× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়-ব্যয়ের ভারসাম্য জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৩:০৮ পিএম

আয়-ব্যয়ের ভারসাম্য জরুরি

মানুষের জীবনযাত্রার ব্যয় যে স্বস্তির পর্যায়ে নেই, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সর্বশেষ পরিসংখ্যানে তারই প্রতিফলন ঘটেছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক ও মজুরি হার সূচকের তথ্য অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট। খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২২ শতাংশ হয়েছে। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ থেকে সামান্য কমে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে। তার মানে মানুষের আয় যে হারে বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে তার চেয়ে বেশি। ব্যয় বেড়ে যাওয়া এবং আয় কমে যাওয়ার তীব্র প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের সংসার খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে। বলা বাহুল্য, গ্রাম ও শহর দুই এলাকাতেই খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। পরিসংখ্যান বলছে, গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১৮ শতাংশ এবং শহরে ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে।

গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ প্রায় প্রতিটি দৈনিক পত্রিকায় এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার দৃশ্যমান কারণ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির চাপের কথা বলা হয়েছে। এ কথা সত্য, অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রভাব কেবল পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর সবচেয়ে বড় অভিঘাত পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বাজারে খাদ্য, পোশাক, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে নির্দিষ্ট আয়ের মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য দ্রুত নষ্ট হয়। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে আয়ের বড় অংশই খাদ্য ও মৌলিক প্রয়োজন মেটাতে ব্যয় হয়। এতে তাদের সঞ্চয়ের সুযোগ কমে, পুষ্টি ও জীবনমান ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণনির্ভরতা বেড়ে যায়। এ পরিস্থিতির আরেকটি উদ্বেগজনক দিক হলো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে মজুরি বৃদ্ধির পদক্ষেপও অকার্যকর হয়ে পড়ে। একজন শ্রমিকের বেতন ৭ দশমিক ৯০ শতাংশ বাড়লেও একই সময়ে পণ্য ও সেবার দাম যদি ৮ দশমিক ৩৪ শতাংশ বাড়ে, তাহলে তার প্রকৃত আয় বৃদ্ধির বদলে ক্রয়ক্ষমতা সীমিত হয়ে পড়ে। এ ক্ষেত্রে মজুরি বৃদ্ধির হিসাবটি কাগজে ইতিবাচক হলেও বাস্তব জীবনে মানুষ আগের তুলনায় কম পণ্য ও সেবা কিনতে বাধ্য হয়।

বস্তুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে শুধু মুদ্রানীতির বিষয় হিসেবে দেখলে চলবে না। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করা, অতি মুনাফা ও কারসাজি ঠেকানো এবং আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে সময়মতো সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে খাদ্যপণ্যের বাজারে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি স্তরে মূল্য সংযোজন ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা পর্যবেক্ষণ করতে না পারলে মূল্যস্ফীতি রোধ প্রায় অসম্ভব। 

আমরা মনে করি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের সুরক্ষায়। সরকারের চলমান ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সহায়তার পরিমাণ বাস্তব মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা, নগদ সহায়তা ও প্রয়োজনীয় পণ্যে লক্ষ্যভিত্তিক সহায়তা কার্যকর করা যেতে পারে। পাশাপাশি শ্রমবাজারে ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার প্রকৃত ব্যয়কে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত সুফল তখনই মানুষের কাছে পৌঁছবে, যখন সাধারণ মানুষ স্বচ্ছন্দে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য মৌলিক প্রয়োজন পূরণ করতে পারবে। অর্থনীতির সুস্থতা কেবল প্রবৃদ্ধির হার দিয়ে নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচক। মূল্যস্ফীতি যদি আয় বৃদ্ধিকে ছাড়িয়ে যায়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের বৃহৎ অংশের কাছে পৌঁছায় না। তাই জরুরি হলো মূল্যস্ফীতিকে যথাসম্ভব দ্রুত কমিয়ে আনা। একই সঙ্গে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা সমন্বয় করাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা শুধু অর্থনীতির স্বার্থে নয়, মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্যও অত্যন্ত জরুরি। আর সেটা তাদের আয়-ব্যয়ের ইতিবাচক ভারসাম্য নিশ্চিতের মাধ্যমেই সম্ভব। মনে রাখা দরকার, বাজার স্থিতিশীলতার মাধ্যমেই জনজীবেনে স্বস্তি আনা যেতে পারে। অন্যথায় সরকারের অর্থনৈতিক সাফল্য অর্জনের পথ অমসৃণ হয়ে পড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা