× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামে পোশাকের বিধান

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫১ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইসলামে পোশাকের গুরুত্ব অপরিসীম। পোশাক শুধু দেহ আবৃত করার উপকরণ নয়; এটি মানুষের শালীনতা, লজ্জাশীলতা, ব্যক্তিত্ব ও রুচিরও পরিচয় বহন করে। একজন মানুষের বাহ্যিক পোশাক তার অন্তরের মূল্যবোধেরও কিছুটা প্রতিফলন ঘটায়। তাই ইসলাম পোশাককে কেবল সৌন্দর্যের বিষয় হিসেবে দেখেনি; বরং শালীনতা, পবিত্রতা ও তাকওয়ার সঙ্গে এর গভীর সম্পর্ক স্থাপন করেছে।

মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্যও প্রদান করে। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম।’ সূরা আল-আ’রাফ : ২৬

অর্থাৎ পোশাকের প্রধান উদ্দেশ্য হলোÑ সতর আবৃত করা, শালীনতা রক্ষা করা এবং বৈধ সৌন্দর্য গ্রহণ করা। মানবজাতির প্রথম পিতা আদম (আ.)-এর যুগ থেকেই আল্লাহ তা’আলা মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন।

হালাল পোশাক

ইসলামে এমন পোশাক বৈধ, যা পরিষ্কার-পরিচ্ছন্ন, সতর আবৃতকারী, স্বচ্ছ নয়, অশ্লীল নয় এবং অহংকার ও আত্মপ্রদর্শনের বাহন নয়। সুন্দর ও পরিপাটি পোশাক পরা ইসলামে নিষিদ্ধ নয়; বরং সৌন্দর্য গ্রহণ বৈধ। তবে সৌন্দর্য যেন অহংকারে পরিণত না হয়Ñ এটাই ইসলামের শিক্ষা।

হারাম ও বর্জনীয় পোশাক

পুরুষের জন্য খাঁটি রেশম ও স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য রেশম ও স্বর্ণ হারাম এবং নারীদের জন্য তা হালাল।’ জামে তিরমিজি

শুধু পোশাক সুন্দর হলেই যথেষ্ট নয়; পোশাক হতে হবে শরিয়তের সীমারেখার মধ্যেও। অনেকে বলেন, ‘মন ভালো থাকলেই হলো, পোশাকে কী আসে যায়?’ অথচ ইসলামে বাহ্যিক আমল ও অন্তরের পবিত্রতাÑ দুটিই গুরুত্বপূর্ণ। ভালো মন অবশ্যই জরুরি; কিন্তু ভালো মন থাকার অজুহাতে আল্লাহ তা’আলার নির্ধারিত শালীনতার বিধান উপেক্ষা করা যায় না।

ইসলামী পোশাক কোনো নির্দিষ্ট দেশ, জাতি বা অঞ্চলের পোশাক নয়। এটি কোনো সাম্প্রদায়িক ইউনিফর্মও নয়। আরব, পাকিস্তান, বাংলাদেশ বা অন্য কোনো দেশের প্রচলিত পোশাকের সঙ্গে ইসলামী পোশাককে এক করে দেখা ঠিক নয়। বরং যে পোশাক ইসলামের শালীনতার নীতিমালা পূরণ করে, সেটিই ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য।

পোশাকের ইসলামী নীতিমালা

ইসলামী পোশাকের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য হলোÑ প্রথমত, সতর আবৃত করা।

দ্বিতীয়ত, পোশাক এত পাতলা না হওয়া, যাতে শরীরের অঙ্গ প্রকাশ পায়; আবার এত আঁটসাঁটও না হওয়া, যাতে দেহের গঠন স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয়ত, এমন পোশাক পরিহার করা, যা কোনো ধর্মীয় পরিচয়ের বিশেষ প্রতীক হিসেবে অন্য ধর্মাবলম্বীদের অনুকরণ প্রকাশ করে। চতুর্থত, পোশাক যেন অহংকার, আত্মপ্রদর্শন ও লোকদেখানোর মাধ্যম না হয়।

পুরুষের পোশাক

পুরুষের পোশাক নারীর পোশাকের অনুরূপ হওয়া উচিত নয়। একইভাবে নারীর পোশাকও পুরুষের পোশাকের অনুকরণে হওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীসদৃশ পোশাক পরিহিত পুরুষ এবং পুরুষসদৃশ পোশাক পরিহিত নারীদের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন।

পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করাও নিষিদ্ধ। পোশাকের ক্ষেত্রে এমন কিছু রঙ ও ধরন সম্পর্কেও হাদিসে সতর্কতা এসেছে। তাই একজন মুসলিমের উচিত, পোশাক নির্বাচনের ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা ও সুন্নাহর প্রতি যত্নশীল হওয়া।

নারীর পোশাক

নারীর পোশাক হতে হবে শালীন, মার্জিত ও পর্দাশীল। পরপুরুষের সামনে শরীর আবৃত রাখা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। পোশাক এমন হওয়া উচিত নয়, যা দেহের গঠন প্রকাশ করে বা অশালীনতা ও আকর্ষণ প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়ায়।

সতর আবৃত করা

পুরুষের সতর সাধারণভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এ অংশ যথাযথভাবে আবৃত রাখা আবশ্যক। নারীর ক্ষেত্রে পরপুরুষের সামনে পর্দা ও সতরের বিধান আরও ব্যাপক। ফিকহের বিস্তারিত বিধান অনুযায়ী নারীর শরীর যথাযথভাবে আবৃত রাখা ফরজ; মুখমণ্ডল ও হাতের বিধান নিয়ে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। তাই পোশাকের ক্ষেত্রে সতর্কতা ও শালীনতাই উত্তম পথ।

অশালীন পোশাক

যে পোশাক সতর প্রকাশ করে, শরীরের গঠন স্পষ্ট করে, স্বচ্ছতার কারণে দেহ প্রকাশ করে অথবা অশালীনতা ও আকর্ষণ প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তা একজন মুসলিমের মর্যাদা ও ইসলামী শালীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, কোনো পুরুষের হাফপ্যান্ট যদি হাঁটুর ওপরের সতর প্রকাশ করে, তাহলে তা পরিহার করা আবশ্যক। আর হাঁটু পর্যন্ত আবৃত থাকলেও পোশাক যদি অতিরিক্ত আঁটসাঁট বা অশালীন হয়, তাহলে তা থেকেও বিরত থাকা উচিত।

সমাপ্তি

মুসলিমের পোশাকের সৌন্দর্য শুধু তার রঙ, নকশা কিংবা বাহ্যিক চাকচিক্যে নয়; বরং তার সৌন্দর্য নিহিত রয়েছে শালীনতা, পবিত্রতা ও তাকওয়ার মধ্যে। মনে রাখতে হবেÑ পোশাক মানুষকে বাহ্যিকভাবে সুন্দর করতে পারে, কিন্তু তাকওয়াই তাকে প্রকৃত অর্থে মর্যাদাবান করে। তাই আমাদের পোশাক হোক পরিচ্ছন্ন, পরিপাটি, মার্জিত ও শালীন; পোশাক হোক আল্লাহর সন্তুষ্টির উপযোগী। বাহ্যিক পোশাকে থাকুক শালীনতা, আর অন্তরে থাকুক তাকওয়াÑ এ দুইয়ের সমন্বয়েই পূর্ণতা পায় মুমিনের প্রকৃত সৌন্দর্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা