× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কন্যাশিশুর অধিকারের সুরক্ষা প্রয়োজন

ফেরদৌস আরা মিনু

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:২২ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এই দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়। এটি বিশ্বের প্রতিটি কন্যা শিশুর অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নির্ধারণে নতুন দিক-নির্দেশনা প্রদান করে। ২০২৬ সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের মূল মন্ত্র হলো ‘End child marriage and invest in girls’ rights’ অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং কন্যা শিশু অধিকার ও ভবিষ্যৎ বিনির্মাণে বিনিয়োগ করতে হবে। জাতিসংঘের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাল্যবিবাহ কেবল একটি শিশুর শৈশব কেড়ে নেয় নাÑ এটি তার শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, স্বাধীনতা এবং নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকারকেও সংকুচিত করে।

বাংলাদেশে ২০২৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.৩ শতাংশ ১৮ বছরের আগেই এবং ১৩.৪ শতাংশ ১৫ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়। ১৫ থেকে ১৯ বছর বছর বয়সী মেয়েদের মধ্যেও ৩৮.৯ শতাংশ বর্তমানে বিবাহিত। ২০২৪ সালে ইউনিসেফের তথ্য অনুযায়ী, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটে। অথচ আমাদের দেশে ছেলেদের বিয়ের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। 

কন্যা শিশুর প্রতি বৈষম্য অনেক সময় তার জন্মের আগে থেকেই শুরু হয়ে যায়। মায়ের পেটে থাকা অবস্থায় ভ্রূণ পরীক্ষা করে কন্যা শিশুর সম্ভাবনা থাকলেই ভ্রূণ নষ্ট করার প্রবণতা থাকে অনেক ক্ষেত্রেই। আমাদের পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় কন্যা মানেই পরিবারের বোঝা। কিছু কিছু ধর্মমতে কন্যা শিশু উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির অধিকার পায় না। বরং তাকে বিবাহ দিতে পিতাকে অনেক সময় কপর্দকশূন্য হতে হয়। এ কারণেও কন্যা শিশু পরিবারে ব্যাপক বৈষম্যের শিকার হয়ে থাকে। ধর্মীয় অনুশাসন এবং সামাজিক নিরাপত্তার অভাবে পিতা-মাতা কন্যা শিশুর বাল্যবিবাহ দিতে বাধ্য হন।  

বাল্যবিবাহের সঙ্গে দারিদ্র্য, শিক্ষার সুযোগের অভাব, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, অনিরাপদ অভিবাসন সমাজে প্রচলিত কুসংস্কার, নিরাপত্তাহীনতা এবং নারী ও কন্যা শিশুর ব্যাপারে নেতিবাচক মনোভাব এবং মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে সীমিত প্রত্যাশার কারণে গ্রামাঞ্চলের পরিবারগুলোতে এক ধরনের ভয় ও উদ্বেগ কাজ করে। এটাই মূলত বাল্যবিবাহের মূল কারণ। 

বাল্যবিবাহ কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনার ওপর একটা গুরুতর আঘাত। অল্প বয়সে বিয়ে হলে অনেক মেয়ের শিক্ষা বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদে তার শৈশব ও কৈশোর পার করতে পারে। কন্যা শিশুকে সব ধরনের সহিংসতা, নির্যাতন, পাচার, শোষণ ও বৈষম্য থেকে রক্ষা করাও রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিশেষ করে, দরিদ্র, প্রতিবন্ধী, প্রান্তিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা কন্যা শিশুদের ক্ষেত্রে একাধিক ধরনের বৈষম্য একসঙ্গে কবজা করে। এ কারণে তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। 

বাংলাদেশে বাল্যবিবাহ রোধে ২০১৭ সালে Child marriage restraint act.-2017 বলবৎ করা হয়েছে। কিন্তু এর কার্যকারিতা তেমন নেই। এটাও ঠিক যে, শুধু আইন প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোকেও মোকাবিলা করতে হবে। বাংলাদেশ সরকার CEDAW সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ। এই সনদের একটি উল্লেখযোগ্য দাবি হচ্ছে, বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ। ১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত Beijing Declaration and Platform for Action নারী ও কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই প্লাটফর্মে নারীর ক্ষমতায়ন ও সমতা অর্জনের জন্য ১২টি গুরুত্বপূর্ণ উদ্বেগের ক্ষেত্র নির্ধারণ করা হয়। এর মধ্যে Girl Child বা কন্যা শিশু একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। 

Beijing Platform for Action-Gi Girl Child ক্ষেত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে কন্যা শিশুর অধিকারকে নারী অধিকার থেকে আলাদা করে দেখা যায় না। আজকের কন্যা শিশুর প্রতি বিনিয়োগই আগামী দিনের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের ভিত্তি। প্রখ্যাত নারী নেত্রী এবং ফ্যামিনিস্ট লেখক কমলা ভাসিন বলেছেন, ‘নারীর অধিকারই মানবাধিকার’। সুতরাং কন্যা শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। 


কন্যা শিশু ও যৌন শোষণ : কন্যা শিশুকে সব ধরনের সহিংসতা, নির্যাতন, পাচার, ডিজিটাল হয়রানি, শোষণ ও বৈষম্য থেকে রক্ষা করাও রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সম্প্রতি এক বয়োবৃদ্ধ তথাকথিত রাজনীতিবিদ এক কিশোরীর দারিদ্র্যকে মূলধন করে তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে শেষ পর্যন্ত আত্মহননের পথে ঠেলে দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষকের লালসার শিকার হয়েছে অনেক কন্যা শিশু। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ইভ টিজিং, ধর্ষণ এবং নির্মম হত্যা প্রতিনিয়তই আমাদের সমাজে ঘটছে। ধর্মান্ধ উগ্রবাদী ব্যক্তিদের ফতোয়া এবং লালসার কারণেও পিতা-মাতা ও পরিবার শঙ্কিত হয়ে কন্যা শিশুর বাল্যবিবাহ দিতে বাধ্য হন। অনেক সময় প্রবীণ বয়স্ক পুরুষের সাথেও শিশু কন্যার বিবাহের ঘটনা ঘটে। এসব কারণে বাল্য বিধবার সংখ্যাও দেশে কম নয়। 

কন্যা শিশুর অধিকার : কন্যা শিশুর প্রথম অধিকার হলো শিশু হিসেবে তার শৈশব উপভোগ করার অধিকার। তার হাতে বই থাকার কথা বিয়ের কাবিননামা নয়। তার স্বপ্ন দেখার কথা, অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি নেওয়ার কথা নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় বাংলাদেশে প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে নারী শিশুর উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকা সত্ত্বেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে অনেক কন্যা শিশু বাল্যবিবাহের কারণে শিক্ষা থেকে ঝরে যায়। কন্যা শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা বাল্যবিবাহ প্রতিরোধে অন্যতম কার্যকর উপায়। স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রেও কন্যা শিশুর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। শৈশব ও কৈশোরে পর্যাপ্ত পুষ্টি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য ও সেবা পাওয়া তার সুস্থ ভবিষ্যতের জন্য অপরিহার্য। 

আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে একটি মেয়ে তার জন্মের কারণে কোনো বৈষম্যের শিকার হবে না। সে নিরাপদে বেড়ে উঠবে, নিজের মত প্রকাশ করতে পারবে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখবে। একটি সমাজের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে তার কন্যা শিশুর বর্তমান অবস্থার ওপর। কন্যা শিশু শুধু একটা পরিবারের সন্তান নয়। সে আগামী দিনের নারী, নাগরিক, মা, নেতৃত্বদানকারী এবং সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই কন্যা শিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা মানবাধিকার ও টেকসই উন্নয়নের একটি অপরিহার্য শর্ত। 

কন্যা শিশুকে রক্ষা করা শুধু দয়া বা কল্যাণের বিষয় নয়Ñ এটি তার অধিকার। আর অধিকার নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। জাতিসংঘের ২০২৬ সালের আহ্বানও আমাদের মনে করিয়ে দেয়- মেয়েদের শিক্ষা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও অধিকারভিত্তিক বিনিয়োগ বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।


লেখক: প্রেসিডেন্ট সিনিয়র সিটিজেন ফোরাম এবং সাবেক অতিরিক্ত সচিব

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা