× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ারি খুলুক, তবে লুটপাট নয়

সম্পাদকীয়

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:৪২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুযোগের অপব্যবহারের প্রবণতা আমাদের দেশের একশ্রেণির মানুষের মধ্যে প্রবলভাবেই রয়েছে। এর ফলে ভালো কাজের পরিণতিও অনেক সময় খারাপ হিসেবে প্রতিভাত হয়। আত্মস্বার্থ চিন্তা অনেককে বিবেকহীন করে তোলে। সুযোগ পেয়ে তারা এর এমন অপব্যবহার করে যে, তার কুফল ভোগ করতে হয় সবাইকে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বিখ্যাত এর সাদাপাথরের সৌন্দর্যের জন্য। দলাই নদের তীর ও তলদেশে রাশি রাশি সাদাপাথরের সৌন্দর্য মুগ্ধ করত পর্যটকদের। কিন্তু ২০২৫ সালের আগস্ট মাসে সেখানে নেমে আসে বিপর্যয়। পাথর কোয়ারির নামে শুরু হয় পাথর ডাকাতি। নির্বিচারে সাদাপাথর লুট করে পুরো দলাই নদকে করে তোলা হয় কাদামাটির কদাকার একটি পরিত্যক্ত স্থানে।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে স্থানীয় এবং কেন্দ্রীয় প্রশাসনের টনক নড়ে। তারা নড়েচড়ে বসেন এবং ‘অ্যাকশনে’ নামেন। তাদের পদক্ষেপে লুট হওয়া পাথর পুনরায় প্রতিস্থাপিত হয় ভোলাগঞ্জের দলাই নদে। ভোলাগঞ্জ ফিরে পায় তার ঐতিহ্যবাহী সৌন্দর্য। বলা প্রয়োজন যে, সাদাপাথর লুটের ঘটনা পাথর কোয়ারি শ্রমিক এবং ব্যবসায়ীরা ঘটালেও এর পেছনে জড়িত ছিল স্থানীয় সরকারি প্রশাসনের কতিপয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও।

বলা যায়, সবাই মিলে একটি দুর্বৃত্তচক্র গড়ে তুলেছিল। সরকারের প্রশাসন যদি কঠোর পদক্ষেপ নেয়, তা হলে যেকোনো অনিয়ম-দুর্নীতি বন্ধ করা যে সম্ভব, ভোলাগঞ্জের লুট হয়ে যাওয়া সাদাপাথর উদ্ধার তার তরতাজা উদাহরণ।

পাথর কোয়ারি অনেকের জীবিকার উৎসÑ এ কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষত, সিলেট-চট্টগ্রাম অঞ্চলের পাথরসমৃদ্ধ নদী বা পাহাড় থেকে পাথর সংগ্রহ করা হয়ে থাকে। এ পেশায় জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ।

গতকাল প্রতিদিনের বাংলাদেশের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি বন্ধ থাকায় এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষ কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছে। একটি  উৎপাদনশীল বাণিজ্যিক কর্মকাণ্ড স্থবির বা বন্ধ হয়ে গেলে এর বিরূপ প্রতিক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে আঘাত করে।

পাথর কোয়ারি বন্ধ থাকলে শুধু কোয়ারি শ্রমিকরাই বেকার হয় না, এ ব্যবসার সঙ্গে জড়িত অন্যরাও বিপাকে পড়ে। পাথর তোলার কাজে ব্যবহৃত নৌকার মাঝি, ট্রাক বা লরিচালক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, পাথর ভাঙার কলের শ্রমিক ও মালিক এবং পাথর কোয়ারি সংলগ্ন এলাকার রেস্তোরাঁ ও খাবার দোকান ইত্যাদিও বন্ধ হয়ে যায়। ফলে বেকার হয়ে পড়ে এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হাজার হাজার মানুষ। 

প্রতিদিনের বাংলাদেশের খবরেই বলা হয়েছে, ভোলাগঞ্জের বালুমিশ্রিত পাথর নির্মাণ কাজে একটি অন্যতম উপাদান। কোয়ারি বন্ধ থাকায় এ পাথরের সংকট দেখা দিয়েছে। 

এটা ঠিক, ব্যবসা-বাণিজ্য চালু রাখার অজুহাতে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বাঞ্ছনীয় নয়। দুঃখজনক হলো, আমাদের দেশের ব্যবসায়ীদের একটি অংশ জাতীয় স্বার্থকে মাথায় রাখে না। তারা সুযোগ পেলে এমনভাবে তার অপব্যবহার করেন, যা দেশের স্বার্থকে ক্ষুণ্ন করে। সিলেট বা অন্য অঞ্চলের পাথর কোয়ারি সম্পর্কেও একই কথা বলা চলে।

সম্ভবত এসব কারণেই ২০২০ সাল থেকে ভোলাগঞ্জ কোয়ারি বন্ধ করে রেখেছে সরকার। পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের একটি বিধিবদ্ধ নিয়ম রয়েছে। রয়েছে বেশকিছু বিধিনিষেধও। সেসব বিধিনিষেধ পালন করে পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু যখন সে উত্তোলন সাদাপাথরের ন্যায় পাথর লুটের ঘটনায় পরিণত হয়, সমস্যা দেখা দেয় তখনই। 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কোয়ারি শ্রমিকরা এখন কাজের অভাবে মানবেতর জীবনযাপন করছে। আমাদের কথা, দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সেজন্য দুই লাখ মানুষকে কর্মহীন করে রাখাকে সুবিচেনাপ্রসূত বলা যায় না। 

স্থানীয় পাথর ব্যবসায়ীরাও প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, পরিবেশ রক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তারা কোয়ারি চালুর পক্ষে। আমরা মনে করি, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পাথর কোয়ারি খুলে দেওয়া দরকার। তা হলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মকাণ্ডে পুনরায় চাঞ্চল্য ফিরে আসবে এবং বর্তমানে কর্মহীন শ্রমিকরাও জীবিকার অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বসম্পন্ন বিধায় সরকারের দ্রুত সিদ্ধান্ত কাম্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা