× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ারবাজারের লাভক্ষতি

নিরঞ্জন রায়

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫৯ পিএম

নিরঞ্জন রায়। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

নিরঞ্জন রায়। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। যখনই শেয়ারবাজারে ধ্স নামে বা বড় ধরনের দরপতন হয়, তখনই প্রথম অভিযোগ ওঠে, হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার। এ অভিযোগ যে শুধু আমাদের দেশের শেয়ারবাজার নিয়ে করা হয়, তা নয়। বিশ্বের সব শেয়ারবাজার, এমনকি আমেরিকার মতো সুশৃঙ্খল এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত শেয়ারবাজারেও এ অভিযোগ ওঠে। কিছুদিন আগেই আমেরিকার শেয়ারবাজারের এআই খাত থেকে ট্রিলিয়ন ডলার উধাও হওয়ার অভিযোগ উঠেছিল। শেয়ারবাজার থেকে টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি এতটাই জটিল যে, পত্রিকায় লিখে বোঝানো কষ্টকর। তারপরও আগ্রহী পাঠকদের কথা মাথায় রেখে বিষয়টি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। তবে তার আগে এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত একটি ঘটনা পাঠকদের সাথে শেয়ার করা প্রয়োজন, তাতে বিষয়টি বুঝতে সুবিধা হবে। 


গত শতাব্দীর ৯৬/৯৭ সালের কথা, তখন আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি এবং আমার কর্মস্থল ছিল মতিঝিল। সে সময় শেয়ারবাজারে চরম তেজিভাব বিরাজ করছিল। সবাই শেয়ার ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিল রাতারাতি বড়লোক হবার আশায়। ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে আর্থিক খাতে কর্মজীবন শুরু করার কারণে শেয়ারবাজার সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। কিন্তু তারপরও শেয়ার কেনাবেচার সাথে সম্পৃক্ত হতে চাইনি। কারণ শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য যে ধরনের অর্থ থাকতে হয়, তা আমার ছিল না। এরপরও সঙ্গ দোষে লোহা ভাসার মতো কয়েকজন সহকর্মীর উৎসাহ দেখে একসময় আমি নিজেও চিটাগাং সিমেন্টের দুইশ শেয়ার কিনেছিলাম প্রতি শেয়ার ২,৫০০ টাকা মূল্যে। সর্বমোট ৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম এই চিটাগাং সিমেন্টের পেছনে। 

অল্প কিছুদিনের মধ্যেই এই শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ প্রতি শেয়ার তখন ৫,০০০ টাকায় বিক্রি হচ্ছিল। এই মূল্য দেখে আমি আমার শেয়ার বিক্রি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই এবং যতই আমি সেই ব্রোকার হাউসের লোককে বিক্রির কথা বলছিলাম, ততই তিনি আমাকে বোঝানের চেষ্টা করেছিলেন যে সোনার খনির এই শেয়ার কেন বিক্রি করব। আমি যখন উত্তরে বললাম যে আমি সোনা বা রুপা, কিছুই বুঝি না। আমি এই শেয়ার বিক্রি করে দেব। আমার এমন পীড়াপীড়ির কারণে সেই ব্যক্তি আমার এক নিকট সহকর্মীর কাছে এই শেয়ার বিক্রি করে দিতে বলল। কেননা সেই সহকর্মী বেশ কয়েক দিন ধরে চিটাগাং সিমেন্টের শেয়ার ক্রয়ের চেষ্টা করেও পাচ্ছিল না। আমি তখন ভাবলাম, আমার নিকট সহকর্মী যদি আমার কাছ থেকে শেয়ার কিনে লাভবান হতে পারে, তাহলে সেই শেয়ার বিক্রি করার প্রয়োজন কী। আমি নিজেই তো শেয়ারগুলো রেখে দিয়ে লাভবান হতে পারি। এই ভেবে সেই শেয়ার বিক্রি না করে নিজের কাছ ধরে রাখলাম। 

তখন প্রতিদিন শেয়ারের মূল্য বেড়ে চলছিল, আর সেই সঙ্গে আমার সম্পদের পরিমাণও কাগজেকলমে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছিল। একপর্যায়ে চিটাগাং সিমেন্টের শেয়ারের মূল্য ১৮,০০০ টাকায় পৌঁছেছিল, তখন আমার শেয়ার সম্পদের পরিমাণ হয়েছিল প্রায় এক কোটি টাকা। উল্লেখ্য, এই শেয়ারের মূল্য যখন দশ হাজার টাকায় পৌঁছেছিল, তখন থেকেই বিক্রির জন্য শত চেষ্টা করেও বিক্রি করতে পারিনি। এরপর চিটাগাং সিমেন্টের শেয়ারের মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছিল, ঠিক তার দ্বিগুণ হারে কমতে শুরু করল এবং একপর্যায়ে প্রতি শেয়ারের মূল্য এক হাজার টাকার নিচে নেমে এসেছিল। বেশ কিছুদিন পর এক সুবিধামতো সময় আমি আমার শেয়ারগুলো দেড় হাজার টাকা মূল্যে বিক্রি করতে সক্ষম হয়েছিলাম এবং হাতে পেয়েছিলাম তিন লাখ টাকা। এক সময় আমার যে শেয়ার সম্পদের মূল্য হয়েছিল প্রায় এক কোটি টাকা, সেই সম্পদ বিক্রি করে আমি হাতে পেয়েছিলাম মাত্র তিন লাখ টাকা। অর্থাৎ আমার শেয়ার সম্পদ থেকে প্রায় ৯৭ লাখ টাকা উধাও হয়ে গেছে, যদিও আমার প্রকৃত ক্ষতির পরিমাণ হচ্ছে মাত্র দুই লাখ টাকা। শেয়ারবাজার থেকে কীভাবে টাকা উধাও হয়ে যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে নিজের ব্যক্তিগত টাকা উধাও হওয়ার ঘটনা মনে পড়ে গেল।

এখানে কয়েকটি বিষয় জড়িত। প্রথমত, শেয়ারের প্রকৃত ক্রয়মূল্য, যা দিয়ে শেয়ারগুলো ক্রয় করা হয়। দ্বিতীয়ত, শেয়ারের প্রকৃত বিক্রয়মূল্য, যা শেয়ার বিক্রি করার পর হাতে পাওয়া যায়। তৃতীয়ত, প্রকৃত লাভ বা ক্ষতি, যা মূলত শেয়ার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যকার পার্থক্য। চতুর্থত, শেয়ারের বাজার মূল্য অর্থাৎ শেয়ারের মূল্য একসময় বৃদ্ধি পেয়ে যে ১৮ হাজার টাকা হয়েছিল, অথচ এই দামে শেয়ার বিক্রি করা হয়নি, সেটাই হচ্ছে বাজার মূল্য। পঞ্চমত, ধারণাগত বা নোশানাল লাভ বা ক্ষতি, যা বাজারমূল্য ওঠানামার কারণে কাগজেকলমে হয়ে থাকে, কিন্তু সেই বাজারমূল্যে শেয়ার বিক্রি না করলে এই লাভও ঘরে আসে না, আবার ক্ষতিও গায়ে লাগে না। আমার ব্যক্তিগত ঘটনার ক্ষেত্রে চিটাগাং সিমেন্টের শেয়ারের মূল্য একপর্যায়ে ১৮ হাজার টাকা ওঠায়, যে ৯৫ লাখ টাকা লাভের সম্ভাবনা দেখা দিয়েছিল, তা ছিল মূলত ধারণাগত বা নোশানাল লাভ, যা আমি ঘরে তুলতে পারিনি। আবার শেয়ার বিক্রি করে যে ৯৭ লাখ টাকার ক্ষতি হয়েছে, সেটাও মূলত ধারণাগত বা নোশানাল ক্ষতি। আর এই ধারণাগত বা নোশানাল ক্ষতিই হচ্ছে শেয়ারবাজার থেকে টাকা উধাও হয়ে যাওয়ার শামিল। এখানে বলে রাখা ভালো, শেয়ার যদি বিক্রি করা না হয়, তাহলে এই ধারণাগত লাভক্ষতির কোনো কার্যকারিতা থাকে না। এটি তখন শুধু কাগজের হিসাব মাত্র। 

শেয়ার মূল্যসূচক নির্ণয় করা হয় বাজার মূলধনের ওপর ভিত্তি করে। আর বাজার মূলধন হচ্ছে একটি কোম্পানির মোট শেয়ারের নির্দিষ্ট দিনের বাজারমূল্যের সর্বমোট পরিমাণ, তাতে সেই কোম্পানির শেয়ার ক্রয়বিক্রয়ের পরিমাণ যেমনই হোক না কেন। যেহেতু শেয়ারের বাজারমূল্য দিয়ে কোনো কোম্পানির মোট শেয়ারকে গুণ করে সেই কোম্পানির বাজার মূলধন নিরূপণ করা হয়, তাই একটি মাত্র শেয়ার ক্রয়বিক্রয় করেও যদি ব্যাপক দরপতন হয়, তাহলে তার প্রভাবে সেই কোম্পানির বাজার মূলধনে ব্যাপক ধ্স নামে, যাকে মূলত শেয়ারবাজার থেকে টাকা উধাও হয়ে যাওয়া বোঝানো হয়। বিষয়টি একটু জটিল বিধায় একটি কাল্পনিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। ধরা যাক ঢাকা স্টক এক্সচেঞ্জে এবিসি কোম্পানি তালিকাভুক্ত এবং এদের মোট শেয়ারসংখ্যা হচ্ছে ১০ হাজার। একটি নির্দিষ্ট দিনে এবিসি কোম্পানির শেয়ারমূল্য দাঁড়ায় ১৫০ টাকা। ফলে সেই দিন এই কোম্পানির বাজার মূলধন হবে ১৫ লাখ টাকা। পরবর্তী দিন যদি এই কোম্পানির মাত্র ৫০টি শেয়ার বিক্রি হয় প্রতি শেয়ার ৫০ টাকা মূল্যে, তাহলে সেদিন সেই কোম্পানির বাজার মূলধন নেমে আসবে ৫ লাখ টাকায়, যা আগের দিনের থেকে ১০ লাখ টাকা কম। আর তখনই বলা হবে শেয়ারবাজার থেকে এক দিনে এবিসি কোম্পানির ১০ লাখ টাকা উধাও হয়ে গেছে। কিন্তু আসলে কি তাই? না, মোটেই সেরকম নয়। অবশ্য শেয়ার মূল্যের এরকম দরপতনের মধ্যে যেসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি করবেন, শুধু তাদের অর্থই উধাও হয়ে যাবে।

বলার অপেক্ষা রাখে না, যদি কোনো বিনিয়োগকারী শেয়ারমূল্য কম থাকার সময় অধিক পরিমাণে শেয়ার ক্রয় করে রেখে অতি উচ্চমূল্যের সময় বিক্রি করে সমস্ত বিক্রয়লব্ধ অর্থ নিয়ে শেয়ারবাজার থেকে চলে যায়, তখন সেই পরিমাণ অর্থ শেয়ারবাজার থেকে উধাও হয়ে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু শেয়ার ক্রয়বিক্রয়ের সকল নিয়ম মেনে এমনটা করা হয়ে থাকলে, সেরকম লেনদেন খুবই স্বাভাবিক এবং মোটেই দোষের কিছু নয়। তবে নিয়ম ভেঙে এরকম কিছু করলে, তা অবশ্যই সিকিউরিটিজ আইনে দণ্ডনীয় অপরাধ, যা দেখার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে। শেয়ারবাজার থেকে টাকা উধাও হয়ে যাওয়া মূলত ধারণাগত কাগজের হিসাব। বিনিয়োগকারীদের এর প্রভাব থেকে রক্ষা পেতে হলে দুটো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক, শেয়ারের উচ্চমূল্যের সময় সুযোগ বুঝে বিক্রি করে প্রকৃত লাভ তুলে পরবর্তীতে বিনিয়োগের জন্য সুযোগের অপেক্ষায় থাকা। দুই, শেয়ারের নিম্নমূল্য বা দরপতনের সময় শেয়ার বিক্রি না করে ধরে রাখা এবং ধৈর্য ধারণ করা। 


লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা