তাজমিন হত্যা
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনা আরও একবার মনে করিয়ে দিলÑ সমাজ কন্যাশিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে উঠেছে। ছবি: সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনা আরও একবার মনে করিয়ে দিলÑ সমাজ কন্যাশিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে উঠেছে। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে ঝরে ভেঙে গেল একটি স্বপ্ন, নিভে গেল একটি পরিবারের আলো। গণমাধ্যমের বরাতে জানা যায়, বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়া তাজমিন কক্সবাজার থেকে ফেরার পথে অপহরণ ও ধর্ষণের শিকার হয়। তাকে শ্বাসরোধে হত্যা করে আততায়ী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে এবং সে এ ব্যাপারে আদালতে জবানবন্দিও দিয়েছে। মূল আসামিকে দ্রুত গ্রেপ্তার প্রাথমিক অগ্রগতি হলেও এটাই কি সমাধান? প্রশ্ন উঠছে, আমাদের সমাজ ও নিরাপত্তাব্যবস্থা কেন বারবার অপরাধীদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হচ্ছে? উল্লেখ্য, অতি সম্প্রতি কুমিল্লার কোটবাড়ী এলাকায় একটি আইফোনের জন্য স্কুলছাত্র অপ্রতিমকে নৃশংসভাবে খুন করে কতিপয় বখে যাওয়া কিশোর। সে শোক-স্মৃতি না কাটতেই তাজমিন হত্যাকাণ্ড। দুটি মর্মান্তিক ঘটনাই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেÑ আমাদের সন্তানরা কতটা নিরাপদ, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক হিসেবে আমরা কতটা দায়িত্বশীল?
জানা গেছে, জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আটক অটোরিকশাচালক সুমন মিয়া কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের ভাষ্যে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ওই ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুমনের এককভাবে সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে। আসামি সুমন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে। সুমন তাজমিনকে ধর্ষণের পর ধানক্ষেতে নিয়ে মাথা উপুড় করে মাটির সঙ্গে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। গত শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
এটা মানতে হবেÑ হত্যার দায় হত্যাকারীর, আর অপরাধ প্রতিরোধ ও বিচারের দায়িত্ব রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে সেক্ষেত্রে দায় অভিভাবকদেরও কম নয়। মনে রাখা দরকার, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করা, দামি পোশাক পরানো কিংবা ভালো ফলাফলের প্রত্যাশা করাই অভিভাবকত্বের পূর্ণতা নয়। সন্তানের মানসিক জগৎ বোঝা, তার বন্ধু-বান্ধব ও চলাফেরা সম্পর্কে সচেতন থাকা, বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং নৈতিক মূল্যবোধ শেখানোও অভিভাবকের অপরিহার্য দায়িত্ব। সন্তানের সঙ্গে অভিভাবকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে অনেক সময় সে নিজের সমস্যা, ভয় কিংবা বিপদের কথা পরিবারের কাছে প্রকাশ করতে পারে না। যে কারণে সন্তানদের চলাফেরা ও গতিবিধি সম্পর্কে অভিভাবকদের সজাগ ও সতর্ক থাকা অত্যন্ত জরুরি। সন্তানদের মনস্তত্ব অনুধাবনে বাবা-মার ব্যর্থতা তাদের বিপথে গমনের অন্যতম প্রধান কারণ।
তাজমিনের মর্মান্তিক মৃত্যু কেবল একটি সাধারণ অপরাধের ঘটনা নয়। এটি আমাদের সামাজের মূল্যবোধের অবক্ষয়, নৈতিক স্খলন এবং বিচারহীনতার সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। একজন নাবালিকা মেয়ে স্বাভাবিক চলাচলের পথে অটোরিকশা কিংবা গণপরিবহনে নিরাপদ থাকতে পারবে নাÑ একটি স্বাধীন ও সভ্য দেশে এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আরেকটা বিষয় এখানেই উল্লেখ্য, যখনই এমন কোনো ঘটনা ঘটে, তখনই প্রতিবাদের ঝড় ওঠে, তদন্ত হয় এবং কিছুদিনের মধ্যে সবকিছু আবার থিতিয়ে পড়ে। এই দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
তাজমিনের দুঃখজনক মৃত্যুর জন্য তার পিতা-মাতার ঔদাসীন্য যে অনেকাংশে দায়ী, এটা অস্বীকার করা যাবে না। একটি বালিকা গত সাত-আট মাস স্কুলে যায় না, অথচ অভিভাবক হিসেবে তারা মেয়েকে ক্লাসরুমে ফেরত পাঠানোর কোনো উদ্যোগই নিলেন না! এমনকি মেয়ে কার সঙ্গে বেড়াতে গেল, কোথায় সে থাকল, সে বিষয়েও তারা ছিলেন বেখবর। মেয়ে বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে চার দিন নিখোঁজ থাকল, অথচ তারা কোনো থানায় সে ব্যাপারে কোনো ডায়রি লেখাননি। এ কেমন অভিভাবকত্ব? এটা ঠিক, সন্তান হারানোর বেদনা তারাই সবচেয়ে বেশি অনুভব করছেন। কিন্তু এ নির্মম ঘটনার পেছনে তাদের অবহেলা-উদাসীনতার দায় কি তারা এড়াতে পারবেন?
জান্নাতুল তাজমিন আর কোনো দিন ফিরে আসবে না। তবে তার এ মৃত্যু অন্য সবার জন্য একটি কঠিন বার্তা। আর তা হলো, অভিভাবক হিসেবে আমাদের অধিকতর দায়িত্বশীল হতে হবে। সন্তানদের প্রতি হতে হবে যত্নবান। তাদের সুপথে চালিত করা ও চরিত্র গঠনে দিতে হবে অনুপ্রেরণা। সবাইকে বুঝতে হবে, আমরা এমন একটি সময় পার করছি, যখন একশ্রেণির মানুষের মনুষ্যত্ব কর্পূরের মতো উবে গেছে। তাই নিজের সন্তানদের মানুষরূপী নেকড়ের থাবা থেকে রক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে।
আমরা তাজমিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অবিলম্বে এ বর্বর হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছি।