা নতুন করে নিশ্চয়ই বলার দরকার পড়ে না। সেই কবে ১৮৩১ সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জনজীবনের দুর্ভোগের কথা বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি।’ তারপর দুই শতাব্দী পার হতে চলেছে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন সেখানেও নেই, আমাদের এখানেও নেই। এখন বাংলাদেশের কাউকে কেমন আছেন জিজ্ঞেস করলে যদি তিনি বলেনÑ ‘দিনে-রাতে মশা-মাছি, এসব নিয়েই বেঁচে আছি’, তাহলে কি খুব ভুল বলা হবে?
মশার উপদ্রবে আমাদের জীবন কতটা অতিষ্ঠ, তা বলার অপেক্ষা রাখে না। অতিক্ষুদ্র এ পতঙ্গটি পাখায় ভর করে উড়ে বেড়ায়। সুযোগ পেলে মানুষসহ যেকোনো প্রাণীর দেহে হুল ফুটিয়ে রক্ত চুষে খায়। তবে আকার-আকৃতিতে ক্ষুদ্র হলেও এর শক্তি অসামান্য। এদের আক্রমণে অনেক সময় দিশাহারা অবস্থা হয় মানুষের।তাই সে সংঘবদ্ধ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকে। কখনও মশারি খাঁটিয়ে নিরাপদ বেষ্টনি তৈরি করে। আবার কখনও কয়েল জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করে মশাবাহিনীকে। সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো মশক প্রতিরোধকারী স্প্রে ব্যবহার। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। তীব্র গন্ধযুক্ত স্প্রে ছড়িয়ে দেওয়ার পর ঘর মশামুক্ত হয় বটে, তবে অল্পক্ষণ পরই তারা আবার গুনগুন রবে তাদের উপস্থিতির জানান দেয়। অনেকে বলে থাকেন, মশা তাড়ানোর স্প্রে মশা মারে না, অজ্ঞান করে রাখে কিছুক্ষণের জন্য। অনেকটা অপারেশন টেবিলে রোগীকে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো। এসব কয়েল-স্প্রে আবিষ্কারের আগে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের দেশের মানুষ ধূপ মেশানো নারকেলের ছোবড়ায় আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে সারা ঘরময় ছড়িয়ে দিত। সে ধূপের ধোঁয়ায় মশা পড়ি কী মরি করে পালিয়ে যেত। আর এখনকার কথা কী বলব! বোধকরি মশার প্রতিরোধশক্তি বেড়ে গেছে। তাই কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না।
‘মশা মারতে কামান দাগা’ একটি বহুল প্রচলিত বাগধারা। বাস্তবে মশা নিধনের জন্য কেউ কামান-বন্দুক ব্যবহার করেছে এমন নজির না থাকলেও অভিনব ব্যবস্থার কথা অনেক শোনা গেছে। মরহুম মোহাম্মদ হানিফ যখন ঢাকার মেয়র ছিলেন, তখন মশা নিধনের জন্য ড্রেনে ‘গাপ্পি মাছ’ ছাড়া হয়েছিল। বলা হয়েছিল, বিদেশ থেকে আনা সে গাপ্পি মাছ ঢাকার সব মশার লার্ভা খেয়ে সাফ করে ফেলবে। কিন্তু দেখা গেল, মশা ঠিকই আছে, গাপ্পি মাছই হারিয়ে গেছে। তবে মশা মারতে কামান দাগা না হলেও আজকাল সিটি করপোরেশন যে ফগিং মেশিন ব্যবহার করে, তাকে কামানের মিনি সংস্করণ বলা যেতে পারে। তাই ছিটানো ওষুধে মশা না মরলেও মেশিনের বিকট আওয়াজে হয়তো মশাদের হৃদকম্প সৃষ্টি হয়। তাই কিছু সময়ের জন্য তারা এলাকা ত্যাগ করে অন্যত্র শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। পরিস্থিতি ‘স্বাভাবিক’ হলে আবার ফিরে আসে স্বস্থানে। সবচেয়ে বিস্ময়কর হলো, মশার বংশবৃদ্ধির উৎস বন্ধ না করে ভেতরে ঘা রেখে ওপরে মলম লাগানোর মতো ওষুধ ছিটানো। রাজধানীল নর্দমাগুলোর দিকে নজর দিলে যে কারও মনে হতে পারে, ময়লা পানির মধ্যে মশাদের মহাসমাবেশ চলছে। ময়লা-আবর্জনায় পরিপূর্ণ বিভিন্ন লেক, পুকুর বা ঝিলের দিকে তাকালে মনে হয় নিবিড় মশা চাষ প্রকল্প।
মশা যদি হুল ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত খেয়ে উদরপূর্তি করে সন্তুষ্ট থাকত, তাহলে কারও কোনো আপত্তি থাকত বলে মনে হয় না। কিন্তু সমস্যা হলো, ওরা রক্ত শুষে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহে নানান রোগের জীবাণু ঢুকিয়ে দেয়। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিস ইত্যাদি ভয়ংকর রোগের বাহক এই মশককুল। একসময় ম্যালেরিয়া আমাদের এ উপমহাদেশে মহামারী রূপে দেখা দিত। সে প্রকোপ এখন কিছুটা কম। তবে ডেঙ্গু এখন প্রাণঘাতী রোগগুলোর অন্যতম। সে সঙ্গে চিকুনগুনিয়া। ফলে মশাকে এখন মানবজাতির অন্যতম দুশমন বলা চলে।
আর সম্ভবত সে কারণেই মার্কিন মুলুকের রাজাধিরাজ ডোনাল্ড ট্রাম্প মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ভিয়েতনাম থেকে শুরু করে অতি সাম্প্রতিক ইরানযুদ্ধ পর্যন্ত কোনোটিতেই মার্কিনিরা জয়ের মুখদর্শন করতে পারেনি। এবার দেখা যাক, মশার বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারে কি না। পারলে তা একটি নয়া বিশ্বরেকর্ড হবে। আর আমাদের জন্যও তা হবে অনুসরণীয়। আমরাও ‘মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়’ আওড়াতে আওড়াতে মশক বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারব সর্বাত্মক যুদ্ধে।