প্রতীকী ছবি
রাজধানী ঢাকার ফুটপাত, রেলস্টেশন, বাস টার্মিনাল, বস্তি ও জনবহুল এলাকায় প্রকাশ্যে মাদকসেবনের দৃশ্য ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। রাস্তার মোড় থেকে শুরু করে অলিগলির আড়াল-আবডাল বিভিন্ন স্থানে মাদকসেবনের এমন চিত্র নগরজীবনের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও সামাজিক পরিবেশের জন্য এক ধরনের হুমকি বলা যায়।
সবচেয়ে উদ্বেগজনক, এদের উল্লেখযোগ্য অংশ পরিবার থেকে বিচ্ছিন্ন ও ছিন্নমূল শিশু-কিশোর। তাদের অনেকেই বেঁচে থাকার তাগিদে দিনের বেলায় ভাঙ্গারি সংগ্রহ, ভিক্ষাবৃত্তি কিংবা ছোটখাটো কাজে যুক্ত থাকে। এদের একটা অংশ রাত নামলে মাদক সেবন, বহন ও বিক্রির ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে।
এই শিশু-কিশোরদের নানা অসহায়ত্বে সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরাও তাদের সহজেই অপরাধের জালে জড়িয়ে ফেলছে। এভাবে কেউ কেউ চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধেও যুক্ত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই শিশুদের ভবিষ্যৎ রক্ষায় রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কতটা পালন করা হচ্ছে?
অভিযোগ রয়েছে, বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মাদক সেবনের এই ঘটনাগুলো ঘটছে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘পুলিশের সামনেই চলে মাদকসেবন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে পল্টন, শান্তিনগর, গুলিস্তান, কারওয়ান বাজার, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বসিলা ও নতুনবাজার-বাড্ডা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিন অনুসন্ধান চালিয়ে পথশিশুদের মাদক বহনÑসেবন ও বিক্রির তথ্য তুলে ধরা হয়েছে।
আমরা মনে করি, এসব ঘটনার সুনির্দিষ্ট তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ ব্যাপারে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, রাস্তাঘাট বা জনসমাগমস্থলে কাউকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে আইন প্রয়োগের পাশাপাশি বিষয়টিকে সরকারের দায়িত্বশীল অবস্থানের দিকও দেখা হচ্ছে।
আমরা মনে করি, এভাবে প্রকাশ্য স্থানে মাদক সেবনের ঘটনাগুলো কেবল আইনশৃঙ্খলার জন্যই সমস্যা নয়। এটি দারিদ্র্য, পারিবারিক বিচ্ছিন্নতা, শিশুর প্রতি অবহেলা এবং সামাজিক সুরক্ষাব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার এবং স্বাভাবিক শৈশব উপভোগ করার কথা, সে বয়সে তাদের একটি অংশকে কাটাতে হচ্ছে রাস্তায়। আশ্রয়, খাদ্য, শিক্ষা ও স্নেহের অভাব তাদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
এই ব্যাপারে সংশ্লিষ্টদের প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত শিশুদের সুরক্ষার বিষয়টি। পথশিশুদের শনাক্ত করে নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, শিক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পরিবারে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকাসক্ত শিশু-কিশোরদের অপরাধী হিসেবে গণ্য না করে বয়স, পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের সুযোগ দিতে হবে।
পাশাপাশি শিশুদের মাদক বহন ও বিক্রিতে ব্যবহারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মাদক সরবরাহের উৎস, বিক্রির নেটওয়ার্ক এবং এর পেছনে সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক ও নিরপেক্ষ আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
উদ্বেগের বিষয় হলো, মাদকের মূল জোগানের উৎস আমাদের সীমান্তপথ। দুর্গম সীমান্ত, দুর্বল নজরদারি এবং চোরাকারবারিদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে মাদক দেশে প্রবেশ করে। তারপর নানা পথ ঘুরে রাজধানীসহ দেশের সর্বত্র। বেশির ভাগ ক্ষেত্রে পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে বিভিন্ন কৌশলে পাচারকাজে যুক্ত হয়।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা ছাড়া দেশব্যাপী মাদকের বিস্তার এভাবে সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কারণ ‘সরষের ভেতর ভূত থাকলে’ তা তাড়ানো সহজ নয়। মাদক পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
বিশেষ করে ঢাকা মহানগরীর সংশ্লিষ্ট সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি, মাদক নিরাময় ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ এবং নাগরিকদের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এসব উদ্যোগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করাও জরুরি। আমরা বলতে চাই, মাদকসেবী কোনো শিশুকে দেখলে তাকে তাড়িয়ে দেওয়াই সমাধান নয়; বরং কেন এবং কীভাবে সে মাদকের সংস্পর্শে এলো এবং কীভাবে তাকে নিরাপদ জীবনে ফিরিয়ে আনা যায়, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে।
মাদকমুক্ত নগর গড়তে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি মানবিক পুনর্বাসন নিশ্চিত করাও অপরিহার্য। আমরা মনে করি, শিশুদের জন্য নিরাপদ দেশ গড়া সরকার, রাষ্ট্র, সমাজ ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়। আজকের এসব শিশু-কিশোরকে সুরক্ষা দিতে না পরলে আগামীতে সামাজিক সংকট আরও গভীর এবং তীব্র হবে। আমরা চাই, দেশ হোক মাদকমুক্ত।