× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষার গুরুত্ব

ফিরোজ আলম মিলন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পিএম

জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষার গুরুত্ব

একটি দেশের অর্থনৈতিক শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদে নির্ভর করে না; মানুষের দক্ষতাও একটি বড় সম্পদ। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জনশক্তির কোনো ঘাটতি নেই। বরং বিশাল তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। এই সম্ভাবনাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে জনসংখ্যা আর চাপ নয়, হয়ে উঠতে পারে অর্থনৈতিক শক্তির প্রধান উৎস।

বাংলাদেশের রেমিট্যান্স অর্থনীতির দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠাচ্ছেন। সেই অর্থে পরিবারের প্রয়োজন মিটছে, সন্তানদের পড়াশোনা হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে, ছোট ব্যবসা গড়ে উঠছে। দেশের অর্থনীতিতেও তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ।

কিন্তু প্রশ্ন হলো, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয় কি তাদের শ্রম ও দক্ষতার তুলনায় যথেষ্ট?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সামনে আসে। আন্তর্জাতিক শ্রমবাজারে এখন শুধু শ্রমিকের চাহিদা নেই, চাহিদা রয়েছে দক্ষ কর্মীর। একটি নির্মাণ প্রকল্পে সাধারণ শ্রমিকের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিন অপারেটর, টেকনিশিয়ান এবং বিভিন্ন কারিগরি বিশেষজ্ঞ। একটি আধুনিক গাড়ি মেরামত করতে শুধু অভিজ্ঞতা নয়, প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান। শিল্পকারখানায় কাজ করতে প্রয়োজন মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা। স্বাস্থ্যসেবা খাতেও প্রশিক্ষিত সহকারী তথায় ডাক্তার নার্সসহ অন্যান্য সহযোগীর প্রয়োজন বাড়ছে।

অর্থাৎ বিশ্ব শ্রমবাজারের দরজা বাংলাদেশের তরুণদের জন্য খোলা থাকলেও সেই দরজা দিয়ে প্রবেশের চাবি হলো দক্ষতা। দক্ষতা না থাকলে একজন কর্মী বিদেশে গিয়ে কম পারিশ্রমিকের কাজে আটকে যেতে পারে। কিন্তু প্রশিক্ষিত হলে তার সামনে পেশা বেছে নেওয়ার সুযোগ বাড়ে। তখন সে নিজের কাজের মূল্য বুঝতে পারে, নিয়োগকর্তার সঙ্গে শর্ত নিয়ে আলোচনা করতে পারে এবং তুলনামূলক ভালো কর্মপরিবেশ পাওয়ার সুযোগ পায়। এর সরাসরি প্রভাব পড়ে তার আয়ে। আর তার আয় বাড়লে দেশে পাঠানো অর্থও বাড়ার সম্ভাবনা তৈরি হয়। তাই রেমিট্যান্স বাড়ানোর আলোচনায় কারিগরি শিক্ষাকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আমাদের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটি গতানুগতিক প্রবণতা কাজ করেছে। সবাইকে একই ধরনের সাধারণ শিক্ষার পথে এগিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। ফলে অনেক তরুণ ডিগ্রি অর্জন করেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান পায় না। বিপরীতে শ্রমবাজারে প্রয়োজনীয় অনেক কারিগরি পেশায় দক্ষ কর্মীর ঘাটতি থেকে যায়। এই বৈপরীত্য দূর করতে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। তবে কারিগরি শিক্ষার প্রসার মানেই শুধু নতুন প্রতিষ্ঠান তৈরি নয়। প্রশিক্ষণের মান নিশ্চিত করতে হবে। পুরনো যন্ত্রপাতি দিয়ে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিলে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়বে। তাই প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে।

প্রশিক্ষকদের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। যে প্রযুক্তি শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে, প্রশিক্ষককে সেই প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা দিতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে যাওয়ার আগে কর্মীকে শুধু পেশাগত দক্ষতা দিলেই হবে না, তাকে সংশ্লিষ্ট দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে মৌলিক ধারণা দিতে হবে। চাকরির চুক্তি বুঝতে হবে, কর্মঘণ্টা জানতে হবে, বেতন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। 

নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে দক্ষতার সুফলও অনেকাংশে নষ্ট হতে পারে। তাই দালালনির্ভরতা কমিয়ে সরকারি ও অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে হবে। বিদেশে যাওয়ার আগে কর্মীকে সম্ভাব্য চাকরি, বেতন, কর্মস্থল ও চুক্তির শর্ত সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো শ্রমবাজারের পরিবর্তনকে আগেভাগে বুঝতে পারা। ভবিষ্যতে কোন দেশে কোন পেশার চাহিদা বাড়বে, কোন দক্ষতার জন্য বেশি বেতন দেওয়া হবে, কোন প্রযুক্তির ব্যবহার বাড়বে, এসব তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণ পরিকল্পনা করতে হবে। বিশেষ করে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কারিগরি শিক্ষাকে আধুনিক করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক যানবাহন, অটোমেশন, ইলেকট্রনিকস, মেশিন রক্ষণাবেক্ষণ, ডিজিটাল প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে দক্ষতা তৈরির সুযোগ বাড়াতে হবে। আজ যে দক্ষতার চাহিদা রয়েছে, আগামী দিনে তার পাশাপাশি নতুন অনেক দক্ষতার প্রয়োজন হবে।

কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণও বাড়াতে হবে। প্রযুক্তি ও সেবা খাতের অনেক পেশায় নারীদের জন্যও সুযোগ রয়েছে। নিরাপদ ও উপযোগী প্রশিক্ষণ পরিবেশ তৈরি করা গেলে আরও বেশি নারী দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। এর ফলে পরিবার ও জাতীয় অর্থনীতি দুটোই উপকৃত হবে। সবচেয়ে বড় কথা, দক্ষতা উন্নয়নকে ব্যয় হিসেবে নয়, বিনিয়োগ হিসেবে দেখতে হবে। একজন তরুণকে দক্ষ করে তোলার অর্থ হলো তার ভবিষ্যৎ আয়ের সক্ষমতা বাড়ানো। সে দেশে কাজ করলে উৎপাদন বাড়াবে, বিদেশে গেলে রেমিট্যান্স বাড়াবে। উভয় ক্ষেত্রেই দেশ লাভবান হবে।

বাংলাদেশের অর্থনীতির সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার চাপ, মূল্যস্ফীতি, বৈশ্বিক শ্রমবাজারের প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তনসহ বিভিন্ন বাস্তবতা আমাদের সামনে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বাংলাদেশ, যেখানে একজন তরুণ-তরণী শুধু একটি চাকরির আশায় বসে থাকবে না; বরং তার হাতে থাকবে একটি মূল্যবান দক্ষতা। সে নিজেই দেশে কিংবা বিদেশে যেখানেই কাজ করুক না কেন, নিজের শ্রমের ন্যায্য মূল্য পাওয়ার সক্ষমতা রাখবে।

রেমিট্যান্স বৃদ্ধির ক্ষেত্রেও এই দর্শন প্রয়োজন। বিদেশে আরও বেশি মানুষ পাঠানোর পাশাপাশি বিদেশে যাওয়া মানুষের আয় কীভাবে বাড়ানো যায়, সেটিই হওয়া উচিত নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বেশি আয় করা দক্ষ কর্মীই বেশি অর্থ দেশে পাঠাতে পারবে।

সুতরাং কারিগরি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ তৈরি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মানোন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ প্রশিক্ষক, আন্তর্জাতিক সার্টিফিকেশন, ভাষা শিক্ষা, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। আজকের প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের অর্থনৈতিক শক্তি। তাকে যদি শুধু শ্রমিক হিসেবে বিদেশে পাঠানো হয়, তাহলে আমরা তার সম্ভাবনার একটি অংশ ব্যবহার করব। কিন্তু তাকে যদি দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তার আয় বাড়বে, পরিবারের জীবনমান উন্নত হবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী হবে।

আমাদের তাই নতুন করে ভাবতে হবে। শ্রম রপ্তানি নয়, দক্ষতা রপ্তানিই হোক বাংলাদেশের লক্ষ্য।

কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি তৈরি করা গেলে দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। বিদেশে তারা পাবে ভালো কাজের সুযোগ, পাবে শ্রমের তুলনামূলক ন্যায্য মূল্য। আর বাংলাদেশ পাবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ।

এ কারণেই কারিগরি শিক্ষায় বিনিয়োগ আজ শুধু শিক্ষানীতির বিষয় নয়; এটি অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের জাতীয় কৌশল। দক্ষ জনশক্তি যত বাড়বে, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতাও তত বাড়বে। আর কারিগরিতে শিক্ষিত সেই জনশক্তিই রেমিট্যান্সে এনে দিতে পারে নতুন গতি।


লেখক: সাংবাদিক ও কলামিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা