× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে ‘শিশুকন্যা’ সমাজ-মানসের প্রতিচ্ছবি

রাসেল আহমদ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১১:৩০ এএম

যে ‘শিশুকন্যা’ সমাজ-মানসের প্রতিচ্ছবি

হ‍ুমায়ূন আহমেদের ‘নিমফুল’ নাটকের সেই মর্মান্তিক দৃশ্যটির কথা অনেকেরই হয়তো স্মৃতি থেকে ম্লান হয়ে যায়নি। নাটকের প্রধান চরিত্র মতি, সে ছিল এক দরিদ্র চোর। চুরির দায়ে গ্রামবাসীর তথাকথিত বিচারে সিদ্ধান্ত হয়, খেজুর কাঁটা দিয়ে তার দুটি চোখ ফুটিয়ে অন্ধ করে দেওয়া হবে। এই অমানবিক ও নৃশংস বিচার দেখতে উৎসুক জনতার ভিড় জমে। চোখ তুলে নেওয়ার সেই চরম মুহূর্তে ভীতসন্ত্রস্ত মতি তার অবুঝ ছোট ছেলেকে সান্ত্বনা দিতে প্রাত্যহিক নানা কথা বলছিল। ছেলে যখন কেঁদে উঠে প্রশ্ন করেÑ ‘বাবা, ওরা কি সত্যি তোমার চোখ গাইল্যা দিব?’ তখন মতি উত্তর দেয়, ‘আরে না রে পাগলা! মানুষের চোখ কি অত সহজ জিনিসÑ যে কেউ গাইল্যা দিব? এডা তো আর আলু-পটোল না!’

নাটকের সেই প্রান্তিক মানুষ মতির চোখে যে অঙ্গটি অন্তত আলু-পটোল বা সস্তা কোনো সামগ্রী ছিল না, আমাদের জগাখিচুড়ি ও আধাখেঁচড়া সমাজকাঠামো এবং এর কর্তাব্যক্তিদের কাছে আজ সাধারণ মানুষের জীবন, মানবাধিকার ও শরীর সেই আলু-পটোলের চেয়েও সস্তা ও গুরুত্বহীন হয়ে পড়েছে। রাষ্ট্র ও সমাজের এই নৈতিক অবক্ষয় আজ এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতাই বিচারকের আসনে বসে যাচ্ছে, আর সেই তথাকথিত বিচারের বলি হচ্ছে মানুষ।

সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের একটি স্থানীয় বাজারে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনাটি আমাদের এই সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতিকে আবারও নগ্নভাবে উন্মোচিত করেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাতে সিঁদ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া এক ব্যক্তিকে তথাকথিত ‘বিচারক’ জনতা নির্মম নির্যাতন করে বেঁধে রাখে একটি থামের সাথে। পুলিশ, আইন, আদালত কিংবা ন্যূনতম মানবাধিকারের তোয়াক্কা না করে স্থানীয় সালিশকর্তারা সেখানে একাধারে প্রসঙ্গ উত্থাপনকারী, পুলিশ ও বিচারকের ভূমিকা পালন করে।

পরদিন সকালে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে একটি আট-নয় বছরের কন্যাশিশু। উৎসুক ও হিংস্র মানুষের ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে সে দেখে, তার বাবা কাঠের খুঁটিতে বাঁধা অবস্থায় মৃত্যুর মুখে। সারারাত অমানুষিক নির্যাতনের পর তিনি না-খেয়ে প্রায় আধমরা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দৃশ্যটি দেখে খানিকক্ষণ হু হু করে কেঁদেছে মেয়েটি। তারপর নিজের পরনের ফ্রকের কোণা দিয়ে পরম মমতায় মুছে দিয়েছে বাবার শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত আর ঘামের দাগ। এরপরই সেই শিশুমনে জেগে ওঠে পৃথিবীর আদিমতম ও মৌলিক চিন্তÑ ক্ষুধা! অবুঝ মেয়েটির মনে হয়েছে, বাবাকে তো বাঁচতে হবে, বাবার নিশ্চয়ই ভীষণ ক্ষুধা পেয়েছে! পাশের এক দোকান থেকে নিজের সাধ্যমতো এক টুকরো পাউরুটি, একটু পানি আর এক কাপ গরম চা কিনে আনে সে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশের হিংস্র মানুষের রক্তচক্ষু। অবুঝ মেয়েটি চায়ে পাউরুটি ভিজিয়ে পরম যত্নে বাবার মুখে তুলে দেয়। ওই একটি মুহূর্তেই উধাও হয়ে যায় ক্ষুব্ধ জনতার হুংকার। তথাকথিত বিচারকরাই তখন গলার সুর বদলে বলতে শুরু করেÑ ‘খা রে, তোর মেয়েটা দিচ্ছে, খা! আর তোরে কেউ মারতে আসবে না।’

পরবর্তীতে জানা যায়, ঘটনাটির প্রেক্ষাপট আরও জটিল। লোকটি স্রেফ কোনো পেশাদার অপরাধী ছিল না। তার বৃদ্ধ বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি সর্বস্ব হারিয়ে পথে বসেছিল। চরম পারিবারিক বিপর্যয় ও মানসিক হতাশায় একপর্যায়ে তিনি পথভ্রষ্ট হয়ে পড়েছিলেন। যে সমাজব্যবস্থা বা অর্থনৈতিক টানাপড়েন একজন মানুষকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দেয়, সেই সমাজই আবার কোনো অনুসন্ধানের সুযোগ না দিয়ে তাকে কেবল ‘অপরাধী’ পরিচয়ে বিচারহীন গণপিটুনির শিকার বানায়। এ ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধের গল্প নয়; এটি একই সাথে আমাদের সমাজমানসের দুটি বিপরীত মেরুকে স্পষ্ট করে তোলেÑ একদিকে আইনের অবক্ষয় ও জনপরিসরের হিংস্রতা, অন্যদিকে কন্যাশিশুর অপরিসীম মমতা ও শাশ্বত পারিবারিক মনস্তত্ত্ব।

আমাদের সমাজে একটি প্রথাগত ধারণা রয়েছেÑ বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় কন্যারা যত কাঁদুক না কেন, যানবাহনে চড়ার পরপরই তারা স্বাভাবিক হয়ে যায়। নতুন সংসারে গিয়ে নাকি দ্রুত মানিয়ে নেয়। মনোবিজ্ঞানীরা নানা হরমনাল রসায়ন আর মানিয়ে নেওয়ার ক্ষমতার তত্ত্ব সাজিয়ে একে ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু সেই বৈজ্ঞানিক বা সামাজিক ব্যাখ্যার আড়ালে ঢাকা পড়ে যায় এক গভীর সত্য।

প্রতিবছর ‘বিশ্ব কন্যাশিশু দিবস’ বা ‘আন্তর্জাতিক কন্যা দিবস’ আসে রঙিন স্লোগান আর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। কিন্তু দিবসের বর্ণিল আলোর বাইরে বাস্তব সমাজের দৃশ্যপট বড়ই বিষাদময়। সামাজিক নিরাপত্তা ও আইনি সুরক্ষার অভাবে কন্যাশিশুরা আজ ঘরে-বাইরে প্রতিনিয়ত সহিংসতার মুখোমুখি হচ্ছে। গণমাধ্যমে প্রায়শই শিরোনাম হয় কন্যাশিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের খবর। যে দেশে প্রতিদিন বহু কন্যাশিশু চরম নিপীড়নের শিকার হয়, সেখানে কেবল এক দিনের আনুষ্ঠানিক উদযাপনে তাদের অধিকার বা সম্মান প্রতিষ্ঠিত হতে পারে না।

একদিকে বিচারহীনতার সংস্কৃতি, যেখানে ‘মব ভায়েলেন্স’ বা গণপিটুনি দিয়ে মানুষকে পঙ্গু বা হত্যা করাকে একপ্রকার স্বাভাবিক বিষয় বানিয়ে ফেলা হচ্ছে; অন্যদিকে কন্যাশিশুদের প্রতি অবহেলা ও সহিংসতাÑ এই দুইয়ের সমন্বয়ে গঠিত সমাজ কখনও মানবিক বা সভ্য হয়ে উঠতে পারে না। যখন কোনো সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়া অভ্যাসে পরিণত হয়, তখন তার সবচেয়ে বড় শিকার হয় শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র ও সমাজকে দুটি জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে : প্রথমত, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ও কন্যাশিশুর সুরক্ষা। আমরা চাই, প্রতিটি কন্যাশিশু মানবিক মর্যাদা নিয়ে, পূর্ণ নিরাপত্তায় মাথা উঁচু করে বেঁচে থাকুক। তাদের শৈশব ও স্মৃতিজুড়ে থাকুক বাবা-মা ও আপনজনদের অমলিন ভালোবাসা। বিচারহীনতা ও হিংস্রতার তিমিরে শিশু কন্যার এই অকৃত্রিম মানবতাই যেন আমাদের সমাজের অন্ধকার দূর করার আলোকবর্তিকা হয়ে ওঠে।


লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক ও কলাম লেখক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা